বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০১:৩৭ এম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি নেতাকর্মীদের অন্যায়, অত্যাচার, অবিচার ও দুর্নীতি না করার শপথ করিয়েছেন।
ধর্মমন্ত্রী বলেন, ‘আজ প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের কথা দিতে হবে—আমরা বিএনপির নেতাকর্মীরা কোনো অন্যায় করব না, অত্যাচার করব না, অবিচার করব না এবং আওয়ামী লীগের মতো দুর্নীতি করব না। আমরা সৎভাবে জীবনযাপন করব। আমাদের হাত দ্বারা কোনো ভাই যেন কষ্ট না পায়— এই শপথ আমাদের নিয়ে যেতে হবে।’
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লার মুরাদনগর সদর বড় মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী কায়কোবাদ উল্লেখ করেন, বিগত ১৭ বছর আমরা একসঙ্গে বসে কথা বলার সুযোগও পাইনি। আল্লাহ আমাদের একসঙ্গে বসে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা হচ্ছে।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর দেশের সবচেয়ে জনপ্রিয় দল ছিল আওয়ামী লীগ। কিন্তু মাত্র সাড়ে তিন বছরের মধ্যেই তাদের জনপ্রিয়তা শেষ হয়ে যায়। অত্যাচার, জুলুম ও নির্যাতনের কারণে জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল-মিটিংয়ের শেষে দোয়া মাহফিলে ধর্মমন্ত্রী বলেন, ‘আমরা আজ আল্লাহর কাছে চাইব। আল্লাহ চেয়েছেন বলেই এই আওয়ামী লীগকে সরিয়ে আমাদের ক্ষমতায় এনেছেন। আল্লাহ আমাকে যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্ত করে দেশে এনেছেন, আপনাদের দোয়ায় ছয়বার সংসদ সদস্য নির্বাচিত করেছেন এবং আল্লাহর মেহেরবানিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে মন্ত্রী বানিয়েছেন।’
তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করার আহ্বান জানিয়ে বলেন, ‘আল্লাহ যেন তাকে হেফাজত করেন। তিনি শহীদ জিয়াউর রহমানের ছেলে, তার মাতা এ দেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। তার সিদ্ধান্তগুলো যেন বাস্তবায়ন করতে পারেন, সেই দোয়া করবেন।’
তারেক রহমানের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে কায়কোবাদ বলেন, ‘এ দেশের মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড, বিধবা কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিন, যাজক ও পুরোহিতদের জন্য ভাতার উদ্যোগ নিয়েছেন তারেক রহমান। তিনি তার ব্যক্তিগত দূরদর্শী চিন্তাভাবনা থেকে এগুলো করেছেন।’
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি মন্তব্য করেন, আওয়ামী লীগ গত ১৭ বছরে দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। গ্যাস, বিদ্যুৎসহ বিভিন্ন খাতে হাজার হাজার কোটি টাকার লুটপাট হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এর ফলে সাধারণ মানুষ এখন নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
ধর্মমন্ত্রী বলেন, ‘একটি বাচ্চাকে মা-বাবা ডাকতে শিখতেও একটু সময় দিতে হয়। আমাদেরও আপনারা একটু সময় দিন। দেশকে স্বাভাবিক করতে সময় লাগবে। বিদ্যুতের ঘাটতি দূর করতে, গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক করতেও সময় লাগবে। আওয়ামী লীগ দেশকে ধ্বংসস্তূপে ফেলে রেখে গেছে। সেই অবস্থা থেকে উঠে দাঁড়াতে আমাদের সময় দিয়ে আপনারা সহযোগিতা করুন।’
নেতাকর্মীদের সাধারণ মানুষের কাছে সরকারের উদ্যোগ ও বর্তমান পরিস্থিতি তুলে ধরার আহ্বান জানান তিনি।
সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন ধর্মমন্ত্রী। তিনি বলেন, ‘তাদের প্রতি কোনো অত্যাচার করা যাবে না। তারা যেন মাথা উঁচু করে চলাফেরা করতে পারে, সে বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে। কোনো রকম অত্যাচার যেন তাদের প্রতি করা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’
বিরোধী দলের নেতাকর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘তারাও আমাদের ভাই-বোন। তাদের প্রতি অবিচার করা যাবে না। তবে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’
দোয়া মাহফিলে পবিত্র কুরআন খতম ও দোয়ায়ে ইউনুস পাঠ করা হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ধর্মমন্ত্রী কায়কোবাদসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, আব্দুল আজিজ মোল্লা, নজরুল ইসলাম, ফারুক সরকার মজিব, শাহ আলম সরকার, মির্জা শহিদুল্লাহ, জহির সিদ্দিকী, দুলাল সরকার, হাজী ইদ্রিস, সদস্য সচিব মোল্লা মজিবুল হক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন বক্তব্য দেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশার সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ও সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ।
এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেপাল থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানিতে বিভিন্ন অচেনা ও অস্বাভাবিক মাছ দেখতে পাওয়ায় ভারতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সম্প্রতি ভারতের বিহারের গণ্ডক নদী ও আশপাশের প্লাবিত এলাকায় এই বিভিন্ন প্রজাতির অচেনা-অস্বাভাবিক মাছ দেখ গেছে বলে জানিয়েছে দেশটির রাজ্য সরকার। খবর: দ্য টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বিহারের ডেইরি, ফিশারিজ অ্যান্ড অ্যানিমেল রিসোর্সেস বিভাগের মৎস্য শাখা পশ্চিম চম্পারণ ও গোপালগঞ্জ জেলার বাসিন্দাদের এসব মাছ পরিচয় ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত খাওয়া বা বিক্রি না করার পরামর্শ দিয়েছে।
নেপাল থেকে আসা বন্যার পানি গণ্ডক নদীতে প্রবেশ করে পশ্চিম চম্পারণ ও গোপালগঞ্জের বিভিন্ন এলাকা প্লাবিত করেছে। কর্তৃপক্ষ বলছে, বন্যার পানিতে পুকুর, নদী ও অন্যান্য জলাশয় থেকে মাছ ভেসে গিয়ে অনেক দূরে চলে যেতে পারে।
এ সময় মাছ দূষিত নালা, মৃত প্রাণী ও বিভিন্ন ধরনের দূষিত পদার্থের সংস্পর্শে আসতে পারে। ফলে ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাকের মাধ্যমে মাছ দূষিত হওয়ার আশঙ্কা রয়েছে।
সরকারি পরামর্শে বলা হয়েছে, অচেনা বা অস্বাভাবিক দেখতে কোনো মাছ খাওয়া উচিত নয়। সংশ্লিষ্ট বিভাগ থেকে নিরাপদ হিসেবে নিশ্চিত না করা পর্যন্ত অপরিচিত মাছকে খাদ্য হিসেবে গ্রহণ না করার আহ্বান জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুর-৪ আসনের এমপি ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল মন্তব্য করেছেন, "আমাদের সরকারের আমলে মানুষ শান্তিতে ঘুমোতে পারবে। এ জনপদে কোনো সন্ত্রাস থাকবে না।"
মঙ্গলবার বিকেলে ভাঙ্গা পৌরসভার দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে বিএনপির শোভাযাত্রা-পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের উন্নয়ন এবং জনগণের অধিকার রক্ষায় জাতীয়তাবাদী শক্তিকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
এ সময় তিনি গত ছয় মাসে ৬০টি রাস্তার কাজ, ভাঙ্গায় ট্রমা সেন্টার স্থাপন এবং ভাঙ্গা মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগের বিষয়গুলো তুলে ধরেন। পরে, তাঁর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি শোভাযাত্রা বের করেন। এই শোভাযাত্রাটি ভাঙ্গা বাজারের প্রধান সড়ক ঘুরে উত্তরপাড় ইন্টারসেকশন মোড়ে গিয়ে শেষ হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল নদী, খাল-বিল ও জলাশয় রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের নিজ ভাসবনে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
এ সময় ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল উল্লেখ করেন, "নদী, প্রকৃতি ও পরিবেশ রক্ষা শুধু কোনো একটি সংগঠন বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি আমাদের সবার সামাজিক ও নাগরিক দায়িত্ব।" তিনি বলেন, জেলার নদ-নদী, খাল-বিল ও জলাশয় রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। নোঙর বাংলাদেশ যেভাবে নদী ও পরিবেশ রক্ষায় কাজ করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। জনসচেতনতা সৃষ্টি, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো উদ্যোগগুলো সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তিনি সকলকে জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মো. মনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. ছগির আহমেদ কাজল, সহ-সভাপতি শিক্ষক মোশারফ হোসেন, উম্মে সালমা হেপি, অ্যাডভোকেট জেসমিন আক্তার, সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া বিল্লাল, যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাম্মেল চৌধুরী, শাহ মাহমুদা আক্তার সুখী, শিক্ষক এম.এ. মোমেন, ফরহাদ সরকারসহ অনেকে।
নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দ জানান, নদী, প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের কল্যাণে সামাজিক দায়বদ্ধতা থেকে সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে। তারা জেলার বিভিন্ন এলাকায় পরিবেশ সচেতনতা, বৃক্ষরোপণ, নদী-খাল রক্ষা, পরিচ্ছন্নতা কর্মসূচি, মানবিক সহায়তা ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগসমূহের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান)/বিবিএ এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত বিভাগসমূহের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বি.এসসি (ইঞ্জিনিয়ারিং) চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের জন্য ডিনস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী প্রধান অতিথি হিসেবে উল্লিখিত অনুষদভুক্ত বিভাগের শিক্ষার্থীদের সম্মাননা স্মারক, সনদপত্র ও চেক প্রদান করেন।
উপাচার্য শওকাত আলী কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, "আজকের এই অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও মেধার স্বীকৃতি।" তিনি আরও বলেন, "শিক্ষার মূল উদ্দেশ্য কেবল ভালো ফলাফল অর্জন নয়, বরং অর্জিত জ্ঞান ও যোগ্যতাকে দেশ ও বিশ্বমানবতার কল্যাণে কাজে লাগানো।"
তিনি উল্লেখ করেন, "সম্মাননা ও সনদ অর্জনের অনুপ্রেরণা শিক্ষার্থীদের অনেকদূর এগিয়ে নিয়ে যাবে।" শিক্ষার্থীদের সততা, দেশপ্রেম ও গবেষণাধর্মী মানসিকতা নিয়ে নতুন বাংলাদেশ ও আধুনিক বিশ্ব বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা উচ্চশিক্ষা ও মানসম্মত গবেষণার সহায়ক পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে দ্বিতীয়বারের মতো ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ৩ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড- ২০২৫/২০২৬ এবং ১৫ জন শিক্ষার্থীকে মেরিট অ্যাওয়ার্ড- ২০২৫/২০২৬ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. নূর আলম সিদ্দিক, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বিজন মোহন চাকী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. সুমন কুমার দেবনাথ, কলা অনুষদের ডিন প্রফেসর ড. নিতাই কুমার ঘোষ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এমদাদুল হক, প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধানসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক শাখার অতিরিক্ত রেজিস্ট্রার মো. আমিনুর রহমান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ