ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

সিরাজদিখানে খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন জাহিদুর রহমান


সিরাজদিখানে খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন জাহিদুর রহমান

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মোহাম্মদ জাহিদুর রহমানকে অনুমোদন দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।


বোর্ডের চিঠি অনুযায়ী, প্রতিষ্ঠানটির গভর্নিং বডিতে মোহাম্মদ জাহিদুর রহমানকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অনুমোদনের তারিখ থেকে এ কমিটির মেয়াদ হবে ছয় মাস।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নির্দেশের কথা বলে পূজামণ্ডপ পরিদর্শন হারুন সিকদারের, বিএনপির তৃণমূলে ক্ষোভের গুঞ্জন


প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা নতুন সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা করছেন, তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়ন আরও এগিয়ে যাবে।


নবনিযুক্ত সভাপতি জাহিদুর রহমান বলেন, খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় ও কলেজের দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের ও গুরুত্বপূর্ণ বিষয়। আমি বালুচরের সন্তান হিসেবে এই প্রতিষ্ঠান ও এলাকার সঙ্গে আত্মিকভাবে সম্পৃক্ত। তাই প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কাজ করতে চাই। এ ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার মতামত ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, সুশৃঙ্খল ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় ও কলেজকে আরও এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য।


এলাকাবাসী বলছেন, নতুন গভর্নিং বডির নেতৃত্বে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ আরও গতিশীল হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এমন প্রত্যাশা তাঁদের।

আরও পড়ুন: প্রেমিকার টানে চীন থেকে মাদারীপুরে যুবক, মানব পাচার নিয়ে সতর্কতা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রচন্ড গরমে রোমের টাইবার নদীতে ভ্রমণে পর্যটকদের স্বস্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


প্রচন্ড গরমে রোমের টাইবার নদীতে ভ্রমণে পর্যটকদের স্বস্তি

রোমের প্রাচীন স্থাপনা দেখার জন্য দীর্ঘ সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করা কিংবা চড়া দামে আইসক্রিম জেলাটো কেনার পরিবর্তে প্রচণ্ড গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য টাইবার নদীতে ভ্রমণে স্বস্তির খোঁজ করছেন ঘর্মাক্ত পর্যটকেরা।

এই ভ্রমণটি পর্যটকদের পরিচিত পথের বাইরে নতুন একটি আয়োজন। এটি প্রাচীন এই শহরের প্রাণপ্রবাহ টাইবার নদী ঘুরে দেখার একটি তুলনামূলক নতুন ও ব্যতিক্রমী সুযোগ।

বার্তা সংস্থা এএফপি রোম থেকে এ খবর জানিয়েছে।

ঐতিহাসিক পিয়াজা দেল পোপোলোর কাছে নদীর তীর থেকে র‌্যাফটিং শুরু হয়। ফোলানো র‌্যাফটগুলো শহরের সবচেয়ে বেশি ছবি তোলা কয়েকটি স্থাপনার পাশ দিয়ে ভেসে যায়। এর মধ্যে রয়েছে সম্রাট হ্যাড্রিয়ানের সমাধিস্থল কাস্তেল সান্ত’আঞ্জেলো। পানির ওপর থেকে দেখা যায় সেন্ট পিটার্স ব্যাসিলিকার গম্বুজও।

প্রায় দুই ঘণ্টা পর ট্রাস্থেভেরে এলাকায় প্রাচীন রোমান বন্দরে এসে ভ্রমণটি শেষ হয়। ট্রাস্তেভেরে নামের আক্ষরিক অর্থ হলো ‘টাইবারের ওপারে।’

সম্প্রতি ‘রোমান র‌্যাফটিং’ ভ্রমণে অংশগ্রহণকারী ১৯ বছর বয়সী পর্যটক ম্যানুয়েল ফ্রাঙ্ক বলেন, ‘রোমকে অন্যভাবে দেখা, সত্যিই ভালো লাগছে। হেঁটে যা দেখা যায়, তার তুলনায় এটি বিশেষ কিছু।’

তার গাইড জিউসেপ্পে বাত্তালিয়া জানালেন, ৪০ ইউরো (৪৬ দশমিক ৭ ডলার) মূল্যের এই যাত্রায় পর্যটকেরা শহরকে একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগটি পান। তার ভাষায়, এ পথটি ‘রোমানরা তাদের বিজয় অভিযানে বের হওয়ার আগে যে পথে যাতায়াত করত, অনেকটা সেই পথই অনুসরণ করে।’

প্রাচীন রোমে এবং তার পরবর্তী কয়েক শতাব্দী ধরে ইতালির তৃতীয় দীর্ঘতম নদী শহরের বাসিন্দাদের পানি ও খাদ্যের জোগান দিয়েছে। এটি ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যপথও।

৩৭ বছর বয়সী গাইড বাত্তালিয়া বলেন, ‘আমরা সবসময় সড়ক, গাড়ি ও মোটরসাইকেলের কথা ভাবতে অভ্যস্ত। কিন্তু রোম আমাদের নদীপথেও ঘুরে দেখার সুযোগ দেয়।’

দৃশ্যপটের মতো সুন্দর টাইবার দ্বীপের কাছে পৌঁছালে নদীর স্রোত বাড়তে থাকে। তখন হালকা ঢেউ তৈরি হয়। র‌্যাফটগুলো রোমের প্রাচীনতম পাথরের সেতুগুলোর কয়েকটির নিচ দিয়ে যাওয়ার সময় পর্যটকদের গায়ে পানির ছিটা লাগে।

বেলজিয়ামের ৫০ বছর বয়সী পর্যটক সাবিনে মাইসানো পরিবারের সঙ্গে রোমে এসে ভিন্ন কিছু করার একটি সুযোগ খুঁজছিলেন। তিনি বলেন, ‘সারাদিন কয়েক কিলোমিটার হেঁটে বেড়ানোর পর নৌকায় বসে আমরা বিশ্রাম নিতে, ঠাণ্ডা থাকতে এবং আরও স্বচ্ছন্দ গতিতে শহরটি দেখতে পারি, যদিও একটু বৈঠা চালাতে হয়।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চৌদ্দগ্রাম সীমান্তে গাঁজাসহ মাদক কারবারি পেয়ারা আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


চৌদ্দগ্রাম সীমান্তে গাঁজাসহ মাদক কারবারি পেয়ারা আটক

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গাঁজাসহ পেয়ারা আহমেদ (২৬) নামের এক শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বর্তমানে তার সহযোগী মো. লোকমান (২৮) পালিয়ে গেছেন।

আটক পাওয়া পেয়ারা আহমেদ উপজেলার উজিরপুর ইউনিয়নের চকলক্ষ্মীপুর গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে। অপরদিকে পলাতক লোকমান একই গ্রামের মৃত আতর আলীর সন্তান।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে রাজেন্দ্রপুর সীমান্ত এলাকায় অভিযানটি সম্পন্ন হয়। বিজিবির দাবি, দীর্ঘদিন ধরে পেয়ারা ও পলাতক লোকমান সীমান্ত দিয়ে ভারতীয় মাদক এনে বিক্রির কাজে লিপ্ত ছিল।

এ ঘটনায় চৌদ্দগ্রাম শিবের বাজার বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. আব্দুল কালাম বাদি হয়ে গত রাতে চৌদ্দগ্রাম মডেল থানায় একটি মামলা করেছেন। শনিবার (২০ আগস্ট) সকালে আটক পেয়ারা আহমেদকে আদালতে পাঠানোর কথা জানিয়েছেন চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন।

মামলার এজাহার অনুযায়ী জানা যায়, বুধবার বিকেলে বিজিবির সদস্যরা নিয়মিত টহল দেওয়ার সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজেন্দ্রপুর সীমান্তের মেইন পিলার ২০৯৬ দিয়ে ভারত থেকে দুই ব্যক্তি গাঁজা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছেন। এরপর বিজিবির একটি দল ওই পিলার থেকে প্রায় ৭০ গজ বাংলাদেশ অভ্যন্তরে অবস্থান নেয়।

একপর্যায়ে বিজিবির সদস্যরা নীল রঙের পলিথিনে মোড়ানো একটি পোটলা হাতে একজনকে এবং তার সঙ্গে আরেকজনকে আসতে দেখতে পান। তাদের উপস্থিতি টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করেন। তখন বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে পেয়ারা আহমেদকে আটক করেন। এ সময় লোকমান পালিয়ে যান।

পরে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাক্ষীদের সামনে পেয়ারা আহমেদের হাতে থাকা নীল পলিথিনে মোড়ানো পোটলাটি তল্লাশি করা হয়। তল্লাশি করে সেখানে চার কেজি ভারতীয় গাঁজা উদ্ধার হয়। বিজিবির হিসাব অনুযায়ী উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৪ হাজার টাকা।

বিজিবির সূত্র আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পেয়ারা আহমেদ তার সহযোগী হিসেবে লোকমানের নাম ও ঠিকানা উল্লেখ করেছেন। তিনি স্বীকার করেছেন যে, তারা ভারতীয় সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে এটি বেশি দামে বিক্রির উদ্দেশ্যে হেফাজতে রেখেছিলেন।

চৌদ্দগ্রাম মডেল থানার এসআই রায়হান জানান, ১৭ আগস্ট সকালে গোপন সংবাদের ভিত্তিতে চকলক্ষ্মীপুর সীমান্ত এলাকা থেকে ১২ কেজি ভারতীয় গাঁজাসহ আব্দুল লতিফের ছেলে হৃদয়কে আটক করা হয়েছে। এ সময় পেয়ারা ও জাহাঙ্গীর পালিয়ে যান।

চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বলেছেন, ‘বিজিবি একজন আসামিকে গাঁজাসহ থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। এজাহারে আরো একজনের নাম উল্লেখ আছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে কার্যক্রম অব্যাহত রাখতে আগ্রহী এমএসএফ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


বাংলাদেশে কার্যক্রম অব্যাহত রাখতে আগ্রহী এমএসএফ

বাংলাদেশে মানবিক ও চিকিৎসাসেবা কার্যক্রম আরো জোরদার করার জন্য আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক চিকিৎসা ও মানবিক সংস্থা মেডসাঁ সাঁ ফ্রতিয়ের (এমএসএফ)। তারা প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ অব্যাহত রাখার আগ্রহের কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে এমএসএফের আন্তর্জাতিক সভাপতি ড. মোহাম্মদ জাভিদ আবদেলমোনেইমের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে আলোচনার বিষয়বস্তু ছিল বাংলাদেশে এমএসএফের চলমান মানবিক ও চিকিৎসা কার্যক্রম, জরুরি স্বাস্থ্যসেবা, মানবিক সংকটে চিকিৎসা সহায়তা এবং ভবিষ্যতে সংস্থাটির কার্যক্রম আরো জোরদার করার বিভিন্ন দিক।

বৈঠকে হুমায়ুন কবির বাংলাদেশে এমএসএফের দীর্ঘদিন ধরে মানবিক ও চিকিৎসাসেবা প্রদানের ভূমিকার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, "মানবিক সংকটের সময় মানুষের জীবন রক্ষা এবং জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

আলোচনায় বাংলাদেশের স্বাস্থ্য খাতে জরুরি ও মানবিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়ানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। বিশেষ করে দুর্যোগ, বাস্তুচ্যুতি, রোগের প্রাদুর্ভাবসহ বিভিন্ন জরুরি অবস্থায় দ্রুত ও কার্যকর চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক অভিজ্ঞতা ও দক্ষতার আদান-প্রদান নিয়ে মতবিনিময় হয়েছে।

প্রতিনিধিদলটি বাংলাদেশে এমএসএফের বিভিন্ন মানবিক কার্যক্রম এবং মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেছে। এসময় তারা মানবিক স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে সংস্থাটি যে সকল বাস্তবতার মুখোমুখি হচ্ছে এবং ভবিষ্যতে কার্যক্রম সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে সে সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন।

বৈঠকে মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য চিকিৎসাসেবা এবং অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিতের পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব প্রদান করা হয়। আরও আলোচনা হয়েছে স্বাস্থ্য ও মানবিক খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করা, জরুরি চিকিৎসাসেবার সক্ষমতা বৃদ্ধি এবং সংকটকালীন পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা উন্নয়নের বিষয়ে।

এমএসএফের আন্তর্জাতিক সভাপতি ড. মোহাম্মদ জাভিদ আবদেলমোনেইম বাংলাদেশে সংস্থাটির কার্যক্রম ও মানবিক স্বাস্থ্যসেবা প্রদানের অভিজ্ঞতা তুলে ধরেছেন। তিনি বাংলাদেশে এমএসএফের কার্যক্রম অব্যাহত রাখতে এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে এমএসএফের আন্তর্জাতিক সভাপতির সঙ্গে বাংলাদেশ মিশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এলকো ব্রুমেলম্যান, মালয়েশিয়া মিশনের আঞ্চলিক মানবিক বিষয়ক প্রধান আনা আনসারি এবং বাংলাদেশ মিশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ অ্যাডভাইজার ইমামুর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠকের শেষ পর্যায়ে বাংলাদেশে মানবিক ও স্বাস্থ্যসেবা খাতে এমএসএফের কার্যক্রম এবং ভবিষ্যৎ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে। এদিকে, কোথাও কোথাও বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) আবহাওয়া অফিস এ রকম পূর্বাভাস দিয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন বিহার এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এর অবস্থান মাঝারি রয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকাল পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়াও, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রার সামান্য বৃদ্ধি ঘটে।

শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি, দেশের অনেক জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার (২২ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%