ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঘিওরে ২২ নভেম্বর তেরশ্রী গণহত্যা দিবস পালন, ৪৩ শহীদের স্মরণ


ঘিওরে ২২ নভেম্বর তেরশ্রী গণহত্যা দিবস পালন, ৪৩ শহীদের স্মরণ

মানিকগঞ্জের ঘিওরে ঐতিহাসিক তেরশ্রী গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়েছে। ১৯৭১ সালের ২২ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দেশীয় সহযোগীদের বর্বরোচিত হামলায় তেরশ্রীসহ আশপাশের চার গ্রামের ৪৩ জন নিরীহ মানুষ শহীদ হন।

রবিবার (২২ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শোক র‌্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

আরও পড়ুন: বিএনপি অঙ্গীকার রক্ষা করলে জাতীয় ঐক্যের বিষয় নিয়ে ভাবা হবে: নাহিদ ইসলাম

জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আলীম খান মনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন, বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, পয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোশাররফ হোসেন মানিক, জেলা কৃষক দলের সহসভাপতি মো. আব্দুল খালেকসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এটি উল্লেখ্য যে, ১৯৭১ সালের ২২ নভেম্বর ভোরে তেরশ্রী বাজারসহ আশপাশের চার গ্রামে হামলা চালিয়ে ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও নির্বিচারে গুলি চালিয়ে ৪৩ জনকে হত্যা করা হয়। শহীদদের মধ্যে ছিলেন জমিদার শ্রী সিদ্ধেশ্বরী প্রসাদ রায় চৌধুরী এবং তেরশ্রী কলেজের তৎকালীন অধ্যক্ষ ও মুক্তিযুদ্ধকালীন সংগঠক আতিয়ার রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুটসাল ৭ টুর্নামেন্ট ২০২৬-এর চ্যাম্পিয়ন রিয়েল মাদ্রিদ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


ফুটসাল ৭ টুর্নামেন্ট ২০২৬-এর চ্যাম্পিয়ন রিয়েল মাদ্রিদ

রাজধানীর কোর্টসাইড ফুটসাল গ্রাউন্ডে আয়োজিত ‘ফুটসাল ৭ টুর্নামেন্ট ২০২৬’-এর শিরোপা জিতে নিয়েছে শক্তিশালী রিয়েল মাদ্রিদ। ৯৭-৯৯ স্পোর্টস কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত টুর্নামেন্টের জমজমাট ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে পেনাল্টি শুটআউটে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।

নির্ধারিত সময়ে দুই দলের কেউই গোল করতে না পারায় ম্যাচটি পেনাল্টি শুটআউটে গড়ায়। সেখানে রিয়েল মাদ্রিদ অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ২-০ গোলে জয় নিশ্চিত করে এবং টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেয়।

ফাইনালে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ রিয়েল মাদ্রিদের কো-ওনার ও গোলরক্ষক সাব্বির ফেরদৌস রাতুলকে ‘ম্যান অব দ্য ফাইনাল’ নির্বাচিত করা হয়। একই সঙ্গে তিনি ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ এবং ‘বেস্ট গোলকিপার’ পুরস্কারও অর্জন করেন।

টুর্নামেন্টের অন্যান্য ব্যক্তিগত পুরস্কারের মধ্যে সর্বোচ্চ গোলদাতার সম্মাননা যৌথভাবে অর্জন করেন আর্সেনাল দলের মাশফিক এবং চেলসি দলের সোহেল জামান। বেস্ট ডিফেন্ডার নির্বাচিত হন ম্যানচেস্টার ইউনাইটেডের অপু এবং বেস্ট মিডফিল্ডারের পুরস্কার পান একই দলের মতিউর।

৯৭-৯৯ স্পোর্টস কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত এবারের ফুটসাল ৭ টুর্নামেন্টে মোট ছয়টি দল—আর্সেনাল, বার্সেলোনা, চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়েল মাদ্রিদ—অংশগ্রহণ করে। দিনব্যাপী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ এবং দর্শকদের উৎসাহ-উদ্দীপনায় পুরো আয়োজনটি হয়ে ওঠে উপভোগ্য।

খেলাধুলার মাধ্যমে এসএসসি-৯৭, এইচএসসি-৯৯ ব্যাচের সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যৌতুকের গাড়ি পছন্দ না হওয়ায় বিয়ে ভেঙে দিল বরপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


যৌতুকের গাড়ি পছন্দ না হওয়ায় বিয়ে ভেঙে দিল বরপক্ষ

বরপক্ষের পক্ষ থেকে যৌতুকের গাড়ি পছন্দ না হওয়ায় বিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এই ঘটনা ঘটে গত শুক্রবার ভারতের হরিয়ানার সোনিপতের মামচাঁদ ভাটিকায়। অভিযুক্ত বর কুলদীপ, যিনি দিল্লি পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত, হঠাৎ করে শেষ মুহূর্তে বিয়ে ভেঙে যাওয়ায় বিয়েবাড়ির আনন্দময় পরিবেশ বিষাদে পরিণত হয়।

কনের বাবা সুভাষ কুমারের অভিযোগ, কুলদীপের জন্য কনের পরিবার প্রায় সাড়ে ৯ লাখ রুপি মূল্যের একটি হুন্দাই অরা গাড়ি বুকিং দিয়েছিল। কিন্তু বর কুলদীপ সেটির পরিবর্তে প্রায় ১৩ লাখ রুপি মূল্যের মারুতি ব্রেজা গাড়ির জন্য জেদ ধরেন। কনের পরিবার নতুন গাড়ি বুক করার চেষ্টা করেছিল, তবে শেষ মুহূর্তে তা সম্ভব হয়নি। এ ঘটনার পর বর ও তার পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে কনের পরিবার পুলিশের দ্বারস্থ হয়েছে।

সুভাষের দাবি, বিয়ের আয়োজন করতে তিনি ২৫ থেকে ৩০ লাখ রুপি খরচ করেছেন। এছাড়া, মেয়ের বিয়ে ভেঙে যাওয়ার কারণে সামাজিকভাবে তারা অপদস্থ হয়েছেন। অভিযোগ অনুযায়ী, প্রায় ছয় মাস আগে সুভাষ তার মেয়ে হিনার সঙ্গে কুলদীপের বিয়ে ঠিক করেছিলেন এবং ২০ নভেম্বর বিয়ের দিন ধার্য ছিল। কনের বাবার অভিযোগ, বিয়ে পাকা হওয়ার পর থেকেই বর পক্ষ থেকে গাড়ি ও গয়নার দাবি উঠতে শুরু করে।

সুভাষ দাবি করেন, তিনি বর কুলদীপের জন্য ইতিমধ্যে প্রায় সাড়ে ৯ লাখ রুপি মূল্যের হুন্দাই অরা গাড়ি বুক করেছিলেন। তবে বিয়ের ঠিক একদিন আগে মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানতে পারেন যে, কুলদীপ ওই গাড়িতে সন্তুষ্ট নন এবং একটি মারুতি ব্রেজা গাড়ি চান। এরপর কনের পরিবার আগের বুকিং বাতিল করে ব্রেজা গাড়ি জোগাড় করার চেষ্টা শুরু করে। কিন্তু বিয়ে একেবারে দোরগোড়ায় চলে আসায় তারা সময়মতো গাড়িটি ব্যবস্থা করতে পারেননি। কনের বাবার দাবি অনুযায়ী, দাবি করা ব্রেজা গাড়িটির দাম ছিল প্রায় ১৩ লাখ রুপি।

অভিযোগ শুধু গাড়ির মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সুভাষ দাবি করেন, তার পরিবার বরকে দুই ভরি ওজনের সোনার চেইন, বরের মাকে চার ভরি সোনার কানের দুল এবং রুপার নূপুর দেওয়ার জন্যও রাজি হয়েছিল। তিনি আরো অভিযোগ করেন, বরের বড় ভাই এবং ভাবির জন্যও গয়না দাবি করা হয়েছিল, যার প্রেক্ষিতে কনের পরিবার সেসব গয়নার অর্ডারও দিয়ে রেখেছিল।

বিয়ের জন্য আসবাবপত্র এবং অন্যান্য গৃহস্থালি সামগ্রীরও ব্যবস্থা করা হয়েছিল; কনের বাবার দাবি অনুযায়ী কেবল আসবাবপত্র কিনতেই তার প্রায় ১ লাখ ৩২ হাজার রুপি খরচ হয়েছে। বিয়ের দিন কনের পরিবার মামচাঁদ ভাটিকায় প্রায় ১ হাজার ২০০ অতিথির খাবারের ব্যবস্থাসহ জাঁকজমকপূর্ণ আয়োজন করেছিল। কিন্তু বরযাত্রী নিয়ে আসার বদলে কুলদীপ সাধারণ পোশাকে তার মাকে সঙ্গে নিয়ে পরিবারের অল্প কয়েকজন সদস্য নিয়ে বিয়ের আসরে পৌঁছান এবং ব্রেজা গাড়িটি খুঁজতে থাকেন। গাড়িটি দেখতে না পেয়ে দুই পরিবারের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

সুভাষের অভিযোগ, বর কনের পরিবারের সদস্যদের গালিগালাজ করেন এবং হিনার ভাই সাহিলের সঙ্গেও বিবাদে জড়িয়ে পড়েন। তিনি দাবি করেন, আত্মীয়-স্বজন বারবার হাতজোড় করে কুলদীপ ও তার মাকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার অনুরোধ করলেও তারা তা প্রত্যাখ্যান করেন এবং শেষ পর্যন্ত সেখান থেকে চলে যান। কনে বিয়ের সাজে মণ্ডপে বসে বরের জন্য অপেক্ষা করতে থাকেন। কিন্তু বর আর ফিরে আসেননি।

কনের বাবা আরো জানান, বরের পক্ষ থেকে মাত্র ২০-৩০ জন মানুষ বিয়ের আসরে এসেছিলেন। বর চলে যাওয়ার পর কনের পক্ষের অনেক অতিথিও না খেয়েই চলে যান, যা পরিবারটির আর্থিক ক্ষতি এবং সামাজিক অপমান আরো বাড়িয়ে দেয়। তিনি জানান, তাদের পরিবার নিজেদের আর্থিক সামর্থ্য অনুযায়ী বিয়ের সব আয়োজন করেছিল। সুভাষ কুমার জানান, তার মেয়ে হিনা এমএ এবং জেবিটি ডিগ্রিধারী, আর অভিযুক্ত কুলদীপ দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়েছেন।

ঘটনার পর উভয় পক্ষই 'ডায়াল ১১২'-এর মাধ্যমে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে কনের বাবা সুভাষ কুমার সোনিপতের সেক্টর ২৭ থানায় বর কুলদীপ, তার মা, বড় ভাই, ভাবি এবং দুই মধ্যস্থতাকারীর বিরুদ্ধে যৌতুক দাবি, গালিগালাজ এবং বিয়ের আসরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সেক্টর ২৭ থানার স্টেশন হাউস অফিসার সাবিত কুমার জানিয়েছেন, পুলিশ অভিযোগটি গ্রহণ করেছে এবং জিজ্ঞাসাবাদ ও আলোচনার জন্য উভয় পক্ষকে থানায় তলব করেছে। তিনি জানান, উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে; সেই আলোচনার ফলাফল এবং অভিযোগের সত্যতা যাচাইয়ের ওপর ভিত্তি করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া কুলদীপ দিল্লি পুলিশে কর্মরত থাকায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে কিনা, সে বিষয়ে এখনো দিল্লি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পীরগঞ্জে কাঁচা রাস্তায় বৃষ্টিতে কাদার সৃষ্টি, জনদুর্ভোগ চরম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


পীরগঞ্জে কাঁচা রাস্তায় বৃষ্টিতে কাদার সৃষ্টি, জনদুর্ভোগ চরম

রংপুরের পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের গ্রামীণ জনপদে বেহাল সড়কের কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। সামান্য বৃষ্টি হলেই অধিকাংশ কাঁচা রাস্তায় কাদার সৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ছোট-বড় খানাখন্দ তৈরি হয়েছে। এর ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন।

সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করে দেখা গেছে, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গত ৩ দিনের গুড়ি গুড়ি বৃষ্টির কারণে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার অনেক রাস্তার অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। বৃষ্টি হলেই এসব রাস্তা চলাচলের জন্য অনুপযোগী হয়ে যায়। শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে চরম কষ্ট হচ্ছে। অনেকেই কাদা পানি মাড়িয়ে চলাচল করতে গিয়ে পোশাক নষ্ট করছেন। অন্যদিকে, ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন।

উপজেলার কাবিলপুর ইউনিয়নের হলদিবাড়ি গ্রামের ভ্যানচালক ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হলদিবাড়ি থেকে ঘনশ্যামপুর পর্যন্ত রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় কাদা জমে চলাচল করা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে যাত্রী ও মালামাল পরিবহনে ভ্যানচালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

একই ইউনিয়নের বেতকাপা গ্রামের বাসিন্দাদের দুর্ভোগের শেষ নেই। সামান্য বৃষ্টি হলেই গ্রামের মানুষ কাদার কারণে খারপুকুরের পাকা সড়কে উঠতে পারেন না। ভ্যান, মোটরসাইকেল ও বাইসাইকেল চলাচলের সময় চাকা পিছলে পাশের জমিতে পড়ে যাওয়ার ঘটনা ঘটছে। এতে যাতায়াতের পাশাপাশি কৃষিপণ্য পরিবহণেও সমস্যা সৃষ্টি হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, রাস্তাগুলো পাকাকরণের দাবিতে সংশ্লিষ্ট উপজেলা দপ্তরে যোগাযোগ করা হলে অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, এসব রাস্তার প্রয়োজনীয় কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তবে কবে নাগাদ রাস্তার উন্নয়নকাজ শুরু হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

শুধু কাবিলপুর ইউনিয়ন নয়, উপজেলার চৈত্রকেল, ভেন্ডাবাড়ী, গুর্জীপাড়া, কুমেদপুর, মদনখালী, টুকুরিয়া, বড় আলমপুর, রায়পুর, পীরগঞ্জ, শানেরহাট, পাঁচগাছি, মিঠিপুর, রামনাথপুর, চতরা, কাবিলপুরসহ ১৫টি ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ জনপদের মানুষের চিত্র প্রায় একই। দীর্ঘদিন ধরে বেহাল কাঁচা রাস্তার কারণে স্থানীয় বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছেন।

এলাকাবাসীর দাবি, গ্রামীণ যোগাযোগব্যবস্থা সচল রাখতে গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তাগুলো দ্রুত পাকাকরণ ও সংস্কারের উদ্যোগ নিতে হবে। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান বাপ্পি জানিয়েছেন, উপজেলা জনগুরুত্বপূর্ণ রাস্তাগুলোর প্রয়োজনীয় কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে এবং বরাদ্দ পেলেই টেন্ডারে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গা বিএনপিতে ফিরছেন খোশবুর রহমান খোকন, প্রত্যাহার হলো বহিষ্কারাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


আলফাডাঙ্গা বিএনপিতে ফিরছেন খোশবুর রহমান খোকন, প্রত্যাহার হলো বহিষ্কারাদেশ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. খোশবুর রহমান খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে ফরিদপুর জেলা বিএনপি। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ায় স্থানীয় বিএনপির রাজনীতিতে আবারও সক্রিয় হওয়ার সুযোগ তৈরি হয়েছে তাঁর।

শনিবার (২১ নভেম্বর) জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

জেলা বিএনপির ওই পত্রে বলা হয়েছে, খোশবুর রহমান খোকনের আবেদনের পরিপ্রেক্ষিতে ২১ নভেম্বর ২০২৬ থেকে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে দলের প্রাথমিক সদস্য হিসেবে দলীয় আদর্শ ও শৃঙ্খলা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, চলতি বছরের ২৫ জানুয়ারি দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে খোশবুর রহমান খোকনসহ তিন নেতাকে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির সব পদ থেকে বহিষ্কার করেছিল ফরিদপুর জেলা বিএনপি।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পত্রের অনুলিপি ফরিদপুর-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম এবং আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিক্রিয়ায় খোশবুর রহমান খোকন বলেন, দলের এই সিদ্ধান্তে আমি আনন্দিত ও কৃতজ্ঞ। বিএনপি আমার রাজনৈতিক পরিচয় ও ভালোবাসার জায়গা। অতীতের ভুল-ত্রুটি পেছনে ফেলে দলের আদর্শ, নীতি ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থেকে আগামী দিনে দলের জন্য কাজ করতে চাই। দলের ঐক্য ও সাংগঠনিক শক্তি সুসংহত করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভূমিকা রাখব। দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই।

তিনি আরও বলেন, দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকা এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করাই হবে তাঁর আগামী দিনের লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%