ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

মুন্সীগঞ্জে এলজিইডি’র ১৪২টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন চলছে


মুন্সীগঞ্জে এলজিইডি’র ১৪২টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন চলছে

মুন্সীগঞ্জ, ১২ নভেম্বর, ২০২৬ : জেলার প্রত্যন্ত অঞ্চলের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রামীণ অবকাঠামোর চিত্র পরিবর্তিত হচ্ছে। পরিকল্পিত এবং টেকসই উন্নয়নের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের সাশ্রয় হচ্ছে এবং জেলার সামগ্রিক অর্থনীতির উন্নয়ন ঘটছে।

মুন্সীগঞ্জ এলজিইডি সূত্রে জানা গেছে, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য ২০২৬-২০২৭ অর্থবছরে ১৫৭ কোটি ৩৬ লক্ষ টাকার ১৪২টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সেতু ও কালভার্ট নির্মাণ, গ্রামীণ সড়ক নির্মাণ ও সংস্কার, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন এবং হাট বাজারের উন্নয়নসহ জনকল্যাণমূলক অবকাঠামো নির্মাণের মাধ্যমে গ্রামীণ জনগণের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এসেছে।

মুন্সীগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) চলতি ২০২৬-২৭ অর্থবছরে জেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ১৪২টি প্রকল্পের মধ্যে ১৩টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে রয়েছে গ্রামীণ সড়ক মেরামত ও পুনর্বাসন, কালভার্ট মেরামত, ৫১টি সর্বজনীন প্রকল্প, সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে ব্রিজ নির্মাণের ১টি প্রকল্প।

আরও পড়ুন: মাভাবিপ্রবিতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ৩ বহিরাগত আটক

ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ (ডিডিআইআরডব্লিউএসপি) প্রকল্পের আওতায় ৫টি প্রকল্প রয়েছে, ২টি প্রকল্পে গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন এবং ৪টি প্রকল্প রয়েছে ঘূর্ণিঝড় আম্মান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামোর উন্নয়নে। অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পে (আইআরআইডিপি-৩) ৩টি প্রকল্প এবং গ্রামীণ সড়ক পুণর্বাসন প্রকল্পে (ভিআরআরপি) ১টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।

বৃহত্তর ঢাকা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় ১৬টি প্রকল্প এবং প্রোগ্রাম ফর সার্পোটিং রুরাল ব্রিজেস প্রকল্পের আওতায় ৪টি প্রকল্প রয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে জেলার শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্পের (২য় পর্ব) আওতায় ৬টি প্রকল্প রয়েছে, যা বিভিন্ন ইউনিয়নে নতুন ভূমি অফিস নির্মাণের জন্য।

মুন্সীগঞ্জ জেলায় ৭শ’ কোটি টাকার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পে চলতি অর্থবছরে ২৮টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। ২০২৯ সালের জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন হবে। এই প্রকল্পের আওতায় উপজেলা ও ইউনিয়ন সড়ক উন্নয়ন ও পুনর্বাসন, গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক উন্নয়ন, সেতু ও কালভার্ট নির্মাণ এবং পুনঃনির্মাণ, বাজার, ঘাট, কৃষিপণ্য উৎপাদন ও বিপণন কেন্দ্রের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে।

প্রকল্পটির প্রধান লক্ষ্য হলো মুন্সীগঞ্জের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। মুন্সীগঞ্জ শহরের খাল এবং পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ১৫ কোটি টাকা ব্যয়ে ৭ তলা বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে। এর মাধ্যমে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য মানসম্পন্ন আবাসনের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: শ্বশুরবাড়ির স্বজনরা বের করে দিলেন স্বামীহারা নাদিরাকে, দুই সন্তান নিয়ে দিশেহারা

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ বোরহানউদ্দিন মোল্লা বাসস’কে জানান, জেলায় এলজিইডি’র আওতাধীন ২৮৪৪ কিলোমিটার দৈর্ঘ্যের ১৮০৩টি গ্রামীণ সড়ক রয়েছে। এর মধ্যে পাকা অংশের দৈর্ঘ্য ১২১৩ কিলোমিটার, কাঁচা রাস্তা ১৬৩৮ কিলোমিটার, পিচঢালা নমনীয় রাস্তা ১০১০ কিলোমিটার এবং ইট বিছানো রাস্তা রয়েছে ১৫৯ কিলোমিটার।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহের মধ্যে প্রধানত নতুন গ্রামীণ সড়ক নির্মাণ এবং সংস্কার, ব্রিজ কালভার্ট নির্মাণ এবং হাট বাজারের অবকাঠামো উন্নয়ন অন্তর্ভুক্ত। প্রকল্পসমূহের কাজ সম্পন্ন হলে প্রত্যন্ত অঞ্চলের উৎপাদিত কৃষি পণ্য সরাসরি উপজেলা এবং জেলা সদরসহ অন্যান্য স্থানে বাজারজাতকরণ সহজ হবে। এতে পরিবহন খরচ কমবে এবং কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে। চলমান ১৪২টি প্রকল্পের মধ্যে ইতোমধ্যে ১০টি প্রকল্পের কাজ শেষ হয়েছে এবং গড় ভৌত অগ্রগতি শতকরা ৩৯ ভাগ।

তিনি জানান, সকল উন্নয়ন কাজে টেকসই উন্নয়নের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। চলতি অর্থবছরের প্রকল্পসমূহের কাজ সম্পন্ন হলে জেলার প্রান্তিক জনগণের জীবনযাত্রার মান আরও উন্নত হবে। জেলার অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হবে এবং সুষ্ঠু আন্তঃসড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে।

আরও পড়ুন: মোবাইল কোর্ট কার্যক্রমে ভিডিও ধারণ ও মিডিয়া সেল গঠনের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রশিবিরের প্রতি আহ্বান জানালেন ছাত্রদল সভাপতি রাকিব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৪ পি.এম


ছাত্রশিবিরের প্রতি আহ্বান জানালেন ছাত্রদল সভাপতি রাকিব

ছাত্রশিবিরের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বিএনপি সরকারকে সকাল-বিকাল দোষারোপের রাজনীতি পরিহার করার জন্য।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে এ আহ্বান জানান।

ছাত্রদল সভাপতি পোস্টে উল্লেখ করেন, বিদেশি এজেন্সিনির্ভর গুপ্ত রাজনীতি ও বট বাহিনীনির্ভর রাজনীতি পরিহার না করলে ইসলামী ছাত্রশিবির তথা সাদিক কায়েমদের প্রতিনিয়ত এ ধরনের লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি হতে হবে। ১০ নভেম্বর সন্ত্রাসী ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রদলের প্রায় ১৫/২০টি মিছিল ঢাবি ক্যাম্পাস এবং ক্যাম্পাসসংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও লেখেন, সাদিক কায়েমদের ভাগ্য ভালো যে সেদিন তাদের শুধু ১টি মিছিলের মুখোমুখি হতে হয়েছে, যার মাধ্যমে হয়তো নিজেদের গুপ্ত ও বট বাহিনী নির্ভর অপরাজনীতির কুফল স্পষ্ট হয়েছে। নিজ সংগঠনের সাংগঠনিক পর্যালোচনার আহ্বান জানিয়ে তিনি শিবিরের ছাত্রলীগ পুনর্বাসন প্রক্রিয়া থেকে বের হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ক্যাম্পাসে ও রাজপথে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

সর্বশেষে তিনি বলেন, সরকারি দল সবসময় জনগণের জবাবদিহির আওতায় থাকবে এবং বিরোধীদল দায়িত্বশীল ভূমিকা পালন করবে, এটি জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা। এ কারণে শিবির তথা সাদিক কায়েমদের প্রতি আহ্বান থাকবে, সরকারের গঠনমূলক সমালোচনা করুন কিন্তু আওয়ামী-ছাত্রলীগকে পুনর্বাসনের অংশ হিসেবে প্রতিদিন সকাল-বিকাল শুধু বিএনপি সরকারকে দোষারোপের রাজনীতি পরিহার করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোবাইল কোর্ট কার্যক্রমে ভিডিও ধারণ ও মিডিয়া সেল গঠনের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৫ পি.এম


মোবাইল কোর্ট কার্যক্রমে ভিডিও ধারণ ও মিডিয়া সেল গঠনের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬ : মোবাইল কোর্টের কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে অভিযান ও কার্যক্রমের ভিডিও ধারণ, জব্দকৃত মালামাল সংরক্ষণ, আপিল আদালতে সরকারের পক্ষে মামলা পরিচালনার জন্য নির্দিষ্ট আইনজীবী নিয়োগ এবং প্রতিটি জেলায় মিডিয়া সেল গঠনের নির্দেশনা প্রদান করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এছাড়া মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তার জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মচারীকে মোবাইল কোর্ট সহকারী (পেশকার) হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। তাদের এক মাসের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২ নভেম্বর, মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ শাখা থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়।

এতে মোবাইল কোর্টের কার্যকারিতা বৃদ্ধির জন্য গত ৪ অক্টোবর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ছয়টি নির্দেশনা প্রদান করা হয়েছে।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, মোবাইল কোর্টের প্রতিটি অভিযান ও কার্যক্রমের ভিডিও ধারণ করতে হবে। ধারণকৃত ভিডিওগুলো মামলার নম্বর ও তারিখ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জে.এম শাখা এবং সংশ্লিষ্ট দপ্তর-সংস্থায় সংরক্ষণ করতে হবে। এর একটি কপি মিডিয়া সেলের কাছে পাঠাতে হবে। মোবাইল কোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হলে প্রয়োজন অনুযায়ী এসব ভিডিও আপিল আদালতে সাক্ষ্য-প্রমাণ হিসেবে উপস্থাপন করতে হবে।

জব্দকৃত মালামাল সংরক্ষণের জন্য প্রত্যেক জেলা প্রশাসকের কার্যালয় এবং সংশ্লিষ্ট দপ্তর-সংস্থাকে একটি নিরাপদ কক্ষ বা স্থাপনা নির্ধারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এসব মালামাল গ্রহণ, সংরক্ষণ এবং প্রয়োজনে আদালতে উপস্থাপন বা হস্তান্তরের জন্য নির্দিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব দিতে হবে।

জব্দকৃত মালামালের বিস্তারিত তথ্য সংরক্ষণের জন্য নির্ধারিত নমুনা অনুযায়ী রেজিস্টার রাখতে হবে। সংশ্লিষ্ট সহকারী কমিশনার প্রতিটি এন্ট্রিতে স্বাক্ষর করবেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রতি মাসে অন্তত একবার সরেজমিনে মালামাল যাচাই করে রেজিস্টারে প্রতিস্বাক্ষর করবেন। পচনশীল বা দ্রুত বিনষ্টযোগ্য মালামালের ক্ষেত্রে প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে নিষ্পত্তির ব্যবস্থা নিতে হবে।

মোবাইল কোর্ট থেকে উদ্ভূত আপিল মামলায় সরকারপক্ষে মামলা পরিচালনার জন্য জেলা ম্যাজিস্ট্রেটরা পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পিপি ও সহকারী পাবলিক প্রসিকিউটরদের (এপিপি) মধ্য থেকে নির্দিষ্ট আইনজীবীকে দায়িত্ব দেবেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতকে অবহিত করতে হবে। দায়িত্বপ্রাপ্ত আইনজীবীরা মামলার অগ্রগতি এবং প্রয়োজনীয় তথ্য বা নথিপত্রের বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়কে জানাবেন। আপিল মামলার শুনানির জন্য প্রয়োজনীয় নথি, কাগজপত্র এবং প্রয়োজনে ভিডিও সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সরবরাহ করবেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কার্যক্রমের সমন্বয় করবেন।

পরিপত্রে আরও বলা হয়েছে, জেলা ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার প্রধানরা অধীনস্থ কর্মচারীদের মধ্যে থেকে প্রয়োজনীয় সংখ্যক ব্যক্তিকে মোবাইল কোর্ট সহকারী বা পেশকার হিসেবে লিখিতভাবে অতিরিক্ত দায়িত্ব দেবেন।

বিভাগীয় কমিশনারের কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে পরামর্শ করে আগামী এক মাসের মধ্যে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করবে। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মচারীদের তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে হবে।

জনসচেতনতা বাড়াতে প্রত্যেক জেলায় চার সদস্যের একটি মিডিয়া সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মনোনীত একজন অতিরিক্ত জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ সেলের আহ্বায়ক হবেন।

জেলা তথ্য অফিসার বা সহকারী জেলা তথ্য অফিসার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের প্রোগ্রামার বা সহকারী প্রোগ্রামার সদস্য হিসেবে থাকবেন। জে.এম শাখার সিনিয়র বা সহকারী কমিশনার সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।

মিডিয়া সেলের দায়িত্ব সম্পর্কে পরিপত্রে বলা হয়েছে, মোবাইল কোর্টের অভিযান ও কার্যক্রমের ভিডিও, স্থিরচিত্র এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে। প্রয়োজনে এসব উপকরণ সম্পাদনা করে সরকারি ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যমসহ উপযুক্ত অন্যান্য মাধ্যমে প্রচারের ব্যবস্থা নিতে হবে।

এ কাজে জেলার অন্যান্য কর্মকর্তাদের সহায়তা নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী কারিগরি সেবা ক্রয় করা যাবে। এ সংক্রান্ত ব্যয় সরকারি বিধি-বিধান অনুসরণ করে সংশ্লিষ্ট খাত থেকে নির্বাহ করতে হবে।

এছাড়া সংশ্লিষ্ট দপ্তর-সংস্থাগুলো নিজস্ব ব্যবস্থাপনায় মিডিয়া সেল গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, মিডিয়া সেলকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৮ সালের ৩১ অক্টোবর জারি করা নির্দেশনা অনুযায়ীও দায়িত্ব পালন করতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব নাজমা সিদ্দিকা বেগম স্বাক্ষরিত পরিপত্রটি জারির দিন থেকেই কার্যকর হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্মৃতিসৌধে হাসাহাসি, সেনাসদস্যের ধমক খেলেন পিট হেগসেথ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৬ পি.এম


স্মৃতিসৌধে হাসাহাসি, সেনাসদস্যের ধমক খেলেন পিট হেগসেথ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং তার জ্যেষ্ঠ উপদেষ্টাদের উপর ধমক দিয়েছেন এক অজ্ঞাতনামা সেনা, যিনি সমাধিসৌধের দায়িত্বে ছিলেন। ভেটেরানস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের পর স্মৃতিসৌধের সামনে হাসাহাসি ও কথাবার্তায় মেতে ওঠায় ওই সেনাসদস্য তাদের সতর্ক করেন।

এটি বুধবার (১১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থিত আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রে ঘটে। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে।

ভিডিওতে দেখা যায়, হেগসেথ এবং তার সঙ্গে থাকা ব্যক্তিরা স্মৃতিসৌধের সামনে ছবি তোলার পর হাসাহাসি ও কথাবার্তা বলছিলেন। এ সময় টহলরত এক সেনাসদস্য তাদের উদ্দেশে উচ্চস্বরে বলেন, ‘সব দর্শনার্থীকে সব সময় নীরবতা ও সম্মানের পরিবেশ বজায় রাখতে হবে।’

হেগসেথের সঙ্গে ছিলেন তার স্ত্রী জেনিফার, চিফ অব স্টাফ রিকি বুরিয়া, ডেপুটি চিফ অব স্টাফ প্যাট্রিক উইভার এবং জ্যেষ্ঠ উপদেষ্টা ও ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ট্যামি রাডাবাও।

ঘটনার বিষয়ে মন্তব্য করতে গিয়ে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল বলেন, সেনাসদস্য যথাযথভাবে ও সম্মানের সঙ্গে সবাইকে শিষ্টাচার বজায় রাখার কথা স্মরণ করিয়ে দিয়েছেন।

তিনি বলেন, ‘দেশকে নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যরা যে আত্মত্যাগ করেছেন, প্রতিরক্ষামন্ত্রী ও পুরো প্রতিরক্ষা বিভাগ সব সময় সেই আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়েছে এবং ভবিষ্যতেও জানাবে। এই মর্যাদাপূর্ণ দিনটি পালনের সময় একজন সেনাসদস্য যথাযথভাবে সবাইকে শিষ্টাচার বজায় রাখার কথা মনে করিয়ে দিয়েছেন।’

যুক্তরাষ্ট্রের অন্যতম পবিত্র যুদ্ধস্মৃতিসৌধ হিসেবে পরিচিত টম্ব অব দ্য আননোন সোলজার। এটি প্রথম বিশ্বযুদ্ধে নিহত এক অজ্ঞাতনামা মার্কিন সেনার সমাধিকে কেন্দ্র করে নির্মিত। ১৯৪৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর থার্ড ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যরা দিন-রাত, বৃষ্টি কিংবা রোদ—সব পরিস্থিতিতে স্মৃতিসৌধটি পাহারা দিয়ে আসছেন।

ভেটেরানস ডে উপলক্ষে আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও উপস্থিত ছিলেন।

এদিকে সাম্প্রতিক দিনগুলোতে অভিশংসনের উদ্যোগের কারণে হেগসেথ নতুন করে চাপের মুখে ছিলেন। রিপাবলিকান দলের বিদায়ী কংগ্রেস সদস্য থমাস ম্যাসি তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেছিলেন। তবে মঙ্গলবার রাতে এক প্রক্রিয়াগত ভোটে রিপাবলিকানরা সেই উদ্যোগ আটকে দেন। এরপর হেগসেথ এবং তার সমর্থকেরা এটিকে নিজেদের অবস্থানের পক্ষে বিজয় হিসেবে তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৪৮৪ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৭ পি.এম


রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৪৮৪ জন

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টার অভিযানে মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৪৮৪ জনকে আটক করেছে। একই সময়ে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য প্রকাশ করেন।

তিনি জানান, রমনা বিভাগ থেকে ২৯ জন, লালবাগ বিভাগ থেকে ৪৯ জন, ওয়ারী বিভাগ থেকে ৪০ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৯ জন, তেজগাঁও বিভাগ থেকে ৭৬ জন, মিরপুর বিভাগ থেকে ১২৭ জন, গুলশান বিভাগ থেকে ৪৫ জন, উত্তরা বিভাগ থেকে ৫১ জন, এসআরইউ থেকে ৩ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ৫ জনকে আটক করা হয়েছে।

অভিযানের সময় উদ্ধার করা হয়েছে ১টি চায়নিজ কুড়াল, ৪টি ককটেল, ১১টি ককটেলের বিস্ফোরিত অংশ বিশেষ, ২টি ককটেলে নিষ্ক্রিয়কৃত অংশ বিশেষ, ৪ হাজার ২৮২ পিস ইয়াবা, ১০ কেজি ৬২০ গ্রাম গাঁজা, ৪৩টি মোবাইল ফোন এবং একজন ভিকটিম।

আকতার হোসেন আরও জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%