ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মিয়ানমারে বিয়ে বাড়িতে বিমান হামলা, ১৭ জন নিহতের দাবি


মিয়ানমারে বিয়ে বাড়িতে বিমান হামলা, ১৭ জন নিহতের দাবি

শনিবার দুপুরের সময় ছিল। শান ও কারেনি অঙ্গরাজ্যের সীমান্তের নিকটবর্তী মো বাই এলাকার একটি গ্রামে তখন বিয়ের আয়োজন চলছিল। নিজেদের ঘরবাড়ি হারানো দুই ব্যক্তির বিয়ের এই অনুষ্ঠানের মাঝেই হঠাৎ আকাশ থেকে বিপদ নেমে আসে। এক প্রত্যক্ষদর্শী আকাশে উড়োজাহাজের শব্দ শুনে মনে মনে ভেবেছিলেন, হয়তো তাদের গ্রামে বোমা পড়বে না। কিন্তু ঘরে প্রবেশ করার পর তিনি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং বাইরে তাকিয়ে দেখেন, বোমা হামলার স্থানে ধোঁয়া উঠছে। মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় ওই বিয়ের স্থানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

হামলার পর ওই প্রত্যক্ষদর্শী আহতদের সাহায্য করতে ছুটে যান। তিনি এএফপিকে জানান, সেখানে গিয়ে ১৭টি মরদেহ পড়ে থাকতে দেখেছেন এবং আহতদের সংখ্যা ছিল অনেক। তবে অন্য গ্রামবাসীদের পাঠানো ছবিতে ছয়জনের মরদেহ দেখা গেছে, যার মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে। এএফপি এই ছবিগুলি কিংবা প্রত্যক্ষদর্শীর তোলা ভিডিও যাচাই করতে সক্ষম হয়নি। ভিডিওগুলিতে রক্তাক্ত আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়।

মো বাই এলাকায় ইতোমধ্যে বহু মানুষ বাস্তুচ্যুত হয়ে আশ্রয় নিয়েছেন। শহরটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও এর আশপাশের গ্রামগুলোতে বিরোধী গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করার পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। পর্যবেক্ষণ সংস্থা এসিএলইডির হিসাব অনুযায়ী, এই যুদ্ধে সব পক্ষ মিলিয়ে এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

আরও পড়ুন: এক দিনেই ২৩০ কোটি ডলার বাড়ল এনভিডিয়া প্রধানের পারিবারিক সম্পদ

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাণীনগরে এমপি রেজাউল ইসলামের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


রাণীনগরে এমপি রেজাউল ইসলামের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নওগাঁর রাণীনগরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা সদরে এমপির সাক্ষাৎকক্ষে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

এ সময় সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার বিষয়েও আলোচনা করা হয়, যা এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সভায় উপজেলা বিএনপির সহ-সভাপতি মকলেছুর রহমান বাবু এবং একেএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, যুগ্ম সম্পাদক নয়ন খান লুলু, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন,

রাণীনগর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ, সাবেক সভাপতি এস এম সাইফুল ইসলাম ও ওহেদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক মো. সাহাজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব হোসেন রাব্বী এবং সাধারণ সম্পাদক সুকমল কুমারসহ উপজেলার স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাতিল রায় উপেক্ষা করে বসতবাড়ি ভেঙে উচ্ছেদের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


বাতিল রায় উপেক্ষা করে বসতবাড়ি ভেঙে উচ্ছেদের অভিযোগ

আদালতের রায় ও আইনি প্রক্রিয়া উপেক্ষা করে বসতবাড়ি ভেঙে উচ্ছেদের অভিযোগ উঠেছে। এতে বসতভিটা হারিয়ে দুই ভাইয়ের পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। দীর্ঘদিনের বসতভিটা, গাছপালা ও সংসারের শেষ আশ্রয় হারিয়ে পরিবার দুটির সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। তাদের অভিযোগ, আদালতের রায় বাতিল হওয়ার কপি দেখানোর পরও এবং সময় চেয়েও কোনো প্রতিকার পাননি। বরং প্রশাসনের উপস্থিতিতে বুলডোজার চালিয়ে তাদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর মসজিদপাড়ায় এ ঘটনা ঘটেছে।

শনিবার দুপুরে রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন আহমদ আলী।

লিখিত বক্তব্যে আহমদ আলী জানান, তাদের বসতভিটা নিয়ে ৫/৮৮ নম্বর বাটোয়ারা মামলা দীর্ঘদিন ধরে চলমান ছিল। তাদের দাবি, মামলার মূল বাদী কুলসুমসহ তিনজন এ মামলা করেন। মামলা চলাকালেই তার বাবা বাদীর কাছ থেকে জমি কিনে নেন। এরপর প্রায় ১৫ থেকে ১৬ বছর ধরে ওই জমিতে পাকা বাড়ি নির্মাণ করে তারা বসবাস করে আসছেন। কিন্তু গত মঙ্গলবার তাদের জীবনে নেমে আসে চরম বিপর্যয়।

আহমদ আলীর অভিযোগ, ওই দিন রংপুরের সংশ্লিষ্ট প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা জজ আদালতের নাজির পুলিশ ও বুলডোজার নিয়ে তাদের বাড়ি ভাঙতে উপস্থিত হন। এ সময় তারা জমির মালিকানা-সংক্রান্ত কাগজপত্র এবং যে মামলার ভিত্তিতে বাড়ি ভাঙতে আসা হয়েছে, সেই মামলার রায়ের কপি সংশ্লিষ্টদের দেখান। তাদের দাবি, ৫/৮৮ নম্বর মামলাটি তিন বছর আগে, অর্থাৎ ২৬/০৬/২০২৩ তারিখে ১৯৯/১৫ নম্বর মামলার মাধ্যমে বাতিল ও রদ করা হয়েছে।

আহমদ আলীর ভাষ্য অনুযায়ী, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের জানান, তিনি আদালতের নির্দেশ বাস্তবায়নে এসেছেন এবং এ বিষয়ে নাজিরকে সহযোগিতা করতে এসেছেন। তাই নাজিরের নির্দেশনা ছাড়া বাড়ি ভাঙার কার্যক্রম বন্ধ করার সুযোগ তার নেই। পরে তারা নাজির মো. আখিরুজ্জামানকে আদালতের রায়ের কপি দেখালেও তিনি উচ্ছেদ কার্যক্রম বন্ধ করেননি।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তারা নাজির আখিরুজ্জামানকে অনুরোধ করেছিলেন, তাদের বাড়ি না ভেঙে বাদীপক্ষকে জমির দখল বুঝিয়ে দেওয়া হোক। পাশাপাশি পরদিন আদালতে গিয়ে আগের রায় বাতিলের পরবর্তী রায়টি দেখানোর জন্য সময়ও চান। কিন্তু আদালতের রায় উপেক্ষা করে অন্য একটি বাতিল রায় কার্যকর করতে বুলডোজার চালানোর নির্দেশ দেওয়া হয়। একপর্যায়ে দুই ভাইয়ের পৃথক বাড়ি ভেঙে ফেলা হয়। এতে তাদের প্রত্যেকের আনুমানিক ৫০ লাখ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিনের সংসারের স্মৃতি ও জীবনের সঞ্চয় মুহূর্তেই ধ্বংস হয়ে গেছে। আহমদ আলীর দাবি, তার প্রায় ২০ বছরের প্রবাসজীবনের উপার্জন এবং বড় ভাইয়ের পেনশনের অর্থের বড় অংশ দিয়ে বাড়ি দুটি নির্মাণ করা হয়েছিল। তাঁদের স্বপ্নের সেই ঠিকানা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সংবাদ সম্মেলনে নাজির আখিরুজ্জামানের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ তোলেন আহমদ আলী। তিনি বলেন, নাজিরের ভূমিকা ও নির্দেশনার কারণেই তাদের বাড়িঘর ভাঙার ঘটনা ঘটেছে। এমনকি আদালতের রায়ের কপি দেখানোর পরও তিনি তাঁদের কোনো কথা শোনেননি। এ ঘটনায় তাঁরা শুধু বসতভিটাই হারাননি, বরং তাঁদের সঙ্গে চরম অবিচার করা হয়েছে।

আহমদ আলী আরও জানান, বাড়িঘর ভাঙার পর গত ২৬ নভেম্বর ২০২৬ তারিখে তারা রংপুরের মিঠাপুকুর সিভিল জজ আদালতে একটি দরখাস্ত দাখিল করেন। সেখানে ৫/৮৮ নম্বর মামলাটি ১৯৯/১৫ নম্বর মামলার মাধ্যমে বাতিল হয়েছে বলে উল্লেখ করেন এবং তাদের বেআইনিভাবে উচ্ছেদ করা হয়েছে বলে জানান। তবে এ বিষয়ে কোনো প্রতিকার পাননি তাঁরা।

আদালতের রায় ও ডিক্রির প্রকৃত অবস্থা বিবেচনা না করে কীভাবে এমন উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন আহমদ আলী। একই সঙ্গে উচ্ছেদের বৈধতা এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধান বিচারপতি, আইনমন্ত্রী ও আইন সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার, ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পুনর্বাসন এবং প্রয়োজনীয় প্রতিকারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছারছীনা দরবারে তিন দিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, ধর্মপ্রাণ মুসলমানদের সমাগম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


ছারছীনা দরবারে তিন দিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, ধর্মপ্রাণ মুসলমানদের সমাগম

পিরোজপুরের নেছারাবাদে ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের ১৩৬তম তিন দিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন-২০২৬ শুরু হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বাদ মাগরিব ছারছীনা দরবার শরীফের বিশাল ময়দানে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাত পরিবেশন ও জিকিরের তা’লীমের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মাহফিলের কার্যক্রম শুরু হয় ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব কেবলার জিকিরের তা’লীম পরিচালনার মাধ্যমে।

এ তিন দিনব্যাপী মাহফিলে প্রতিদিন বাদ ফজর ও বাদ মাগরিব পীর ছাহেব কেবলা জিকিরের তা’লীম দেবেন। পাশাপাশি, দেশের বিভিন্ন স্থান থেকে আগত ওলামায়ে কেরাম ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলির ওপর ওয়াজ-নসিহত প্রদান করবেন।

ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন মাহফিলের সফলতা কামনা করে ওলামা-মাশায়েখ, খোলাফা, পীরভাই, মুহিব্বীন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নেতাকর্মীসহ ধর্মপ্রাণ মুসলমানদের মাহফিলের কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

মাহফিলের প্রথম পূর্ণাঙ্গ দিন ২৯ নভেম্বর (রোববার)। আগামী ১ ডিসেম্বর (মঙ্গলবার) বাদ যোহর আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনব্যাপী এ মাহফিলের সমাপ্তি ঘটবে। পীর ছাহেব কেবলা এতে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করবেন।

সরেজমিনে দেখা গেছে, মাহফিলকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওলামায়ে কেরাম, তালিমদাতা, পীরভাই, মুহিব্বীন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নেতাকর্মীসহ ধর্মপ্রাণ মুসলমানদের সমাগম ঘটেছে। দরবার শরীফ ও আশপাশের এলাকায় বিরাজ করছে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ।

এদিকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মাহফিলে যোগ দিতে অনেকে রিজার্ভ লঞ্চ, বাস, ট্রলারসহ বিভিন্ন যানবাহনে ছারছীনার উদ্দেশে রওনা হয়েছেন। দূরদূরান্ত থেকে আগত মেহমানরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে মাহফিলের ময়দানে পৌঁছাতে পারেন, সে জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাইমের বর্ষসেরা ছবিতে এনজোরের ফাউল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


টাইমের বর্ষসেরা ছবিতে এনজোরের ফাউল

ফুটবল মাঠে কিছু মুহূর্ত স্কোরলাইনকে অতিক্রম করে আলাদা ইতিহাসের অংশ হয়ে ওঠে। ২০২৬ সালের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজের ট্যাকলে স্পেনের পাউ কুবারসির শূন্যে ছিটকে পড়ার দৃশ্যও এমন একটি মুহূর্ত। এবার সেই নাটকীয় দৃশ্য যুক্তরাষ্ট্রের সাময়িকী টাইমের ২০২৬ সালের বর্ষসেরা ১০০ ছবির তালিকায় স্থান পেয়েছে।

২৪ নভেম্বর টাইম তালিকাটি প্রকাশ করে। ছবিটি গেটি ইমেজের আলোকচিত্রী আল বেল্লো দ্বারা তোলা হয়েছে। তার ক্যামেরায় ধরা পড়েছে ট্যাকলের পর কুবারসির শরীর বাতাসে উঠে যাওয়ার সেই মুহূর্ত, যখন স্প্যানিশ ডিফেন্ডার মনে হচ্ছে এনজোর মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছেন। ছবির মধ্যে সবুজ ঘাসে দুই খেলোয়াড়ের ছায়া এবং মাঠের মাঝরেখা একটি আলাদা মাত্রা যোগ করেছে।

এই ঘটনা বিশ্বকাপ ফাইনালের অতিরিক্ত সময়ের এক পর্যায়ে ঘটে। এর আগে রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানিয়ে হলুদ কার্ড পেয়েছিলেন এনজো। পরে কুবারসিকে ফাউল করার কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখে আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাঠ ছাড়তে হয়। স্পেন শেষ পর্যন্ত ফাইনালে আর্জেন্টিনাকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

টাইমের তালিকায় ফুটবলের এই বিতর্কিত মুহূর্তের পাশাপাশি যুদ্ধের মধ্যে খেলায় ফেরার আকাঙ্ক্ষার ছবিও স্থান পেয়েছে। ১৪ ফেব্রুয়ারি গাজা সিটিতে আল-আহলি ক্লাবের খেলোয়াড়দের অনুশীলনের দৃশ্য ধারণ করেন অ্যাসোসিয়েটেড প্রেসের আলোকচিত্রী জেহাদ আলশরাফি। ধ্বংসস্তূপের পাশে তৈরি মাঠে ফুটবলারদের প্রস্তুতির সেই ছবিও তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

এনজো-কুবারসির ছবিটি বিশ্বকাপের উত্তেজনা ও সংঘাতের একটি স্মারক হয়ে রইল। আল বেল্লো ক্রীড়াঙ্গনের বড় আসর ও গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি তোলার জন্য পরিচিত। তার তোলা ছবিতে সংঘর্ষের পাশাপাশি সময়ের এক ভগ্নাংশে তৈরি হওয়া অস্বাভাবিক দৃশ্যও প্রতিফলিত হয়েছে। এই কারণেই টাইমের নির্বাচনে ছবিটি বিশেষ গুরুত্ব পেয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%