ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন


যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন

ইরানের বিরুদ্ধে চলমান হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। এর মাধ্যমে তিনি সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেওয়া নীতির ধারাবাহিকতা বজায় রাখলেন।

বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পুনরায় শুরু হওয়ার পর গত শুক্রবার একটি উচ্চপর্যায়ের বৈঠকে ব্রিটিশ সরকার এ বিষয়ে আলোচনা করে। বৈঠকে ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া এবং ইংল্যান্ডের গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড সামরিক ঘাঁটি আগের মতোই ব্যবহারের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রগুলোর দাবি অনুযায়ী, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর অ্যান্ডি বার্নহ্যামকে এ সিদ্ধান্তের ব্যাপারে অবহিত করা হলে তিনি তাতে সম্মতি জানান। এর ফলে ইরানের ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলার জন্য এবং হরমুজ প্রণালির আশপাশে লক্ষ্যবস্তুতে হামলায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান এসব ঘাঁটি ব্যবহার করতে সক্ষম হবে।

আরও পড়ুন: বোম্বে হাইকোর্ট ইমরান খানের ভারত ছাড়ার নোটিশ স্থগিত করেছে

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সর্বশেষ হামলায় ইরানের সামরিক কমান্ড কেন্দ্র, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা কার্যকর করা হয়েছে।

তবে ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। বামপন্থি দলগুলো এবং লিবারেল ডেমোক্র্যাটদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে যে, ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়ে যুক্তরাজ্য পরোক্ষভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়ছে।

অন্যদিকে প্রধানমন্ত্রী হওয়ার পর সোমবার (২০ জুলাই) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন অ্যান্ডি বার্নহ্যাম। প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্যের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি।

ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যমে ফোনালাপকে ইতিবাচক উল্লেখ করে জানান, উত্তর সাগরের তেল, বাণিজ্য, সামরিক সহযোগিতা এবং হরমুজ প্রণালির নিরাপত্তাসহ নানা বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

আরও পড়ুন: সুদানে স্বর্ণের খোঁজে শ্রমিকেরা জীবন ঝুঁকিতে, খনিতে প্রাণ হারাচ্ছেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে টানা ১১ তম রাতে যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১০:৪৯ এম


ইরানে টানা ১১ তম রাতে যুক্তরাষ্ট্রের হামলা

ঢাকা, ২২ জুলাই, ২০২৬ : যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের সামরিক স্থাপনাগুলোতে টানা ১১তম রাতের মতো হামলা চালানো হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এসব হামলা আরও তীব্র হয়ে উঠেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের প্রতি হুমকি সৃষ্টি করায় ইরানের সামরিক সক্ষমতা আরও দুর্বল করার লক্ষ্যেই এই হামলা চালানো হচ্ছে।

তারা আরও জানায়, মঙ্গলবার গ্রিনিচ মান সময় ২৩০০ টা থেকে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা শুরু হয়।

পরে আরেকটি পোস্টে সেন্টকম জানায়, বুধবার গ্রিনিচ মান সময় ০০১৫ টা পর্যন্ত এ অভিযান চলে। এ সময় ইরানের সামরিক অপারেশন সেন্টার, সামুদ্রিক সামরিক সক্ষমতা, বিমান রাখার হ্যাঙ্গার, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক সরঞ্জাম সরবরাহ-সংক্রান্ত অবকাঠামোতে হামলা চালানো হয়েছে।

সেন্টকম জানায়, গত তিন মাসে ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী ৩০টিরও বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে সেন্টকম বলেছে, ‘উসকানিবিহীন এসব হামলায় শত শত নিরীহ নাবিকের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে এবং আন্তর্জাতিক নৌপথে অবাধে চলাচলের স্বাধীনতা বাধাগ্রস্ত হয়েছে।’

মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসের শুরু থেকে তারা হরমুজ প্রণালী দিয়ে প্রায় ৯০০টি জাহাজের নিরাপদ চলাচলে সহায়তা করেছে। এর মাধ্যমে প্রায় ৪৫ কোটি (৪৫০ মিলিয়ন) ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন সম্ভব হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিক্ষোভের মুখে সেনাপ্রধানকে বরখাস্ত করেছেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১০:৫২ এম


বিক্ষোভের মুখে সেনাপ্রধানকে বরখাস্ত করেছেন জেলেনস্কি

দেশজুড়ে ব্যাপক প্রতিবাদের মুখে ইউক্রেনের সেনাবাহিনীর প্রধান কমান্ডার-ইন-চিফ ওলেক্সান্দর সিরস্কিকে বরখাস্ত করেছেন দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে গত সপ্তাহে বরখাস্ত করা তাঁর সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে সরকারের একটি গুরুত্বপূর্ণ পদের প্রস্তাব দিয়েছেন জেলেনস্কি।

মঙ্গলবার রাতে এক টেলিভিশন ভাষণে জেলেনস্কি জানান, তিনি জনপ্রিয় ও উদ্ভাবনী ধারণাসম্পন্ন জেনারেল মাইখাইলো ড্রাপাতিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ দিচ্ছেন।

জেলেনস্কি জানান, ড্রাপাতি সেনাবাহিনীর কমান্ড কাঠামো পুনর্গঠনের কাজটি তদারকি করবেন।

জেলেনস্কি আরও বলেন, তিনি মাইখাইলো ফেদোরভকে পুনরায় সরকারে ফিরিয়ে আনছেন।

ফেদোরভকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে অপসারণের পর কিয়েভসহ ইউক্রেনের অন্যান্য শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভে ফেটে পড়েছিল। এটি ২০২২ সালে রাশিয়ার আক্রমণের পর থেকে দেশটিতে তৈরি হওয়া অন্যতম বড় রাজনৈতিক সংকট।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট সিরস্কির অবদানের স্বীকৃতি দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। কিয়েভ প্রতিরক্ষা এবং ২০২৪ সালের গ্রীষ্মে রাশিয়ার কুরস্ক প্রদেশে পাল্টা আক্রমণ পরিচালনায় নেতৃত্ব দেয়ার জন্য সিরস্কিকে কৃতিত্ব দেন তিনি। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম রুশ ভূখণ্ডে বিদেশি ট্যাঙ্কের প্রবেশ ঘটিয়েছিল।

‘আমরা দীর্ঘ পথ অতিক্রম করেছি। ইউক্রেনের প্রতিরক্ষা অব্যাহত রয়েছে। আর আমাদের প্রতিটি সৈনিক সম্মানের দাবিদার’ উল্লেখ করে জেলেনস্কি বলেন, তিনি সিরস্কি এবং রণক্ষেত্রের ‘আমাদের প্রতিটি সৈনিকের’ প্রতি কৃতজ্ঞ।

সেনাবাহিনীর নেতৃত্বে জেলেনস্কির এই আমূল রদবদল আন্দোলনকারীদের শান্ত করবে বলে তিনি আশা করছেন। আন্দোলনকারীরা রাস্তায় নেমে সিরস্কির অপসারণ দাবি করছিলেন। বিক্ষোভকারীরা ফেদোরভকে পুনর্বহালের জন্য শুক্রবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল এবং তাদের দাবি উপেক্ষা করা হলে ‘অনির্দিষ্টকালের জন্য আন্দোলন’-এর হুমকি দিয়েছিল।

সূত্র: দ্য গার্ডিয়ান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১, ক্ষতিগ্রস্ত ৫ লাখেরও বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১১:০২ এম


আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১, ক্ষতিগ্রস্ত ৫ লাখেরও বেশি মানুষ

ভারতের আসামে বন্যা পরিস্থিতি এখন আরো সংকটজনক রূপ নিয়েছে। নতুনভাবে রাজ্যটিতে আরও ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টার মধ্যে অন্তত ২১ জন মারা গেছেন।

আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, রাজ্যের ১৬টি জেলায় ৫.৬৪ লাখেরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাশাপাশি, বন্যার কারণে পানিতে ২৪ হাজার ২১০.৩৫ হেক্টর ফসলি জমি ডুবে গেছে। এছাড়া, ৪৪টি রাজস্ব সার্কেলের অধীনে মোট ৮৭২টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্গত এলাকা সমূহে স্থানীয় প্রশাসনের খোলা ২৭৩টি ত্রাণ শিবির ও ত্রাণ বিতরণ কেন্দ্রে বর্তমানে ১.১৪ লাখেরও বেশি মানুষ আশ্রয় গ্রহণ করেছেন।

বন্যাকবলিত অঞ্চলগুলোর উদ্ধার ও ত্রাণ কার্যক্রম যৌথভাবে চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ এবং স্থানীয় প্রশাসন।

গত ১৯ জুলাই জোড়হাট জেলার টিয়ক রাজস্ব সার্কেলের সেলেং চা বাগানের নিকটে সেলেং ঘাট থেকে এনডিআরএফ পাঁচজনকে উদ্ধার করে। উদ্ধারকারীরা পানির নিচে তলিয়ে যাওয়া একটি বাড়ির ছাদ থেকে একটি তরুণী, তীব্র স্রোতে ভেসে যাচ্ছিল এমন একজন এবং বন্যার পানিতে আটকে থাকা তিন নারীকেও উদ্ধার করেন।

দীর্ঘ সময় ঠাণ্ডা পানিতে আটকে থাকার কারণে তীব্র হাইপোথার্মিয়ায় আক্রান্ত একজন বৃদ্ধাকে উদ্ধার করা হয় এবং ওই বৃদ্ধাকে সংকটজনক অবস্থায় পাওয়া যায়। উদ্ধারকারী দলটি পাঁচজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যায় এবং বিশেষ ভাবে ওই বৃদ্ধাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ত্রাণ কেন্দ্রে পাঠায়।

এদিকে, বন্যা ও ত্রাণ কার্যক্রম খতিয়ে দেখতে, বুধবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলায় সফর করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

সামাজিক মাধ্যম এক্সে মুখ্যমন্ত্রী লিখেছেন, উজান এলাকায় মেঘভাঙা বৃষ্টির কারণে আসামের সাম্প্রতিক বন্যা আমাদের মানুষের ওপর চরম দুর্ভোগ ডেকে এনেছে। ত্রাণ কার্যক্রম পর্যালোচনা করতে আমি চরাইদেও, নাজিরা, শিবসাগর, সোনাড়ি, জোড়হাট এবং টিয়কের বন্যা দুর্গত এলাকা ও ত্রাণ শিবিরগুলো পরিদর্শন করবো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭৪ বছর পর সমুদ্রের তলদেশে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১১:০৮ এম


৭৪ বছর পর সমুদ্রের তলদেশে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের সন্ধান

প্রায় সাড়ে সাত দশক আগে আটলান্টিক মহাসাগরে বিধ্বস্ত হওয়া প্যান অ্যাম এয়ারওয়েজের ‘ক্লিপার এন্ডেভার’ বিমানের পরিত্যক্ত ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। পুয়ের্তো রিকোর উপকূলসংলগ্ন সমুদ্রের প্রায় দুই হাজার ফুট গভীরে এ ধ্বংসাবশেষটি শনাক্ত হয়েছে।

সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, গত ২ জুন আন্ডারওয়াটার ড্রোন ও উচ্চ-রেজ্যুলেশনের সোনার প্রযুক্তির মাধ্যমে এয়ার/সি হেরিটেজ ফাউন্ডেশন এবং ডিপ সি ভিশনের একটি যৌথ অনুসন্ধানকারী দল বিমানটির অবস্থান নিশ্চিত করে। দুর্ঘটনার ৭৪ বছর পরে এই আবিষ্কারটি সম্ভব হলো।

১৯৫২ সালের ১১ এপ্রিল, ডগলাস ডিসি-৪ মডেলের বিমানটি ৬৪ জন যাত্রী ও ৫ জন ক্রু নিয়ে পুয়ের্তো রিকো থেকে নিউইয়র্ক যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। উড্ডয়নের কিছু সময় পর ডান পাশের দুটি ইঞ্জিন বিকল হয়ে পড়ে, পাইলট বাধ্য হয়ে আটলান্টিক মহাসাগরে জরুরি অবতরণের চেষ্টা করেছিলেন।

প্রাথমিক আঘাতে বিমানের সকল সদস্য প্রাণে বেঁচে গেলেও কার্যকর উদ্ধারব্যবস্থার অভাব, ভাষাগত প্রতিবন্ধকতা এবং উড্ডয়নের পূর্বে জরুরি নিরাপত্তা নির্দেশনা সম্পর্কে যাত্রীদের পর্যাপ্ত ধারণার অভাবের কারণে মাত্র তিন মিনিটের মধ্যেই বিমানটি পানির নিচে তলিয়ে যায়। ওই দুর্ঘটনায় ৫২ জনের মৃত্যু হয়েছিল এবং জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল মাত্র ১৭ জনকে।

বিশ্লেষকদের মতে, এই মর্মান্তিক দুর্ঘটনার পরেই বাণিজ্যিক বিমান ভ্রমণে নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়। বর্তমানে বিশ্বজুড়ে উড্ডয়নের আগে যাত্রীদের জন্য লাইফ জ্যাকেটের ব্যবহার, জরুরি নির্গমন পথ এবং লাইফ র‍্যাফট সম্পর্কে যে বাধ্যতামূলক নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়, তার প্রচলন এই দুর্ঘটনার পর থেকেই শুরু হয়।

এখন, এয়ার/সি হেরিটেজ ফাউন্ডেশন পুয়ের্তো রিকো সরকারের সহযোগিতায় ধ্বংসাবশেষের স্থানটি সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে। একই সঙ্গে, দুর্ঘটনায় নিহতদের স্মরণে সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%