বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং
০২:১৯ এম
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১৫ জুলাই) বিকেলে পৌরশহরের অদূরে অরণী প্রগ্রেসিভ স্কুল মিলনায়তনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে কণ্ঠ ভোটের মাধ্যমে তিন বছর মেয়াদী নতুন এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে সেঁজুতি বিদ্যানিকেতনের অধ্যক্ষ মুনীরুজ্জামান মুনীর এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী মডেল একাডেমির অধ্যক্ষ সাইয়্যদি কুতুব-কে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি আইডিয়াল স্কুলের শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নব জাগরণ একাডেমির মিজানুর রহমান মিজান, কোষাধ্যক্ষ সময় একাডেমির আব্দুস সালাম, প্রচার সম্পাদক বেগম রৌশন আরা একাডেমির এম. সুরুজ্জামান এবং সদস্য অরণী প্রগ্রেসিভ স্কুলের নাজনীন হক, মেহেরুননেছা কিন্ডারগার্টেন একাডেমির আব্দুল্লাহ আল মামুন ও লাইসিয়াম প্রিপারেটরী স্কুলের রফিজ মিয়া।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইয়্যদি কুতুব জানান, সরকারের সকল বিধি-বিধান মেনে কিন্ডারগার্টেন এসোসিয়েশন উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বজায় রেখে শিক্ষার সার্বিক মানোন্নয়নে নিরলস কাজ করে আসছে। শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক কেন্দ্রিক পাঠদানের পাশাপাশি নৈতিক শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তুলতে প্রতিটি প্রতিষ্ঠানে ইতিবাচত শিক্ষার পরিবেশ তৈরিতে নবগঠিত কমিটি কাজ করেযাবে বলে আশাব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ মুনীরুজ্জামান মুনীর জানান, দেশের যেকোন পরীক্ষার ফলাফল পর্যালোচনা করলে দেখা যায় বেসরকারি বিদ্যাপীঠের শিক্ষার্থীরা অপেক্ষাকৃত ভালো ফলাফল করে আসছে। নালিতাবাড়ী উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তথা কিন্ডারগার্টেন গুলো এর ব্যতিক্রম নয়। এ উপজেলার প্রতিটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা পরীক্ষার ফলাফল ও নৈতিক মানোন্নয়নসহ শিক্ষা বিষয়ক যেকোন অনুষ্ঠানে বরাবরই সেরাদের তালিকায় করে নিয়েছে। আগামী বছর গুলোতেও সেরা অর্জনের ধারাবাহিকতা বজায় রাখতে তারা সবাই বদ্ধপরিকর বলে জানান অধ্যক্ষ মুনীরুজ্জামান মুনীর। এজন্য ছাত্র, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীসহ শুভাকাঙ্খিদের কাছে সার্বিক পরামর্শ ও দোয়া কামনা করেছেন তাঁরা।
উল্লেখ্য, সদ্য বিদায়ী কমিটির নেতৃবৃন্দ আগামী শনিবার (১৮ জুলাই) নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফিফা বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে। এ ম্যাচটি ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা তুঙ্গে উঠে গেছে।
বুধবার দিবাগত রাত ১টায় খেলা শুরু হলেও টিএসসিসহ বিভিন্ন হলের বড় পর্দার সামনে রাত ১০টা থেকেই হাজারো ভক্ত জড়ো হতে শুরু করেন। ক্যাম্পাসে ‘ভামোস আর্জেন্টিনা’ স্লোগান মুখরিত হয়ে উঠেছে।
গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ থেকে শুরু করে নকআউট পর্ব পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মুহসিন হল, ভিসি চত্বর, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল, জসীমউদ্দীন হল ও জগন্নাথ হলে বড় পর্দায় খেলা দেখে মাতেন আর্জেন্টিনা সমর্থকেরা। প্রিয় দলের প্রতিটি জয়ের পর ক্যাম্পাসে উল্লাস, স্লোগান ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সেই ধারাবাহিকতায় সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা মুখোমুখি হয়েছে। টিএসসি থেকে শুরু করে ক্যাম্পাসের বড় পর্দাগুলোর সামনে আবারও প্রচুর ভক্ত জড়ো হন।
খেলা শুরুর বাঁশি বাজার সঙ্গে সঙ্গে বড় পর্দার সামনে উত্তেজনা বাড়তে থাকে। প্রতিটি পাস, প্রতিটি আক্রমণ এবং প্রতিটি সুযোগে সমর্থকেরা উচ্ছ্বাস আর উৎকণ্ঠায় মেতে ওঠেন।
আর্জেন্টিনার প্রতিটি ম্যাচ ঘিরে আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। প্রতিটি জয় নতুন উদ্যম নিয়ে এসেছে সমর্থকদের জন্য, এবং সেমিফাইনাল সেই প্রত্যাশাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। সমর্থকদের আত্মবিশ্বাসের পেছনে রয়েছে আর্জেন্টিনার ধারাবাহিক পারফরম্যান্স। গ্রুপ পর্ব শেষে নকআউটে কেপ ভার্ডেকে ৩-২, মিসরকে ৩-২ এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে লিওনেল স্কালোনির দল শেষ চারে জায়গা করে নিয়েছে।
শেষ চার ম্যাচে আর্জেন্টিনা তিনটি করে গোল করেছে। পুরো টুর্নামেন্টে দলটির গোলসংখ্যা ১৭, যা এবারের বিশ্বকাপে সর্বোচ্চ। অধিনায়ক লিওনেল মেসি একাই ৮ গোল করেছেন। আক্রমণভাগের ধারাবাহিকতা এবং বড় ম্যাচে চাপ সামলে খেলার ক্ষমতা সমর্থকদের মধ্যে আশাবাদী সঞ্চার করেছে।
এদিকে ম্যাচ শুরু থেকেই আক্রমণাত্মকভাবে খেলছে আর্জেন্টিনা দল। ইতিবাচক এই শুরু ঢাবির আর্জেন্টিনা সমর্থকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। বড় পর্দার সামনে বসে থাকা সমর্থকদের কণ্ঠে বারবার ‘ভামোস আর্জেন্টিনা’ ধ্বনি শোনা যাচ্ছে। তাদের বিশ্বাস বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বকাপের ফাইনালে যাওয়ার লড়াইয়ের দ্বিতীয়ার্ধে ইংল্যান্ড গোল পেয়ে গেছে। ৫৫ মিনিটে গর্ডনের করা গোলের মাধ্যমে ১-০ ব্যবধানে এগিয়ে যায় টমাস টুখেলের দল। ডান প্রান্ত থেকে মরগান রজার্সের সরবরাহকৃত ক্রসে অসাধারণ একটি গোলে ইংলিশদের নেতৃত্ব দেন অ্যান্থনি গর্ডন।
আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া এই গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ী দল ফাইনালে স্পেনের মুখোমুখি হবে। মেসিরা গোল আদায় করার জন্য আক্রমণ চালিয়ে যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিরাজগঞ্জের কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবলীগের নেতা আমিনুল ইসলাম লিটন মারা গেছেন।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়েছে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।
আমিনুল ইসলাম লিটনের বয়স ছিল ৪৭ বছর। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চরবেতকান্দি গ্রামের হাজী শামসুল আলমের ছেলে। যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবেও তিনি পরিচিত ছিলেন একই ইউনিয়নে।
জেল সুপার রফিকুল ইসলাম জানান, আমিনুল ইসলাম লিটন ৫ জুলাই একটি মারামারি ও বিস্ফোরক মামলার আসামি হিসেবে কারাগারে আসেন। মঙ্গলবার সকালে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি মৃত্যুবরণ করেন।
ময়নাতদন্ত শেষে লিটনের মরদেহ মঙ্গলবার বিকালে তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ অর্থবছরে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের হলরুমে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, ‘মেধাবৃত্তির আর্থিক মূল্যের চেয়ে এর স্বীকৃতি ও প্রেরণার মূল্য অনেক বেশি। যা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনে অনুপ্রাণিত করে।’
তিনি গবেষণা ও উদ্ভাবনমুখী শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সক্রিয় হওয়ার আহ্বান জানান।
এছাড়া আরও বলেন, ‘বর্তমানে বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ ও অর্থায়ন সম্প্রসারিত হয়েছে এবং স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরাও গবেষণা অনুদানের সুযোগ পাচ্ছে।’
পরে ২০২৫-২৬ অর্থবছরের মেধাবৃত্তি ও আর্থিক ভাতা পাওয়া শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন অতিথিরা।
বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম এবং প্রকৌশল অনুষদের ডিন ড. মাহমুদুল হাছান।
এছাড়া বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩০ জুন বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের মেধাবী, অসচ্ছল ও ক্রীড়া ক্যাটাগরির ৪০২ জন শিক্ষার্থীর জন্য শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ