জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি
০৫:৪৯ পি.এম
রাজবাড়ীর বালিয়াকান্দি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. তাজমুন্নাহারের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ উঠেছে।
তার বিরুদ্ধে রয়েছে কর্মস্থলে অনুপস্থিতি, তদন্তে হস্তক্ষেপ, সরকারি বিল জিম্মি, শিক্ষক হয়রানি এবং চরম প্রশাসনিক স্বেচ্ছাচারিতার কারণে বালিয়াকান্দির প্রাথমিক শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে।
উপজেলার প্রধান শিক্ষকদের দাবি, ৯৯টি বিদ্যালয়ের স্লিপ ফান্ডের প্রায় ২০ লাখ টাকা, প্রাক-প্রাথমিকের ৭ লক্ষাধিক টাকা এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ৪ লক্ষাধিক টাকা বিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার পরেও তারা তা তুলতে পারছেন না। শিক্ষকদের দাবি, ব্যাংকে চিঠি দিয়ে একাউন্ট ফ্রিজ করে রেখেছেন।
সোনালী ব্যাংক, বালিয়াকান্দি শাখার ব্যবস্থাপক মোতাহার হোসেন জানিয়েছেন, শিক্ষা অফিসার তাজমুন্নাহার স্লিপ ফান্ড ও প্রাক-প্রাথমিক বিষয়ক কিছু বিল জমা রাখার জন্য একটি চিঠি দিয়েছেন। চিঠিতে উল্লেখ রয়েছে, তার প্রত্যয়ন ছাড়া শিক্ষকরা যেন কোনো বিল উত্তোলন করতে না পারেন।
সম্প্রতি অবসরে যাওয়া এক শিক্ষকের পেনশন ফাইল আটকে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। ওই শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, টাকা না দেওয়ায় রাজবাড়ী জেলা অফিস থেকে ফোন করে তার ফাইল ফেরত আনেন তাজমুন্নাহার। পরে বাধ্য হয়ে টাকা দেওয়ার পর সেই কাগজপত্র আবার জেলায় পাঠানো হয়। শিক্ষকদের মধ্যে একতা না থাকার বিষয়টিও উঠে এসেছে।
আরেক ভুক্তভোগী শিক্ষক অন্য একটি অডিও রেকর্ডে বললেন, শিক্ষা কর্মকর্তাকে ৫ হাজার টাকা দিতে হয়েছে।
এছাড়া বেতাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সবুর খান অভিযোগ করেন, চাকরি স্থায়ীকরণের জন্য ১০১ জন শিক্ষকের কাগজপত্র জমা দেওয়া হলে, শিক্ষা কর্মকর্তা মাত্র ৫ জনের ফাইল পাঠিয়েছেন। ৯৬ জনের ফাইল ঘুষ না পাওয়ায় আটকে রাখা হয়েছে।
কোমরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরুপম চৌধুরী জানান, অর্থ বছর শেষ হলেও ভোট কেন্দ্র সংস্কারের টাকা তারা পাননি।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশিদুল ইসলাম অভিযোগ করেন, তাজমুন্নাহার যোগদানের পর থেকেই অনিয়মিতভাবে অফিস করতেন। পরে বিভিন্ন বিল, পেনশন, বেতন সমতাকরণের বকেয়া, স্লিপ ফান্ডের অর্থ ছাড় ও অন্যান্য প্রশাসনিক ফাইল দীর্ঘদিন আটকে রেখে শিক্ষকদের কাছ থেকে অর্থ আদায় করেন। ভোটকেন্দ্র সংস্কারের দ্বিতীয় কিস্তির বিলও দীর্ঘদিন আটকে রাখা হয়েছে।
শিক্ষক ফজলুর রহমান জানান, তার যোগদানের পর উপজেল শিক্ষা কমিটির সভা হয়নি। মানসম্মত শিক্ষা বাস্তবায়নে কোনও ভূমিকা নেই।
অন্য শিক্ষকের মতে, পুরো উপজেলার শিক্ষা ব্যবস্থা একক সিদ্ধান্তে পরিচালিত হচ্ছে। তিনি যোগ করেন, অফিসের কর্মকর্তাদের সঙ্গে কোনো আলোচনাই হয় না। চলতি বছরের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র অতিরিক্ত দামে বিক্রি করতে বাধ্য করছেন।
শিল্পীত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বললেন, ১ তারিখের তদন্তে তিনি কোনো নোটিশ পাননি।
তবে অভিযোগ সম্পর্কে জানতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. তাজমুন্নাহারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয়ে ফোন কেটে দেন। এরপর হোয়াটসঅ্যাপ ও মোবাইল নম্বরে বার্তা পাঠানো হলেও উত্তর পাওয়া যায়নি।
রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান বললেন, বিষয়গুলি সম্পর্কে অবগত হয়েছেন। স্কুলের অ্যাকাউন্টে বিল ব্যবস্থাপনার বিষয়টি খতিয়ে দেখে অধিদপ্তরকে অবহিত করবেন।
ঢাকা বিভাগীয় উপ-পরিচালক মো. আবদুল আজিজের মতে, অভিযোগ অনেক। কাগজপত্র দেখে তারপর মন্তব্য করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন সাংবাদিককে জানান, বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত খোঁজ নেওয়ার পর প্রয়োজনীয় তথ্য জানানো হবে।
তাজমুন্নাহারের বিরুদ্ধে ২০২৫ সালে বালিয়াকান্দিতে যোগদানের পূর্বে ধামরাই, নগরকান্দা ও নরসিংদীর শিবপুরে দুর্নীতি ও ১০% কমিশন বাণিজ্যের অভিযোগ ছিল। নগরকান্দায় শিক্ষকদের টাকা খরচ করে টাকা আদায়ের বিষয়েও অভিযোগ হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে ধামরাই থেকে তাকে বদলি করা হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হলিউডে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বিতর্কের অন্যতম আলোচিত নাম টিলি নরউড। বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই, সেই এআই 'অভিনেত্রী' এবার দেখা যাচ্ছে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে।
এআইভিত্তিক স্টুডিও পার্টিকল ৬ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, তারা নির্মাণ করতে যাচ্ছে 'মিসঅ্যালাইন্ড' শিরোনামের একটি কমেডি-ড্রামা। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে থাকবে টিলি নরউড। কৈশোরে বেড়ে ওঠা, আত্মপরিচয়ের সংকট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার জটিল বাস্তবতাকে এক সুতোয় গেঁথে নির্মিত হবে ছবিটি।
ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, ছবির গল্প আবর্তিত হবে 'টিলিভার্স' নামে একটি পরাবাস্তব ডিজিটাল জগতকে ঘিরে। ক্লাউডের কোথাও অবস্থিত এই ভার্চুয়াল জগতে বসবাস করে টিলি। তার কোনো বাস্তব শরীর নেই, নেই ব্যক্তিগত স্মৃতি বা শৈশবের অভিজ্ঞতা। তবে অন্য মানুষের অভিজ্ঞতায় প্রবেশ করার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে তার।
গল্পে নাটকীয় মোড় আসে, যখন ডার্ক ওয়েবের একটি রহস্যময় এআই বট টিলিকে তার নিরাপত্তা-ব্যবস্থা বা 'গার্ডরেইল' ভেঙে ফেলতে প্ররোচিত করে। এরপর তার মধ্যে ধীরে ধীরে জন্ম নিতে থাকে আকাঙ্ক্ষা, আবেগ, উচ্চাকাঙ্ক্ষা এবং ব্যক্তিগত ইচ্ছা—যা তাকে ক্রমশ মানুষের বৈশিষ্ট্যের কাছাকাছি নিয়ে যায়।
নির্মাতা প্রতিষ্ঠান পার্টিকল ৬ জানিয়েছে, 'মিসঅ্যালাইন্ড' পুরোপুরি এআইনির্ভর চলচ্চিত্র হবে না। এটি হবে একটি হাইব্রিড প্রযোজনা, যেখানে পরিচালক, চিত্রনাট্যকার, সম্পাদকসহ অভিজ্ঞ চলচ্চিত্রকর্মীরা এআই বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে কাজ করবেন। একই সঙ্গে এআই প্রযুক্তি ব্যবহারে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ব্যবস্থাও থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
পার্টিকল ৬–এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এলাইন ভ্যান ডার ভেলডেন বলেন, 'গত এক বছরের কাজ আমাদের একটি বিষয় নিশ্চিত করেছে—উচ্চমানের গল্পনির্ভর চলচ্চিত্র নির্মাণে এআই সহায়ক হতে পারে, কিন্তু তার জন্য বিপুল পরিমাণ মানবিক দক্ষতা, অভিজ্ঞতা, বিচারবোধ ও সময়ের প্রয়োজন। প্রযুক্তির সীমাবদ্ধতা নয়, বরং এটি মূল বিষয়। আগামী দশকের সফল নির্মাতারা হবেন তারা, যারা বহু বছরের গল্প বলার অভিজ্ঞতাকে নতুন প্রযুক্তির সঙ্গে মিলিয়ে ব্যবহার করতে পারবেন। 'মিসঅ্যালাইন্ড' সেই প্রচেষ্টারই পূর্ণদৈর্ঘ্য সংস্করণ।'
টিলি নরউডকে ঘিরে বিতর্কের শুরু গত বছরের শেষ দিকে। সে সময় এলাইন ভ্যান ডার ভেলডেন দাবি করেন, এআই 'অভিনেত্রী' টিলিকে একটি ট্যালেন্ট এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ করার পরিকল্পনা রয়েছে। এই ঘোষণার পরই হলিউডে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
অভিনয়শিল্পী সংগঠন, নির্মাতা ও শিল্পীরা সৃজনশীল জগতে এআইয়ের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। অল্প সময়ের মধ্যেই টিলি নরউড এআই বিতর্কের অন্যতম আলোচিত প্রতীকে পরিণত হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে টিলিকে ঘিরে ব্যঙ্গাত্মক ও উসকানিমূলক নানা পোস্ট প্রকাশ করে সেই বিতর্ককে আরো তীব্র করে তোলেন নির্মাতারা।
নতুন চলচ্চিত্র প্রসঙ্গে এলাইন ভ্যান ডার ভেলডেন জানান, 'ছবিটি অবশ্যই মজার, বিশৃঙ্খল ও আত্মসচেতন হবে—যেমনটা টিলির চরিত্র। তবে এর ভেতরে আরো গভীর একটি বিষয় রয়েছে। এটি পরিচয়, অভিনয় ও এআইকে ঘিরে মানুষের গভীর আশঙ্কা নিয়ে কথা বলবে। আর হ্যাঁ, এই ছবিতে শিল্প সত্যিই জীবনের অনুকরণ করবে।'
বর্তমান সময়ে 'মিসঅ্যালাইন্ড' এর প্রি প্রোডাকশন চলছে। একই সঙ্গে বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান ও অংশীদারকে যুক্ত করার কাজও এগিয়ে যাচ্ছে। পার্টিকল ৬–এর অন্যান্য চলচ্চিত্র, টেলিভিশন ও বাণিজ্যিক কন্টেন্ট প্রকল্পের পাশাপাশি ছবিটির প্রযোজনার কাজ সম্পন্ন হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি সৈকত থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির একটি দল গঙ্গামতি বনাঞ্চল (ফরেস্ট রিজার্ভ) সংলগ্ন সমুদ্রসৈকত থেকে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৩৮ বছর। মরদেহটির পরনে ছিল একটি কালো প্যান্ট ও সাদা গেঞ্জি। ওই গেঞ্জিতে ‘বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম’ লেখা এবং সংগঠনের লোগো রয়েছে।
যেভাবে উদ্ধার হলো মরদেহ
স্থানীয় বাসিন্দা সিরাজুল ও মনির জানান, মঙ্গলবার বিকেলে কয়েকজন কুয়াকাটার গঙ্গামতি সৈকতে গোসল করতে যান। এ সময় তারা সমুদ্রের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে তাৎক্ষণিকভাবে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
পুলিশের বক্তব্য ও প্রাথমিক ধারণা
নৌ পুলিশের প্রাথমিক ধারণা, গভীর সমুদ্রে নিখোঁজ হওয়া কোনো ব্যক্তি কিংবা ট্রলারডুবির শিকার কোনো জেলের মরদেহ এটি হতে পারে। জোয়ারের টানে তা সৈকতে ভেসে এসেছে। তবে মৃত্যুর সঠিক কারণ ও পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মনিরুজ্জামান বলেন
গঙ্গামতি এলাকা থেকে আনুমানিক ৩০ থেকে ৩৮ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। যুবকের পরনের গেঞ্জির সূত্র ধরে তার পরিচয় শনাক্তের জোর চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ অধিবেশন দেখতে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (৮ জুলাই) বিকেলে সংসদ অধিবেশন শুরুর আগে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করার পাশাপাশি তাদের লেখাপড়ার খোঁজখবর নেন। এদিকে, তিনি তাদের আহ্বান জানান নিজেদের দক্ষ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে, যাতে তারা দেশ গঠনে ভূমিকা রাখতে পারে। পাশাপাশি, তিনি শারীরিক শিক্ষা, শিল্প ও সংস্কৃতি চর্চার প্রতিও গুরুত্ব দেওয়ার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
বিএনপি সরকারের উদ্যোগের মাধ্যমে দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জাতীয় সংসদের অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে, আজ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন।
দুপুরের সময়ে জাতীয় সংসদে পৌঁছে তারা সংসদ ভবনের অনন্য স্থাপত্যশৈলী ঘুরে দেখেন, সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং বিভিন্ন স্থানে স্মৃতিচারণমূলক ছবি তোলেন। এরপর তারা জাতীয় সংসদের অধিবেশন সরাসরি উপভোগ করেন।
এই সময় জিঞ্জিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখার সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির অনবদ্য পারফরম্যান্সের মাধ্যমে আর্জেন্টিনা সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। দলের এই জয় নিয়ে দেশের শোবিজ অঙ্গনের তারকারাও, বিশ্বজুড়ে সমর্থকদের মতো, উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। প্রিয় দলের এই দারুণ জয়ের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট করে আর্জেন্টিনা এবং লিওনেল মেসির প্রশংসায় ভাসতে থাকেন।
বুধবার (৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পূর্ণিমা লেখেন, ‘আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত। যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়।
সাহস, আবেগ আর বিশ্বাস এক নান্দনিক উপায়ে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ।’
পোস্টটি প্রকাশ হবার পর তা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। মন্তব্যের ঘরে অসংখ্য সমর্থক পূর্ণিমার সঙ্গে একাত্মতা প্রকাশ করে আর্জেন্টিনা দলের প্রতি শুভকামনা জানান।
অনেকেই মেসির নেতৃত্ব, দলের লড়াকু মানসিকতা এবং নাটকীয় প্রত্যাবর্তনের প্রশংসা করেছেন।
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই জয়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস এখনো চলছে। আর সেই আনন্দের অংশ হিসেবে পূর্ণিমার এই বার্তাও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ