ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

কোরআন-সুন্নাহর আদর্শে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান : রাষ্ট্রপতি


কোরআন-সুন্নাহর আদর্শে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পবিত্র কোরআন ও রাসূলুল্লাহ (সা.)-এর সুমহান আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ‘আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, আলেমগণ মানুষকে সত্য, ন্যায় ও মানবতার পথ দেখান এবং তাদের সমাজে গভীর প্রভাব রয়েছে। সমাজ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িক হিংসা-বিদ্বেষ এবং নারী ও শিশু নির্যাতন দূর করতে আলেমরা আরো কার্যকর ভূমিকা রাখতে পারেন। এ সময় তিনি তরুণদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিকতায় উদ্বুদ্ধ করতে আলেমদের এগিয়ে আসার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও পড়ুন: ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রধান শিক্ষকের পদত্যাগ

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিদের সাফল্যের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, এ দেশের ক্বারী ও হাফেজরা তাদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন এবং দেশের সুনাম বৃদ্ধি করছেন, যা আমাদের জাতীয় গৌরবের বিষয়। তিনি বাংলাদেশের সমৃদ্ধ কোরআনিক ঐতিহ্যকে আরও এগিয়ে নিতে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ, আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ। মহানবী (সা.) অন্যান্য ধর্মাবলম্বীদের সমন্বয়ে যে সমাজব্যবস্থা, পারস্পরিক অধিকার ও শান্তিপূর্ণ অবস্থানের দৃষ্টান্ত স্থাপন করেছেন, জাতীয় জীবনেও শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তা অনুসরণীয়। তিনি বলেন, “সেই দৃষ্টান্তকে পাথেয় করেই আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে ধর্মপ্রাণ মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবে, সব ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবে এবং ন্যায়বিচার, সাম্য, মানবিক মর্যাদা ও পারস্পরিক সৌহার্দ্য হবে রাষ্ট্র ও সমাজের ভিত্তি।”

ইসলামের প্রচার ও প্রসারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ইসলামি মূল্যবোধের প্রতি শ্রদ্ধা এবং ধর্মীয় প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কল্যাণে কাজ করছে। একই সঙ্গে সব ধর্মের সহাবস্থান, স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতেও সরকার বদ্ধপরিকর।

রাষ্ট্রপতি বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ দীর্ঘমেয়াদে সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে উল্লেখ করে বলেন, অতীতের ফ্যাসিবাদ, দুর্নীতি ও অন্যায়ের পুনরাবৃত্তি রোধে সবাইকে ঐক্যবদ্ধ ও সদা সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন: যৌথ বিনিয়োগে দেশে বৈদ্যুতিক গাড়ি তৈরি করতে চায় প্রগতি

অনুষ্ঠানে রাষ্ট্রপতি আয়োজক সংগঠন ‘আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ’-এর কার্যক্রমের প্রশংসা করেন এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ক্বারী ও অতিথিদের শুভেচ্ছা জানিয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। স্বাগত বক্তব্য দেন সংস্থার নির্বাহী সভাপতি মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের হুইপ মিয়া নূর উদ্দিন আহমেদ অপু, সম্মেলনের সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের হাওয়ারিয়ান পরিষদের সভাপতি আনোয়ার আলদীন এবং সংস্থার আহ্বায়ক মাওলানা মোহাম্মদ ইউসুফ প্রমুখ।

আরও পড়ুন: কপ সম্মেলনের পরিভাষা সহজবোধ্য করতে প্রকাশিত হলো বাংলা শব্দকোষ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগমারায় জাতীয় যুব দিবস উপলক্ষে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০০ পি.এম


বাগমারায় জাতীয় যুব দিবস উপলক্ষে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ

জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষ্যে রাজশাহীর বাগমারায় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে, বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বাগমারা উপজেলা পরিষদ চত্বরের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে এসব কর্মসূচি সম্পন্ন হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সুজন আলী এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে জলজ সম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় জনগণের পুষ্টির চাহিদা পূরণে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়। অন্যদিকে, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার বার্তা প্রদান করা হয়।

এছাড়া, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে পরিবেশকে দূষণমুক্ত রাখা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিচ্ছন্নতার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার ওপর গুরুত্ব দেওয়া হয়। জাতীয় যুব দিবস উপলক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এসব কার্যক্রম পরিচালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য হলো— ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৌরনদীতে এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০০ পি.এম


গৌরনদীতে এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান

বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম হোসনাবাদ ফিরোজা কেরাতুল কুরআন এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে সুধী সমাবেশ ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে হোসনাবাদ বাইতুল নাজাত জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।

অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন গৌরনদী থানা জামে মসজিদের ইমাম ও খতিব পীর সাহেব হজরত কারি আব্দুল আজিজ। বিশেষ আলোচক হিসেবে সাভারের বিপিটিসি জামে মসজিদের পেশ ইমাম হজরত মাওলানা আশরাফ উজ্জামান উপস্থিত ছিলেন।

হজরত মাওলানা মো. ওসমান গনীর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মো. আনিছুর রহমান, সরিকল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বাশার, উপজেলা জামায়াতের সেক্রেটারী বাইজীদ শরীফ, চাঁদশী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাহমুদ হাসান মুহিদ শরীফ, সাবেক ছাত্র নেতা জাবির হোসেন জুয়েল প্রমুখ।

মিলাদ মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসলমান ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুধী সমাবেশ শেষে দেশ, জাতি ও এতিমখানার সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সবশেষে পশ্চিম হোসনাবাদ ফিরোজা কেরাতুল কুরআন এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল দুই আরোহী গুরুতর আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০১ পি.এম


যশোরে গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল দুই আরোহী গুরুতর আহত

যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী এলাকায় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী ইয়ামিন (১৮) ও পারভেজ (১৯) নামের দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে, যা উপজেলার ধোপাদী গ্রামে জাকির সরদারের বাড়ির সামনে নওয়াপাড়া-সুন্দলী সড়কে সংঘটিত হয়।

আহত ইয়ামিন মাগুরা গ্রামের মোহাম্মদ বাচ্চুর ছেলে এবং পারভেজ ইয়ামিনের ঘনিষ্ঠ বন্ধু বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধোপাদী মোড়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এই ঘটনায় মোটরসাইকেলের চালক ও আরোহী দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদি হাসান মুন্না জানান, ‘দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনায় বিআরটিসি বাসে আগুন, সাবেক এমপিসহ ৫৮ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০১ পি.এম


বরগুনায় বিআরটিসি বাসে আগুন, সাবেক এমপিসহ ৫৮ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বরগুনায় সরকারি বিআরটিসি বাসে অগ্নিসংযোগ এবং নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাবেক সংসদ সদস্য, সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একটি এজাহারভুক্ত সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করেছে।

বরগুনা জেলা যুবদলের দপ্তর সম্পাদক মো. হুমায়ুন কবির গত ১১ নভেম্বর বরগুনা থানায় মামলাটি দায়ের করেন। মামলার নম্বর ২৯/৫৪৩। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. আবু হাসান ইখলাছ (৩৩) এবং তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট সফল করার উদ্দেশ্যে বরগুনা জেলায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করা হয়েছিল। এজাহারে ১ ও ২ নম্বর আসামির নির্দেশনায় অন্যান্য আসামিরা বিভিন্ন সময় এ ধরনের কর্মকাণ্ডের দিকনির্দেশনা প্রদান করে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহার অনুযায়ী, ঘটনার আগে খুলনা থেকে বরগুনাগামী বিআরটিসি বাস সার্ভিসের একটি বাসের (রেজিস্ট্রেশন নম্বর: খুলনা মেট্রো-ব-১১-০০১০) সুপারভাইজার ও হেলপারকে বাস চলাচল বন্ধ রাখতে হুমকি দেওয়া হয়। ১০ নভেম্বর সড়কে বাস চালালে সেটিতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার পাশাপাশি কাউন্টারের পরিচালক ও সহকারী পরিচালককে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল বলে বাদী অভিযোগ করেছেন।

ঘটনার সময় ৯ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১২টা উল্লেখ করা হয়েছে। এর আগে ৮ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে বাসটির চালক মো. শিপন হাওলাদার বরগুনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুলিশ লাইনস সড়কসংলগ্ন টিটিসি ভবনের দক্ষিণ পাশে পাকা সড়কে বাসটি রেখে যান।

বাদী হুমায়ুন কবিরের দাবি, ৯ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় তিনি দেখতে পান, একদল ব্যক্তি অবরোধের সমর্থনে স্লোগান দিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। একপর্যায়ে তারা বাসটিতে পেট্রোল বা দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন ধরিয়ে দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাসের ভেতরের আসন, ইঞ্জিন ও বডির বিভিন্ন অংশ পুড়ে যায়। এতে সরকারের আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

বাদী আরও দাবি করেন, টিটিসিতে দায়িত্ব পালনরত নিরাপত্তাকর্মী ও আশপাশের লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় রাস্তার বৈদ্যুতিক বাতি ও আগুনের আলোতে তিনি এজাহারভুক্ত কয়েকজন আসামিসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের দেখতে ও চিনতে পারেন বলে অভিযোগে উল্লেখ করেছেন। খবর পেয়ে বরগুনা থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।

মামলার প্রথম দিকের আসামিদের মধ্যে রয়েছেন বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু, জেলা আওয়ামী লীগের সদস্য ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফারজানা সুমি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন মোল্লা, বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা, সাধারণ সম্পাদক আশিকুর রহমান ইমরান, সহ-সভাপতি মো. সবুজ মোল্লা এবং জেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক মো. আল আমিন তালুকদার ও সাংগঠনিক সম্পাদক মো. রকিব মোল্লা।

এছাড়া জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে রয়েছেন জেলা যুবলীগের সহ-সভাপতি মো. আল আমিন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, জেলা যুবলীগের সদস্য বিকাশ সাহা, সহ-সভাপতি মো. নাঈম ইসলাম রনি, জেলা ছাত্রলীগের যোগাযোগ সম্পাদক মো. হাসিবুর রহমান রুমেল শুভ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সাইমুল ইসলাম রাব্বি, জেলা ছাত্রলীগের সদস্য সবুজ মোল্লা ও সহ-সভাপতি ফাহাদ হাসান তানিম।

মামলায় আরও যাদের নাম রয়েছে তাদের মধ্যে রয়েছেন পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক জন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজিব, ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইদ্রিস, একই ইউনিয়নের সহ-সভাপতি মো. হারুন ফকির, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা মো. হিমেল, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. মান্নান মৃধা, মো. আমিন মৃধা, মিল্টন মেম্বার, মো. মনির দফাদার, মো. সুজন মল্লিক, মো. রিপন, মো. খোকন মেম্বার ও মাইনুদ্দিন ময়না।

এছাড়া ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন হাং, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সোবাহান আকন, ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. মোস্তফা, ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. ইদ্রিস, জেলা শ্রমিক লীগের সদস্য মো. মনির, পৌর যুবলীগের সদস্য মো. শহিদ, পৌর ছাত্রলীগের সদস্য মো. তাইজুল ইসলাম এবং পৌর শ্রমিক লীগের সদস্য মো. রফিকুল ইসলাম রফিকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

এজাহারে বাদী উল্লেখ করেছেন, ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে থানায় আসতে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।

এদিকে সরকারি গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, কীভাবে অগ্নিসংযোগ করা হয়েছে এবং মামলায় নাম থাকা ব্যক্তিদের সংশ্লিষ্টতা কতটুকু, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ।

পুলিশের হাতে একজন আসামি গ্রেপ্তারের তথ্য পাওয়া গেলেও বাকি আসামিদের গ্রেপ্তার এবং অগ্নিসংযোগের ঘটনার তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%