০১:০৯ এম
সরকার দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে বদ্ধপরিকর। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন যে, উৎপাদন খাতে দক্ষ মানবসম্পদ, উদ্ভাবন এবং আধুনিক ব্যবস্থাপনার সমন্বয়ের মাধ্যমে দেশের শিল্পখাতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব।
মন্ত্রী আজ খুলনায় বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড এর কার্যক্রম পরিদর্শন করার পর কর্মকর্তা-কর্মচারীদের সাথে একটি মতবিনিময় সভায় এই কথা বলেন। খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এসময় উপস্থিত ছিলেন।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের টেলিযোগাযোগ অবকাঠামো শক্তিশালী করার জন্য দেশীয় শিল্প প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড দেশের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে এক গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদনের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে যেতে হবে, বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১২ মিনিটে ডেঙ্গুতে যুবকের মৃত্যু
ফকির মাহবুব আনাম জানিয়েছেন, বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড বিভিন্ন প্রজন্মের ক্যাবল উৎপাদন করে। এখানে ক্রমাগত পুরোনো প্রযুক্তির বদলে নতুন প্রযুক্তি প্রয়োগের চেষ্টা অব্যাহত রাখতে হবে। একই সাথে কার্যকর পরিকল্পনা, মার্কেটিং নীতি গ্রহণ এবং দ্রুত বিতরণ ও প্রোঅ্যাকটিভ মার্কেটিং নেটওয়ার্ক গড়ে তোলার প্রয়োজন রয়েছে বলেও মন্ত্রী জানান।
মন্ত্রী বলেন, প্রতিষ্ঠানকে নিজের ভাবতে হবে, তবেই প্রতিষ্ঠানের উন্নতি সম্ভব। বাংলাদেশ ক্যাবল শিল্প লি.-এর উন্নয়নে যা যা করা দরকার তাই করা হবে বলে মন্ত্রী কর্মকর্তা কর্মচারীদের আশ্বস্ত করেন।
মন্ত্রী ঘুরে দেখেন প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম, উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ পর্যবেক্ষণ করেন এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। মন্ত্রী উৎপাদনশীলতা বৃদ্ধি, গুণগত মান নিশ্চিতকরণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও কর্মদক্ষতার প্রশংসা করেন এবং সকলকে সম্মিলিতভাবে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
আরও পড়ুন: পীরগঞ্জের ইউএনওর বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততা ও দুর্ব্যবহারের অভিযোগে ক্ষোভ
নিরীক্ষণ ও পরিদর্শন শেষে মন্ত্রী বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড প্রাঙ্গণে দেশি আমের চারা রোপণ করেন এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন। তাঁরা প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন