ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বিরোধী দলের রাজপথে নতুন নাটক ঢাকতেই নিজেদের দ্বন্দ্ব: রিজভী


বিরোধী দলের রাজপথে নতুন নাটক ঢাকতেই নিজেদের দ্বন্দ্ব: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, নিজেদের দলের অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা আড়াল করতে বিরোধী দল রাজপথে আন্দোলনের নামে নতুন নাটক করছে। তিনি উল্লেখ করেন, "দেশ যখন নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তখন গঠনমূলক ভূমিকা না রেখে বিরোধীরা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।"

শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব), যা দেশজুড়ে পরিকল্পিত নৈরাজ্য ও চক্রান্তের প্রতিবাদে করা হয়েছে।

সমাবেশে রিজভী বলেন, "পত্রিকার পাতা খুললেই দেখা যায়, বিরোধী দলগুলোর কেবল ‘নাই নাই’ জিকির। দেশের উন্নয়ন কিংবা জনগণের কল্যাণে তাদের কোনো নজর নেই। নিজেদের দলীয় দ্বন্দ্ব আড়াল করতেই তারা রাজপথে নামার নতুন নতুন বাহানা খুঁজছে এবং নানা কর্মসূচির নামে নাটক সাজাচ্ছে।"

আরও পড়ুন: মিরপুরে পুলিশের বিরুদ্ধে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

স্বৈরাচারী শাসনের পরিণতি সম্পর্কে বিএনপির এই নেতা বলেন, অন্যায় ও অপশাসন চালিয়ে কোনো শাসকই শেষ রক্ষা করতে পারে না। তিনি বলেন, "ইতিহাস সাক্ষী, জনগণ রাজপথে জেগে উঠলে অপরাধী শাসকদের পালিয়ে যেতে হয়। এ দেশেও জোর করে ক্ষমতায় থাকা স্বৈরাচারী শক্তিকে পালিয়ে যেতে হয়েছে।"

শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে রিজভী বলেন, "দেশে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এই উৎসব যাতে সর্বোচ্চ নিরাপত্তা, ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হতে পারে, সে জন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। সারা দেশে দলের প্রতিনিধিরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন, যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন।"

আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অন্যায় করে কেউ পার পাবে না। তিনি উল্লেখ করেন, "বেইমানি ও হত্যার রাজত্ব এ দেশে আর চলতে দেওয়া হবে না। আইন ও আদালতের মাধ্যমে সব অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করা হবে।"

জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি প্রকৌশলী মো. ফখরুল আলমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রিয়াজ উদ্দিন মিশু, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের মহাসচিব জাহানারা সিদ্দীকা, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের নেতা রকিবুল ইসলাম, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী সাখাওয়াত, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুর রহমান এবং ছাত্রদলের সহসভাপতি ডা. তাওহিদুর রহমান আউয়ালসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা।

আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবশেষে ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


অবশেষে ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে দুই তারকা অভিনেত্রীর আপত্তিকর ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওগুলো দেখে ধারণা করা হচ্ছে যে, এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে। পরে চ্যানেল কর্তৃপক্ষ জানায়, তাদের ইনস্টাগ্রাম পেজটি হ্যাক করে হ্যাকাররা এসব ভিডিও প্রকাশ করেছে।

এ ঘটনায় টেলিভিশন চ্যানেলটি দুঃখ প্রকাশ করেছে। তবে ভিডিওর শিকার অভিনেত্রী পরীমনি মনে করেন, শুধু ক্ষমা চেয়ে এই গুরুতর ঘটনার দায় এড়ানো সম্ভব নয়। তিনি এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, "এ ধরনের ঘটনার ক্ষেত্রে শুধু দুঃখ প্রকাশ নয়, দায়বদ্ধতাও নিশ্চিত করা জরুরি।"

তিনি জানান, এই বিকৃত ভিডিও অনেক আগের। তবে এবার ওই চ্যানেলের পেজের মাধ্যমে তা দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। তাই বিষয়টি নিয়ে শুধুমাত্র ‘সরি’ বলা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন তিনি।

গতকাল রাতে ফেসবুক লাইভে আসেন পরীমনি। সেখানে ক্ষোভে ফেটে পড়েন ‘স্বপ্নজাল’ অভিনেত্রী। কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে যে ‘নোংরামি’ চলছে, তার বিরুদ্ধে তিনি কথা বলেন। ক্ষোভের বশে তিনি কয়েকবার গালিও দেন।

চ্যানেলটির প্রতিক্রিয়া প্রসঙ্গে পরীমনি বলেন, "ওরা এতবড় পাওয়ারফুল একটা মিডিয়া, ১১ ঘণ্টা তো ঝুলেই ছিল। তো প্রমাণ করতে পারল না? নিজেদের কন্ট্রোলে নিতে পারল না? আইন, এত প্রশাসন এগুলো দিয়ে কি সম্ভব ছিল না? এর বিপরীতে আপনি মোটেও বলতে পারেন না, পেজ হ্যাক হয়েছে। তাহলে আমিও বলি, আমার পেজ হ্যাক হয়েছে!"

নিন্দুকদের উদ্দেশ্যে খোঁচা দিয়ে পরী বলেন, "তোমরা যখন ভিডিওটি নিয়ে এত মাতামাতি করছিলে, তখন আমার ইচ্ছে হচ্ছিল একটি খোলামেলা ফটোশুট করে ফেলি।"

পরীমনির মতে, যারা বোধসম্পন্ন মানুষ, তারা ভিডিওটি দেখে এড়িয়ে গেছে। আর যাদের মানসিকতা নিচু, তারাই এটা নিয়ে নেতিবাচক চর্চা করেছে। তিনি বলেন, "দিনশেষে ভিডিওটা আমিও দেখলাম, সকলেই দেখল। দেখার পর যারা এভয়েড করার দরকার, তারা স্কিপ করেছে। আর যারা এই ভিডিওকে নিজেদের জীবন, যৌবন, নিঃশ্বাস বানিয়ে ফেলেছে, তারা অনলাইনে এসে এটা নিয়ে কথা বলছে। দেখা গেল, কেউ হজের পোস্ট করল, তার কমেন্ট বক্সেও গিয়ে লিখেছে, ‘পরীমনির লিংক আছে আমার কাছে’। মানে, তার জীবনের অর্জন যেন এটুকুই। ভুয়া একটা জিনিস নিয়ে তোমার এই অবস্থা, আসল হলে কী করতে!"

ওই লাইভে পরীমনি আরো অনেক কথাই বলেছেন। তবে পরে লাইভটি নিজের পেজ থেকে মুছে ফেলেন তিনি। আজ সকালে এটা নিয়ে স্ট্যাটাস দিয়েও জানান, ওপস সরি, ডিলেট করে দিয়েছি। শুভ সকাল।

প্রসঙ্গত, পরীমনি সম্প্রতি অভিনয় করেছেন গিয়াস উদ্দিন সেলিমের একটি ওয়েব সিনেমায়। ‘সেপারেশন’ নামের এই সিনেমায় তার সঙ্গে আছেন ইমতিয়াজ বর্ষণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘১৬ বছর রাজপথে ছিলেন না, এখন ত্যাগ নিয়ে প্রশ্ন’: খালিদুজ্জামানকে রাশেদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


‘১৬ বছর রাজপথে ছিলেন না, এখন ত্যাগ নিয়ে প্রশ্ন’: খালিদুজ্জামানকে রাশেদ

আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনকালে জামায়াতে ইসলামীর ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান রাজপথে আন্দোলন বা সংগ্রামে অংশগ্রহণ করেননি, এই অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। একই সময়ে, শেখ হাসিনার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে কোনো পোস্ট দিতে দেখা যায়নি বলেও দাবি করেন তিনি।

গত শুক্রবার (১৬ অক্টোবর) রাতে, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে খালিদুজ্জামানের রাজনৈতিক ভূমিকা নিয়ে সমালোচনা করেন রাশেদ খাঁন। তিনি জামায়াতের এই নেতার বক্তব্য ও রাজনৈতিক অবস্থান সম্পর্কে প্রশ্ন তোলেন।

রাশেদ খাঁন অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের শাসনকালে রাজপথে সক্রিয় না থাকলেও খালিদুজ্জামান এখন তাঁদের আন্দোলন ও সংগ্রাম নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আসনে প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত একজন ব্যক্তি অন্যদের ত্যাগ ও সংগ্রামকে খাটো করছেন বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টে খালিদুজ্জামানের ফেসবুক পেজ খোলার তারিখ উল্লেখ করে রাশেদ খাঁন দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে ওঠেন জামায়াতের এই নেতা। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ২৫ আগস্ট ফেসবুক পেজটি খোলা হয়। এই তথ্যের ভিত্তিতে খালিদুজ্জামানের অতীত রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু ব্যক্তি নিজেদের অবস্থান বদলে নতুন পরিচয়ে আবির্ভূত হন। আওয়ামী লীগ সরকারের আমলে যারা দলটির অনুসারী ছিলেন, তাদের কেউ কেউ এখন জামায়াত-শিবিরের পরিচয়ে সক্রিয় হয়েছেন বলে দাবি করেন তিনি।

খালিদুজ্জামানের বক্তব্য ও আচরণের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের সংগ্রামকে প্রশ্নবিদ্ধ করার আগে নিজের রাজনৈতিক ভূমিকা ও অতীত কর্মকাণ্ডের ব্যাখ্যা দেওয়া উচিত। এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডকে তিনি সুযোগসন্ধানী মনোভাব হিসেবে অভিহিত করেন।

পোস্টের শেষাংশে খালিদুজ্জামানের বিরুদ্ধে আরও কঠোর ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তবে তাঁর এসব অভিযোগের বিষয়ে ডা. এস এম খালিদুজ্জামানের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে ছয় বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে কামরুলের ১০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


কেরানীগঞ্জে ছয় বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে কামরুলের ১০ বছরের কারাদণ্ড

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছয় বছরের এক শিশুকে চকোলেটের লোভ দেখিয়ে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় আসামি মো. কামরুলকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

শনিবার (১৭ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন। আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে, যা অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশের সঙ্গে যুক্ত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম (জর্জ) বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিল। ফলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রায়ে উল্লেখ করা হয়েছে, আসামির স্থাবর/অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা আদায় করে ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার জন্য ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট বা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ১৫ মার্চ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় মা-বাবার সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে ভুক্তভোগী শিশু। ওই দিন সকাল সাড়ে ১১টার দিকে সে বাড়ির সামনে খেলাধুলা করছিল। তখন অভিযুক্ত মো. কামরুল মজা খাওয়ার জন্য টাকা দেওয়ার কথা বলে শিশুটিকে নিজের ঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ১০ টাকা দিয়ে আরো ভালো খাবার দেওয়ার প্রলোভন দেখান তিনি। পরে অভিযুক্ত কামরুল ওই শিশুর সঙ্গে যৌন হয়রানি করেন।

অভিযোগে আরো বলা হয়, শিশুটি ভয় পেয়ে চিৎকার করলে তার মা ও নানা-নানি অভিযুক্তের ঘরে গিয়ে দরজা খুলতে বলেন। পরে ঘরের টিনের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে শিশুটিকে উদ্ধার করেন তারা। শিশুটির কাছ থেকে ঘটনার বিবরণ শুনে স্থানীয় লোকজনকে জানালে তারা অভিযুক্তকে আটক করে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে।

ওই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় যৌন হয়রানির অভিযোগে মামলাটি দায়ের করেন।

মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ১ মে কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক মো. মোজাম্মেল হক কামরুলকে একমাত্র আসামি করে চার্জশিট দাখিল করেন।

২০১৯ সালে ২৫ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচারকালে ১০ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জকিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


জকিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে আলোচনা

সিলেটের জকিগঞ্জে শেওলা-জকিগঞ্জ সড়কের নির্মাণকাজের মান নিশ্চিত করার জন্য নিয়মিত তদারকি করা হবে এবং চুরি-ডাকাতি প্রতিরোধে উপজেলার সব ইউনিয়নে প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) জকিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ।

সভায় শেওলা-জকিগঞ্জ সড়কের নির্মাণকাজের গুণগত মান নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। কাজের মান নিশ্চিত করার জন্য উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নিয়মিত তদারকি করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। নির্মাণকাজে কোনো অনিয়ম বা অসংগতি দেখা দিলে ঠিকাদার বা ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ না করে এলজিইডি অফিস অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় জকিগঞ্জে চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশের তৎপরতা জোরদারের বিষয়টি তুলে ধরা হয়। অপরাধ নিয়ন্ত্রণ ও স্থানীয় পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করার জন্য উপজেলার সব ইউনিয়নে প্রতিরোধ কমিটি গঠন করা হবে বলে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এ ক্ষেত্রে পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া উত্তরকুলে দুই সহোদর ভাইয়ের ঘরে ডাকাতি এবং ডাকাতদের হামলায় ব্যবসায়ী শামীম আহমদ গুরুতর আহত হওয়ার ঘটনা নিয়ে আলোচনা হয়। সোনাসারের জামিল আহমদকে অপহরণ করে মারধরের অভিযোগ এবং মুন্সীবাজারে ওয়াজেদ আলী মজুমদার বিদ্যানিকেতনে গভীর রাতে চুরির ঘটনাও সভায় উঠে আসে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশের তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মো. আজমীর শরীফুল ইসলাম, জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) মনোজ কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাশ, বিরশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার, খলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, জকিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ, বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহসিন মর্তুজা চৌধুরী টিপু এবং মানিকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সহিদ।

এছাড়া উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুছব্বির, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ছারওয়ার হোসেন, উপজেলা জমিয়তের সহ-সম্পাদক সাংবাদিক কে এম মামুন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, সাংবাদিক রহমত আলী হেলালী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি হীরালাল বিশ্বাস, পূজা উদযাপন ফ্রন্টের সেক্রেটারি সুরঞ্জিত কুমার রায় এবং জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ উপস্থিত ছিলেন। সভায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরাও অংশ নেন।

সভায় আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধ এবং জনস্বার্থসংশ্লিষ্ট উন্নয়নকাজের গুণগত মান বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%