ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কুলিয়ারচরে জুয়েল হত্যা: নিরপরধদের অব্যাহতি ও প্রকৃত খুনিদের ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে বড়চারাবাসী


কুলিয়ারচরে জুয়েল হত্যা: নিরপরধদের অব্যাহতি ও প্রকৃত খুনিদের ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে বড়চারাবাসী

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় নির্মমভাবে নিহত অটোরিকশা চালকের পুত্র জুয়েল মিয়া (২০) হত্যার প্রতিবাদে এবং প্রকৃত খুনিদের ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে হত্যা কাণ্ডের ঘটনাস্থ বড়চারা গ্রামের ক্ষুব্ধ এলাকাবাসী। প্রকাশ্য দিবালোকে ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ডের কয়েকদিন অতিবাহিত হলেও জুয়েল হত্যার সাথে জড়িত প্রকৃত খুনীদের কেউ গ্রেফতার না হওয়ায় এলাকায় তীব্র ক্ষোভ ও বিচারহীনতার আতঙ্ক বিরাজ করছে। অপর দিকে মামলায় কিছু নিরপরাধ ব্যক্তিকে জড়ানো হয়েছে দাবী করে এদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবীও জানানো হয়েছে।

গত ২০ জুলাই রোববার বাদ আছর উপজেলার আগরপুর-পোড়াদিয়া হাইওয়ে রাস্তার বড়চারা নতুন বাজার রাস্তার ওপর "১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের সর্বস্থরের জনগন' ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বড়চারা গ্রামের বাসিন্দা উপজেলা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক ও গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামছুল আলম ওরুফে এলেম, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. ইমরান খান ও ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দিনের ভাই শাহ্ আলমের নেতৃত্বে বড়চারা ও আশেপাশের এলাকার সকল শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বিক্ষোভ মিছিলে স্লোগান তোলে "সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে দাও গুটিয়ে দাও, খুনিদের ঠিকানা বড়চারা হবেনা, জুয়েল হত্যার বিচার চাই-বিচার চাই, নিরপরাধ ব্যক্তিদের মুক্তি চাই-মুক্তি চাই।"

মানববন্ধনে উপজেলা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক ও গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সামছুল আলম উরুফে এলেম জুয়েল হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবী করে বলেন, দুইদিন আগে কিশোরগঞ্জ আদালত থেকে জুয়েল হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার নকল তুলে জানতে পারেন এ মামলায় তাকে ১১ নম্বর আসামি করা হয়েছে। তার এইচ.এস.সি পরীক্ষার্থী ছেলে তৌকিকে ২ নম্বর আসামি করা হয়েছে। ভাতিজা ছায়িম মিয়াকে ৮ নম্বর আসামি করা হয়েছে। ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দিনকে ১ নম্বর আসামি করা হয়েছে এবং নাজিম উদ্দিনের ছেলে মো. সানিকে ৫ নম্বর আসামি করা হয়েছে। এছাড়া ৯ নং আসামি সোহান মিয়া ঢাকায় ছিলেন এমন দাবী করেন। তারা কেউ জুয়েল হত্যার সাথে জড়িত নয় দাবী করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ মামলা থেকে তাদেরকে অব্যাহতি দেওয়ার দাবী জানান তিনি।

আরও পড়ুন: ইসলামের জন্য ক্ষমতা ছাড়তে পারি, ক্ষমতার জন্য ইসলাম নয়: ফয়জুল করীম

মানববন্ধনে উপজেলা বিএনপির স্বেচ্ছা সেবক বিষয়ক সম্পাদক মো. নাদিরুজ্জামান খসরু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. মেজবাহুল হক খোকা, বিএনপি নেতা মো. সেলিম মিয়া, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সাফি উদ্দিন ও ইউনিয়ন তরুণ দলের সাবেক সভাপতি মো. নাঈম আনোয়ার সহ বড়চারা ও আশেপাশের এলাকার সকল শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এসময় বক্তারা "জুয়েলকে যারা খুন করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি করে নিরপরাধ ব্যক্তিদেরকে এ মামলা থেকে অব্যাহতি চেয়েছেন।

এর আগের দিন শনিবার বাদ আছর একই স্থানে জুয়েল হত্যার প্রতিবাদে ও বিচার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা জুয়েল হত্যার ঘটনায় নিরপরাধ কাউকে হয়রানি না করার দাবী জানান।

এরও আগে গত ১৩ জুলাই সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আগরপুর-পোড়াদিয়া হাইওয়ে রাস্তার লক্ষ্মীপুর বাজার সংলগ্ন ব্রিজের ওপর ‘ঐক্যবদ্ধ লক্ষ্মীপুরের জনগণ’ ব্যানারে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে লক্ষ্মীপুর ও আশেপাশের এলাকার সকল শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা রাস্তার ওপর বাঁশ বেঁধে ও শুয়ে এবং টায়ার ও কাঠে আগুন জ্বালিয়ে বিকেল সোয়া ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়।

আরও পড়ুন: মহাঅষ্টমীতে বরিশালের পূজামণ্ডপ পরিদর্শনে বিএমপি কমিশনার, নিরাপত্তায় কঠোর নজরদারি

মানববন্ধনে উপস্থিত নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, হত্যাকাণ্ডের পর থেকে একটি প্রভাবশালী মহল পুরো বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে। অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসন দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পারেনি। "কোনো রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় বা প্রভাবশালী মহলের হস্তক্ষেপে মামলার তদন্ত প্রক্রিয়া ব্যাহত করা যাবে না।

এর আগে গত ১১ জুলাই শনিবার জুয়েল মিয়ার জানাজা শেষে লাশ দাফনের আগে খাটিয়া কাঁধে নিয়ে শত শত মানুষ লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বুধাইবাড়ি পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। দফায় দফায় বিক্ষোভ সত্ত্বেও কেউ গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই শুক্রবার বিকেলে জুয়েল মিয়া তার এক বন্ধুর ডিমের গাড়িতে চড়ে আগরপুর বাসস্ট্যান্ড থেকে লক্ষ্মীপুর বাজারের দিকে আসছিলেন। গাড়িটি গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের বড়চারা বাজারের ১০০ গজ পশ্চিমে পৌঁছালে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত সেটির গতি রোধ করে। তারা জুয়েলকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে প্রকাশ্যে রাস্তায় এলোপাতাড়ি মারধর করে চলে যায়। এসময় পথচারীরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর দাবি, লক্ষ্মীপুর ও বড়চারা এলাকার কয়েকজন যুবকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তবে নিহত জুয়েল সম্পূর্ণ নিরপরাধ ছিলেন এবং ওই বিরোধের সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না। তিনি গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বুধাইবাড়ি গ্রামের অটোরিকশা চালক মো. কুদ্দুস মিয়ার ছেলে।

আরও পড়ুন: চট্টগ্রামে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে বন্ধুর প্রাণ গেল, আহত ২

এ ঘটনায় কুলিয়ারচর থানা পুলিশ মামলা গ্রহণে গড়িমসি করায় নিহতের পিতা মো. কুদ্দুস মিয়া বাদী হয়ে গত ১৬ জুলাই উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের বড়চারা গ্রামের মৃত ছাবুদ আলীর ছেলে স্থানীয় ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দিন (৫৫) ও তার ছেলে মো. সানি (২২), মৃত ইসমাইল মাষ্টারের ছেলে উপজেলা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক ও গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সামছুল আলম উরুফে এলেম (৫৫), এলেমের ছেলে মো. তৌকি মিয়া (২০) ও এলেমের ভাই মো. আসাদ উল্লাহ'র ছেলে মো. ছায়িম মিয়া (২০), আনসার বিডিপি কমান্ডার মো. জামান এর ছেলে মো. আসিফ মিয়া (২২), মো. হুমায়ুনের ছেলে মো. রনি (২১), মো. জসিম উদ্দিনের ছেলে মো. সাকিব মিয়া (২১), মো. জামাল মিয়ার ছেলে মো. সালমান মিয়া (২২), মো. ইব্রাহিমের ছেলে মো. সোহান মিয়া (২১), মো. দুলাল মিয়ার ছেলে মো. জিদনী মিয়া (২২), ইছু মিয়ার ছেলে মো. টুকুল মিয়া (২২) ও সবুজ মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২৩) সহ অজ্ঞাতনামা ৭/৮ জনের নামে আমলগ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত নং- ২ কিশোরগঞ্জে একটি মোকদ্দমা দাখিল করেন।

বাদী কুদ্দুস মিয়ার দাবি, রহস্যজনক কারণে পুলিশ প্রথমে মামলা না নেওয়ায় তিনি বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন।

অন্যদিকে, সাধারণ গ্রামবাসীর অভিযোগ-একটি প্রভাবশালী মহল আসল অপরাধীদের আড়াল করতে এবং রাজনৈতিক বা ব্যক্তিগত শত্রুতা মেটাতে পুরো বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে। যেকোনো প্রভাব ও রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ের ঊর্ধ্বে উঠে পুলিশ ও জেলা প্রশাসন যেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘাতকদের গ্রেফতার করে ফাঁসির কাষ্ঠে ঝোলায়-এখন এটিই কুলিয়ারচরের সর্বস্তরের মানুষের একমাত্র দাবি।

আরও পড়ুন: কেরানীগঞ্জে জমির বিরোধে বাড়ি ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য দিতে হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০১:৩৫ এম


মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য দিতে হবে: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনার নিহত হওয়ার ফলে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, প্রতিটি মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে।

গত সপ্তাহান্তে মধ্যপ্রাচ্যে তিন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরপরই ট্রাম্প এই কঠিন হুঁশিয়ারি দিলেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যানিয়েল কেইনসহ অন্য শীর্ষ সামরিক কর্মকর্তাদের এ বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন। শিগগিরই, ডোনাল্ড ট্রাম্প নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে ডেলাওয়্যারের ডোভার বিমানঘাঁটিতে যাবেন।

জানা গেছে, জর্ডানে ইরানি হামলায় দুই মার্কিন সেনা এবং ইরাকে ভূপাতিত ড্রোন নিষ্ক্রিয় করতে গিয়ে অপর এক সেনার মৃত্যু ঘটেছে। গত পাঁচ মাসের যুদ্ধে এখন পর্যন্ত ১৭ মার্কিন সেনা নিহত এবং প্রায় ৪৩০ জন আহত হয়েছেন। এই সেনা নিহতের প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে টানা নবম রাতে বিমান হামলা চালিয়েছে। দেশটিকে সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিয়ে মার্কিন বাহিনী এখন ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রগুলোতে আঘাত হানছে। এর প্রতিশোধ হিসেবে বাহরাইন ও কুয়েতের মতো মার্কিন মিত্রদের ওপরও হামলা চালিয়েছে ইরান।

পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান পাঠাতে শুরু করেছে। ট্রাম্প হুমকি দিয়েছেন, প্রয়োজনে ইরানের জ্বালানি স্থাপনা, খার্গ দ্বীপের তেল কেন্দ্র এবং মাটির নিচের পারমাণবিক স্থাপনাগুলোতেও বড়সড় আকারে হামলা চালানো হবে।

প্রায় এই যুদ্ধের প্রধান লক্ষ্য হলো ‘হরমুজ প্রণালি’ খুলে দেওয়া এবং ভবিষ্যৎ অভিযানের পথ পরিষ্কার করতে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা। এদিকে, চলমান এই যুদ্ধ ও এর বিপুল আর্থিক ব্যয় সম্পর্কে মঙ্গলবার মার্কিন কংগ্রেসে সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ শুনানির আয়োজন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মামদানির হুমকির পর নেতানিয়াহুর পাশে দাঁড়ালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০১:৪১ এম


মামদানির হুমকির পর নেতানিয়াহুর পাশে দাঁড়ালেন ট্রাম্প

নিউইয়র্কের মেয়রের হুমকির পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে শক্ত অবস্থান নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র সফরে এলে তিনি বলেছেন, কোনো অবস্থাতেই নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনোভাবেই বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না। যদিও পোস্টে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নাম সরাসরি উল্লেখ নেই, তাও তিনি ইরান যুদ্ধে সহায়তার জন্য ইসরায়েলের প্রশংসা করেন।

এর আগে শনিবার এক সাক্ষাৎকারে নিউইয়র্কের মেয়র মামদানি বলেন, নেতানিয়াহুকে গ্রেপ্তারের বিষয়ে আইনগত দিকগুলো খতিয়ে দেখছে তার আইনি দল। তিনি মন্তব্য করেন, "আমার বিশ্বাস, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জায়গা হেগে। তিনি একজন যুদ্ধাপরাধী।" প্রতি বছর সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যান নেতানিয়াহু। গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়া মামদানি নির্বাচনী প্রচারণায়ও ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

মেয়রের এমন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। রোববার এক্সে দেওয়া এক পোস্টে তারা মামদানির সমালোচনা করে আইসিসিকে ‘ক্যাঙ্গারু কোর্ট’ এবং গ্রেপ্তারি পরোয়ানাকে ভুয়া বলে আখ্যা দেয়।

প্রসঙ্গত, গাজা যুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দ্য হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আইসিসির সদস্য নয়। ইসরায়েল শুরুর থেকেই এই অভিযোগ ও আদালতের এক্তিয়ার অস্বীকার করে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুর বুদ্ধিমত্তায় ভারতের ৭ জনের প্রাণ রক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০১:৪৭ এম


শিশুর বুদ্ধিমত্তায় ভারতের ৭ জনের প্রাণ রক্ষা

একটি পরিবারের সদস্যরা খাবারের টেবিলে বসে থাকা অবস্থায় হঠাৎ বিপদ সম্পর্কে অবগত হয় একজন শিশু। শিশুটির দ্রুত এবং চটজলদি সতর্কবার্তায় বিপর্যয়কর অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছেন পরিবারের সাতজন সদস্য। এটি ঘটেছে সম্প্রতি ভারতের হায়দরাবাদে।

জানা যাচ্ছে, শনিবার (১৮ জুলাই) রাতে বিজয়নগর কলোনির একটি বহুতল ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে আগুন লেগেছিল। তখন পরিবারের সদস্যরা নৈশভোজে ব্যস্ত ছিল। ঘরের ভেতরের আগুন দেখতে পেয়ে শিশুটি চিৎকার করে জানিয়ে দেয় সবাইকে। এর ফলে, পরিবারের সমস্ত সদস্য দ্রুতভাবে বহুতল ভবনটি থেকে নামতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ধারণা, শোবার ঘরের সুইচবোর্ড থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের উৎপত্তি হয়েছে। এই আগুন মুহূর্তের মধ্যেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ফার্নিচার এবং গৃহস্থালি নানা মালামালের মধ্যে আগুন ধরে যায়। পরিবারটি কোনো কালবিলম্ব না করে দ্রুতভাবে নিচে নেমে আসে।

হায়দরাবাদের জেলা ফায়ার অফিসার টি ভেঙ্কান্না জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওই ফ্ল্যাটের তিন শিশু সহ সাত সদস্য নিরাপদে ভবনের নিচে নেমে আসেন। ফলে বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

যদিও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে, তবে আগুনে ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, আগুনের তাপে একটি বেডরুমের আসবাবপত্র, টেলিভিশন, আলমারি এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। একই সঙ্গে সেখানে থাকা প্রায় ১৫ তোলা স্বর্ণালঙ্কারও আগুনে নষ্ট হয়েছে।

এ ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আম্বরপেট, অ্যাসেম্বলি ও গাওলিগুড়া ফায়ার স্টেশন থেকে চারটি অগ্নিনির্বাপক গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দমকল কর্মীরা প্রায় এক ঘণ্টার অবিরাম চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বাতাস থাকা সত্ত্বেও আগুন অন্য কোনো ফ্ল্যাটে ছড়াতে পারেনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪ বছরে যুক্তরাজ্য পেয়েছে ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন কি বার্নহাম?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০১:৫১ এম


৪ বছরে যুক্তরাজ্য পেয়েছে ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন কি বার্নহাম?

যুক্তরাজ্যের রাজনীতিতে টালমাটাল পরিস্থিতি যেন কোনোভাবেই কাটছে না। বিগত ৪ বছরে মোট ৫ জন প্রধানমন্ত্রী পাওয়ার মধ্য দিয়ে এক নজিরবিহীন রাজনৈতিক অস্থিরতার সাক্ষী হলো ১০ নম্বর ডাউনিং স্ট্রিট।

কিয়ার স্টারমারের নাটকীয় পদত্যাগের পর সোমবার (২০ জুলাই) লেবার পার্টির অভিজ্ঞ নেতা এবং গ্রেটার ম্যানচেস্টারের জনপ্রিয় সাবেক মেয়র অ্যান্ডি বার্নহাম যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

বাকিংহাম প্যালেসে রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর বার্নহাম জানান, তার সরকার দেশের অর্থনীতি ও জীবনযাত্রার মান উন্নয়নে বড় ধরনের পরিবর্তন আনবে। তবে বর্তমান ব্রিটিশ রাজনীতির ঘূর্ণাবর্তে দাঁড়িয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন— অ্যান্ডি বার্নহাম কি তার পূর্ণ মেয়াদ সাফল্যের সঙ্গে শেষ করতে পারবেন, নাকি পূর্বসূরিদের মতোই মাঝপথে বিদায় নিতে হবে?

বিগত কয়েক বছর ধরে ব্রেক্সিট-পরবর্তী অর্থনৈতিক ধাক্কা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সংকটে ব্রিটেনের রাজনীতিতে একের পর এক নেতৃত্ব পরিবর্তন হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম পিবিএস নিউজ তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে, মাত্র এক দশকে বার্নহাম ব্রিটেনের সপ্তম প্রধানমন্ত্রী। বরিস জনসন, লিজ ট্রাস, ঋষি সুনাক এবং সর্বশেষ কিয়ার স্টারমারের পর বার্নহামের এই অভিষেককে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ব্রিটেনের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনের চরম বহিঃপ্রকাশ হিসেবে দেখছে। স্টারমার যেখানে মাত্র দুই বছর টিকে থাকতে পেরেছেন, সেখানে বার্নহামের সামনে চ্যালেঞ্জটা পাহাড়সম।

যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অব ফরেন রিলেশনস (সিএফআর)-এর এক রাজনৈতিক বিশ্লেষণে বলা হয়েছে, বার্নহামের ক্ষমতার কেন্দ্রে আসা লেবার পার্টির শীর্ষ নেতৃত্বের একটি বড় রূপান্তর। তিনি মূলত বিকেন্দ্রীকরণ এবং আঞ্চলিক পুনর্গঠনের নীতি নিয়ে চলেন। তবে তার সাফল্যের মূল চাবিকাঠি নির্ভর করবে তিনি তার নিজস্ব মন্ত্রিসভা এবং বিভক্ত লেবার এমপিদের কতটা ঐক্যবদ্ধ রাখতে পারেন তার ওপর।

ব্রিটেনের সংসদীয় ব্যবস্থায় সাধারণ নির্বাচন ছাড়াই ক্ষমতাসীন দল তাদের নেতা পরিবর্তন করতে পারে, যার ফলে দলের ভেতরে একটু অসন্তোষ দানা বাঁধলেই প্রধানমন্ত্রীর চেয়ার নড়েচড়ে ওঠে।

ওয়াশিংটন পোস্ট তাদের এক বিশেষ প্রতিবেদনে বার্নহামের আন্তর্জাতিক কূটনীতি ও বিশ্বরাজনীতির চ্যালেঞ্জগুলো তুলে ধরেছে। সংবাদমাধ্যমটির মতে, বার্নহামের দীর্ঘ অভ্যন্তরীণ প্রশাসনিক অভিজ্ঞতা থাকলেও বৈশ্বিক রাজনীতি কিংবা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তার অভিজ্ঞতা তুলনামূলক সীমিত। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে ডাউনিং স্ট্রিটের সমীকরণ মেলানো এবং ইউক্রেন-রাশিয়া সংকটে ব্রিটেনের অবস্থান ধরে রাখা তার জন্য বড় পরীক্ষা হবে। ওয়াশিংটন পোস্টের বিশ্লেষকদের মতে, বার্নহামের ব্যক্তিত্ব কিছুটা আবেগপ্রবণ, যা আন্তর্জাতিক চাপের মুখে তাকে কিছুটা নাজুক অবস্থানে ফেলতে পারে, যদিও ১০ বছরের আঞ্চলিক মেয়রের অভিজ্ঞতা তাকে শাসনকাজে অনেকটাই পরিপক্ব করেছে।

অন্যদিকে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু’র ভাষ্য, বার্নহাম লেবার পার্টির ৪০১ জন সংসদ সদস্যের মধ্যে ৩৭৯ জনের বিপুল সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছেন। এই বিশাল জনসমর্থন এবং জনগণের কাছে তার ‘কিং অব দ্য নর্থ’ বা সাধারণ মানুষের নেতা হিসেবে ইমেজ তাকে প্রাথমিক স্তরে বড় সুবিধা দেবে। দ্য হিন্দুর মতে, অর্থনৈতিক সংস্কার ও কর কাঠামোতে বড় কোনো বিপর্যয় না ঘটলে এবং দলের ভেতরের শৃঙ্খলা বজায় রাখতে পারলে বার্নহামের পক্ষে আগামী সাধারণ নির্বাচন পর্যন্ত টিকে থাকা অসম্ভব নয়।

পরিশেষে বলা যায়, অ্যান্ডি বার্নহাম এমন এক সময়ে ব্রিটেনের হাল ধরেছেন যখন ব্রিটিশ নাগরিকরা ঘন ঘন সরকার পরিবর্তনে ক্লান্ত। তবে ব্রিটেনের বর্তমান অর্থনৈতিক মন্দা, মূল্যস্ফীতি এবং আন্তর্জাতিক ভূ-রাজনীতির যে জটিল সমীকরণ, তাতে বার্নহামের মেয়াদ শেষ করার বিষয়টি শুধু তার জনপ্রিয়তার ওপর নির্ভর করছে না। ডাউনিং স্ট্রিটের এই ‘মিউজিক্যাল চেয়ার’ খেলা বন্ধ করে তিনি যদি আগামী তিন বছর সরকারের স্থিতিশীলতা বজায় রাখতে পারেন, তবেই ব্রিটেনের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%