ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

জজ আদালতেও জামিন মেলেনি ডনের


জজ আদালতেও জামিন মেলেনি ডনের

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন আবারও প্রত্যাখ্যান করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার ১১তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলামের আদালত তার জামিন আবেদন খারিজ করেন।

এদিন ডনের পক্ষে আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল জামিনের আবেদন করে শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফারুক দেওয়ান।

আরও পড়ুন: রপ্তানি বৃদ্ধি ও নতুন বিনিয়োগে জাপানের সঙ্গে ইপিএ দ্রুত বাস্তবায়ন জরুরি: দূতাবাস

এর আগে গত ১২ আগস্ট ঢাকার সিএমএম আদালতেও ডনের জামিন আবেদন বাতিল হয়েছিল।

গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন ডন। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাছে হস্তান্তর করা হয় এবং ওই দিনই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এদিকে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান ডনের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন। এ আবেদনের ওপর শুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুনানির সময় ডনকে আদালতে হাজির করা হবে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। তার মৃত্যুর পর ঘটনাটিকে প্রথমে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও পরবর্তী সময়ে এটি হত্যাকাণ্ড হিসেবে তদন্ত ও মামলা পর্যন্ত গড়ায়।

আরও পড়ুন: নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যার ন্যায়বিচারের নিশ্চয়তা দিলেন প্রতিমন্ত্রী পুতুল

মামলাটিতে বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির নাম উঠে এসেছে। সর্বশেষ ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার অন্য আসামিরা হলেন- সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, আশরাফুল হক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আবদুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সায়েদাবাদে আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


সায়েদাবাদে আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা

রাজধানীর যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে সায়েদাবাদ বাস টার্মিনাল আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক কাউন্টার, যাত্রী ওঠানামার সুবিধা, পার্কিং শেড, ওয়াকওয়ে, উন্নত ড্রেনেজ এবং যাত্রীদের বসার ব্যবস্থা সহ এসি বাসের জন্য এই টার্মিনালটি আধুনিকীকরণের পরিকল্পনা করা হয়েছে।

সড়ক ও বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসি বাসের কাউন্টারগুলোর কারণে সৃষ্ট যানজট কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সায়েদাবাদ বাস টার্মিনালের আধুনিকায়ন ও নতুন নকশা প্রণয়ন করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং বাস মালিক সমিতির সঙ্গে পর্যালোচনা করে এই নকশাটি প্রস্তুত করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের সভাপতিত্বে ‘সায়েদাবাদ এসি বাস টার্মিনাল ব্যবস্থাপনা’ বিষয়ে এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান এবং বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন পরিকল্পনা অনুযায়ী, সায়েদাবাদ বাস টার্মিনালে এসি বাসের সার্ভিসিং, যাত্রী ওঠানামা এবং কাউন্টার ব্যবস্থাপনার জন্য অতিরিক্ত জায়গা নির্ধারণ করা হবে। টার্মিনালের সামগ্রিক ব্যবস্থাপনায় আধুনিকায়ন আনা হবে। সভায় ডিএসসিসি প্রশাসক দ্রুততম সময়ের মধ্যে এসব কাজ বাস্তবায়নের নির্দেশ দেন।

সভায় জানানো হয়, প্রচলিত টেন্ডার প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নে তুলনামূলক বেশি সময় লাগতে পারে। তাই দ্রুত কাজ শেষ করতে বাস মালিক সমিতি স্বল্প সময়ে বাস্তবায়নযোগ্য একটি প্রস্তাবনা তৈরি করে দাখিল করবে। এর ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সভায় সায়েদাবাদ টার্মিনালের যাত্রীসেবা উন্নয়নে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে টার্মিনালের অভ্যন্তরে পুরনো মোটর গ্যারেজের জায়গায় নির্মাণাধীন ভবন সম্প্রসারণ করে সেখানে এসি বাসের কাউন্টার স্থাপনের উপযোগী করা।

এ ছাড়া এসি বাস কাউন্টারের প্রবেশপথ প্রশস্ত করা হবে। যাত্রীদের সুবিধার্থে সেখানে পার্কিং শেড এবং নির্বিঘ্ন চলাচলের জন্য ওয়াকওয়ে নির্মাণ করা হবে।

খুলনা বিভাগীয় কাউন্টার শেডের দক্ষিণ পাশে একই ধরনের আরো একটি নতুন কাউন্টার শেড নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। বর্ষাকালে বিভিন্ন কাউন্টার শেডে বৃষ্টির পানি নিষ্কাশনের সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

টার্মিনালের অভ্যন্তরে ড্রেনেজ ব্যবস্থারও উন্নয়ন করা হবে। পাশাপাশি যাত্রীদের বিশ্রামের জন্য পর্যাপ্ত সংখ্যক বেঞ্চ স্থাপন করা হবে।

ডিএসসিসি কর্তৃপক্ষ আশা করছে, এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়ন হলে সায়দাবাদ বাস টার্মিনালের ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে। একই সঙ্গে সড়কে ছড়িয়ে থাকা বাস কাউন্টার কমানো সম্ভব হলে রাজধানীর যানজট ও যাত্রীদের ভোগান্তিও অনেকাংশে কমে আসবে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় মাদকবিরোধী আলোচনা ও বৃক্ষরোপণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


বগুড়ায় মাদকবিরোধী আলোচনা ও বৃক্ষরোপণ

বগুড়ার নন্দীগ্রামে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা, বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কড়ইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় ও হাটকড়ই ডিগ্রি কলেজে পৃথকভাবে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। মায়ের আশ্রয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র বগুড়ার উদ্যোগে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাদকমুক্ত সমাজ গঠন ও পরিবেশ সুরক্ষায় তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মোহা. জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মায়ের আশ্রয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক ডি. ইঞ্জিনিয়ার পলিন হাসান। প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবিরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কড়ইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ন.ম. নাজমুল সাদাত।

এ সময় দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বন্দরে নিলাম-অযোগ্য ১২৬ কনটেইনার পণ্য ধ্বংস করা হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৪ পি.এম


চট্টগ্রাম বন্দরে নিলাম-অযোগ্য ১২৬ কনটেইনার পণ্য ধ্বংস করা হচ্ছে

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ : চট্টগ্রাম কাস্টমস হাউস বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিলাম-অযোগ্য, নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ ১২৬টি কনটেইনারে রক্ষিত মোট ৩ হাজার ২৬৮ টন পণ্য পরিবেশসম্মত উপায়ে ধ্বংস করা হচ্ছে।

আজ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ধ্বংসযোগ্য পণ্যসমূহের মধ্যে রয়েছে ৩৪ কনটেইনার নিম্নমানের খেজুর, ৪০ কনটেইনার মেয়াদোত্তীর্ণ সোডা অ্যাশ, ১৮ কনটেইনার মেয়াদোত্তীর্ণ ফিড গ্রেড লাইম স্টোন এবং অন্যান্য পচনশীল ও নষ্ট পণ্য যেমন—কমলা, পেঁয়াজ, কাজুবাদাম (কেশনাট) ইত্যাদি।

গতকাল সোমবার সকাল ১০টা থেকে চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাবের পেছনের নির্ধারিত স্থানে এ ধ্বংস কার্যক্রম শুরু হয়েছে, যা নিরবচ্ছিন্নভাবে পরিচালিত হচ্ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিজিবি, আনসার সদস্য এবং স্থানীয় বন্দর থানা পুলিশের একটি দল সরেজমিনে উপস্থিত থেকে পুরো ধ্বংস কাজের নিরাপত্তা নিশ্চিতকরণসহ সার্বিক সহায়তা প্রদান করছেন।

চট্টগ্রাম কাস্টমস হাউস পরিচালিত পচনশীল ও ক্ষতিকর পণ্য ধ্বংসের এ কার্যক্রম চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট নিরসনে অত্যন্ত কার্যকরী অবদান রাখবে বলে আশা প্রকাশ করছে জাতীয় রাজস্ব বোর্ড।

চট্টগ্রাম বন্দরের সার্বিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সহযোগিতায় বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিলাম-অযোগ্য এবং ধ্বংসযোগ্য পণ্যসমূহ পর্যায়ক্রমে ধ্বংস করার এ প্রক্রিয়া জরুরি ভিত্তিতে অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’র যাত্রা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৪ পি.এম


‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’র যাত্রা শুরু

সিলেট নগরীর পরিকল্পিত, সমন্বিত ও টেকসই উন্নয়নের প্রত্যাশায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। দীর্ঘদিনের অপরিকল্পিত নগরায়ণ, সমন্বয়হীন উন্নয়ন ও ভবিষ্যৎ সম্প্রসারণের চ্যালেঞ্জ মোকাবিলায় মাস্টারপ্ল্যান প্রণয়নসহ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করবে নতুন এই কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুরে নগরীর নাইওরপুল এলাকার হোটেল ফরচুন গার্ডেনে সিউকের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনের মধ্য দিয়ে সংস্থাটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। কার্যালয়ের উদ্বোধন করেন বাণিজ্য, বস্ত্র ও পাট ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘নতুন একটি সরকারি সংস্থার যাত্রা শুরু হওয়া সিলেটবাসীর জন্য আনন্দের বিষয়। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষকে সরকারের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি নগরের ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’

তিনি বলেন, ‘সরকারি উন্নয়নকাজ সঠিকভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি। সমন্বয়ের ঘাটতি থাকলে উন্নয়নকাজই অনেক সময় নতুন সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।’

সিউককে এ বিষয়ে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যেন সমন্বয়হীনতা তৈরি না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব নতুন এই সংস্থারও রয়েছে। সিলেটের আগামী দিনের উন্নয়নে সিউক গুরুত্বপূর্ণ সহযোগী ভূমিকা পালন করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।’

এর আগে রবিবার (২৩ আগস্ট) সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী সিউকের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সিলেট ও এর পার্শ্ববর্তী এলাকাকে পরিকল্পিত, সমন্বিত, টেকসই ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করবে সিউক। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি বিভিন্ন দপ্তর, পেশাজীবী সংগঠন, সুশীল সমাজসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%