ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মিসরের গ্রামে প্রজন্মের পর প্রজন্ম ধরে জীবনযাত্রা থেকে বঞ্চিত ফিলিস্তিনিরা


মিসরের গ্রামে প্রজন্মের পর প্রজন্ম ধরে জীবনযাত্রা থেকে বঞ্চিত ফিলিস্তিনিরা

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ :  শাম্মা আবু হুসেইন সম্ভবত তার গ্রামের একমাত্র জীবিত ব্যক্তি, যিনি ঐতিহাসিক ফিলিস্তিনে জীবন কাটিয়েছেন। যদিও তিনি মিসরে বসবাস করেন, গত কয়েক দশকে তিনি নিজের পরিবারের তিন প্রজন্মকে আইনি অনিশ্চয়তার মধ্যে বেড়ে উঠতে দেখেছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় যারা নিজ ভূমি ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন কিংবা যাদের জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছিল, আবু হুসেইন তাদেরই একজন। ওই সময় বাস্তুচ্যুত হওয়া কয়েক লাখ ফিলিস্তিনির উত্তরসূরির সংখ্যা এখন কয়েক মিলিয়নে পৌঁছেছে।

আরও পড়ুন: বিচারপতির বদলে ওয়েইসিকে গার্ড অব অনার, কীভাবে ঘটল এমন বিভ্রান্তি

বর্তমানে তার আশঙ্কা, গাজা যুদ্ধের প্রভাব এবং গাজাবাসীকে নিজ ভূমি থেকে উচ্ছেদের পক্ষে ইসরাইলি মন্ত্রীদের বক্তব্যের কারণে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে পারে।

৯০ বছর বয়সী আবু হুসেইন বলেন, ‘এত কষ্ট সহ্য করার পরও এখন তারা ফিলিস্তিনিদের নিজেদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করতে চায়।’

মিসরের রাজধানী কায়রো থেকে প্রায় এক ঘণ্টার দূরত্বে উত্তর-পূর্ব দিকে শারকিয়া প্রদেশের মাঠ ও সেচ খালের মাঝখানে অবস্থিত গেজিরেত ফাদেল গ্রামের একটি নিচু ইটের বাড়িতে বসে তিনি এএফপিকে বলেন, ‘আমার জীবনে কী দুর্ভোগ পোহাতে হয়েছে, তা আজও মনে আছে।’

তিনি স্মৃতিচারণ করছিলেন। ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠাকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘাতের সময় কীভাবে তাদের পরিবার বেরশেবা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। বর্তমানে দক্ষিণ ইসরাইলে অবস্থিত বেরশেবাই ছিল তাদের আদি নিবাস। ফিলিস্তিনিরা ১৯৪৮ সালের সেই বাস্তুচ্যুতি ও দুর্ভোগের ঘটনাকে ‘নাকবা’ বা মহাবিপর্যয় হিসেবে স্মরণ করে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত ২৫ অভিবাসী লাইবেরিয়ায় পৌঁছেছেন

এক সন্ধ্যায় আকাশজুড়ে আগুনের শিখা দেখা যাচ্ছিল। তখন পরিবারের বয়োজ্যেষ্ঠরা শিশুদের দ্রুত উটের পিঠে তুলে মরুভূমির দিকে রওনা হন। আবু হুসেইনের পরিবার খাবার ও পানি ছাড়াই কয়েক দিন হেঁটে মিসরে পৌঁছায়। এ পথে তারা তার মাকেও হারান।

পরবর্তী সময়ে যে বসতিতে তারা আশ্রয় পেয়েছিলেন, সেটিই এখন প্রায় চার হাজার ফিলিস্তিনির একটি জনপদে পরিণত হয়েছে।

এখানকার অনেকেই সারা জীবন মিসরে কাটিয়েছেন। কিন্তু তাদের অভিযোগ, মিসরের নাগরিক হিসেবে নয়, বিদেশি হিসেবে বিবেচনা করায় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সরকারি সুবিধা পেতে তাদের নানা আমলাতান্ত্রিক জটিলতার মুখে পড়তে হয়।

প্রজন্মের পর প্রজন্ম আইনি অনিশ্চয়তায়

আরও পড়ুন: শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব উত্থাপন

নিজের বাড়িতে পুরোনো একটি সোফায় বসেছিলেন শীর্ণকায় আবু হুসেইন। তার থুতনিতে বেদুইন সংস্কৃতির ঐতিহ্যবাহী একটি পুরোনো উল্কির চিহ্ন রয়েছে।

তার চারপাশে ভিড় করে ছিল কয়েক ডজন নাতি-নাতনি ও প্রপৌত্র-প্রপৌত্রী। তারা বাড়ির দরজা ও দেয়ালের কাছে দাঁড়িয়ে ছিলেন। প্রায় এক শতাব্দীর স্মৃতিতে অস্পষ্ট হয়ে যাওয়া পরিবারের সদস্যদের নাম ও তারিখ মনে করার চেষ্টা করছিলেন তারা।

বাড়ির বাইরে রয়েছে সরু গলির গোলকধাঁধা, অসমাপ্ত ঘরবাড়ি এবং গ্রামের মাটির রাস্তা দিয়ে বয়ে যাওয়া খোলা নর্দমা।

গ্রামবাসীদের কথায়, পূর্বপুরুষের ভিটায় ফিরে যাওয়ার চেয়ে তাদের কাছে এখন শিক্ষা, কর্মসংস্থান ও জীবনের স্থিতিশীলতাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আরও পড়ুন: ইরানের হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় আগুন

৬৩ বছর বয়সী কৃষিশ্রমিক ও ১০ সন্তানের জনক সালমি সোলাইমান আল-নামুলি বলেন, ‘আমার জন্ম মিসরে। আমার বাবার জন্মও মিসরে। আমার সন্তানদের জন্মও এখানে। কিন্তু কাগজপত্রের বিষয় এলে আমাকে বিদেশি হিসেবে বিবেচনা করা হয়।’

তিনি জানান, মার্কিন ডলারে পরিশোধ করতে হয় এমন বসবাসের অনুমতিপত্র নবায়নের খরচ, স্কুলের বেতন এবং অন্যান্য প্রশাসনিক ব্যয় তার পরিবারের ওপর এতটাই চাপ সৃষ্টি করেছে যে, মেধাবী মেয়ে আসমাকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সামর্থ্য তার হয়নি।

তার ২৫ বছর বয়সী ভাতিজা ফারিদ খালেদ আল-নামুলিও উচ্চশিক্ষার স্বপ্ন ছেড়ে দিয়েছেন।

তিনি বলেন, ‘মাধ্যমিকের আগের স্তরে পড়ার সময় থেকেই লেখাপড়ার প্রতি আমার আগ্রহ তৈরি হয়। আমি পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু কাগজপত্রের জটিলতায় বারবার বাধার মুখে পড়েছি।’

আরও পড়ুন: মার্কিন নৌ অবরোধ ভাঙতে ১৪টি তেল ট্যাংকার পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইরান

একপর্যায়ে পড়াশোনা ছেড়ে গ্রামের একটি পোশাকের দোকানে কাজ শুরু করেন তিনি। গ্রামটির অনেক বাসিন্দাই তাদের শিক্ষাজীবন শেষ করতে পারেননি।

- চলমান নাকবা -

ফিলিস্তিনি শরণার্থীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা বাদিলের  কর্মকর্তা লুবনা শোমালির মতে,  নামুলি পরিবার একা নয়, বরং মিসর জুড়ে ফিলিস্তিনিরা একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন।

গবেষকদের ধারণা, গাজায় সাম্প্রতিক যুদ্ধ শুরুর আগে বিভিন্ন সংঘাতে বাস্তুচ্যুত প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি মিসরে বসবাস করছিলেন। যুদ্ধ শুরুর পর আরও এক লাখের বেশি ফিলিস্তিনি সেখানে আশ্রয় নিয়েছেন।

আরও পড়ুন: রোহিঙ্গা গণহত্যা মামলার রায়ে ইসরাইলের উদ্বেগ বাড়ছে

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ-এর হিসাবে, জর্ডান, সিরিয়া ও লেবাননে নিবন্ধিত ফিলিস্তিনি শরণার্থীর সংখ্যা ৩৫ লাখ।

গাজা যুদ্ধ নতুন করে আরেকটি নাকবার আশঙ্কা তৈরি করেছে। তবে শোমালির মতে, ফিলিস্তিনিরা ইতোমধ্যে একটি চলমান নাকবার মধ্য দিয়ে যাচ্ছেন।

তিনি এএফপিকে বলেন, ‘ফিলিস্তিনিদের বর্তমান পরিস্থিতি বোঝাতে সবচেয়ে যথাযথ শব্দ হলো চলমান নাকবা। কারণ, তাদের বাস্তুচ্যুত হওয়ার প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে।’

তিনি আরও বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে ফিলিস্তিনিরা এমন এক চাপ ও অনিশ্চয়তাপূর্ণ পরিবেশে আটকে রয়েছেন, যেখানে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মৌলিক অধিকার পাওয়ার সুযোগ সীমিত।

মিসরের কর্মকর্তারা বারবার বলেছেন, ফিলিস্তিনি শরণার্থীদের চিকিৎসা ও শিক্ষার সুযোগ দিয়ে আসছে মিসর। একই সঙ্গে তাদের নিজ ভূমি থেকে স্থায়ীভাবে উচ্ছেদের যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করে আসছে দেশটি।

সাবেক প্রেসিডেন্ট গামাল আবদেল নাসেরের শাসনামলে মিসরে বসবাসরত ফিলিস্তিনিরা শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে অনেকটাই মিসরীয় নাগরিকদের সমান সুযোগ পেতেন।

কিন্তু ১৯৭৮ সালে ইসরাইলের সঙ্গে মিসরের শান্তিচুক্তি স্বাক্ষর এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী আবু নিদালের সদস্যদের হাতে মিসরের সংস্কৃতিমন্ত্রী ইউসুফ সিবাই হত্যার পর এসব বিষয়ে বিধিনিষেধ আরও কঠোর করা হয়।

নিজ ভূমিতে ফেরার অধিকার

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান ও জোরপূর্বক বাস্তুচ্যুতি বিষয়ে ইমেরিটাস অধ্যাপক ডন চ্যাটির মতে, জর্ডান, সিরিয়া ও লেবাননের মতো মিসরে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ কখনো শিক্ষা কার্যক্রম পরিচালনা করেনি।

তিনি এএফপিকে বলেন, ‘শিক্ষাই ফিলিস্তিনিদের মনে আশার আলো জুগিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার সুযোগ থাকায় এ অঞ্চলের অন্যান্য দেশে বসবাসরত অনেক শরণার্থী বিদেশে কাজ করার সুযোগ পেয়েছেন এবং দেশে থাকা পরিবারের সদস্যদের কাছে অর্থ পাঠিয়ে তাদের সহায়তা করতে পেরেছেন। কিন্তু মিসরে তা সম্ভব হয়নি।’

এদিকে, মিসরের পরবর্তী সরকারগুলোও ফিলিস্তিনিদের নাগরিকত্ব দেওয়ার বিরোধিতা করে এসেছে। তাদের যুক্তি, ফিলিস্তিনিদের মিসরের নাগরিকত্ব দেওয়া হলে নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে শোমালি এ যুক্তির সঙ্গে একমত নন।

এ বিষয়ে মন্তব্য জানতে এএফপির পক্ষ থেকে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো জবাব দেয়নি।

মিসরে দীর্ঘদিনের জীবন গড়ে তুললেও নিজের মাতৃভূমিতে ফিরে যাওয়ার আশা কখনো ছাড়েননি আবু হুসেইন।

তিনি বলেন, ‘নিজ দেশে আমাদের জীবন ভালো ছিল। এখানকার সবাই যদি ফিরে যায়, আমিও তাদের সঙ্গে ফিরে যাব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেকর্ড বন্যার দিনে ভারতের ইনিংস ঘোষণা, ৭২০ রান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০০ পি.এম


রেকর্ড বন্যার দিনে ভারতের ইনিংস ঘোষণা, ৭২০ রান

ওয়েলিংটন টেস্টে ব্যাটিংয়ে ভারত একটি অসাধারণ প্রদর্শন করেছে। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৩৬৮ রানের জবাবে ৯ উইকেটে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। এই ইনিংসে ভারতীয় ব্যাটাররা একের পর এক নজির গড়েছেন। কেএল রাহুল এবং ঋষভ পন্থের দুর্দান্ত সেঞ্চুরির ফলে একাধিক বিশ্বরেকর্ড তৈরি হয়েছে। দলগতভাবে গম্ভীর বাহিনীও একাধিক রেকর্ডে নাম লিখিয়েছে।

রাহুলের ১৩৬ রানের ইনিংস তাকে একটি বিশেষ কৃতিত্বের অধিকারী করেছে। তিনি দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া—এই চারটি দেশে টেস্ট শতরান করা প্রথম ভারতীয় ওপেনার।

ভারতের ইনিংসের ভিত্তি গড়ে দেন যশস্বী জয়সওয়াল। তাঁর ব্যাট থেকে আসে ৮৫ রান। দেবদত্ত পাড়িকল ৮০ রান করেন। অন্যদিকে, শুভমন গিল মাত্র ২ রানের জন্য শতরান হাতছাড়া করেন, তাঁর সংগ্রহ ৯৮ রান।

ঋষভ পন্তও পিছিয়ে নেই। বিধ্বংসী ব্যাটিং করে তিনি ১২৮ রান করেন। এর ফলে, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে টেস্ট শতরান করা প্রথম এশিয়ার উইকেটকিপার হিসেবে পরিচিত হন পন্থ।

অন্যান্য ব্যাটাররাও অবদান রেখেছেন। অংশুল কম্বোজ করেন ৩৮ রান। গোটা ইনিংসে ভারতীয় ব্যাটারদের মধ্যে একের পর এক গুরুত্বপূর্ণ জুটি তৈরি হয়। প্রথম সাতটি উইকেটের প্রতিটি পার্টনারশিপে অন্তত ৫০ রান ওঠে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কোনও দল এমন কীর্তি গড়ল।

ইনিংস ঘোষণার সময় ভারতের লিড দাঁড়ায় ৩৫২ রান। এই ইনিংসের বিস্তার ও প্রভাব আরও ভালোভাবে বোঝা যায় ২০২০ সালে ভারতের শেষ নিউজিল্যান্ড সফরের পরিসংখ্যান দেখলে। সেই দুই টেস্টের সিরিজে চারটি ইনিংস মিলিয়ে ভারত করেছিল মোট ৭২২ রান।

এবার মাত্র একটি ইনিংসেই ভারত সেই সংখ্যার কাছাকাছি পৌঁছে গেল। এক নজরে ওয়েলিংটনে কোন কোন রেকর্ড ভাঙল টিম ইন্ডিয়া।

ভারতের টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ইনিংস হিসেবে ওয়েলিংটনে ৯ উইকেটে ৭২০ রান এখন টেস্ট ক্রিকেটে তাদের তৃতীয় সর্বোচ্চ ইনিংস। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এটি ভারতের সর্বোচ্চ টেস্ট স্কোর। পাশাপাশি, নিউজিল্যান্ডের মাটিতে কোনও দলের করা সর্বোচ্চ টেস্ট ইনিংসের রেকর্ডও এখন ভারতের দখলে।

ভারতের সর্বোচ্চ টেস্ট ইনিংস

১. ৭৫৯/৭ ডিক্লেয়ার – ইংল্যান্ডের বিরুদ্ধে, চেন্নাই, ২০১৬

২. ৭২৬/৯ ডিক্লেয়ার – শ্রীলঙ্কার বিরুদ্ধে, ব্র্যাবোর্ন, ২০০৯

৩. ৭২০/৯ ডিক্লেয়ার – নিউজিল্যান্ডের বিরুদ্ধে, ওয়েলিংটন, ২০২৬

৪. ৭০৭ – শ্রীলঙ্কার বিরুদ্ধে, কলম্বো, ২০১০

৫. ৭০৫/৭ ডিক্লেয়ার – অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, সিডনি, ২০০৪

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ টেস্ট ইনিংস হিসেবে ৭২০/৯ ডিক্লেয়ার – ভারত, ওয়েলিংটন, ২০২৬।

৬৬০/৫ ডিক্লেয়ার – ওয়েস্ট ইন্ডিজ, ওয়েলিংটন, ১৯৯৫।

নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ টেস্ট ইনিংস হিসেবে ৭২০/৯ ডিক্লেয়ার – ভারত, ওয়েলিংটন, ২০২৬।

৭১৫/৬ ডিক্লেয়ার – নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, হ্যামিল্টন, ২০১৯।

ওয়েলিংটনে ৭২০ রান করার সুবাদে টেস্ট ক্রিকেটে পঞ্চমবার ৭০০ বা তার বেশি রানের ইনিংস খেলল ভারত। এই তালিকায় শ্রীলঙ্কা সবার উপরে রয়েছে, তাদের ৭০০ বা তার বেশি রানের ইনিংসের সংখ্যা সাতটি।

টেস্টে ৭০০ বা তার বেশি রানের ইনিংস

শ্রীলঙ্কা – ৭টি

ভারত – ৫টি

ইংল্যান্ড – ৪টি

অস্ট্রেলিয়া – ৪টি

ওয়েস্ট ইন্ডিজ – ৪টি

পাকিস্তান – ২টি

নিউজিল্যান্ড – ১টি

প্রথম সাত উইকেটেই সাতটি ৫০ রানের পার্টনারশিপ। ভারতের ব্যাটিংয়ের গভীরতা আবারও স্পষ্ট হয়েছে পার্টনারশিপের পরিসংখ্যানে। ইনিংসের প্রথম সাতটি উইকেটের প্রতিটির জন্য অন্তত ৫০ রানের জুটি গড়েছে ভারত। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কোনও দল এমন নজির গড়ল।

টেস্টে একই ইনিংসে সবচেয়ে বেশি ৫০ বা তার বেশি রানের পার্টনারশিপ

- ৮টি – ভারত, প্রথম ইনিংস বনাম ইংল্যান্ড, ওভাল, ২০০৭

- ৭টি – অস্ট্রেলিয়া, দ্বিতীয় ইনিংস বনাম ইংল্যান্ড, সিডনি, ২০২৫-২৬

- ৭টি – ভারত, দ্বিতীয় ইনিংস বনাম নিউজিল্যান্ড, ওয়েলিংটন, ২০২৬

ছক্কার বন্যা ভারতীয় ব্যাটারদের

ওয়েলিংটনে ভারতের ইনিংসে মোট ১৪টি ছক্কা এসেছে। টেস্ট ক্রিকেটে ভারতের অন্যতম সেরা ছক্কা মারার ইনিংসগুলির মধ্যে এটি অন্যতম। এর আগে মাত্র দু'বার একটি টেস্ট ইনিংসে এর চেয়ে বেশি ছক্কা মেরেছে ভারত।

একটি টেস্ট ইনিংসে ভারতের সর্বাধিক ছক্কা

১৮টি – ইংল্যান্ডের বিরুদ্ধে, রাজকোট, ২০২৪

১৫টি – শ্রীলঙ্কার বিরুদ্ধে, ব্র্যাবোর্ন, ২০০৯

১৪টি – দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, বিশাখাপত্তনম, ২০১৯

১৪টি – নিউজিল্যান্ডের বিরুদ্ধে, ওয়েলিংটন, ২০২৬

রাহুল ও পন্তের বিরল কীর্তি

ওয়েলিংটন টেস্টে ব্যক্তিগত রেকর্ডের দিক থেকেও ইতিহাস গড়েছেন কেএল রাহুল এবং ঋষভ পন্ত। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া, এই চারটি দেশে টেস্ট শতরান করে তাঁরা একটি বিশেষ তালিকায় উঠে এসেছেন।

কেএল রাহুল: দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া—এই চার দেশে টেস্ট শতরান করা প্রথম ভারতীয় ওপেনার।

- পাকিস্তানের সাঈদ আনোয়ারের পর দ্বিতীয় এশিয়ার ওপেনার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন।

ঋষভ পন্তও দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া, এই চার দেশে টেস্ট শতরান করা প্রথম এশিয়ার উইকেটকিপার।

এই কৃতিত্ব অর্জন করা বিশ্বের তৃতীয় উইকেটকিপার তিনি। এর আগে অ্যাডাম গিলক্রিস্ট এবং জনি বেয়ারস্টো এই নজির গড়েছেন।

পন্থের টেস্ট শতরানের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। এর ফলে আকর্ষণের কেন্দ্রে থাকা উইকেটকিপারদের টেস্ট শতরানের তালিকায় ইংল্যান্ডের লেস অ্যামসের সঙ্গে তৃতীয় স্থানে তিনি। তাঁর আগে রয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট (১৭) এবং অ্যান্ডি ফ্লাওয়ার (১২)।

টেস্টে পন্তেও ছক্কার সংখ্যা বেড়ে হল ১০৮। ব্রেন্ডন ম্যাককালামের ১০৭টি ছক্কাকে ছাপিয়ে সর্বকালের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি। এই তালিকায় সবার উপরে রয়েছেন বেন স্টোকস (১৩৮)।

জয়ের লক্ষ্যে এবার বোলারদের দিকে তাকিয়ে ভারত। ব্যাট হাতে রেকর্ডের পর রেকর্ড গড়ে ভারত ম্যাচে নিজেদের অবস্থান অনেকটা শক্তিশালী করেছে। তবে বড় জয় নিশ্চিত করতে এখনও বাকি কাজ সারতে হবে বোলারদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিচারপতির বদলে ওয়েইসিকে গার্ড অব অনার, কীভাবে ঘটল এমন বিভ্রান্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০১ পি.এম


বিচারপতির বদলে ওয়েইসিকে গার্ড অব অনার, কীভাবে ঘটল এমন বিভ্রান্তি

ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিকে গার্ড অব অনার দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু সেই পরিবর্তে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসিকে গার্ড অব অনার প্রদান করা হয়। সামাজিকমাধ্যমে ওই গার্ড অফ অনারের ভিডিওটি ভুলবশত ভাইরাল হয়ে যায়।

এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের সহারনপুরের সার্কিট হাউসে। সার্কিট হাউসে সুপ্রিম কোর্টের বিচারপতির আগমন ঘটার কথা ছিল। পুলিশ তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত ছিল। শনিবার বিচারপতির আগেই ওয়েইসি সেখানে পৌঁছান।

ওয়েইসির সাথে বিপুল সংখ্যক নিরাপত্তারক্ষী এবং গাড়ির বহর দেখে পুলিশ কর্মীরা বিভ্রান্ত হয়ে পড়েন। দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীরা ওয়েইসিকেই ভুলবশত বিচারপতি মনে করে গার্ড অফ অনার দিতে শুরু করেন। অত্যন্ত বিনীতভাবে গার্ড অফ অনার গ্রহণ করেন ওয়েইসি। পুরো ঘটনার প্রেক্ষাপটে প্রোটোকল নিয়ে প্রশ্ন উঠছে। জেলা পুলিশের ভূমিকা নিয়েও আলোচনা চলছে।

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ওয়েইসি শনিবার সহারনপুরে পৌঁছান। সেখানে ‘আজাদ সমাজ পার্টি’র প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর আজাদের সাথে বৈঠক ছিল তাদের। আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে তার জোট গঠন করা হয়েছে।

সূত্র: আনন্দবাজার অনলাইন

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলায় নতুন কূপ মিলছে, তবুও দেশজুড়ে গ্যাস সংকট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০১ পি.এম


ভোলায় নতুন কূপ মিলছে, তবুও দেশজুড়ে গ্যাস সংকট

দেশজুড়ে গ্যাস সংকট চলমান থাকলেও, দ্বীপজেলা ভোলায় নতুন নতুন গ্যাসের কূপ আবিষ্কৃত হচ্ছে। কিন্তু, জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত না থাকার কারণে ভোলার মূল্যবান জ্বালানি সম্পদ অলস অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে, সরকারের পরিকল্পনা রয়েছে পাইপলাইনের মাধ্যমে বরিশাল হয়ে খুলনা পর্যন্ত ভোলার গ্যাস সরবরাহের। পেট্রোবাংলা জানিয়েছে, নির্মাণকাজ সম্পন্ন হতে তিন বছর সময় লাগতে পারে। তবে, বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, প্রকল্প বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা যেন বাধা সৃষ্টি না করে।

ভোলা প্রাকৃতিক গ্যাসের একটি বড় আধার হিসেবে পরিচিত। সম্প্রতি এখানে একটি নতুন কূপে সফলতা এসেছে, ফলে ভোলার দশটি কূপে বড় মজুতের অস্তিত্ব নিশ্চিত হয়েছে।

তবে, দেশের গ্যাস সংকটের প্রেক্ষাপটে, ভোলায় বিপুল পরিমাণ গ্যাসের সন্ধান মিললেও, জাতীয় সঞ্চালন গ্রিডের সংযোগ না থাকায় কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছে খুবই সামান্য। নদী দ্বারা বেষ্টিত এ জেলায় আবিষ্কৃত তিনটি গ্যাসক্ষেত্রের মধ্যে শুধুমাত্র শাহবাজপুরে উৎপাদন চলছে। বাকি দুটি ক্ষেত্র অলস পড়ে রয়েছে। ভোলায় বর্তমানে গ্যাস উত্তোলনযোগ্য মজুত প্রায় দেড় টিসিএফ। বিশেষজ্ঞরা দ্বীপজেলায় আরও নতুন গ্যাসের সম্ভাবনা দেখছেন, সেই কারণে সরকারের নতুন কূপ খননের পরিকল্পনা রয়েছে।

তবে, এ মূল্যবান সম্পদ কীভাবে কাজে লাগানো যাবে, সে বিষয়ে সিদ্ধান্ত বারবার পরিবর্তিত হয়েছে। অবশেষে, নদীর তলদেশ দিয়ে পাইপলাইনের মাধ্যমে বরিশাল এবং খুলনা পর্যন্ত ভোলার গ্যাস সরবরাহের পরিকল্পনা নেয়া হয়েছে। পেট্রোবাংলা জানিয়েছে, পাইপলাইন নির্মাণে সময় লাগবে তিন বছর।

পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. শোয়েব জানিয়েছেন, ভোলা থেকে বরিশাল এবং বরিশাল থেকে খুলনা পর্যন্ত পাইপলাইন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। বরিশাল পর্যন্ত ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে এবং জিটিসিএল-এর জন্য টেন্ডার আহ্বান করা হবে। বরিশাল থেকে খুলনা পর্যন্ত ফিজিবিলিটি স্টাডি এখনো চলছে। তিনি আশা প্রকাশ করেছেন যে, তিন বছরের মধ্যে ভোলাকে সংযুক্ত করা সম্ভব হবে।

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. বদরূল ইমাম বলেছেন, অতীত অভিজ্ঞতা একটি বিষয়। যে সময়সীমা নির্ধারণ করা হয়, তা দীর্ঘায়িত হয়ে যায়। ভোলার আশপাশেও গ্যাস রয়েছে। এক্সপোরেশন করা হলে ভোলা অঞ্চলে আরও গ্যাস পাওয়া যাবে বলে তিনি বিশ্বাস করেন। সুতরাং, পাইপলাইন নির্মাণ যথেষ্টভাবে যুক্তিযুক্ত। এটি দ্রুত করতে হবে, যাতে আমরা এখনই সুফল পেতে পারি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক বছরে ৮১ হাজারের বেশি ডিজিটাল জালিয়াতির ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০৩ পি.এম


এক বছরে ৮১ হাজারের বেশি ডিজিটাল জালিয়াতির ঘটনা

সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপন, বিশেষ ছাড় অথবা পুরস্কারের প্রলোভন মানুষের জন্য বিপদ ডেকে আনছে। কখনো ব্যাংকের সফটওয়্যার আপডেটের তথ্য, কখনো অ্যাকাউন্ট হালনাগাদের বার্তা। এসবের সঙ্গে যুক্ত লিংকে ক্লিক করার ফলে গ্রাহকরা বিপদে পড়ছেন। প্রতারকরা ভুয়া ওয়েবসাইটে তথ্য দিয়ে ম্যালওয়্যার ব্যবহার করে স্মার্টফোনের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। এর পর ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে গ্রাহকের অজান্তেই টাকা সরিয়ে নিচ্ছে তারা।

ডিজিটাল লেনদেন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে প্রতারণার কৌশলও পরিবর্তন হচ্ছে। ব্যাংক হিসাবের তথ্য, কার্ড নম্বর কিংবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) পিন চুরির পাশাপাশি এখন দূর থেকে ফোন নিয়ন্ত্রণ করে অর্থ আত্মসাতের ঘটনা ঘটছে। ফলে অনেক গ্রাহক বুঝতে পারছেন না, কীভাবে তাঁদের হিসাব থেকে টাকা চলে যাচ্ছে।

সম্প্রতি ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্ট পাওয়ার প্রলোভন দেখিয়ে সিদ্দিকুর রহমান নামের এক গ্রাহকের ব্যাংক হিসাব থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। ব্যাংকের আদলে তৈরি লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর হিসাবের নিয়ন্ত্রণ নেয় তারা। পরে অন্য ব্যাংকের হিসাবে সরিয়ে নেওয়া হয় অর্থ। ভুক্তভোগী জানান, এ ঘটনায় আইনের আশ্রয় নিয়েও এখনো প্রতিকার পাননি।

ব্যাংকের সফটওয়্যার আপডেটের নামে ফোনের নিয়ন্ত্রণ নিয়ে অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। গত ২ জুন এক ব্যক্তির মোবাইলে আপডেটের বার্তা পাঠানো হয়। লিংকে ক্লিক করার পর ফোনের ডিসপ্লে বন্ধ হয়ে যায়। পরে ফোন সচল হলে তিনি দেখতে পান, তাঁর ব্যাংক হিসাব থেকে বিভিন্ন ব্যাংক ও এমএফএস হিসাবে ৯ লাখ ৮৬ টাকা স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় ৪ জুন পল্টন থানায় মামলা হয়। গত ২ সেপ্টেম্বর রংপুরে অভিযান চালিয়ে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তে বিদেশি চক্রের সংশ্লিষ্টতার তথ্যও পাওয়া যায়।

গত ৮ নভেম্বর ঢাকায় আরেক ভুক্তভোগীর ফোন স্বয়ংক্রিয়ভাবে রিসেট হয়ে যায়। পরে ফোন মেরামত করে তিনি জানতে পারেন, ইসলামী ব্যাংকের হিসাব থেকে ছয়টি এনপিএসবি লেনদেনে দুই লাখ ৯৪ হাজার টাকা এবং পূবালী ব্যাংকের হিসাব থেকে দুই লাখ ৭৯ হাজার টাকা সরিয়ে নেওয়া হয়েছে। সব মিলিয়ে তাঁর পাঁচ লাখ ৭৩ হাজার টাকা খোয়া যায়। এ ঘটনায় তিনি ভাটারা থানায় অভিযোগ করেছেন।

শুধু ব্যাংক হিসাব নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক করেও প্রতারণা চলছে। সম্প্রতি একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে তাঁর পরিচয়ে এক কর্মকর্তার কাছ থেকে ৫৫ হাজার টাকা আদায় করে প্রতারকরা। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে সিআইডি।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস রিপোর্ট ২০২৫-এর তথ্য অনুযায়ী, ওই বছর মোবাইল আর্থিক সেবা, চেক ও কার্ড লেনদেনে ৮১ হাজার ৪২৩টি জালিয়াতির ঘটনা শনাক্ত হয়। এসব ঘটনায় আর্থিক ক্ষতির পরিমাণ ৯২ কোটি ৬০ লাখ টাকার বেশি। এর মধ্যে উদ্ধার করা সম্ভব হয়নি প্রায় ৮২ কোটি ৭২ লাখ টাকা। অর্থাৎ জালিয়াতির মাধ্যমে খোয়া যাওয়া অর্থের ৮৯ দশমিক ৩ শতাংশই উদ্ধার হয়নি। শুধু এমএফএস খাতে ক্ষতির পরিমাণ ৮১ কোটি ৩২ লাখ টাকা; এর মধ্যে ৭৪ কোটি ২৬ লাখ টাকা উদ্ধার করা যায়নি।

সিআইডির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সাইবার অপরাধসংক্রান্ত ১৯১টি মামলা হয়েছে। এসব ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ১০১ জনকে। অনলাইন প্রতারণা, হ্যাকিং, পরিচয় ও তথ্য চুরি এবং ভুয়া লিংকের মাধ্যমে ব্যাংক ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার ঘটনা রয়েছে এসব অপরাধের মধ্যে।

সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, ডিজিটাল মাধ্যমে অর্থ আত্মসাৎ ও অনলাইন প্রতারণার ঘটনা তদন্তে সাইবার মনিটরিং, ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ এবং আর্থিক লেনদেনের তথ্য পর্যালোচনা করা হচ্ছে। আত্মসাৎ করা অর্থের গতিপথ শনাক্ত ও ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ওটিপি, পিন, পাসওয়ার্ড কিংবা ব্যাংক ও এমএফএসের গোপন তথ্য না দেওয়ার পরামর্শও দেন তিনি।

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, প্রতারণায় মূলত চার ধরনের কৌশল ব্যবহৃত হচ্ছে। ফিশিংয়ে ব্যাংক বা পরিচিত প্রতিষ্ঠানের আদলে ভুয়া ওয়েবসাইট তৈরি করে গ্রাহকের তথ্য নেওয়া হয়। স্মিশিংয়ে এসএমএসের মাধ্যমে ভুয়া লিংক পাঠানো হয়। ম্যালওয়্যার বা রিমোট অ্যাকসেস ট্রোজানের মাধ্যমে ফোনের নিয়ন্ত্রণ নিয়ে তথ্য ও অর্থ হাতিয়ে নেওয়া হয়। আর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক করে পরিচিতজনের পরিচয়ে অর্থ দাবি করা হয়।

সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সিআইআরটি) গত ১৩ এপ্রিল ‘এরর৫২৪’ নামের আন্তর্জাতিক স্মিশিং প্রচারণা নিয়ে সতর্ক করে। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের আর্থিক প্রতিষ্ঠান ও সেবা ব্যবহারকারীদের লক্ষ্য করে ভুয়া এসএমএস পাঠিয়ে ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। গত মে মাসে ‘অ্যাসিঙ্কআরএটি’ নামের রিমোট অ্যাকসেস ম্যালওয়্যার প্রচারণা সম্পর্কেও সতর্ক করে সংস্থাটি। এতে বিকাশ, নগদ ও রকেটের আদলে ভুয়া লেনদেন ব্যবস্থার ব্যবহার দেখা যায়।

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা বলেন, শুধু অপরাধী গ্রেপ্তার নয়, আত্মসাৎ করা অর্থের গতিপথ শনাক্ত, সন্দেহজনক লেনদেন দ্রুত স্থগিত এবং অর্থ উদ্ধারে অগ্রাধিকার দিতে হবে। এ জন্য ব্যাংক, এমএফএস, টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি শক্তিশালী কেওয়াইসি যাচাই ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

ডিজিটাল প্রতারণা ঠেকাতে বাংলাদেশ ব্যাংকও বিভিন্ন নির্দেশনা দিয়েছে। গত বছরের ৩০ জুলাই ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও এমএফএস সেবাদাতাদের জন্য ১৭ দফা সাইবার নিরাপত্তা নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে সফটওয়্যার হালনাগাদ, মাল্টিফ্যাক্টর অথেনটিকেশন এবং তথ্য সংরক্ষণ ও পুনরুদ্ধার ব্যবস্থা শক্তিশালী করার কথা বলা হয়। চলতি বছরের ২৯ জুন অনলাইন আর্থিক প্রতারণা প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তি নিয়েও নির্দেশনা দেওয়া হয়। আর ২৭ আগস্ট অনুমোদনহীন ৩১টি ঋণ অ্যাপের বিষয়ে সতর্ক করে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ডিজিটাল প্রতারণা ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারে; তবে প্রতারণার শিকার গ্রাহকের অর্থ উদ্ধারের ক্ষমতা তাদের হাতে নেই। এ ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ।

আন্তর্জাতিক অভিজ্ঞতাতেও প্রতিরোধে সমন্বিত ব্যবস্থার গুরুত্ব উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে অনলাইন অপরাধে ৮ লাখ ৫৯ হাজার ৫৩২টি অভিযোগ জমা পড়ে; আর্থিক ক্ষতি ছাড়ায় ১৬ বিলিয়ন ডলার। ভারতে ডিজিটাল পেমেন্ট জালিয়াতির ঘটনা ২০২১ সালের ২ লাখ ৬০ হাজার থেকে ২০২৫ সালে বেড়ে ২৮ লাখে দাঁড়ায়। দেশটি সন্দেহজনক হিসাব শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে। অন্যদিকে সিঙ্গাপুরে পুলিশ, ব্যাংক ও প্রযুক্তি প্রতিষ্ঠান যৌথভাবে সন্দেহজনক কল-বার্তা শনাক্ত, লেনদেন সীমিত এবং প্রতারণা ঠেকাতে কাজ করছে।

পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, সফটওয়্যার আপডেট, ব্যাংক হিসাব যাচাই, পুরস্কার বা বিশেষ ছাড়ের নামে আসা লিংকের সত্যতা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইট বা হটলাইনে যাচাই করতে হবে। অপরিচিত কারো নির্দেশে রিমোট অ্যাকসেস অ্যাপ ইনস্টল করা কিংবা অপ্রয়োজনীয় অ্যাপ অনুমতি দেওয়া যাবে না। ব্যাংকের পিন, পাসওয়ার্ড, কার্ডের তথ্য ও ওটিপি কখনো কারো সঙ্গে শেয়ার করা উচিত নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%