শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:২৫ এম
‘ডিজিটাল বাংলাদেশ’ এবং ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার উদ্দেশ্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে অনিয়ম ও অর্থ পাচারে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করে কালো তালিকাভুক্ত করার দাবি করেছে বেসিস সংস্কার পরিষদ। একইসাথে, পূর্ববর্তী সরকারের সময়ে সরকারি প্রকল্পের কাজ পাওয়া প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম যাচাই করার আহ্বান জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। তাদের উদ্বেগ, এসব প্রতিষ্ঠানের মাধ্যমে জাতীয় আইসিটি অবকাঠামো, ডেটাবেজ এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হতে পারে।
জাতীয় আইসিটি অবকাঠামো এবং ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষার জন্য ১০ দফা সুপারিশে এসব দাবি উত্থাপন করা হয়। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে এসব সুপারিশ উপস্থাপন করা হয়। লিখিত বক্তব্যে পরিষদের উপদেষ্টা ও বেসিস সহায়ক কমিটির সাবেক কো-চেয়ারম্যান প্রকৌশলী মো. মিজানুর রহমান বক্তব্য রাখেন।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, লাইসেন্স প্রদান, সরকারি প্রকল্প, হাইটেক পার্ক নির্মাণ এবং ব্যান্ডউইথ কেনাকাটাসহ আইসিটি খাতের বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পরেও পূর্ববর্তী সরকারের আমলে কাজ পাওয়া কিছু প্রতিষ্ঠান সরকারি প্রকল্পের কাজ পাচ্ছে। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম যাচাই করে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।
এছাড়া, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ১৪ দল এবং প্রতিবেশী একটি রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান চিহ্নিত করার দাবি জানানো হয়েছে পরিষদের পক্ষ থেকে।
২০২৭ থেকে ২০৩৩ সালের মধ্যে দেশের নাগরিক সেবা ও সরকারি দপ্তরের শতভাগ ডিজিটাল রূপান্তরের প্রস্তাব করেছে বেসিস সংস্কার পরিষদ। এই উদ্দেশ্যে জাতীয় ডিজিটাল রূপান্তর রোডম্যাপ তৈরি করে নির্দিষ্ট সময়সীমা ও বাস্তবায়ন পরিকল্পনা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। পরিষদের মতে, এ উদ্যোগের মাধ্যমে আইসিটি খাতে অন্তত ১০ লাখ মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরির সুযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশে প্রায় চার কোটি তরুণের মধ্যে সরকারি হিসাবে ২১ লাখ বেকার রয়েছে। প্রতিবছর বিশ্ববিদ্যালয় থেকে প্রায় সাড়ে সাত লাখ স্নাতক বের হচ্ছেন। এই বিপুলসংখ্যক তরুণের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে আইসিটি খাতকে কাজে লাগানো অত্যন্ত জরুরি।
সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সহিংসতা, সন্ত্রাস এবং নাশকতার ঘটনাও তুলে ধরা হয়। বক্তাদের অভিযোগ, গত এক মাসে দেশের বিভিন্ন স্থানে এসব ঘটনায় ব্যবসা-বাণিজ্যের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব ঘটনার কারণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করতে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তাঁরা। পাশাপাশি আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া শুরু ও দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়। এসব ঘটনার পেছনে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে প্রতিবেশী একটি রাষ্ট্রের দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের অংশ বলেও অভিযোগ করে পরিষদ।
পরিষদের ১০ দফা সুপারিশে সাম্প্রতিক হত্যাকাণ্ড, বোমা হামলা এবং নাশকতার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি শিল্পাঞ্চল এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। প্রশাসনে জবাবদিহি প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে।
সরকারি প্রকল্পে উন্মুক্ত প্রতিযোগিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা, সাইবার নিরাপত্তা নিরীক্ষা বাধ্যতামূলক করা এবং বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে দেশীয় প্রতিষ্ঠানের অংশগ্রহণ ও প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করার প্রস্তাব রয়েছে সুপারিশে। এছাড়া, আইসিটি খাতে দক্ষ জনবল নিয়োগ, বেসিসের গঠনতন্ত্র সংস্কার এবং সদস্য ও ভোটার তালিকা পরিশুদ্ধ করে দ্রুত অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে পরিষদের উপদেষ্টা রওশান কামাল জেমস, আহ্বায়ক রোকমুনুর জামান রনি, যুগ্ম আহ্বায়ক আবু তাহের এবং সদস্যসচিব নাদিম হৃদয় উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রংপুরে তিন দিন নিখোঁজ থাকার পর পুলিশ সেনা সদস্যের ভাড়া বাসার স্টোররুম থেকে অটোচালক আরিফুল ইসলামের মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। অভিযোগ উঠেছে, টাকা নেওয়া ও ব্ল্যাকমেইল নিয়ে বিরোধের কারণে সেনা সদস্য শাহিন শেখ তাকে হত্যা করেছেন। এ ঘটনায় পুলিশ রাসেল নামে একজনকে গ্রেপ্তার করেছে। পরে সেনা সদস্য শাহিন শেখকেও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি ওয়াদুদ আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অটোচালক আরিফুল ইসলাম আরিফ গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন। তাকে খুঁজতে গিয়ে বুধবার রাতে নগরীর ভগিবালাপাড়া সবুজবাগ এলাকায় সেনা সদস্য শাহিন শেখের ভাড়া বাসায় তার অবস্থানের তথ্য পায় পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে দুর্গন্ধ পাওয়া যায়। একপর্যায়ে বাসার স্টোররুম থেকে আরিফুলের লাশ উদ্ধার করা হয়। লাশের গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
সেনা সদস্য শাহিন শেখ জানান, “আমি অটোচালক আরিফকে হত্যা করতে চাই নাই। সে আমার কাছে টাকা ও ব্ল্যাকমেইল করত বিভিন্ন সময়। সেজন্য তাকে হত্যা করেছি।”
এ ঘটনায় রাসেল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে সেনা সদস্য শাহিন শেখের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর বৃহস্পতিবার রাতে সেনা কর্তৃপক্ষ তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করে।
উল্লেখ্য, গত সোমবার নিহত আরিফুলের বাবা লিঠান মিয়া ছেলের নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেছেন, নারী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে এবং কল্যাণে কাজ করতে হবে।
তিনি বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজ মাঠে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে আক্তারুজ্জামান বাচ্চু এমপি বলেন, ‘গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজ এ অঞ্চলের নারী শিক্ষার অন্যতম প্রাণকেন্দ্র। শিক্ষা একটি জাতিকে উন্নতি ও সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। একটি শিক্ষিত প্রজন্মই পারে দেশ ও জাতির ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ে তুলতে। তাই শিক্ষার কোনো বিকল্প নেই।’
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, ‘তোমাদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও সমানভাবে এগিয়ে যেতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে। তোমরা দেশসেরা হওয়ার স্বপ্ন দেখো এবং ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করো।’
এ সময় কলেজ জাতীয়করণ ও অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘গফরগাঁওয়ে নারী শিক্ষাপ্রতিষ্ঠান গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজ জাতীয়করণের চেষ্টা করব। এই কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও সুযোগ-সুবিধার বিষয়ে সরকারের পক্ষ থেকে আমি নজর রাখব।’
গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল খালেকের সভাপতিত্বে এবং প্রভাষক সাব্বির কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও কলেজ গভর্নিং বডির সভাপতি শামীমা সুলতানা এবং মহিলা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক হাছিনুন নাহার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য সব মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠান প্রধান, সভাপতি এবং পরিচালনা কমিটির সদস্যদের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রকাশ করা হয়।
বিজয় দিবস পালন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস ২০২৬’ রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সব মাদ্রাসায় নির্ধারিত কার্যক্রম বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিজয় দিবস উপলক্ষে ৫টি কর্মসূচি আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে- জাতীয় পতাকা উত্তোলন; সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে, বিজয়মেলা ও প্রতিযোগিতা; ক্রীড়া প্রতিযোগিতা; বিশেষ দোয়া ও মোনাজাত।
নির্দেশনাসমূহ:
জাতীয় পতাকা উত্তোলন: ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা বিধিমালা অনুযায়ী সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা নিজ নিজ মাদ্রাসা ভবনে উত্তোলন করতে হবে।
সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে: ১৬ ডিসেম্বর সকাল ৯টায় নিজ নিজ জেলা ও উপজেলা পর্যায়ে (স্থানীয় প্রশাসন কর্তৃক নির্ধারিত স্টেডিয়াম বা সুবিধাজনক স্থানে) জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
বিজয়মেলা ও প্রতিযোগিতা: জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত তিন দিনব্যাপী বিজয়মেলা এবং সুবিধাজনক সময়ে শিশু-কিশোরদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
ক্রীড়া প্রতিযোগিতা: জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ, টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট, কাবাডি বা হা-ডু-ডু ইত্যাদি ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করতে হবে।
বিশেষ দোয়া ও মোনাজাত: ১৬ ডিসেম্বর সুবিধাজনক সময়ে নিজ নিজ মাদ্রাসায় শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে হবে।
শহীদ বুদ্ধিজীবী দিবস পালন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৪ ডিসেম্বর ‘শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে গৃহীত কর্মসূচির অনুযায়ী মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসাগুলোকে নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
কর্মসূচিগুলো হলো- আগামী ১৪ ডিসেম্বর দিবসটির তাৎপর্য তুলে ধরে নিজ নিজ প্রতিষ্ঠানের সুবিধাজনক সময়ে ‘বিশেষ আলোচনা অনুষ্ঠান’ আয়োজন করতে হবে; আলোচনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে অংশগ্রহণ নিশ্চিত করা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের উদ্দেশ্যে শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপকারভোগীদের মধ্যে সেলাই মেশিন এবং ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বসতঘরের চাবি হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই উপকরণ বিতরণ করা হয়। ২০২৫-২০২৬ অর্থবছরের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় এই আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
অনুষ্ঠানে উপজেলার সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবার থেকে নির্বাচিত ৫৮ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। এছাড়া ৩৯ জন নারী উপকারভোগীর মাঝে সেলাই মেশিন এবং ১২টি পরিবারের মধ্যে নতুন বসতঘরের চাবি হস্তান্তর করা হয়।
প্রধান অতিথি সংসদ সদস্য সরোয়ার আলমগীর তার বক্তব্যে বলেন, "ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের জন্য শিক্ষার সুযোগ বৃদ্ধি করতে সরকারের বিভিন্ন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।" তিনি আরও উল্লেখ করেন যে সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণের বিতরণের মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। ফলে উপকারভোগীরা নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারের আয়েও অবদান রাখতে সক্ষম হবেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈনুল হাসান, উপজেলা কৃষি অফিসার মো. আবু সালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ড. সেলিম রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিব আচার্য প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিরা উপকারভোগীদের হাতে বরাদ্দকৃত সামগ্রী ও ঘরের চাবি তুলে দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ