বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
১২:৩৭ পি.এম
রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টার অভিযানে মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৪৮৪ জনকে আটক করেছে। একই সময়ে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য প্রকাশ করেন।
তিনি জানান, রমনা বিভাগ থেকে ২৯ জন, লালবাগ বিভাগ থেকে ৪৯ জন, ওয়ারী বিভাগ থেকে ৪০ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৯ জন, তেজগাঁও বিভাগ থেকে ৭৬ জন, মিরপুর বিভাগ থেকে ১২৭ জন, গুলশান বিভাগ থেকে ৪৫ জন, উত্তরা বিভাগ থেকে ৫১ জন, এসআরইউ থেকে ৩ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ৫ জনকে আটক করা হয়েছে।
অভিযানের সময় উদ্ধার করা হয়েছে ১টি চায়নিজ কুড়াল, ৪টি ককটেল, ১১টি ককটেলের বিস্ফোরিত অংশ বিশেষ, ২টি ককটেলে নিষ্ক্রিয়কৃত অংশ বিশেষ, ৪ হাজার ২৮২ পিস ইয়াবা, ১০ কেজি ৬২০ গ্রাম গাঁজা, ৪৩টি মোবাইল ফোন এবং একজন ভিকটিম।
আকতার হোসেন আরও জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আজ ১২ নভেম্বর ‘ন্যাশনাল চিকেন স্যুপ ফর দ্য সোল ডে’ পালিত হচ্ছে, যা ইতিবাচক চিন্তা, অনুপ্রেরণা ও মানবিক গল্পের মাধ্যমে মানুষের মনে আশার আলো ছড়িয়ে দেওয়ার বার্তা নিয়ে এসেছে। এই দিনটির প্রচলন বিখ্যাত অনুপ্রেরণামূলক বইয়ের সিরিজ Chicken Soup for the Soul-এর নাম অনুসারে। মূল ভাবনা হলো জীবনের নানা অভিজ্ঞতা, প্রতিকূলতা জয়, ভালোবাসা, বন্ধুত্ব ও মানবিকতার গল্পের মাধ্যমে মানুষকে উৎসাহিত করা।
Chicken Soup for the Soul বইয়ের সিরিজটি ১৯৯৩ সালে প্রকাশিত হয়। লেখক জ্যাক ক্যানফিল্ড ও মার্ক ভিক্টর হ্যানসেনের উদ্যোগে শুরু হওয়া এই সিরিজে সাধারণ মানুষের জীবনের সত্য ঘটনা ও অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। প্রথম বইটি প্রকাশের পর থেকেই ব্যাপক সাড়া ফেলে পাঠকদের মধ্যে। পরবর্তী সময়ে শিশু-কিশোর, পরিবার, সম্পর্ক, কর্মজীবনসহ বিভিন্ন বিষয় নিয়ে সিরিজটির আরো অনেক বই প্রকাশিত হয়েছে।
বইগুলোর গল্পে মানুষের জীবনের আনন্দ-বেদনা, সংকট, সাফল্য, ভালোবাসা, বন্ধুত্ব, সহমর্মিতা ও ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা উঠে এসেছে। এসব গল্প পাঠকদের মনে করিয়ে দেয় যে, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আশাবাদী থাকার সুযোগ থাকে। কখনো অন্যের অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষা, কখনো ছোট কোনো মানবিক উদ্যোগ—এগুলো মানুষকে নতুন করে ভাবতে ও এগিয়ে যেতে অনুপ্রাণিত করতে পারে।
দিনটি পালনের উদ্দেশ্য কেবল বই পড়ার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং নিজের জীবনের ইতিবাচক অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া, কাউকে উৎসাহ দেওয়া অথবা কারও কঠিন সময়ে পাশে দাঁড়ানোর মতো কাজের মধ্য দিয়েও দিনটির তাৎপর্য তুলে ধরা যায়। পরিবারের সদস্য, বন্ধু বা পরিচিতজনের সঙ্গে অনুপ্রেরণামূলক গল্প ভাগ করে নেওয়া কিংবা প্রিয় কাউকে একটি বই উপহার দেওয়াও উদ্যাপনের অংশ হতে পারে।
‘চিকেন স্যুপ’ নামটি শুনলে খাবারের কথা মনে হতে পারে, তবে দিনটির সঙ্গে মূলত বইয়ের সম্পর্ক রয়েছে। এখানে চিকেন স্যুপকে আরাম ও স্বস্তির প্রতীক হিসেবে দেখা হয়। যেমন এক বাটি গরম স্যুপ অসুস্থ বা ক্লান্ত মানুষের জন্য স্বস্তিদায়ক হতে পারে, তেমনি ভালোবাসা, সহমর্মিতা ও আশাবাদের গল্পও মানুষের মনে ইতিবাচক অনুভূতি তৈরি করতে সক্ষম।
সব মিলিয়ে, ন্যাশনাল চিকেন স্যুপ ফর দ্য সোল ডে মানুষকে জীবনের ছোট ছোট ভালো মুহূর্তের মূল্য দিতে, অন্যের অভিজ্ঞতা থেকে অনুপ্রেরণা নিতে এবং আশাবাদী মনোভাব ছড়িয়ে দিতে উৎসাহিত করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২৭ বছর বয়সী নাদিরা আক্তারের জীবনে স্বামীর মৃত্যুর পর থেকে সবকিছু যেন পাল্টে গেছে। গত বছর সড়ক দুর্ঘটনায় স্বামী শাহজাহানের মৃত্যুর পর থেকেই পৈতৃক সম্পত্তি ও বসতঘর নিয়ে বিরোধ শুরু হয়। তিনি অভিযোগ করেছেন যে, স্বামীর স্বজনরা বসতঘর দখল, মারধর ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
সম্প্রতি, দুই শিশুসন্তানকে নিয়ে নাদিরাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তারা চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চণ্ডীপাশা এলাকায় এই ঘটনা ঘটেছে। নাদিরা আক্তার অভিযুক্ত সাতজনের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন— আব্দুল আউয়াল (৪০), ফাতেমা আক্তার (২৭), সাহিদা আক্তার (২৯), আম্বিয়া বেগম (৫৯), সুফিয়া খাতুন (৫২), নাজমা আক্তার (৪৮) ও শাহানা আক্তার (৪০)। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, তারা সবাই নাদিরার স্বামীর স্বজন।
পারিবারিক ও অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে নাদিরার বিয়ে হয় শাহজাহানের সঙ্গে। তাদের সংসারে দুই ও পাঁচ বছর বয়সি দুটি সন্তান রয়েছে। সুখে কাটছিল তাদের দিন, কিন্তু ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় স্বামীর আকস্মিক মৃত্যুর পর নাদিরা বিপাকে পড়েন। তার আশ্রয় ও সম্পত্তি নিয়ে টানাপোড়েন শুরু হয়।
নাদিরার অভিযোগ, স্বামীর মৃত্যুর পর থেকেই ননদ, ননাস ও তাদের স্বজনরা শাহজাহানের পৈতৃক সম্পত্তি ও সেমিপাকা বসতঘর দখলের চেষ্টা চালাচ্ছিলেন। বিভিন্ন সময় তাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার চাপও দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায়, গত ৬ নভেম্বর সকালে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার বসতবাড়িতে প্রবেশ করেন এবং সীমানার গাছপালা কেটে ক্ষতিসাধন করেন।
বাধা দিতে গেলে নাদিরাকে মারধর করা হয় এবং জখম অবস্থায় তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়। অভিযুক্তরা ঘরটি দখলে নিয়ে নেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। পরে আহত অবস্থায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন নাদিরা।
স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠকের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা হলেও কোনো সমাধান আসেনি। অবশেষে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।
স্থানীয় প্রতিবেশী রফিকুল ইসলাম বলেন, ‘নাদিরার স্বামীর মৃত্যুর পর থেকেই তাকে বাড়ি থেকে বিতাড়িত করতে শাহজাহানের বোন ও স্বজনরা অত্যাচার চালাচ্ছেন। আমরা অনেক সালিশ-দরবার করেও কোনো সমাধান করতে পারিনি।’
অপরদিকে, অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, তারা কারও ঘর দখল করেননি, বরং নিজেদের ঘরেই অবস্থান করছেন।
ভুক্তভোগী নাদিরা আক্তার বলেন, ‘স্বামীর মৃত্যুর পর থেকেই অভিযুক্তরা আমার স্বামীর সম্পত্তি ও ঘর দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। অবশেষে ঘর দখল করে আমাকে দুই সন্তানসহ বের করে দিয়েছেন। আমি স্বামীর ঘরেই ফিরতে চাই। ছোট দুটি সন্তান নিয়ে এখন কোথায় যাব, কীভাবে বাঁচব বুঝতে পারছি না।’
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জয়পুরহাটে ফেলে দেওয়া হাঁসের পালক বর্তমানে বৈদেশিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ পণ্য হয়ে উঠেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা এই পালক বিভিন্ন প্রক্রিয়ায় বাছাই ও পরিশোধন করে জয়পুরহাট থেকে চীন, ভিয়েতনাম, তাইওয়ান ও ভারতসহ বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে। এসব পালকের মাধ্যমে তৈরি হচ্ছে জ্যাকেট, কম্বল, চাদর, বালিশ এবং ব্যাডমিন্টনের ফেদারের ককসহ অন্যান্য পণ্য। এই উদ্যোগের ফলে দরিদ্র ও অসহায় নারীদের পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থান হয়েছে। জেলা প্রাণিসম্পদ বিভাগ এ বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেছে।
সূত্রে জানা যায়, একসময় হাঁসের মাংস সংগ্রহের পর পালক ফেলে দেওয়া হতো। সেই পরিত্যক্ত পালকই জয়পুরহাটে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ২০১৪ সালে হাঁসের পালক নিয়ে কাজ শুরু করেন শেরপুর জেলার তরুণ উদ্যোক্তা আলতাব হোসেন। প্রথম দিকে সফলতা না পাওয়ার পর ২০১৫ সালে তিনি চীনে চলে যান। সেখানে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে পালক নিয়ে একটি প্রতিষ্ঠানে এক বছর কাজ করেন। ২০২২ সালে তিনি চীন থেকে অত্যাধুনিক মেশিন নিয়ে দেশে ফিরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় তিলকপুর বাজারে কয়েকজনের সহযোগিতায় প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে পালক প্রক্রিয়াজাতকরণ কারখানা প্রতিষ্ঠা করেন, যার নাম দিয়েছেন ‘সারাবাংলা ডাউন প্রোডাক্ট’।
দেশের বিভিন্ন জেলা থেকে প্রতি মাসে ২৫ থেকে ৩০ টন পালক সংগ্রহ করে এখানে নিয়ে আসা হয়। এরপর রোদে শুকিয়ে বাছাই ও অত্যাধুনিক মেশিনে বিভিন্ন প্রক্রিয়ায় প্রস্তুত করে পাঠানো হচ্ছে চীন, ভিয়েতনাম, তাইওয়ান ও ভারতসহ বিভিন্ন দেশে। এসব পালক ব্যবহার করে তৈরি হচ্ছে জ্যাকেট, কম্বল, চাদর, বালিশ, জাহাজের সোফা, ব্যাডমিন্টনের ফেদারের কক এবং শীতের বিভিন্ন পোশাকসহ অন্যান্য পণ্য। এই উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও অসহায় নারীদের পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
নারীশ্রমিক মীম খাতুন বলেন, “পালকগুলো নিয়ে আসার পর রোদে দিই। এরপর বস্তাই করে কারখানায় পাঠাই। এখান থেকে যে টাকা পাই তা দিয়ে সংসার চালানোর পাশাপাশি আমার ছেলে-মেয়ের পড়াশোনার খরচ চালাই।”
সামেনা বেগম জানান, “আমার পরিবারে ৮ জন সদস্য। আমার স্বামী মারা গেছে ৮ বছর আগে। স্বামী মারা যাওয়ার পর পরিবার চালাতে অনেক কষ্ট হতো। পরে এই কারখানা হওয়ার পর এখানে কাজ পাই। প্রতিমাসে ১০ হাজার টাকা বেতন পাই। ওভার টাইম করলে আরও বেশি হয়। এখন আমার পরিবার ভাল চলে।”
কারখানার ম্যানেজার সোহেল রানা বলেন, “সারাদেশ থেকে হাঁসের পালক সংগ্রহ করি। পালকগুলো একটু ভেজার মতো থাকায় এখানে নিয়ে আসার পর প্রথমে রোদে শুকাইতে হয়। এরপর বস্তায় করে নিয়ে এসে মেশিনে দেওয়া হয়। তারপর কয়েকটি প্রক্রিয়া শেষে পালক প্রস্তুত করা হয়। ছোট পালক দিয়ে জ্যাকেট, কম্বল, জাহাজের সোফা, চাদর, বালিশসহ শীতের বিভিন্ন পোশাক তৈরি হয়। আর পাখার পালক দিয়ে কক তৈরি হয়। এগুলো বিদেশে পাঠানো হয়। আমাদের এখানে ১৬ জন শ্রমিক কাজ করে।”
উদ্যোক্তা আলতাব হোসেন বলেন, “২০১৪ সালে ছোট পরিসরে হাঁসের পালক নিয়ে কাজ করি। কিন্তু বিষয়টি ভালভাবে বুঝতে না পেরে আমি লাভবান হতে পারিনি। এরপর আমি স্কলারশিপ নিয়ে চীনে গিয়ে পড়াশোনা শেষ করে পালক নিয়ে একটি প্রতিষ্ঠানে ১ বছর কাজ করি। ছোট থেকেই আমার ইচ্ছা ছিল আমি ব্যবসা করব। এরপর চীন থেকে মেশিন নিয়ে এসে ২০২২ সালে জয়পুরহাটের তিলকপুরে কারখানা শুরু করি। যার এক বছর পর থেকে আমি সফলতা পাচ্ছি। এই পালক চীন, ভিয়েতনাম, তাইওয়ান ও ভারতে পাঠাচ্ছি। যেসব দেশে শীত বেশি সেখানে এর চাহিদা অনেক।”
তিনি আরও বলেন, “আমার এই কারখানা করতে ৪ থেকে ৫ কোটি টাকা খরচ হয়েছে। আমরা যদি এই পালক থেকে দেশেই এসব পণ্য তৈরি করতে পারি, তাহলে বিদেশে রপ্তানি করে আরও টাকা আয় করা সম্ভব হবে। কিন্তু এর পূর্ণাঙ্গ সেটাপ করতে প্রায় ১৫ কোটি টাকা প্রয়োজন। সরকার যদি আমাদের সহযোগিতা করে বা স্বল্প সুদে ঋণ দেয় তাহলে সম্ভব হবে এমন উদ্যোগ নেওয়ার।”
জেলা প্রাণিসম্পদ দপ্তরের ট্রেনিং কর্মকর্তা কল্পনা রানী রায় বলেন, “একসময় যে পালক ফেলে দেওয়া হতো সেই পালক সারাদেশ থেকে সংগ্রহ করে এখানে প্রক্রিয়ার মাধ্যমে বাছাই করে বিদেশে পাঠানো হচ্ছে। ফেলে দেওয়া পালক অনেক সম্ভাবনাময় একটা পণ্য হয়ে উঠেছে। আমরা প্রাণিসম্পদ দপ্তর থেকে ওই কারখানা ভিজিট করেছি। আমরা তাদের বিভিন্ন শর্ত পূরণ করতে বলেছি, তাহলে সরকার থেকে পদকের জন্য নাম পাঠানো হবে। এছাড়া তাদের বিভিন্ন কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি এখানে যদি বিনিয়োগ বাড়ে তাহলে পালক থেকে এখানেই সব পণ্য তৈরি করা সম্ভব হবে। এতে করে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে তেমন বৈদেশিক মুদ্রা আয় হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম কক্সবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণি ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে অংশ নিতে কক্সবাজারে পৌঁছেছেন।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাঁরা কক্সবাজারে আসেন। কক্সবাজার সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার উদ্দেশ্যে এবং তাঁদের উচ্চশিক্ষা, ক্যারিয়ার পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে দিকনির্দেশনা প্রদানের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের জন্য শিক্ষা, নেতৃত্বের বিকাশ, দক্ষতা অর্জন ও ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ