মামুন বিল্লাহ (কালিগঞ্জ) সাতক্ষীরা
০২:২১ এম
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি'র কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মামলা নং-১৫, তারিখ: ১৩/০৬/২০২৬-এর এজাহারভুক্ত ৮ নম্বর আসামি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে নুরুল ইসলামকে মঙ্গলবার সকাল প্রায় ৯টার দিকে বাঁশতলা বাজার এলাকা থেকে আটক করা হয়।
এছাড়া, একই মামলার সন্দেহভাজন আসামি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দাহ গ্রামের রফিকুল ইসলামের ছেলে সজিব হোসেনকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মহসিন আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সকাল প্রায় ১০টার দিকে হাড়দ্দাহ এলাকা থেকে আটক করেন।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ ও মামলার তদন্ত কার্যক্রম শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্স এবং স্পেন মুখোমুখি হয়েছে ডালাসের এ টি অ্যান্ড টি স্টেডিয়ামে। প্রথমার্ধের খেলা শেষে স্পেন ১-০ গোলে এগিয়ে রয়েছে এবং ড্রেসিংরুমে ফিরে গেছে। পুরো ম্যাচের মধ্যে স্পেন নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করেছে, যারা বল পজেশনে ৫৬% এগিয়ে থেকে ফরাসি রক্ষণভাগের উপর চাপ সৃষ্টি করেছে। অন্যদিকে, ফ্রান্স টুর্নামেন্টে এই প্রথম গোল খেয়ে পিছিয়ে পড়ে যেন ছন্দহীন হয়ে পড়েছে।
ম্যাচের ২২তম মিনিটে স্পেন ডেডলক ভাঙার সুযোগ পায়। লামিন ইয়ামালকে ফাউল করার কারণে রেফারি ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি দেন। স্প্যানিশ ফরোয়ার্ড মিকেল ওয়ারজাবাল অত্যন্ত ঠান্ডা মাথায় সেই পেনাল্টি সফলভাবে জালেই পাঠান, তাদের ১-০ ব্যবধানে এগিয়ে দেয়। পেনাল্টির ঘটনার পর ফ্রান্স কিছুটা এলোমেলো হয়ে পড়েছিল, আর এই সুযোগ নিয়ে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি ও ফ্যাবিয়ান রুইজ ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন।
ফ্রান্সের জন্য অস্বস্তিদায়ক খবর এসেছে ম্যাচের ৩০তম মিনিটে। ইনজুরির কারণে পিঠের ব্যথায় মাঠ ছাড়তে বাধ্য হন দলের অন্যতম গুরুত্বপূর্ণ ডিফেন্ডার উইলিয়াম সালিবা। তার জায়গায় মাঠে নামেন ম্যাক্সেন্স ল্যাক্রোইক্স। ইনজুরির পর ফ্রান্সের রক্ষণভাগ কিছুটা দুর্বল হয়ে পড়েছিল, তবে প্রথমার্ধের শেষভাগে তারা আক্রমণ ফিরিয়ে নেয়ার চেষ্টা করে। ৩১ মিনিটে মাইকেল অলিসের সাথে ফাউলের জন্য মার্ক কুকুরেলাকে হলুদ কার্ড দেখানো হয়।
প্রথমার্ধের শেষের দিকে ফ্রান্স বেশ কিছু সুযোগ তৈরি করলেও সফলতার মুখে পড়তে পারেনি। ৪২তম মিনিটে ব্রাডলি বারকোলার ডিফেন্স চেরা পাস থেকে কিলিয়ান এমবাপ্পে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু স্পেনের গোলকিপার উনাই সিমোন সময়মতো বেরিয়ে এসে সমস্যার সমাধান করেন। ৪৫+২ মিনিটে জুলস কুন্দের একটি লো ক্রস থেকে এমবাপ্পে প্রায় গোল করতে সক্ষম হয়েছিলেন, কিন্তু বল পোস্টের খুব কাছ দিয়ে বেরিয়ে যায়। শেষ পর্যন্ত ৬ মিনিটের ইনজুরি টাইম শেষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে স্পেন বিরতিতে যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বঙ্গোপসাগরে একটি লঘুচাপ দুর্বল হতে না হতেই আগামী ২৪ ঘণ্টার মধ্যে আবারও লঘুচাপ সৃষ্টি হতে পারে। এছাড়াও দেশে সক্রিয় মৌসুমি বায়ুর বিরাজ করছে। এর ফলে, আবারও বাড়তে পারে বৃষ্টিপাত।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এমন পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গত সপ্তাহে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, যা পরে নিম্নচাপে পরিণত হয়। এর প্রভাবে দেশে ভারী বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশে সক্রিয় এবং দেশের অন্যত্র মোটামুটি সক্রিয়।
উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজ করছে। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
দেশের দক্ষিণাঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান ব্যাপক আলোচনা-সমালোচনার জবাব দিয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু,
বিষয়টি নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি বিশেষ পোস্ট করে তিনি তাঁর অবস্থান পরিষ্কার করেন।
গতকাল জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন স্পিকারকে উদ্দেশ্য করে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, "আমার বাড়ি কুলাউড়ায়, ঐ লোকটা বার বার উঠছে আপনি তাকে সুযোগ দিচ্ছেন না।" সংসদে দেওয়া তাঁর এই মন্তব্যটির একটি ভিডিও ক্লিপ দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে নেটিজেনদের মধ্যে নানা মিশ্র প্রতিক্রিয়া ও তীব্র বিতর্কের সৃষ্টি হয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু তাঁর ফেসবুক পোস্টে উল্লেখ করেন:"বিরোধী দলীয় নেতার লোকটা কয়েকবার দাঁড়িয়ে ছিল কথাটা যদিও সংসদীয় ভাষা নয় তবুও আমি বলতে চাই এলাকার মানুষ হিসাবে, দাবি খাটিয়ে সহানুভূতির সহিত কথাটা বলেছেন তাই কারো ঘাটাঘাটি করা ঠিক হবে না, ধন্যবাদ।"
উল্লেখ্য, ডা. শফিকুর রহমানের জন্মস্থান কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে হলেও তিনি অন্য আসন থেকে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছেন। অন্যদিকে শওকতুল ইসলাম শকু সরাসরি কুলাউড়া (মৌলভীবাজার-২) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। নিজ এলাকার মানুষের প্রতি বিরোধী দলীয় নেতার এই সহানুভূতিশীল আচরণকে ইতিবাচক দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে এমপি শকু এই বিষয়ে আর কোনো বিতর্ক বা সমালোচনা না করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমানোর জন্য সংযুক্ত আরব আমিরাতের পূর্ব উপকূলে নতুন বন্দর নির্মাণের পরিকল্পনা করছে দেশটির বহুজাতিক লজিস্টিকস প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। এ উদ্দেশ্যে ফুজাইরাহ উপকূলে একটি নতুন বহুমুখী বন্দর এবং বিদ্যমান বন্দরে নতুন কনটেইনার টার্মিনাল নির্মাণের বিষয়ে আলোচনা করা হচ্ছে। এই তথ্যটি জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস।
প্রতিবেদনে দেশের বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতার ঝুঁকি মোকাবিলা এবং হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমানোর উদ্দেশ্যে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার কারণে হরমুজে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনার মধ্যে বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য এই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
নতুন বন্দর চালু হলে ওমান উপসাগরের মাধ্যমে হরমুজ প্রণালি ব্যবহার ছাড়াই আমিরাতে পণ্য আনা-নেওয়া করা সম্ভব হবে। এরপর সড়কপথে এই পণ্যগুলোকে দুবাই, আবুধাবি এবং উপসাগরীয় অন্যান্য দেশে পরিবহন করা হবে।
বর্তমানে প্রকল্পের শর্তাবলি নিয়ে আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। তবে প্রকল্পের কাঠামো ও অর্থায়ন সম্পর্কে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ডিপি ওয়ার্ল্ডের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, নতুন বন্দরটি দেড় বছরের মধ্যে নির্মাণ সম্পন্ন হতে পারে।
ফেব্রুয়ারির শেষ দিকে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর আমিরাতের জেবেল আলি বন্দরের কার্যক্রম ৯০ থেকে ৯৫ শতাংশ কমে যায়। এরপর থেকেই বিকল্প রুট ও অবকাঠামো গড়ে তোলার জন্য ডিপি ওয়ার্ল্ড উদ্যোগ নেয়।
তবে প্রতিষ্ঠানটি জানিয়ে দিয়েছে, নতুন বন্দর নির্মাণের অর্থ হচ্ছে জেবেল আলি বন্দরের গুরুত্ব কমে যাওয়া নয়। তাদের পরিকল্পনা ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী নতুন স্থাপনাগুলোর সক্ষমতা আরও বাড়ানো হবে।
সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস
তালাশ বিডি/মিডিয়া লিঃ