১০:৫৪ পি.এম
ফেনী, ১০ অক্টোবর, ২০২৬ : জেলার সোনাগাজী এলাকায় প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে এবং নিষিদ্ধ সময়ে নিষেধাজ্ঞা অমান্য করে বড় ফেনী নদীতে মাছ শিকার করার অভিযোগে মৎস্য বিভাগ ৩ হাজার মিটার চরঘেরা ও কারেন্ট জাল জব্দ করেছে।
আজ শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার মুহুরী প্রকল্প এলাকা থেকে চর খোন্দকার ও চর আবদুল্লাহ এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া।
উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার জানান, প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় শনিবার দুপুর থেকে বড় ফেনী নদীতে অভিযান শুরু হয়।
আরও পড়ুন: দিরাইয়ের পূর্বাঞ্চলে চ্যাপ্টিয়ার হাওরের পানি কমে বিপাকে যাত্রী ও কৃষক, দুশ্চিন্তায় বোরো চাষিরা
অভিযানের সময় মৎস্য কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে কিছু অসাধু জেলে নদীতে জাল ফেলে নৌকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে অভিযানে মা ইলিশ সংরক্ষণের জন্য নিষিদ্ধ সময়ে নদীতে জাল ফেলে মাছ ধরার অভিযোগে নদী থেকে ৩ হাজার মিটার চর ঘেরা ও কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলো জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার, সহকারী মৎস্য কর্মকর্তা বিজয় কুমার পালসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা করেন।
প্রসঙ্গত, মা ইলিশ সংরক্ষণে গত ৮ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। টানা ২২ দিন ইলিশ শিকার, বিপণন, মজুত ও পরিবহন বন্ধ থাকবে।
আরও পড়ুন: সাজেকের সমস্যা সমাধানে আলোচনা অব্যাহত: প্রতিমন্ত্রী মীর হেলাল
সরকার ২৯ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করবে। এ নিষেধাজ্ঞা ২৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন