০৯:০২ পি.এম
বাংলাদেশ টেলিভিশনের ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছে রংপুরের পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়নের চককৃষ্ণ গ্রামের সাঁওতাল কিশোরী স্মৃতি কিসকু। তিনি স্ট্রাইকার হিসেবে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে রংপুর বিভাগকে শিরোপা জিতিয়েছেন।
এখন তার একটাই স্বপ্ন—একদিন বাংলাদেশ দলের জার্সি গায়ে মাঠে নামা।
মাত্র ১৩ বছর বয়সেই জাতীয় পর্যায়ে এই সাফল্য স্মৃতি অর্জন করেছে। তবে এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের একটি গল্প। দুই বছর আগে সে তার বাবাকে হারিয়েছে।
আরও পড়ুন: অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী
এরপর প্রায় দুই মাস নিখোঁজ ছিলেন তার মা। বড় বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে বিদ্যুৎবিহীন, জরাজীর্ণ একটি ঘরে একা থাকতে হয়েছে স্মৃতিকে। অভাব-অনটনের কারণে তাকে অনেক দিন অর্ধাহারে, কখনো কখনো না খেয়েও কাটাতে হয়েছে। তবে কোনো প্রতিকূলতার সম্মুখীন হয়েও সে ফুটবল থেকে দূরে রাখতে পারেনি।
প্রতিদিন অনুশীলনের মাধ্যমে সে তার স্বপ্নকে আঁকড়ে ধরে রেখেছিল। নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার আসরে একের পর এক গোল করে সে সবার নজর কাড়ে। তার অসাধারণ পারফরম্যান্সের সুবাদে রংপুর বিভাগ চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
এই সাফল্যের মধ্যেই স্মৃতির জীবনে এক আনন্দের খবরও এসেছে। গত বৃহস্পতিবার (৩০ জুলাই) দীর্ঘদিন নিখোঁজ থাকার পর মোবাইল ফোনে তার মায়ের সঙ্গে কথা হয়েছে।
বহুদিন পর মায়ের কণ্ঠ শুনে আবেগে স্মৃতি কান্নায় ভেঙে পড়ে।
আরও পড়ুন: বিশ্ববাসী একদিন বাংলাদেশের উদাহরণ দেবে : তারেক রহমান
স্মৃতি কিসকু বলেন, ‘মায়ের সঙ্গে দেখা করতে চাই। মা পাশে থাকলে আমি আরো ভালো খেলতে পারব। আমার স্বপ্ন, একদিন বাংলাদেশের হয়ে খেলব।’
স্মৃতির কোচ মিলন মিয়া জানান, ‘স্মৃতির মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে। সে প্রতিকূলতার মধ্যেও পরিশ্রম এবং নিষ্ঠা দেখিয়েছে, যা খুব কম খেলোয়াড়ের মধ্যে দেখা যায়। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোগিতা পেলে স্মৃতি একদিন জাতীয় দলে খেলবে।’
স্থানীয় বাসিন্দাদের মতে, স্মৃতির মতো প্রতিভাবান খেলোয়াড়ের নিয়মিত প্রশিক্ষণ, পড়াশোনা, পুষ্টিকর খাদ্য এবং নিরাপদ আবাসনের ব্যবস্থা করা হলে সে আন্তর্জাতিক পর্যায়েও দেশের জন্য অসাধারণ সাফল্য বয়ে আনতে সক্ষম হবে।
রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম বলেছেন, ‘স্মৃতি কিসকুর এই অর্জন শুধু পীরগঞ্জ বা রংপুরের নয়, পুরো দেশের গর্ব। তার মতো প্রতিভাবান খেলোয়াড়দের এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’
আরও পড়ুন: শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণায় অর্থায়ন করবে সরকার: মাহদী আমিন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন