প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলের বিয়ের জাঁকজমককে টেক্কা দিতে চেয়েছেন বিহার রাজ্যের বিধায়ক অনন্ত সিং। তাঁর মেয়ের বিয়েতে প্রায় ৪ লাখ অতিথিকে আপ্যায়ন করা হয়েছে, ৫ লাখ মিষ্টি বিতরণ করা হয়েছে, ৫০০ বাবুর্চি রান্নার কাজে নিয়োজিত ছিলেন এবং অতিথিদের জন্য ছয়টি অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে, যা ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
গত বুধবার (২৬ নভেম্বর) বিহারের নাদাওয়া গ্রামের পারিবারিক বাড়িতে বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাত্র রিশিকেশ কুমার যুক্তরাষ্ট্রের আটলান্টায় অবস্থিত জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির এমবিএ শিক্ষার্থী।
আয়োজিত বিয়ের অনুষ্ঠানে প্রায় আড়াই হেক্টর জায়গাজুড়ে উপস্থিত ছিলেন ৪ লাখ অতিথি। ভারতে জাঁকজমকপূর্ণ বিয়ের প্রচলন থাকলেও অতিথির এই সংখ্যা ছিল সত্যিই বিস্ময়কর।
বিধায়কের ঘনিষ্ঠ সহযোগী মুন্না সিং বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, অতিথিদের আপ্যায়নে পরিবেশন করা হয়েছে প্রায় ৫ লাখ ঐতিহ্যবাহী মিষ্টি। খাবার প্রস্তুত করতে ৫০০ বাবুর্চি ও রাঁধুনি কাজ করেছেন। কাবাব ও বিভিন্ন পদ রান্নার জন্য প্রায় এক হাজার কেজি খাসির মাংস ব্যবহার করা হয়েছে।
ভারতের বিভিন্ন প্রান্ত থেকে হেলিকপ্টারে আসা বিশেষ অতিথিদের জন্য ছয়টি অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে। বর রিশিকেশ কুমার সানগ্লাস পরে এবং হাতে কমলা রঙের স্কার্ফ নিয়ে ১৫১টি গাড়ির বহরসহ বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বিজোড় সংখ্যাকে সৌভাগ্যের প্রতীক মনে করা হয়। বরকে উপহার হিসেবে একটি ল্যান্ড রোভার ডিফেন্ডার প্রদান করা হয়।
বিয়ের অনুষ্ঠানস্থলে যাওয়ার সড়কগুলোতে গাড়ির প্রচণ্ড জট তৈরি হয়। দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের মতে, যানজটে আটকে পড়া এক অতিথি শেষ পর্যন্ত ট্রাক্টরে চড়ে আশপাশের মাঠ পেরিয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছান। অতিথিদের আপ্যায়নে চীন থেকে আমদানি করা ফুল দিয়ে বাহারি সাজসজ্জা তৈরি করা হয়। আতশবাজির আয়োজনও ছিল।
বিনোদনের জন্য ডিজের পরিবর্তে ঘোড়দৌড় প্রতিযোগিতার পরিকল্পনা করেছিলেন বিধায়ক। প্রতিযোগিতা দেখার জন্য উৎসুক মানুষ গাছ ও বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন। তবে অতিরিক্ত বিশৃঙ্খলা ও হট্টগোলের কারণে শেষ মুহূর্তে প্রতিযোগিতাটি বাতিল করতে হয়। প্রতিযোগিতার বিজয়ীর জন্য একটি এসইউভি গাড়িও রাখা হয়েছিল।
তবে অনন্ত সিং ভারতের রাজনীতিতে বিতর্কিত ব্যক্তি হিসেবে পরিচিত। পাঁচবার রাজ্য বিধানসভার সদস্য নির্বাচিত হওয়া এই বিধায়কের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও অপহরণসহ ২৮টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে।
সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্র শক্তিশালী করার লক্ষ্যে কাজ করা বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের ওয়েবসাইটে এসব মামলার তথ্য রয়েছে। তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে আসছেন অনন্ত সিং।
বিয়ের আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে আয়োজনের বিশালতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টিকে অস্বাভাবিক বলে মানতে চাননি। অনন্ত সিং বলেন, ‘আমার বড় মেয়ের বিয়েতেও ঠিক একই ধরনের আয়োজন করেছিলাম।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন