ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

কেরানীগঞ্জে ছয় বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে কামরুলের ১০ বছরের কারাদণ্ড


কেরানীগঞ্জে ছয় বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে কামরুলের ১০ বছরের কারাদণ্ড

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছয় বছরের এক শিশুকে চকোলেটের লোভ দেখিয়ে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় আসামি মো. কামরুলকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

শনিবার (১৭ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন। আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে, যা অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশের সঙ্গে যুক্ত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম (জর্জ) বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিল। ফলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রায়ে উল্লেখ করা হয়েছে, আসামির স্থাবর/অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা আদায় করে ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার জন্য ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট বা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ছলিম ও তার স্ত্রীর ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ১৫ মার্চ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় মা-বাবার সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে ভুক্তভোগী শিশু। ওই দিন সকাল সাড়ে ১১টার দিকে সে বাড়ির সামনে খেলাধুলা করছিল। তখন অভিযুক্ত মো. কামরুল মজা খাওয়ার জন্য টাকা দেওয়ার কথা বলে শিশুটিকে নিজের ঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ১০ টাকা দিয়ে আরো ভালো খাবার দেওয়ার প্রলোভন দেখান তিনি। পরে অভিযুক্ত কামরুল ওই শিশুর সঙ্গে যৌন হয়রানি করেন।

অভিযোগে আরো বলা হয়, শিশুটি ভয় পেয়ে চিৎকার করলে তার মা ও নানা-নানি অভিযুক্তের ঘরে গিয়ে দরজা খুলতে বলেন। পরে ঘরের টিনের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে শিশুটিকে উদ্ধার করেন তারা। শিশুটির কাছ থেকে ঘটনার বিবরণ শুনে স্থানীয় লোকজনকে জানালে তারা অভিযুক্তকে আটক করে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে।

ওই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় যৌন হয়রানির অভিযোগে মামলাটি দায়ের করেন।

মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ১ মে কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক মো. মোজাম্মেল হক কামরুলকে একমাত্র আসামি করে চার্জশিট দাখিল করেন।

আরও পড়ুন: কালীগঞ্জে পুলিশ ও বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

২০১৯ সালে ২৫ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচারকালে ১০ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জকিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


জকিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে আলোচনা

সিলেটের জকিগঞ্জে শেওলা-জকিগঞ্জ সড়কের নির্মাণকাজের মান নিশ্চিত করার জন্য নিয়মিত তদারকি করা হবে এবং চুরি-ডাকাতি প্রতিরোধে উপজেলার সব ইউনিয়নে প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) জকিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ।

সভায় শেওলা-জকিগঞ্জ সড়কের নির্মাণকাজের গুণগত মান নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। কাজের মান নিশ্চিত করার জন্য উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নিয়মিত তদারকি করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। নির্মাণকাজে কোনো অনিয়ম বা অসংগতি দেখা দিলে ঠিকাদার বা ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ না করে এলজিইডি অফিস অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় জকিগঞ্জে চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশের তৎপরতা জোরদারের বিষয়টি তুলে ধরা হয়। অপরাধ নিয়ন্ত্রণ ও স্থানীয় পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করার জন্য উপজেলার সব ইউনিয়নে প্রতিরোধ কমিটি গঠন করা হবে বলে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এ ক্ষেত্রে পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া উত্তরকুলে দুই সহোদর ভাইয়ের ঘরে ডাকাতি এবং ডাকাতদের হামলায় ব্যবসায়ী শামীম আহমদ গুরুতর আহত হওয়ার ঘটনা নিয়ে আলোচনা হয়। সোনাসারের জামিল আহমদকে অপহরণ করে মারধরের অভিযোগ এবং মুন্সীবাজারে ওয়াজেদ আলী মজুমদার বিদ্যানিকেতনে গভীর রাতে চুরির ঘটনাও সভায় উঠে আসে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশের তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মো. আজমীর শরীফুল ইসলাম, জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) মনোজ কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাশ, বিরশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার, খলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, জকিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ, বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহসিন মর্তুজা চৌধুরী টিপু এবং মানিকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সহিদ।

এছাড়া উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুছব্বির, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ছারওয়ার হোসেন, উপজেলা জমিয়তের সহ-সম্পাদক সাংবাদিক কে এম মামুন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, সাংবাদিক রহমত আলী হেলালী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি হীরালাল বিশ্বাস, পূজা উদযাপন ফ্রন্টের সেক্রেটারি সুরঞ্জিত কুমার রায় এবং জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ উপস্থিত ছিলেন। সভায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরাও অংশ নেন।

সভায় আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধ এবং জনস্বার্থসংশ্লিষ্ট উন্নয়নকাজের গুণগত মান বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদ্রাসা ও মানবিক বিভাগে পড়েও জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ পেলেন ইবি শিক্ষার্থী জাহিদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


মাদ্রাসা ও মানবিক বিভাগে পড়েও জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ পেলেন ইবি শিক্ষার্থী জাহিদ

মাদ্রাসায় দাখিল ও আলিম সম্পন্ন করার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ধর্মতত্ত্ব অনুষদে ভর্তি হন জাহিদ হাছান। বিশ্ববিদ্যালয়ে মানবিক ও ধর্মতত্ত্ব অনুষদের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও গবেষণার সুযোগ তিনি পাননি। তবে উচ্চশিক্ষার লক্ষ্য ও গবেষণার প্রতি আগ্রহ থেকে তিনি সরে আসেননি। দীর্ঘ প্রস্তুতি, শিক্ষকদের সহযোগিতা ও নিজের প্রচেষ্টার মাধ্যমে জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি ডর্টমুন্ডে স্নাতকোত্তর (মাস্টার্স) প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। ২০১৯-২০ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী সেখানে ‘রিলিজন, এথিক্স অ্যান্ড পলিটিক্স’ বিষয়ে পড়াশোনা করবেন। উল্লেখ্য, সেখানে পড়াশোনার জন্য কোনো টিউশন ফি দিতে হবে না তাকে।

জাহিদ জানান, বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হওয়ার জন্য তিনি প্রায় ২৮ মাস আগে আবেদন করেছিলেন। আবেদনের বিভিন্ন ধাপে প্রয়োজনীয় কাগজপত্রের পাশাপাশি গবেষণা প্রস্তাব ও ভর্তি-প্রবন্ধ জমা দিয়েছেন। আইইএলটিএস (IELTS) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি। এ ক্ষেত্রে শিক্ষকদের সহযোগিতা ও সুপারিশপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি মনে করেন।

জাহিদ হাছানের ভাষ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ে গবেষণা করার মতো যথেষ্ট সুযোগ না পেলেও গবেষণার প্রতি তাঁর আগ্রহ ছিল। জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময় গবেষণা প্রস্তাব জমা দিতে হয়েছে। সেখানে ভবিষ্যতে কোন বিষয়ে গবেষণা করতে চান, তার সারসংক্ষেপ তুলে ধরেছেন তিনি। কিছু বিশ্ববিদ্যালয়ে ভর্তি-প্রবন্ধও জমা দিয়েছেন।

জার্মানির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত টিউশন ফি ছাড়াই পড়াশোনার সুযোগ রয়েছে। তবে শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয় বহনের সক্ষমতা প্রমাণ করতে হয়। জাহিদ জানান, জার্মানিতে এক বছরের থাকা-খাওয়ার খরচের সক্ষমতা দেখাতে তাকে ১২ হাজার ইউরো জামানত হিসেবে জমা দিতে হয়েছে। এই অর্থ থেকে প্রতি মাসে নির্ধারিত পরিমাণ টাকা তার জীবনযাত্রার ব্যয় মেটাতে দেওয়া হবে। তিনি ইতোমধ্যে অর্থ জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

নিজের অর্জন সম্পর্কে জাহিদ হাছান বলেন, এটি আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয়। অনেক আগে থেকেই এখানে পড়ার স্বপ্ন ছিল। সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। প্রায় ২৮ মাস আগে ভর্তির জন্য আবেদন করেছিলাম। শিক্ষকরা আমাকে সাহায্য করেছেন। তাদের রেকমেন্ডেশন লেটার আমাকে সহায়তা করেছে।

জাহিদ মনে করেন, মানবিক বিভাগের শিক্ষার্থীরা গবেষণায় ভালো করতে পারেন না, এ ধারণা সঠিক নয়। তার মতে, বিভিন্ন ক্ষেত্রে মানবিক বিভাগের শিক্ষার্থীরা গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তবে অনেক শিক্ষার্থী দেশীয় সরকারি চাকরির প্রস্তুতিতে বেশি মনোযোগী হওয়ায় গবেষণা ও বিদেশে উচ্চশিক্ষার বিষয়ে আগ্রহ দেখাতে পারেন না। কেউ কেউ আবার নিজেকে এসব ক্ষেত্রে অযোগ্য মনে করেন।

জাহিদের শিক্ষাজীবনের শুরু উত্তর আকাখাজানা দাখিল মাদ্রাসায়। ২০১৭ সালে প্রতিষ্ঠানটি থেকে দাখিল পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ৬৫ অর্জন করেন তিনি। পরে বৈরাগীবাজার সিনিয়র আলিম মাদ্রাসা থেকে ২০১৯ সালে আলিম পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ৯৩ পান। পরবর্তী সময়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হন।

নিজের এই অর্জনের পেছনে পরিবারের সহযোগিতা ও শিক্ষকদের অনুপ্রেরণাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন জাহিদ। তিনি জানান, পরিবারের উৎসাহ, মা-বাবার দোয়া ও সর্বাত্মক সহযোগিতা তাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। পাশাপাশি শিক্ষকদের পরামর্শ ও উৎসাহ বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে অনুপ্রেরণা জুগিয়েছে।

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের উদ্দেশে জাহিদ বলেন, বিদেশে উচ্চশিক্ষার ইচ্ছে থাকলে আগে থেকে প্রস্তুতি নিতে হবে। আইইএলটিএস কোর্স সম্পন্ন করতে হবে। এছাড়া প্রয়োজনীয় শর্ত পূরণের জন্য শিক্ষকদের সহায়তা নিতে হবে।

তিনি আরও মনে করেন, ধর্মীয় জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা অর্জন করা জরুরি, বিশেষ করে ইংরেজিতে। একই সঙ্গে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান, সুযোগ-সুবিধা ও উচ্চশিক্ষার সম্ভাবনা সম্পর্কে জানতে আরও মনোযোগী হওয়া প্রয়োজন।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জাহিদ হাছান জানান, তিনি একজন একাডেমিশিয়ান হিসেবে ক্যারিয়ার গড়তে চান। শিক্ষকতা ও গবেষণার মধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনেক শিক্ষার্থীর প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি - মো. তমিজ উদ্দিন এমপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


অনেক শিক্ষার্থীর প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি - মো. তমিজ উদ্দিন এমপি

ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন মন্তব্য করেছেন, "বীর শহীদ আফিকুল ইসলাম সাদের মতো অনেক শিক্ষার্থীর প্রাণের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।" তিনি উল্লেখ করেন, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন আমরা তাদের স্মরণ করে যাব। তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আফিকুল ইসলাম সাদের মতো অনেকেই নিহত হয়েছেন এবং অনেক পঙ্গুত্ব বরণ করেছেন, আবার অনেকে অসুস্থ হয়ে আছেন। তাদের পাশে আমাদের প্রধানমন্ত্রী এবং বিএনপি সরকার আছে এবং থাকবে।

আজ শনিবার (১৭ অক্টোবর) ঢাকার ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সামনে ২০২৪ সালের ৫ আগষ্ট পুলিশের গুলিতে নিহত সেনা পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্র আফিকুল ইসলাম সাদের নামে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এমপি এ মন্তব্য করেন। তিনি জানান, ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে খুব দ্রুত সময়ের মধ্য স্মৃতিস্তম্ভের কাজ সম্পন্ন হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল মামুন, শহীদ আফিকুল ইসলাম সাদের পিতা ডাক্তার শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, বিএনপি নেতা মিকাইল এবং বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ আরও অনেকেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাজেকের সমস্যা সমাধানে আলোচনা অব্যাহত: প্রতিমন্ত্রী মীর হেলাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


সাজেকের সমস্যা সমাধানে আলোচনা অব্যাহত: প্রতিমন্ত্রী মীর হেলাল

সাজেকে সৃষ্ট সমস্যাগুলোর মধ্যে কিছু সমাধান করা সম্ভব হয়েছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল জানিয়েছেন, বাকি সমস্যাগুলোর সমাধানে আলোচনা চলছে। তিনি উল্লেখ করেন, "সব সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়।" কিছু সমস্যা প্রশাসনিক, যেগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। অন্যদিকে, কিছু সমস্যা রাজনৈতিক, সেগুলো সমাধানে আলোচনা চলছে। তিনি আশা প্রকাশ করেন, এসব সমস্যারও সমাধান হবে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে রাঙামাটি পার্বত্য জেলায় উন্নয়ন ও আইন-শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

দুর্গাপূজা উপলক্ষে মীর হেলাল বলেন, রাঙামাটির প্রতিটি পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে ও নিরাপত্তার মধ্য দিয়ে পূজা উদ্‌যাপন সম্পন্ন হবে। তিনি গুজবে কান না দিয়ে কোথাও কোনো সমস্যা দেখা দিলে প্রশাসনকে জানানোর আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, সার্বিক পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন প্রস্তুত রয়েছে।

সভায় জেলার সামগ্রিক উন্নয়ন কার্যক্রম ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মঠ-মন্দিরে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়েও আলোচনা হয়।

সভা শেষে জেলা পরিষদের সম্মেলনকক্ষে দুর্গোৎসব উপলক্ষে জেলার ৪৭টি মন্দিরের প্রতিনিধিদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য দীপেন দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মো. আব্দুর রকিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%