বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
১২:৪০ পি.এম
ইরানের সশস্ত্র বাহিনী সম্ভাব্য ভবিষ্যৎ যুদ্ধে হামলার জন্য সামরিক লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করেছে। দেশটির একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, যেকোনো হুমকির জবাবে পাল্টা হামলার ক্ষেত্রে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা থাকবে না।
ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি বলেন, এই তালিকা হালনাগাদ করা হয়েছে দেশের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নির্দেশনার আলোকে। তিনি উল্লেখ করেন, ‘অবিলম্বে ও কার্যকর প্রতিক্রিয়া, যার ক্ষেত্রে ভৌগোলিক কোনো সীমাবদ্ধতা থাকবে না’—এ ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়েছে। ইরানের বার্তা সংস্থা ইসনা এই তথ্য প্রকাশ করেছে।
হায়দারি আরও জানান, ‘সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করা হয়েছে। এটি সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডারদের কাছে পাঠানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে।’
তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে যদি কোনো সংঘাত সৃষ্টি হয়, তবে ইরানের সামরিক বাহিনীর জবাব হবে শত্রুপক্ষের জন্য ‘সত্যিকার অর্থেই বিপর্যয়কর’।
সূত্র: আলজাজিরা
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন সামরিক বাহিনী থেকে চাকরি ছাড়ার পরেও অনেক সাবেক সেনাসদস্য দীর্ঘ সময় আত্মহত্যার ঝুঁকিতে থাকেন। যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় উঠে এসেছে যে, সাবেক সেনাসদস্যদের মধ্যে আত্মহত্যায় মৃত্যুর অর্ধেক ঘটনা ঘটে সামরিক বাহিনী ছাড়ার ২৩ বছরেরও বেশি সময় পরে।
গবেষকরা ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ও মিনেসোটা অঙ্গরাজ্যের মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে এই চিত্রটি প্রকাশ করেছেন। এতে দেখা গেছে, সাধারণ জনগণের তুলনায় সাবেক সেনাসদস্যদের আত্মহত্যায় মৃত্যুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি।
গবেষকদের অভিমত, সামরিক বাহিনী ছাড়ার প্রথম বছর সাবেক সেনাসদস্যদের মানসিক সহায়তার ওপর বেশি গুরুত্ব দেওয়া হলেও, তাদের পরবর্তী জীবনেও নিয়মিত সহায়তা প্রয়োজন।
যুক্তরাষ্ট্রের প্রবীণ সেনা বিষয়ক বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশটিতে ৬ হাজার ৪০০ জনের বেশি সাবেক সেনাসদস্য আত্মহত্যা করেছেন। এই পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন গড়ে প্রায় ১৮ জনের মৃত্যু ঘটেছে। তাদের মধ্যে ৬২ শতাংশ মৃত্যুর বছর বা তার আগের বছর ওই বিভাগের স্বাস্থ্যসেবা গ্রহণ করেননি।
গবেষকরা বর্তমানে আরও সাতটি অঙ্গরাজ্যে এই গবেষণার সম্প্রসারণ করছেন। তাদের মতে, বিশেষ দিবসগুলোর পাশাপাশি সাবেক সেনাসদস্যদের মানসিক স্বাস্থ্যের প্রতি নজর রাখতে হবে সারা বছর।
সূত্র: এবিসি নিউজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চীনা গবেষকেরা টাক পড়া বা চুল ঝরে যাওয়ার সমস্যার সমাধানে নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন। তারা একটি বিশেষ বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে পরীক্ষাগারে ইঁদুরের প্রায় সব হারানো চুল এক মাসের মধ্যে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। গবেষকদের দাবি, এই প্রযুক্তি চুলের গোড়ায় সরাসরি চিকিৎসার উপাদান পৌঁছে দিতে পারে। তবে মানুষের ক্ষেত্রে এর কার্যকারিতা এখনো প্রমাণিত হয়নি।
বিজ্ঞান সাময়িকী ন্যাচার-এ প্রকাশিত গবেষণাপত্রে নতুন এই প্রযুক্তির বিস্তারিত তুলে ধরা হয়েছে। গবেষকেরা যন্ত্রটির নাম দিয়েছেন ‘ডিট্যাঙ্গল’। যদিও এটি দেখতে সাধারণ চিরুনির মতো, এর দাঁতের মধ্যে বিশেষ ইলেকট্রোড ও চিকিৎসার উপাদান সংরক্ষণের ব্যবস্থা রয়েছে।
গবেষণায় বলা হয়েছে, চুল আঁচড়ানোর সময় যন্ত্রটি ত্বকে বৈদ্যুতিক উদ্দীপনা তৈরি করে। এতে ত্বকের কোষের আবরণ সাময়িকভাবে বেশি ভেদ্য হয়ে ওঠে। ফলে চিকিৎসার জন্য ব্যবহৃত ওষুধ ও জিনগত উপাদান ত্বকের গভীরে থাকা চুলের ফলিকলে পৌঁছাতে পারে। প্রচলিত পদ্ধতির তুলনায় এই প্রযুক্তিতে চিকিৎসার উপাদান প্রায় নয় গুণ বেশি গভীরে পৌঁছানো সম্ভব হয়েছে বলে দাবি গবেষকদের।
বিশেষ করে বংশগত টাক পড়া বা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার চিকিৎসায় প্রযুক্তিটি নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। এ ধরনের টাক পড়ার অন্যতম কারণ ডাইহাইড্রোটেস্টোস্টেরন (ডিএইচটি) নামের হরমোন। এটি চুলের সংবেদনশীল ফলিকলকে ধীরে ধীরে সংকুচিত করে। ফলে চুল পাতলা হয়ে একপর্যায়ে গজানো বন্ধ হয়ে যায়।
ডিট্যাঙ্গল দুটি জিনগত উপাদান ব্যবহার করে এই সমস্যা মোকাবিলায়। এর একটি ডিএনএ প্লাজমিড, যা ভাসকুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর-এ (ভিইজিএফ-এ) নামের প্রোটিন তৈরিতে সহায়তা করে। এই প্রোটিনটি নতুন রক্তনালি তৈরিতে ভূমিকা রাখে। অন্য উপাদানটি স্মল ইন্টারফেরিং আরএনএ (সিআরএনএ), যা ডিএইচটি উৎপাদনে ভূমিকা রাখা ৫-আলফা-রিডাকটেজ-২ এনজাইমের উৎপাদন কমানোর উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে।
গবেষকদের মতে, এই দুই উপাদান এবং বৈদ্যুতিক উদ্দীপনার সম্মিলিত প্রভাবে চুলের ফলিকলের কার্যক্রম উন্নত হওয়ার পাশাপাশি কোষের শক্তি ব্যবহারের প্রক্রিয়াতেও ইতিবাচক পরিবর্তন দেখা গেছে।
প্রযুক্তিটির কার্যকারিতা যাচাইয়ে গবেষকেরা ইঁদুরের শরীরে বংশগত টাক পড়ার মতো অবস্থা তৈরি করে পরীক্ষা চালান। আক্রান্ত স্থানে প্রতি তিন দিন অন্তর ডিট্যাঙ্গল ব্যবহার করা হয়। এক মাসের পর্যবেক্ষণ শেষে টাক পড়া অংশে প্রায় ১০০ শতাংশ পর্যন্ত চুল ফিরে আসে।
অন্যদিকে, তুলনামূলক পরীক্ষায় একদল ইঁদুরকে প্রচলিত মিনোক্সিডিল চিকিৎসা দেওয়া হয়। প্রতিদিন ০.২ মিলিলিটার ওষুধ প্রয়োগের পর তাদের চুল পুনরুদ্ধারের হার ছিল স্বাভাবিক অবস্থার প্রায় ৭০ শতাংশ। অর্থাৎ, পরীক্ষায় ডিট্যাঙ্গল তুলনামূলকভাবে ভালো ফল দেখিয়েছে।
গবেষকদের ধারণা, চুল পড়ার চিকিৎসার পাশাপাশি ত্বকের গভীরে জিনগত উপাদান ও অন্যান্য চিকিৎসা উপকরণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও প্রযুক্তিটি কাজে লাগতে পারে। বিভিন্ন চর্মরোগের চিকিৎসায় এর সম্ভাবনা রয়েছে।
তবে প্রযুক্তিটি নিয়ে আশাবাদের পাশাপাশি সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ, এখন পর্যন্ত এর কার্যকারিতা যাচাই করা হয়েছে শুধু ইঁদুরের ওপর। মানুষের চুলের ফলিকল, হরমোনের প্রতি সংবেদনশীলতা এবং চিকিৎসায় সাড়া দেওয়ার ধরন ভিন্ন হতে পারে। এ ছাড়া দীর্ঘমেয়াদি নিরাপত্তা, ব্যবহারের সঠিক মাত্রা ও চিকিৎসার কার্যকারিতা নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন।
সব মিলিয়ে, টাক পড়ার চিকিৎসায় বৈদ্যুতিক চিরুনি ডিট্যাঙ্গল নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। তবে মানুষের ওপর পরীক্ষা ও প্রয়োজনীয় নিরাপত্তা যাচাই শেষ না হওয়া পর্যন্ত এটিকে টাকের নিশ্চিত সমাধান বলার সুযোগ নেই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যার ভবনটি ৪ একর জমির উপর অবস্থিত। ভবনটির জরাজীর্ণ অবস্থা স্পষ্টভাবে দৃশ্যমান। বাইরের পলেস্তারা খসে পড়ছে, ভেতরে ছাদ থেকে পানি চুঁইয়ে পড়ছে এবং মেঝে সবসময় স্যাঁতসেঁতে থাকে। পিলার ও বিমে ফাটল দেখা যাচ্ছে এবং কোথাও কোথাও মরিচা ধরা লোহার রড বেরিয়ে এসেছে।
এই হাসপাতালটি বঙ্গোপসাগর সংলগ্ন সুন্দরবন এলাকার প্রায় ২ লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা। তবে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ইতোমধ্যে হাসপাতালের অর্ধেকেরও বেশি স্থান পরিত্যক্ত ঘোষণা করেছে। রোগীর চাপ এবং বিকল্প চিকিৎসা কেন্দ্র না থাকায় রোগীরা জীবনের ঝুঁকি নিয়ে সেই ঝুঁকিপূর্ণ ভবনে চিকিৎসা নিচ্ছেন। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে সরেজমিনে হাসপাতাল পরিদর্শন করে একটি হৃদয়বিদারক দৃশ্য দেখা যায়। পুরুষ, মহিলা ও গাইনি- তিনটি ওয়ার্ডের কোথাও শুকনো মেঝে নেই। ছাদের পানি ধরার জন্য বালতি রাখা হয়েছে। রোগীর বেডের পাশে ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে আছে।
গাইনি ওয়ার্ডে ভর্তি ৮৫ বছর বয়সী করিমন বেগম বলেন, "দুই দিন ধরে এখানে ভর্তি আছি। রাতে ঘুমাতে পারি না, ভয় লাগে কখন যেন ছাদ ভেঙে পড়বে।" তার সাথে থাকা নাতি আতঙ্কে রয়েছে।
পাশের বেডে থাকা এক রোগীর স্বজন মন্তব্য করেন, "এটা কি হাসপাতাল না ভূতের বাড়ি? সরকারি হাসপাতাল বলে এসেছি, কিন্তু এখানে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাচ্ছে।"
এক নার্স নাম প্রকাশ না করার শর্তে বলেন, "আমরা প্রতিদিন আতঙ্ক নিয়ে ডিউটি করি। মাথার উপর পানি পড়ছে, দেয়াল থেকে রড বের হয়ে আছে। কখন কি হয় বলা যায় না। আমরা নিজেরাও ঝুঁকিতে আছি।"
হাসপাতাল সূত্রে জানা যায়, ১৯৯৮ সালের ২৩ মে ৪ একর জমির উপর ৩১ শয্যা নিয়ে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যাত্রা শুরু হয়। শুরু থেকেই চিকিৎসক সংকট ছিল। ১৩ জন ডাক্তার থাকার কথা থাকলেও তখন ছিলেন মাত্র ৭ জন।
২০০৬ সালের প্রথম দিকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। কাগজে কলমে শয্যা বাড়লেও সেবার মান বাড়েনি। ৫০ শয্যার হাসপাতালে ৩৮ জন ডাক্তার থাকার কথা থাকলেও বর্তমানে আছেন মাত্র ৯ জন। অর্থাৎ ৭৬% চিকিৎসকের পদ শূন্য। নার্স, টেকনিশিয়ান ও কর্মচারী সংকটও প্রকট।
এই ৯ জন ডাক্তার দিয়েই দৈনিক বহির্বিভাগে ২০০-৩০০ রোগী এবং অন্তঃবিভাগে ১২০ থেকে ১৩০ জন ভর্তি রোগীর চিকিৎসা চলছে। ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুণেরও বেশি রোগী গাদাগাদি করে ভর্তি থাকছেন মেঝেতে, বারান্দায় বা চলাচলের পথে।
মোংলা পোর্ট পৌরসভাসহ উপজেলার প্রায় ২ লাখ মানুষের জন্য এটি একমাত্র সরকারি হাসপাতাল। মোংলা ছাড়াও সুন্দরবন সংলগ্ন রামপাল, মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলার প্রত্যন্ত এলাকা থেকেও রোগীরা এখানে চিকিৎসার জন্য আসেন। বন্দর এলাকা হওয়ায় শ্রমিক, জেলে ও দিনমজুরদের বড় একটি অংশের চিকিৎসা এই হাসপাতালের উপর নির্ভর করে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২০১৬ সাল থেকে ভবনটির অবস্থা খারাপ হতে শুরু করে। লবণাক্ত আবহাওয়া ও রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটি দ্রুত নষ্ট হতে থাকে। তিনটি ওয়ার্ড থেকেই পানি পড়া শুরু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ৮ থেকে ১০ বার স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরসহ সংশ্লিষ্ট সকল দফতরে লিখিতভাবে জানিয়েছে।
সর্বশেষ ২০২৫ সালের ১ জুলাই চিঠি দিয়ে জানালে গোপালগঞ্জ, বাগেরহাট ও বরিশালের সমন্বয়ে গঠিত স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের (এইচইডি) একটি প্রতিনিধি দল সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনের পর তারা হাসপাতালের একটি বড় অংশকে ঝুঁকিপূর্ণ ও ব্যবহারের অনুপযোগী ঘোষণা করেন।
কিন্তু পরিত্যক্ত ঘোষণা করলেই তো সমাধান হয় না। নতুন ভবন না থাকায় এবং রোগীর অত্যাধিক চাপে সেই পরিত্যক্ত ঘোষিত ওয়ার্ডেই বাধ্য হয়ে রোগী ভর্তি ও চিকিৎসা সেবা দিতে হচ্ছে।
বর্তমানে ডাক্তার, নার্স, রোগী, রোগীর স্বজনসহ পথচারীরা সবাই ঝুঁকির মধ্যে রয়েছেন। যে কোনো সময় ছাদের বড় একটি অংশ ধসে পড়ে প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন।
মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. শাহিন বলেন, "আমরা চরম ঝুঁকির মধ্যে সেবা দিয়ে যাচ্ছি। ভবনটি যে কোনো সময় ধসে পড়তে পারে। আমরা বারবার জানিয়েছি। নতুন ভবন নির্মাণ ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। দ্রুত নতুন ভবনের অনুমোদন প্রয়োজন এবং এর প্রতিকারের প্রত্যাশা করছি।"
এলাকাবাসীর দাবি, মোংলা বন্দর, উপজেলা ও পৌর এলাকার গুরুত্ব বিবেচনা করে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করে নতুন, আধুনিক ও ঝুঁকিমুক্ত ভবন নির্মাণ করা হোক। অন্যথায় ২ লাখ মানুষের চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হবে এবং যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ