প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘ডিজিটাল বাংলাদেশ’ এবং ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার উদ্দেশ্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে অনিয়ম ও অর্থ পাচারে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করে কালো তালিকাভুক্ত করার দাবি করেছে বেসিস সংস্কার পরিষদ। একইসাথে, পূর্ববর্তী সরকারের সময়ে সরকারি প্রকল্পের কাজ পাওয়া প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম যাচাই করার আহ্বান জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। তাদের উদ্বেগ, এসব প্রতিষ্ঠানের মাধ্যমে জাতীয় আইসিটি অবকাঠামো, ডেটাবেজ এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হতে পারে।
জাতীয় আইসিটি অবকাঠামো এবং ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষার জন্য ১০ দফা সুপারিশে এসব দাবি উত্থাপন করা হয়। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে এসব সুপারিশ উপস্থাপন করা হয়। লিখিত বক্তব্যে পরিষদের উপদেষ্টা ও বেসিস সহায়ক কমিটির সাবেক কো-চেয়ারম্যান প্রকৌশলী মো. মিজানুর রহমান বক্তব্য রাখেন।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, লাইসেন্স প্রদান, সরকারি প্রকল্প, হাইটেক পার্ক নির্মাণ এবং ব্যান্ডউইথ কেনাকাটাসহ আইসিটি খাতের বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পরেও পূর্ববর্তী সরকারের আমলে কাজ পাওয়া কিছু প্রতিষ্ঠান সরকারি প্রকল্পের কাজ পাচ্ছে। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম যাচাই করে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।
এছাড়া, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ১৪ দল এবং প্রতিবেশী একটি রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান চিহ্নিত করার দাবি জানানো হয়েছে পরিষদের পক্ষ থেকে।
২০২৭ থেকে ২০৩৩ সালের মধ্যে দেশের নাগরিক সেবা ও সরকারি দপ্তরের শতভাগ ডিজিটাল রূপান্তরের প্রস্তাব করেছে বেসিস সংস্কার পরিষদ। এই উদ্দেশ্যে জাতীয় ডিজিটাল রূপান্তর রোডম্যাপ তৈরি করে নির্দিষ্ট সময়সীমা ও বাস্তবায়ন পরিকল্পনা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। পরিষদের মতে, এ উদ্যোগের মাধ্যমে আইসিটি খাতে অন্তত ১০ লাখ মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরির সুযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশে প্রায় চার কোটি তরুণের মধ্যে সরকারি হিসাবে ২১ লাখ বেকার রয়েছে। প্রতিবছর বিশ্ববিদ্যালয় থেকে প্রায় সাড়ে সাত লাখ স্নাতক বের হচ্ছেন। এই বিপুলসংখ্যক তরুণের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে আইসিটি খাতকে কাজে লাগানো অত্যন্ত জরুরি।
সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সহিংসতা, সন্ত্রাস এবং নাশকতার ঘটনাও তুলে ধরা হয়। বক্তাদের অভিযোগ, গত এক মাসে দেশের বিভিন্ন স্থানে এসব ঘটনায় ব্যবসা-বাণিজ্যের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব ঘটনার কারণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করতে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তাঁরা। পাশাপাশি আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া শুরু ও দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়। এসব ঘটনার পেছনে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে প্রতিবেশী একটি রাষ্ট্রের দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের অংশ বলেও অভিযোগ করে পরিষদ।
পরিষদের ১০ দফা সুপারিশে সাম্প্রতিক হত্যাকাণ্ড, বোমা হামলা এবং নাশকতার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি শিল্পাঞ্চল এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। প্রশাসনে জবাবদিহি প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে।
সরকারি প্রকল্পে উন্মুক্ত প্রতিযোগিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা, সাইবার নিরাপত্তা নিরীক্ষা বাধ্যতামূলক করা এবং বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে দেশীয় প্রতিষ্ঠানের অংশগ্রহণ ও প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করার প্রস্তাব রয়েছে সুপারিশে। এছাড়া, আইসিটি খাতে দক্ষ জনবল নিয়োগ, বেসিসের গঠনতন্ত্র সংস্কার এবং সদস্য ও ভোটার তালিকা পরিশুদ্ধ করে দ্রুত অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে পরিষদের উপদেষ্টা রওশান কামাল জেমস, আহ্বায়ক রোকমুনুর জামান রনি, যুগ্ম আহ্বায়ক আবু তাহের এবং সদস্যসচিব নাদিম হৃদয় উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন