ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

সিলেটে ফুলের পাপড়ি ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা


সিলেটে ফুলের পাপড়ি ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা

সিলেট, ১৭ জুন, ২০২৬ : বৃষ্টি উপেক্ষা করে সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন সিলেটের সকল শ্রেণির জনগণ। এর মধ্যে চা শ্রমিকদের উদ্যোগটি বেশ ব্যতিক্রম ছিল। শ্রমিকরা সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন তাদের প্রিয় নেতাকে স্বাগত জানানোর জন্য। তাদের মধ্যে বেশিরভাগই নারী। প্রায় সকলের হাতেই ফুল ছিল। কিছু শ্রমিকের হাতে গাদা ফুলের মালা ছিল এবং কিছু শ্রমিক ফুলের পাপড়ি ভর্তি ডালা নিয়ে দাঁড়িয়ে ছিলেন।

বুধবার সকালে সিলেট নগরের চৌকিদেখি এলাকায় এমন একটি বিশেষ দৃশ্য দেখা গেছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সকালে ইউএস বাংলার একটি ফ্লাইটে সিলেটে পৌঁছান। দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর সিলেট বিভাগে সফরের দ্বিতীয়বার।

সকাল সাড়ে ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত বাসে চড়ে শ্রীমঙ্গলের উদ্দেশে রওয়ানা হন তারেক রহমান। বিমানবন্দর সড়ক থেকে শহরের ভেতরে এবং জেলার বিভিন্ন স্থানে উচ্ছ্বসিত নেতৃত্ব, কর্মী ও সাধারণ মানুষ তাঁকে স্বাগত জানান।

আরও পড়ুন: গাজীপুরে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে মারধর, শিশুর বাবার বিচার দাবি

সেই সময় বিমানবন্দর সড়কের পাশে চা বাগান এলাকার দৃশ্য ছিল ভিন্ন। চৌকিদেখি এলাকার সবুজ চা বাগানের পাশ দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর যাওয়ার সময় সেখানে লাক্কাতুড়া ও মালনীছড়া চা বাগানের শ্রমিকরা গাড়িতে ফুলের মালা ও পাপড়ি ছিটিয়ে দেন।

চা শ্রমিকদের পরেই সেখানে দাঁড়িয়ে সরকার প্রধানকে স্বাগত জানিয়েছেন বিএনপি’র নেতা-কর্মীরা। চৌকিদেখি পয়েন্টে তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য ৪, ৫, ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপি এবং স্বেচ্ছাসেবকদল-কৃষকদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দাঁড়িয়ে ছিলেন। তাঁদের মধ্যে সিলেট মহানগর বিএনপি’র সহ সভাপতি জিয়াউল গনি আরিফিন জিল্লুর, সাদিকুর রহমান সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার ও মাহবুবুল হক চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ছিলেন।

এছাড়াও সিলেট নগরের আরও তিনটি পয়েন্টে সরকার প্রধানকে স্বাগত জানাতে বিএনপি’র নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি’র সমর্থকদের পাশাপাশি সিলেটের সাধারণ মানুষও সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে হাত নেড়ে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রীও হাত নেড়ে সবার অভিবাদন গ্রহণ করেন।

সিলেট থেকে সেখান থেকে সড়ক পথে যাত্রা করে বেলা একটায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

আরও পড়ুন: খাগড়াছড়িতে অবরোধ চলছে, দূরপাল্লার যানবাহন বন্ধ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“আইইএলটিএস ফলাফল বিভ্রাটে কেমব্রিজ ইংলিশকে জরিমানা”

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০১:৫৯ পি.এম


“আইইএলটিএস ফলাফল বিভ্রাটে কেমব্রিজ ইংলিশকে জরিমানা”

ইংরেজি ভাষার দক্ষতার পরীক্ষা আইইএলটিএস- এ অংশগ্রহণকারী হাজার হাজার পরীক্ষার্থীকে ভুল ফলাফল দেয়া হয়েছে। যুক্তরাজ্যের পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা (অফকোয়াল) কেমব্রিজ ইংলিশকে ৮ লক্ষ ৭৫ হাজার পাউন্ড জরিমানা করেছে, যা বাংলাদেশি মুদ্রায় ১৪ কোটি ৪২ লাখ ৪৬ হাজার ২০০ টাকার সমান।

অফকোয়াল জানিয়েছে, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস) পরীক্ষায় কম্পিউটার-স্বয়ংক্রিয় মূল্যায়ন ত্রুটির কারণে ৬২,৭৯৪ জন পরীক্ষার্থী ভুল ফলাফল পেয়েছেন।

একই সময়কালে বিশ্বব্যাপী ৭ দশমিক ৭ মিলিয়নেরও বেশি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, কিন্তু সেপ্টেম্বরে পর্যন্ত এই ত্রুটিগুলো নজরে আসেনি।

কেমব্রিজ ইংলিশ এই নিয়ম লঙ্ঘনের কথা স্বীকার করেছে এবং জানিয়েছে যে, তারা ৬ মিলিয়ন পাউন্ডেরও বেশি অর্থ ব্যয় করেছে ভুল সংশোধন, অংশগ্রহণকারীদের ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেই লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপে বিনিয়োগের জন্য।

শিক্ষার্থীরা, যাদের অধিকাংশই ছিলেন আন্তর্জাতিক, তারা ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে এই ভুল ফলাফল পেয়েছিলেন।

আইইএলটিএস যৌথভাবে ব্রিটিশ কাউন্সিল, আইডিপি আইইএলটিএস এবং কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট কর্তৃক পরিচালিত এবং ত্রুটিগুলো নজরে আসার সাথে সাথেই তারা অফকোয়ালকে বিষয়টি জানায়।

অফকোয়াল আরও জানায়, কম্পিউটার-নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় খাতা মূল্যায়ন বা অটোমেটেড মার্কিং পদ্ধতিতে যান্ত্রিক ত্রুটি হওয়ার কারণে বিশ্বে হাজারো পরীক্ষার্থীর ফলাফল ভুল এসেছিল।

২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত আইইএলটিএস পরীক্ষায় মূল্যায়নের ক্ষেত্রে সিস্টেমে ত্রুটি দেখা দেয়। এই দুই বছরে বিশ্বজুড়ে প্রায় ৭৭ লাখ পরীক্ষার্থী অংশ নেন, যাদের মধ্যে ৯৩ হাজার ৮৬৫টি উত্তর ভুলভাবে মূল্যায়িত হয়েছিল। এর ফলে ৬২ হাজার ৭৯৪জন পরীক্ষার্থীর প্রাথমিক ফলে ভুল নম্বর পেয়েছিলেন। পরে ফলাফল সংশোধন করা হয়।

সংশোধিত ফলাফলের মধ্যে ২০ হাজার ৬০০ জনেরও বেশি পরীক্ষার্থীর ব্যান্ড স্কোর আগের চেয়ে বৃদ্ধি পায়। অন্যদিকে, ভুলক্রমে ১ হাজার ১১৫ জনের স্কোর প্রকৃত নম্বরের চেয়ে বেশি চলে আসায় তা সংশোধন করে কিছুটা কমিয়ে আনা হয়।

আক্রান্ত পরীক্ষার্থীদের মধ্যে ১ হাজার ১০৮ জন যুক্তরাজ্যের ভিসা ও ইমিগ্রেশন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় ‘সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট’ পরীক্ষা দিয়েছিলেন। এর মধ্যে ৪টি ক্ষেত্রে ভুল ফলাফল পাওয়ার কারণে পরীক্ষার্থীদের ভিসার যোগ্যতা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে পরবর্তী সময়ে আবার পরীক্ষা দিয়ে প্রয়োজনীয় স্কোর তুলেন শিক্ষার্থীরা।

দীর্ঘদিন ধরে চলা এই ত্রুটিটি কেমব্রিজ ইংলিশের নিজস্ব মনিটরিং সিস্টেমেও ধরা পড়েনি। ২০২৫ সালের সেপ্টেম্বরে সিস্টেম আপডেট করার সময় বিষয়টি প্রথম ধরা পড়ে এবং তারা তাৎক্ষণিকভাবে অফকোয়ালকে বিষয়টি জানান।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অধিনায়কত্বে অভিষেক হৃদয়ের”

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০২:০৩ পি.এম


“টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অধিনায়কত্বে অভিষেক হৃদয়ের”

ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারিয়ে ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ ক্রিকেট দল আজ নামছে টি-টোয়েন্টি সিরিজ জয়ের মিশনে। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে তাওহীদ হৃদয়ের।

চট্টগ্রামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ১৩তম টি-টোয়েন্টি অধিনায়ক।

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চোট পেয়েছিলেন টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। তার টি-টোয়েন্টি সিরিজে খেলা নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই শঙ্কাই সত্যি হলো। প্রথম ম্যাচের একাদশে নেই এই উইকেটরক্ষক ব্যাটার।

এদিকে আজ অভিষেক হতে যাচ্ছে ডানহাতি পেসার আবদুল গাফফার সাকলাইনের।

২০০৫ সালে প্রথমবার অজিদের বিপক্ষে ওয়ানডেতে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে দুই দশকের বেশি সময়। এবার শুধু জয় নয়, সদ্য শেষ হওয়ার ওয়ানডে সিরিজটাই নিজেদের করে নিয়েছে টাইগাররা। টানা দুই ম্যাচ জিতে আগে-ভাগেই সিরিজ জিতে নেয় বাংলাদেশ। শেষ ম্যাচে সান্তনার জয় পায় সফরকারীরা। এবার টাইগারদের চোখ টি-টোয়েন্টি সিরিজে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“শ্রীমঙ্গলে অনুষ্ঠানে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী”

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০২:১০ পি.এম


“শ্রীমঙ্গলে অনুষ্ঠানে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী”

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার দুপুরে আকাশযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং এরপর সেখান থেকে সড়কপথে শ্রীমঙ্গলে চলে যান। শ্রীমঙ্গলে এসে তিনি ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজনের অংশ হিসেবে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যক্রমের মধ্যে শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত সুইলপুর গ্রামের ১৫৫ জন মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেন। এ ছাড়া, ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৫ জন ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন।

এছাড়া, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পাঁচজনের জীবনমান উন্নয়নে ১০ হাজার টাকা করে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হবে এবং পাঁচ শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে এককালীন আর্থিক অনুদান দেবেন প্রধানমন্ত্রী।

দুঃস্থ, অসহায়, অসুস্থ, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও গৃহহীন ১০০ জনের জন্য ১০ হাজার টাকা করে বিশেষ অনুদানের চেক প্রদান করবেন তিনি। টেকসই আবাসনের জন্য প্রধানমন্ত্রী পাঁচজন চা-শ্রমিকের হাতে ২ লাখ টাকা করে বরাদ্দ পত্র তুলে দেবেন।

শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে নেতাকর্মীদের উপস্থিতির পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। নানান রঙের পোশাক পরে সমাবেশস্থলে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ আসা উপভোগ করেছেন। মাঠের একপাশে উপকারভোগীদের বসিয়ে রাখা হয়েছে। বিশেষ করে দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে পেয়ে দলের নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত হয়ে উঠেছেন।

প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতির অংশ হিসেবে স্থানীয় উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি দল বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

সফরসূচি অনুযায়ী, এদিন সন্ধ্যা পৌনে ৬টায় মৌলভীবাজার থেকে ওসমানী বিমানবন্দরের উদ্দেশে প্রধানমন্ত্রীর যাত্রা শুরু হবে এবং রাত সাড়ে ৮টায় ফের আকাশপথে ঢাকার উদ্দেশে রওনা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“লেবাননে ইসরায়েলি উচ্ছেদ অভিযান যুদ্ধাপরাধের শামিল: অ্যামনেস্টি”

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০২:১২ পি.এম


“লেবাননে ইসরায়েলি উচ্ছেদ অভিযান যুদ্ধাপরাধের শামিল: অ্যামনেস্টি”

লেবাননে বেসামরিক মানুষকে ব্যাপকভাবে এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে ইসরায়েলি সেনাবাহিনী আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির মতে, এই ধরনের জোরপূর্বক উচ্ছেদ আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

সম্প্রতি প্রকাশিত এক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দেওয়া বিবৃতিতে মানবাধিকার সংস্থাটি জানায়, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে জোর করে সরে যেতে বাধ্য করা হয়েছে। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে তাদের নিজ বাড়ি ও এলাকায় ফিরে যাওয়ার পথও বন্ধ করে দেওয়া হয়েছে। সংস্থাটি বলছে, এটি বেআইনি স্থানান্তরের শামিল এবং আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দাবি, সাম্প্রতিক সময়ে ইসরায়েলি সেনাবাহিনী এ ধরনের উচ্ছেদ নির্দেশ জারির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। এর ফলে লেবাননের বিভিন্ন অঞ্চলে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে যেতে বাধ্য হয়েছেন।

সংস্থাটির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের উপপরিচালক ক্রিস্টিন বেকারলি বলেন, পুরো সম্প্রদায়কে জোরপূর্বক উচ্ছেদ করা এবং দেশের বিস্তীর্ণ এলাকা সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ ঘোষণা করা কোনো সমাধান হতে পারে না। তার মতে, ইসরায়েলি বাহিনীর উচিত অবিলম্বে লেবাননের ভূখণ্ড থেকে সরে যাওয়া।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২৮ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিন পরই ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের প্রায় ৪ দশমিক ৬ শতাংশ এলাকা বেসামরিক মানুষের জন্য নিষিদ্ধ অঞ্চল হিসেবে ঘোষণা করে। এর ফলে ওইসব এলাকার বাসিন্দারা নিজেদের বাড়িতে ফিরতে পারেননি।

সংস্থাটি আরো জানায়, ২০২৬ সালের ১৭ এপ্রিল নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র তিন দিন পর এই নিষিদ্ধ এলাকার পরিমাণ আরো বাড়ানো হয়। পরে লেবাননের প্রায় ছয় শতাংশ ভূখণ্ডকে 'ফরোয়ার্ড ডিফেন্স' অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। একই সঙ্গে এমন কয়েকটি গ্রামে মানুষকে ফিরে যেতে নিষেধ করা হয়, যেখানে দীর্ঘদিন ধরে হাজার হাজার মানুষ বসবাস করতেন।

এদিকে লেবাননের কর্মকর্তাদের দাবি, দুই মার্চ থেকে দেশটিতে ইসরায়েলের সামরিক অভিযান আরো তীব্র হয়েছে। তাদের হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে ৩ হাজার ৮০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ হাজার ৮৫০ জনেরও বেশি। এছাড়া সংঘাতের কারণে ১০ লাখের বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা সব পক্ষের দায়িত্ব। লেবাননের চলমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%