১২:০৫ পি.এম
ঢালিউড সুপারস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মহব্বত’-এ নায়িকা হিসেবে পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি চূড়ান্ত হয়েছেন। কিয়ারা আদভানি নন, এই সিনেমার জন্য ইতোমধ্যেই সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান তার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে।
গত অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই দর্শক ও সিনেমাপাড়ায় তুমুল কৌতূহল তৈরি হয়, শাকিবের বিপরীতে কে থাকবেন তা নিয়ে। শুরুতে পাকিস্তানের জনপ্রিয় মুখ—হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান সেলিমের নাম শোনা গিয়েছিল।
সাম্প্রতিক সময়ে প্রযোজক আরশাদ আদনানের একটি ফেসবুক পোস্টের পর বলিউড তারকা কিয়ারা আদভানিকে ঘিরেও জোর গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, শাকিবের বিপরীতে কিনজা হাশমির নামই নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: ৫ কারণে বিতর্কিত ‘রামায়ণ’, সিনেমা প্রদর্শনী বন্ধের দাবি
ঢালিউড মেগাস্টার শাকিব খানের দেশের ও বিদেশের প্রায় ৭০ জনের বেশি নায়িকার সঙ্গে জুটি বাঁধার অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশ, কলকাতা ও বলিউডের নায়িকাদের পর এবার তার নায়িকা হচ্ছেন পাকিস্তানের ছোট ও বড় পর্দার পরিচিত মুখ কিনজা। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মহব্বত’।
কে এই কিনজা হাশমি?
কিনজা হাশমি ২০১৪ সালে অভিনয়জগতে যাত্রা শুরু করেন। তিনি শুরু থেকেই পাকিস্তানের টেলিভিশন নাটকে নিয়মিত মুখ হয়ে ওঠেন। ‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের নজর কাড়েন তিনি।
এরপর ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ ও ‘মেরে বান জাও’-এর মতো আলোচিত নাটকে কাজ করে জনপ্রিয়তা আরও বাড়ান কিনজা। টেলিছবি ‘রূপোশ’-এও তার উপস্থিতি প্রশংসিত হয়। নাটকের পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন তিনি; তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’।
আরও পড়ুন: ভারতে ‘রামায়ণ’ ছবির সেন্সর সার্টিফিকেট বাতিলের দাবি বিশ্ব হিন্দু পরিষদের
এবার শাকিব খানের বিপরীতে ‘মহব্বত’ দিয়ে ঢালিউডে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই পাকিস্তানি তারকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন