বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:৪৭ পি.এম
দিনাজপুরের কাহারোল উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম জনবল সংকটের কারণে অনেকটাই স্থবির হয়ে পড়েছে। একজন অতিরিক্ত কর্মকর্তাকে একসাথে দিনাজপুর সদর, কাহারোল ও ফুলবাড়ী এই তিন উপজেলার দায়িত্ব পালন করতে হচ্ছে। এর ফলে নিয়মিত মনিটরিং, তদারকি ও শিক্ষা সংক্রান্ত সেবা প্রদান করতে সংশ্লিষ্টদের হিমশিম খেতে হচ্ছে, কাহারোল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক অবসরে যাওয়ার পর, দিনাজপুর সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ অতিরিক্ত শিক্ষা অফিসারের দায়িত্ব পালন করছেন কাহারোল ও ফুলবাড়ী উপজেলায়। তিন উপজেলার দায়িত্বে থাকার কারণে নিয়মিত দাপ্তরিক কাজের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের মনিটরিং ও একাডেমি তদারকিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হচ্ছে। সপ্তাহে সোমবার একদিন অফিস করেন এই শিক্ষা অফিসার।
বর্তমানে কাহারোল উপজেলায় ৪৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৮টি মাদ্রাসা এবং ৭টি কলেজ রয়েছে। এইসব প্রতিষ্ঠানে একাডেমি তদারকি, প্রশাসনিক কার্যক্রম, বিভিন্ন প্রতিবেদন এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নসহ নানা সেবা নিশ্চিত করার দায়িত্ব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের। কিন্তু এই গুরুত্বপূর্ণ পদটি দীর্ঘদিন ধরে শূন্য থাকায়, অফিসের প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত তদারকি ও একাডেমির উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। অতিরিক্ত দায়িত্বে থাকা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বলেন, "আমি একাই তিন উপজেলার কাজ করছি। কাহারোল, ফুলবাড়ী ও দিনাজপুর সদর।" তিনি আরও বলেন, "এতগুলো প্রতিষ্ঠানের সব কিছু নিয়মিত মনিটরিং করা সম্ভব হচ্ছে না।"
এ ব্যাপারে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদটি দীর্ঘদিন শূন্য থাকায় যে সমস্যা সৃষ্টি হচ্ছে, তা দ্রুত সমাধানের জন্য জেলা মিটিংয়ে বিষয়টি উত্থাপন করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীতে পুলিশের দ্বারা এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। যুবকের নাম ইসমাইল হোসেন, বয়স ২২ বছর। নগরীর সিপাইপাড়া এলাকায় নির্মাণ কাজের জন্য নির্মিত একটি টিনশেড ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ ঝুলছিল। বৃহস্পতিবার, ১২ নভেম্বর, দুপুর ২টার দিকে রাজপাড়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
ইসমাইল হোসেন ওই এলাকায় তার মা ও ভাইয়ের সঙ্গে ভাড়া থাকতেন। তিনি নির্মাণ সাইটে প্রহরী হিসেবে কাজ করতেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অবস্থিত। বাবার নাম জাহাঙ্গীর আলম। কয়েকদিন গ্রামের বাড়িতে থাকার পর বৃহস্পতিবারই তিনি কাজে যোগদান করেন।
রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, ইসমাইল হোসেন আত্মহত্যা করেছেন। বিষয়টি নিশ্চিত করার জন্য মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই বিষয়টি নিশ্চিত হওয়া সম্ভব হবে। তিনি আরও জানান, আপাতত একটি অপমৃত্যুর মামলা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীতে বিচারকের ১৬ বছর বয়সী ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগে লিমন মিয়া (৩৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। একই মামলায়, তাঁকে পৃথক দুটি ধারায় ১০ বছর করে কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২-এর বিচারক রেজাউল করিম এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত লিমন মিয়ার বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামে অবস্থিত। তাঁর বাবা এইচ এম সোলায়মান হোসেন শহীদ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। লিমন গাইবান্ধা সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। ২০১৮ সালে চাকরি ছেড়ে বাড়ি ফিরে তিনি বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত হন।
মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ১৩ নভেম্বর দুপুরে রাজশাহী নগরের ডাবতলা এলাকার একটি ভাড়া বাসায় ঢুকে লিমন তাওসিফ ও তাঁর মা তাসমিন নাহারকে ছুরিকাঘাত করেন। ঘটনার সময় তাওসিফের বাবা আবদুর রহমান রাজশাহী মহানগর দায়রা জজ হিসেবে আদালতে ছিলেন।
লিমন ‘বিচারকের ভাই’ পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করেছিলেন। সেখানে তাওসিফ ও তাঁর মা ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না। ছুরিকাঘাতের পর তাওসিফের রক্ত শরীরে মেখে লিমন নিজেও আহত হওয়ার ভান করে পড়ে থাকেন। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় তাঁর মাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিমনকে আটক করে পুলিশ। পরদিন বিচারক আবদুর রহমান বাদী হয়ে রাজপাড়া থানায় তাঁর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিচারক আবদুর রহমানের বাড়ি জামালপুরে হলেও তাঁর স্ত্রী তাসমিন নাহারের বাবার বাড়ি গাইবান্ধা শহরের এটেস্ট্রেটপাড়ায়। একই জেলার বাসিন্দা হওয়ায় তাসমিন নাহারের সঙ্গে লিমনের পরিচয় ছিল। লিমন প্রায়ই তাঁর কাছ থেকে আর্থিক সহায়তা নিতেন। একপর্যায়ে সহায়তা বন্ধ করে দিলে তাসমিন নাহার ও তাঁর পরিবারকে হত্যার হুমকি দেন লিমন।
ঘটনার ১০ দিন আগে ৩ নভেম্বর সকালে তাসমিন নাহারের মেয়ের ফেসবুক মেসেঞ্জারে কল করে পরিবারসহ হত্যার হুমকি দেন লিমন। তখন তাসমিন নাহার সিলেটে মেয়ের বাসায় ছিলেন। এ ঘটনায় ৬ নভেম্বর সিলেটের জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। জিডিতে আর্থিক সহায়তা না পেয়ে লিমনের হত্যার হুমকি দেওয়ার বিষয়টি উল্লেখ করেন।
পুলিশ ওই ঘটনায় লিমনকে সন্দেহভাজন হিসেবে আটক দেখিয়ে আদালতে পাঠায়। পরে জামিনে মুক্ত হয়ে রাজশাহীতে এসে তিনি এ হত্যাকাণ্ড ঘটান।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম জানান, মামলার অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা ৩২ জনকে সাক্ষী করেন। বিচার চলাকালে আদালতে বিচারক আবদুর রহমান ও তাঁর স্ত্রী তাসমিন নাহারসহ ২৯ জন সাক্ষ্য দেন। গত ৯, ১৪ ও ১৫ অক্টোবর মামলার যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করেন।
তিনি উল্লেখ করেন, আসামি মানসিকভাবে সুস্থ কি না, তা জানতে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষায় তিনি সম্পূর্ণ সুস্থ বলে জানা যায়। পরিকল্পিতভাবে তাওসিফকে ছুরিকাঘাতে হত্যা ও তাঁর মাকে আহত করার অভিযোগে লিমন দোষী সাব্যস্ত হন। আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।
রায় ঘোষণার সময় লিমনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে তাঁকে আবার কারাগারে পাঠানো হয়। রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী মামুন-অর-রসিদ বাবু। তিনি বলেন, ‘আমড়া এখনই বিস্তারিত বলছি না। তবে আমড়া রায়ে অসন্তুষ্ট। উচ্চ আদালতে আপিল করব।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পটুয়াখালী নতুন বাসস্ট্যান্ডে ‘এস আলম পরিবহণ’-এর টিকিট কাউন্টার বেআইনিভাবে তালাবদ্ধ করে দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর হামলাকারীদের বিচার ও কাউন্টার পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ঋবফবৎধঃরড়হ পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক এবং জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক মো: মিজানুর রহমান টিটু।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো: মিজানুর রহমান টিটু জানালেন, পটুয়াখালী নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন রিয়াজ উদ্দিন মার্কেটের একটি দোকান ঘর ভাড়া নিয়ে তিনি দীর্ঘ ৩ মাস ধরে আন্তর্জাতিক পরিবহণ সেবা ‘এস আলম পরিবহণ’-এর কাউন্টার পরিচালনা করে আসছিলেন। নিয়মিত ঘর ভাড়া পরিশোধের রসিদ ও চুক্তিপত্রের দলিল থাকা সত্ত্বেও গত ৯ নভেম্বর (সোমবার) সন্ধ্যা সাড়ে ৬ টায় কোনো ধরনের লিখিত নোটিশ ছাড়াই সাইফুল মৃধার নেতৃত্বে ২০-২৫ জন লোক জোরপূর্বক কাউন্টারে প্রবেশ করে। হামলাকারীরা কাউন্টারে থাকা তাঁর ছেলে এবং কাউন্টার সহকারী বদরুল আলমগীরকে মারধর ও কিল-ঘুসি মেরে বের করে দিয়ে কাউন্টারে তালা ঝুলিয়ে দেয়। উক্ত হামলার ভিডিও চিত্র এবং ঘর ভাড়ার যাবতীয় বৈধ কাগজপত্র তাঁর নিকট সংরক্ষিত রয়েছে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে টিটু আরও অভিযোগ করেন, দখলদার চক্রটি ঘটনা আড়াল করতে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) এআই (অও) প্রযুক্তির অপব্যবহার করে ভুয়া চুক্তিপত্র ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁর সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করছে। অভিযুক্ত সাইফুল মৃধার বিরুদ্ধে এলাকা দখল, লুটপাট ও চাঁদাবাজির একাধিক মামলা এবং গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে দাবি করা হয়। সংবাদ সম্মেলন থেকে দ্রুত বেআইনিভাবে দখলকৃত কাউন্টার উদ্ধার, পরিবহণ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভিযুক্ত সাইফুল মৃধাসহ সন্ত্রাসী চক্রটিকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়। উল্লেখ্য, মো: রিয়াজ মৃধার সাথে মো: মিজানুর রহমান টিটুর সাথে এস.আলম পরিবহণ কাউন্টার সংক্রান্ত ভাড়ার ডিড হয়েছিল, এ বিষয়ে তার সাথে বহুবার যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
একসময় পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ও কাছিপাড়া ইউনিয়নের সিকদার বাড়ি ও আকন বাড়ি ছিল পাকা দালান, গোয়ালভরা গরু, গোলাভরা ধান এবং মাছভরা পুকুরের আবাস। আত্মীয়স্বজন ও মানুষের পদচারণায় মুখরিত ছিল এই দুটি ঐতিহ্যবাহী পরিবার। কিন্তু এখন সেই আভিজাত্য কেবল স্মৃতিতে পরিণত হয়েছে। তেতুলিয়া, কবাই ও কারখানা নদীর ভাঙনে বসতভিটা, ফসলি জমি ও পারিবারিক সম্পদ হারিয়ে পরিবারগুলোর সদস্যরা ছড়িয়ে-ছিটিয়ে গেছেন। কেউ সড়কের পাশে আশ্রয় নিয়েছেন, কেউ অন্যের জমিতে অবস্থান করছেন। শুধু সিকদার ও আকন বাড়ি নয়, নদী তিনটির ভাঙনে বগা কাছিপাড়া এবং ফরিদপুর ইউনিয়নের বাহেরচর, পশ্চিম কাছিপাড়া, হাজীপুর ও গোপালিয়া, রঘুনদ্দিসহ কয়েকটি গ্রামের হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। অনেকের বসতঘর ও শেষ সম্বল ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। বর্তমানে বাজার, পুকুর, পাকা সড়ক ও তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙনের হুমকিতে রয়েছে। প্রতিদিন নদীর পাড় ভাঙছে, এবং নিঃস্ব মানুষের সংখ্যা বাড়ছে। উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত কাছিপাড়া ইউনিয়ন আয়তন, জনসংখ্যা, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যে বাউফলের গুরুত্বপূর্ণ ইউনিয়নগুলোর একটি। কিন্তু নদীভাঙনে এখানকার মানুষের জীবন থেকে হারিয়ে যাচ্ছে বসতভিটা, জীবিকা ও শেকড়ের স্মৃতি।
নদীভাঙনে নিঃস্ব হওয়া পরিবারগুলোর একজন নাসরিন বেগম (৩৫)। তিন ছেলেকে নিয়ে তাঁর সংসার। ২০০৭ সালে কাছিপাড়ার সিকদার বাড়ির ইব্রাহিম সিকদারের সঙ্গে বিয়ে হয় তাঁর। বিয়ের পর যে বাড়িতে সংসার শুরু করেছিলেন, সেই বাড়ির আর অস্তিত্ব নেই। নাসরিন বলেন, "একসময় তাঁদের বাড়িতে ৫০ থেকে ৬০টি পরিবারের বসবাস ছিল। ছিল পাকা দালান, গোয়ালভরা গরু, ধানভরা গোলা, মাছভরা পুকুর ও পাকা ঘাটলা। আত্মীয়স্বজনের কাছে বাড়িটির আলাদা পরিচিতি ছিল।" তিনি আক্ষেপ করে বলেন, "মাত্র দুই বছর আগেও সিকদার বাড়ির অস্তিত্ব ছিল। এখন স্বামী-সন্তান নিয়ে ফসলি জমিতে ঘর তুলে থাকতে হচ্ছে। কারখানা নদী আমার শ্বশুরবাড়ির সবকিছু গিলে খেয়েছে। একসময় এই বাড়িতে ১০০ থেকে ১৫০ মানুষের বসবাস ছিল। এখন আমড়া ছিন্নভিন্ন হয়ে গেছি।" সিকদার বাড়ি যেন একটি পরিবারের কয়েক প্রজন্মের স্মৃতি, সম্পদ ও পরিচয় হারানোর উদাহরণ।
বাহেরচরের ৭৮ বছর বয়সী নিত্য গোপালের জীবনেও নদীভাঙন কেড়ে নিয়েছে সবকিছু। সড়কের পাশে টিনের ছাউনির ছোট্ট দোচালা ঘরে তাঁর বসবাস। পাশে একটি ছোট চায়ের দোকান রয়েছে। সেই দোকানের আয় আর তিন মেয়ের সহযোগিতায় চলে তাঁর ও স্ত্রীর সংসার। তাঁর কোনো ছেলে নেই। তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। বসতভিটা ও জমিজমা হারিয়ে এখন জীবনের শেষ প্রান্তে এসে তাঁর সবচেয়ে বড় দুশ্চিন্তা, মৃত্যুর পর শেষকৃত্য হবে কোথায়। কান্নাজড়িত কণ্ঠে নিত্য গোপাল বলেন, "বাবার কাছে ছয় একর জমি পেয়েছিলাম। নদীভাঙনে সব গেছে। আমার জমি ভেঙে যে চর জেগেছে, সেই জায়গা প্রভাবশালীদের দখলে। মরার পর শ্মশানে যাওয়ার জায়গাটুকুও নেই।" নিত্য গোপালের মতো অনুকূল, বাসুদেবসহ আরও অনেক পরিবার জমি ও বসতভিটা হারিয়ে আশ্রয় নিয়েছেন অন্যের জমিতে কিংবা সড়কের পাশে। তাঁদের অভিযোগ, নদীতে বিলীন হওয়া জমির বিপরীতে নতুন করে জেগে ওঠা চরে নিজেদের জমির অধিকারও ফিরে পাননি তাঁরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, বাহেরচর থেকে গোপালিয়াবাঘা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে কারখানা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। এতে চররঘুনদ্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হিস্যাজাত সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোপালিয়াবাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকির মুখে পড়েছে। বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক জাকির সিকদার, এফ এম মামুন ও সুনীল দাস জানান, নদীভাঙনের কারণে শিক্ষার্থী কমে যাচ্ছে। কোনো কোনো বিদ্যালয়ের খুব কাছেই চলে এসেছে নদী। আগে যে নদী ছিল প্রায় তিন কিলোমিটার দূরে, এখন সেটি বিদ্যালয় থেকে মাত্র ১০০ থেকে ১৫০ মিটার দূরে। দ্রুত তীর রক্ষা করা না গেলে বিদ্যালয়গুলো নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। হিস্যাজাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বালাল সিকদার (৫৪) বলেন, "এই বিদ্যালয় থেকেই আমি পড়াশোনা করেছি। ছোটবেলার স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানটি চোখের সামনে হারিয়ে যাবে, এটা মেনে নেওয়া কঠিন। নদীর তীর রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।"
স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, ভাঙন অব্যাহত থাকলে বাহেরচর বাজারসহ আশপাশের বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানও রক্ষা করা কঠিন হবে। নদীভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন সময়ে জিওব্যাগ ফেলা হয়েছে। তবে এসব উদ্যোগ স্থায়ী সমাধান দিতে পারছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। কাছিপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইয়াকুব বলেন, "বর্ষা মৌসুমে পানি উন্নয়ন বোর্ড জিওব্যাগ ফেলে। কিন্তু ভাটার সময় সেগুলোর অনেক কিছুই আর খুঁজে পাওয়া যায় না। এভাবে ফসলি জমি, ঘরবাড়ি ও বসতভিটা হারাচ্ছে মানুষ। আমড়া দ্রুত ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা চাঁই।" পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বাহেরচর এলাকায় চররঘুনদ্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভাঙন রোধে জরুরি ভিত্তিতে ১০৫ মিটার অংশে জিওব্যাগ ডাম্পিং করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৫৯ লাখ ৬৫ হাজার টাকা। তবে গোপালিয়াবাঘা অংশে এখন পর্যন্ত কোনো কাজ বাস্তবায়ন করা হয়নি। পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমরান হোসেন বলেন, "কারখানা নদীসহ পায়রা নদীর ভাঙন রোধে একটি সমীক্ষার কাজ চলমান রয়েছে। সমীক্ষা প্রতিবেদন পাওয়ার পর স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের জন্য প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পাঠানো হবে।" বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালেহ বলেন, "নদীভাঙনের তীব্রতায় কাছিপাড়া ও কনকদিয়া ইউনিয়নের মানচিত্র ছোট হয়ে আসছে। মাসিক উন্নয়ন সভায় কাছিপাড়া ও কনকদিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সদস্যসহ জনপ্রতিনিধিরা বিষয়টি তুলে ধরে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। সরেজমিন পরিদর্শন করে ভাঙনের ভয়াবহতা দেখে জরুরি তীর রক্ষার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।" একসময় যে নদী ছিল এই জনপদের জীবন-জীবিকার অংশ, সেই নদীই এখন কেড়ে নিচ্ছে মানুষের ঘরবাড়ি, জমি ও পূর্বপুরুষের স্মৃতি। সিকদার বাড়ি কিংবা নিত্য গোপালের ছয় একর জমিÑসবই এখন নদীর ওপারে হারিয়ে যাওয়া অতীত। আর নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর একটাই চাওয়া, অন্তত শেষ সম্বলটুকু যেন আর হারাতে না হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ