০৩:০০ পি.এম
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রাধাবাড়ী এলাকায় একটি মুরগির খামারে ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা খামারের ৭০ বছর বয়সী নৈশপ্রহরী বাদল চন্দ্রকে হাত বেঁধে জিম্মি করে প্রায় ৬০০ মুরগি চুরি করে নিয়ে যায়।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মনোরঞ্জন দাস রতনের মুরগির খামারে এই ঘটনা ঘটে।
নৈশপ্রহরী বাদল চন্দ্র জানিয়েছেন, রাতের বেলায় খামারে ঘুমিয়ে থাকা অবস্থায় ৭-৮ জনের একটি দল এসে তাঁর হাত বেঁধে ফেলে। চিৎকার করতে নিষেধ করে একজন চাকু হাতে তাঁকে পাহারায় রাখে এবং অন্যরা খামার থেকে মুরগি নিয়ে যায়। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর সকালে দাঁত দিয়ে হাতের বাঁধন খুলে তিনি খামার মালিককে বিষয়টি জানান।
আরও পড়ুন: আশুলিয়ায় বিএনপি'র পথসভা, অস্থিতিশীল পরিবেশের প্রতিবাদে আহ্বান
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা খামারের পশ্চিম পাশের নিরাপত্তাবেষ্টনীর তারকাঁটা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর শেডের তালা খুলতে না পেরে নেট কেটে মুরগি নিয়ে যায়। এ সময় একটি পিকআপ ভ্যানও খামারের দিকে যেতে দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
খামারের মালিক মনোরঞ্জন দাস রতন জানিয়েছেন, খামার থেকে প্রায় ৬০০টি মুরগি লুট হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। তিনি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরিকল্পনা করছেন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানিয়েছেন, মৌখিকভাবে ঘটনাটি তিনি জেনেছেন। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: প্রবাসীরা গ্রামের উন্নয়নে কাজ করতে চান: ব্রিটিশ কাউন্সিলর আব্দুল মালিক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন