বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং
০৩:৪৬ পি.এম
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দেড় মাস বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মা পরস্পরকে হত্যার জন্য দায়ী করে অভিযোগ করায় শিশুটির বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে, একই দিন ভোরে উপজেলার চরকাকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোল্লারটেক এলাকার মফিজ মিয়ার নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত শিশুর নাম হুমাইরা জান্নাত (১ মাস ২০ দিন)। সে ওই এলাকার অলি উল্লাহ আজাদ (৩৫) ও পারুল আক্তারের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে পারুল আক্তার তার ছেলে সিফাত (৫) ও মেয়ে হুমাইরাকে নিয়ে ঘরের ভেতরের কক্ষে ঘুমিয়ে পড়েন। শিশুটির বাবা অলি উল্লাহ আজাদ ঘরের সামনের কক্ষে ঘুমান। ভোরে ঘুম থেকে উঠে অলি উল্লাহ শিশুটিকে দেখতে গিয়ে তার কোনো নড়াচড়া দেখতে পাননি। পরে পরিবারের সদস্যরা গিয়ে দেখতে পান, শিশুটি মারা গেছে। এ সময় অলি উল্লাহ অভিযোগ করেন, শিশুটির মা পারুল আক্তার তাকে হত্যা করেছেন। অন্যদিকে পারুল আক্তার অভিযোগ করেন, শিশুটির বাবা অলি উল্লাহ শিশুটিকে হত্যা করেছেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো.আবু কাউছার বলেন, পরস্পরবিরোধী বক্তব্যের কারণে বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ পরীক্ষা করে শরীরে কোনো আঘাতের চিহ্ন পায়নি। তবে শিশুটির নাক দিয়ে রক্ত বের হওয়ার বিষয়টি লক্ষ্য করা গেছে। হুমাইরা জন্মের পর থেকেই অসুস্থ ছিল এবং মাথায় সমস্যাও ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। জন্মের পাঁচ দিন পর অসুস্থতার কারণে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার দিন ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নুরুল হাকীম বলেন, এ ঘটনায় ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানানো হয়। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে শিশুটির মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ৩৫ বছর বয়সী হোয়াইট হাউসের নির্বাহী সহকারী ন্যাটালি হার্পের ‘অতিমাত্রায় ঘনিষ্ঠতা’ এবং ‘ব্যক্তিগত সম্পর্ক’ নিয়ে রাজনৈতিক ও সংবাদমাধ্যমে নতুন করে তীব্র জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি প্রকাশিত কিছু ব্যক্তিগত চিঠিপত্র ও ন্যাটালির কাজের ধরন এই জল্পনাকে আরও উসকে দিয়েছে। যেখানে মার্কিন প্রেসিডেন্টের প্রতি তার গভীর ভক্তি, কঠোর পরিশ্রম এবং ব্যক্তিগত আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে, যা মার্কিন রাজনীতি ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, গত ২২ জুলাই ডেলাওয়ারের ইরান যুদ্ধের মার্কিন সামরিক হতাহতের একটি সমাহিতকরণ অনুষ্ঠানে যোগদানের আগে, স্কটল্যান্ডে ডোনাল্ড ট্রাম্পের গলফ কার্টের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে ব্যর্থ হওয়ার পর, এই চিঠিটি লেখেন ন্যাটালি হার্প। সংবাদমাধ্যমটির সাংবাদিকদের দেখা ভিডিওতে দেখা গেছে, ট্রাম্পকে তার নিজের পক্ষে ইতিবাচক খবরাখবর সম্পর্কে আপডেট রাখার দায়িত্ব পালন করতে গিয়ে, ন্যাটালিকে গলফ কোর্সে দীর্ঘ দূরত্ব ধরে ‘দৌড়াতে’ হয়েছে। স্কটল্যান্ডের সেই ঘটনার পর, ট্রাম্পকে উদ্দেশ করে ন্যাটালি লেখেন, ‘স্কটল্যান্ডে গলফ কোর্সে হাঁটার সময় আমি কোনো বিব্রতকর পরিস্থিতির তৈরি করে থাকলে, তার জন্যও ক্ষমা চাই। আমি চাই আমাদের মধ্যকার সবকিছু সর্বদা ঠিক থাকুক।’
চিঠিতে ন্যাটালি আরও উল্লেখ করেছেন যে তিনি মানসিকভাবে বিক্ষিপ্ত থাকায় এবং অতিরিক্ত কাজের চাপে সারাদিন ‘খাওয়া পর্যন্ত ভুলে যাচ্ছিলেন’, এমনকি ‘ঘুমাতেও ভুলে যাচ্ছিলেন’ এবং দিনে কেবল কয়েক ঘণ্টা বিশ্রাম নেওয়ার সুযোগ পাচ্ছিলেন। চিঠির শেষাংশে তিনি লেখেন, ‘আমার সমস্ত হৃদয় দিয়ে, ন্যাটালি।’
৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই তরুণী সহকারীর সম্পর্ক নিয়ে ডেমোক্রেটিক সিনেটর জন ওসোফের সাম্প্রতিক মন্তব্য এবং এর আগে প্রকাশিত বেশ কিছু তথ্যের পর বিষয়টি আবারও পাদপ্রদীপে এসেছে। এর আগে ২০২৪ সালে ট্রাম্পের পুনরায় জয়ের পর নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল যে, ন্যাটালি রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠবেন। সে সময় প্রকাশিত আরেকটি চিঠিতে, ন্যাটালি ট্রাম্পকে লিখেছিলেন, ‘আপনিই আমার কাছে সব।’
২০১৮ সাল থেকেই ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বৃত্তে বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন ন্যাটালি হার্প। তিনি প্রকাশ্যে বিভিন্ন সময়ে দাবি করে এসেছেন যে, তার যখন বোন ক্যানসার ধরা পড়েছিল, তখন ট্রাম্পের নীতি ও সহায়তা তার জীবন বাঁচাতে সাহায্য করেছিল। তবে অত্যন্ত অসুস্থ রোগীদের পরীক্ষামূলক চিকিৎসার সুযোগ দেওয়ার সেই দাবিটি নিয়ে বিতর্ক রয়েছে। এদিকে, ন্যাটালির এমন অতি-আনুগত্য ও সম্পর্কের তীব্রতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার নিজ পরিবারের সদস্যরাও। গত জুনে ‘ডেইলি মেইল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তার ভাই প্রেস্টন হার্প এই সম্পর্কটিকে ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ বলে অভিহিত করেছিলেন।
এর ধারাবাহিকতায়, গত মঙ্গলবার (১৮ আগস্ট) সিএনএন-কে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে প্রেস্টন হার্প স্পষ্ট করে জানান যে, তার বোন শারীরিক আকর্ষণ থেকে নয়, বরং ডোনাল্ড ট্রাম্পের প্রতি চরম ‘মোহগ্রস্ত’ বা অন্ধভক্তিতে আচ্ছন্ন হয়ে আছেন। তিনি বলেন, ট্রাম্পের সবচেয়ে ভালো বন্ধুরা হলেন সেই সমস্ত মানুষ যারা তার ফ্যান ক্লাবের সদস্য। প্রেস্টনের মতে, প্রেসিডেন্টের প্রতি তার বোনের অন্তহীন আনুগত্য এবং কৃতজ্ঞতাবোধই সম্ভবত তাদের দুজনকে এত বেশি কাছাকাছি নিয়ে আসার মূল কারণ।
অন্যদিকে, এই ঘনিষ্ঠতার জল্পনা নিয়ে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের অখুশি থাকার গুঞ্জনও বিভিন্ন গণমাধ্যমে আলোচিত হচ্ছে।
সূত্র: উইয়ন নিউজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যশোরে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিন ধরে স্থগিত অবসর ভাতা এবং কল্যাণ ট্রাস্টের অর্থ পুনরায় চালু হওয়ায় আনন্দ সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলার ২ হাজার ৭৯১ জন শিক্ষক-কর্মচারী ইতোমধ্যে মোট ৮৭ কোটি টাকা পেয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় যশোর জেলা শাখার শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে প্রেসক্লাব যশোরের শহীদ গোলাম মাজেদ মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
বক্তৃতায় প্রধান অতিথি উল্লেখ করেন, ‘দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের অর্থ পুনরায় চালু হওয়া শুধুমাত্র একটি আর্থিক প্রাপ্তি নয়; এটি হাজার হাজার শিক্ষকের সম্মান এবং ন্যায্য অধিকার ফিরে পাওয়ার বিষয়।’
তিনি আরও জানান, গত ১৭ বছরে শিক্ষকরা নানা ধরনের বঞ্চনার শিকার হয়েছেন এবং এ তহবিলের অর্থ নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। তবে বর্তমানে সেই পরিস্থিতির পরিবর্তন ঘটেছে।
এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীর প্রতি তিনি ধন্যবাদ জানান।
সমাবেশে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের জেলা সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান মধু।
সমাবেশ শেষ হওয়ার পর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা মোড়ে গিয়ে শেষ হয়। র্যালিতে জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রিপেইড মিটার বাতিল এবং পূর্বের ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপনের দাবিতে রংপুরে ‘স্তব্ধ রংপুর’ কর্মসূচি পালন করেছেন বিদ্যুৎ গ্রাহক ফোরামের নেতা-কর্মী ও গ্রাহকেরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শাপলা চত্বর থেকে জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রেখে এ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় শাপলা চত্বর ও জাহাজ কোম্পানি মোড়ে দুটি পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শাপলা চত্বরের সমাবেশে সভাপতিত্ব করেছেন বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুর জেলার আহ্বায়ক অধ্যাপক মো. দেলোয়ার হোসেন। সদস্যসচিব আহসানুল আরেফিন তিতুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখতে দেখা যায় কমিটির উপদেষ্টা মির্জা বাবর বাবুল, আবু ছালেক, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সোহেল, সদস্য শাহিদুল ইসলাম সুমনসহ প্রিপেইড মিটারের কয়েকজন ভুক্তভোগীকে।
জাহাজ কোম্পানি মোড়ের সমাবেশে সভাপতিত্ব করেছেন বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুরের উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু। কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য প্রদান করেন বাসদ রংপুর জেলার সদস্যসচিব মমিনুল ইসলাম, সিপিবি রংপুর মহানগর কমিটির সভাপতি সাজেদুল ইসলাম সাজুসহ আরও অনেকে।
সমাবেশে বক্তারা উল্লেখ করেছেন, প্রিপেইড মিটার গ্রাহকদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। তাঁরা অবিলম্বে প্রিপেইড মিটার বাতিল করে আগের ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপনের দাবি জানাচ্ছেন।
বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুর জেলার আহ্বায়ক অধ্যাপক মো. দেলোয়ার হোসেন জানিয়েছেন, ‘জনগণ যে প্রিপেইড মিটার চায় না, আজকের স্তব্ধ রংপুর কর্মসূচি সফল হওয়ার মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে।’ তিনি নেসকোকে অবিলম্বে প্রিপেইড মিটার খুলে নিয়ে ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপনের আহ্বান জানিয়েছেন।
কর্মসূচি থেকে নেতারা ঘোষণা দিয়েছেন, প্রিপেইড মিটার প্রকল্প বাতিল না হলে আগামী ২০ সেপ্টেম্বর নেসকোর রংপুর কার্যালয় ঘেরাও করা হবে। এ সময় ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপনের দাবিতে হাজার হাজার আবেদনপত্র নিয়ে কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মোহাম্মদ জাহিদুর রহমানকে অনুমোদন দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
বোর্ডের চিঠি অনুযায়ী, প্রতিষ্ঠানটির গভর্নিং বডিতে মোহাম্মদ জাহিদুর রহমানকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অনুমোদনের তারিখ থেকে এ কমিটির মেয়াদ হবে ছয় মাস।
প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা নতুন সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা করছেন, তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়ন আরও এগিয়ে যাবে।
নবনিযুক্ত সভাপতি জাহিদুর রহমান বলেন, খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় ও কলেজের দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের ও গুরুত্বপূর্ণ বিষয়। আমি বালুচরের সন্তান হিসেবে এই প্রতিষ্ঠান ও এলাকার সঙ্গে আত্মিকভাবে সম্পৃক্ত। তাই প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কাজ করতে চাই। এ ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার মতামত ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, সুশৃঙ্খল ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় ও কলেজকে আরও এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য।
এলাকাবাসী বলছেন, নতুন গভর্নিং বডির নেতৃত্বে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ আরও গতিশীল হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এমন প্রত্যাশা তাঁদের।
তালাশ বিডি/মিডিয়া লিঃ