১১:৫৫ পি.এম
ঢাকা, ১৭ আগস্ট, ২০২৬ : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকেন্দ্রিক চোরাচালান ও অবৈধ আমদানি প্রতিরোধে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) উদ্যোগে তিনটি পৃথক অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে বিপুল পরিমাণ সিগারেট, আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম ও বিদেশি মদ আটক করা হয়েছে।
তিনটি অভিযানে সব মিলিয়ে আটক করা হয়েছে ৩৪৯ কার্টুন বিদেশি সিগারেট, ৩৮০ কেজি আমদানি নিষিদ্ধ ক্রিম এবং ১ লিটার বিদেশি মদ। আটক পণ্যের সম্মিলিত শুল্কায়নযোগ্য/বাজারমূল্য ৯০ লাখ ১৬ হাজার টাকা এবং নির্ধারিত পণ্যগুলোর প্রযোজ্য শুল্ক-কর ৮৭ লাখ ৯০ হাজার ৮৬০ টাকা। এর ফলে আটক পণ্যগুলোর সম্মিলিত মূল্য শুল্ক-করসহ ১ কোটি ৭৮ লাখ ৬ হাজার ৮৬০ টাকা দাঁড়ায়।
সোমবার এনবিআর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সার্কেলের এ-শিফট দুবাই থেকে আগত ইকে৫৮২ ও ইকে৫৮২৬ ফ্লাইটে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের ফলস্বরূপ তিন যাত্রীর কাছ থেকে ১৭০ কার্টুন সিগারেট, ৯ কেজি নিষিদ্ধ ক্রিম এবং ১ লিটার বিদেশি মদ আটক করা হয়।
আরও পড়ুন: জাতীয় নিরাপদ সড়ক দিবসে চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা ও বিনা মূল্যে চশমা বিতরণ শুরু
আটক করা সিগারেটের শুল্কায়নযোগ্য মূল্য ৬ লাখ ৮০ হাজার টাকা এবং ৬২১ শতাংশ হারে প্রযোজ্য শুল্ক-কর ৪২ লাখ ২২ হাজার ৮০০ টাকা। বিদেশি মদের শুল্কায়নযোগ্য মূল্য ২০ হাজার টাকা এবং ৬১০.৩০ শতাংশ হারে শুল্ক-কর ১ লাখ ২২ হাজার ৬০ টাকা। এছাড়াও নিষিদ্ধ ক্রিমের বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা নির্ধারিত হয়েছে।
এই অভিযানে আটক পণ্যের শুল্ক-করসহ মোট মূল্য ৫২ লাখ ২৪ হাজার ৮৬০ টাকা।
এ-শিফটের দ্বিতীয় অভিযানে, গত ১১ আগস্ট ২ দুবাই থেকে আগত বিজি ১৪৮ ফ্লাইটে অভিযান চালায় সিআইআইডি। বিভিন্ন যাত্রীর কাছ থেকে ১৭৯ কার্টুন সিগারেট এবং ৫২ কেজি নিষিদ্ধ ক্রিম আটক করা হয়। সিগারেটের শুল্কায়নযোগ্য মূল্য ৭ লাখ ১৬ হাজার টাকা এবং ৬২১ শতাংশ হারে প্রযোজ্য শুল্ক-কর ৪৪ লাখ ৪৬ হাজার ৩৬০ টাকা। নিষিদ্ধ ক্রিমের শুল্কায়নযোগ্য মূল্য ১০ লাখ ৪০ হাজার টাকা। এ অভিযানে আটক পণ্যের শুল্ক-করসহ মোট মূল্য ৬২ লাখ ২ হাজার ৩৬০ টাকা।
অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসে পৃথক অভিযান চালিয়ে ৩১৯ কেজি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম আটক করা হয়েছে। শুধু এই চালানটির আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনার প্রেক্ষিতে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।
আরও পড়ুন: দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে সাবেক এমপি কামারুল আরেফিনের মামলা
চোরাচালান প্রতিরোধ ও রাজস্ব সুরক্ষা নিশ্চিত করতে গোপন তথ্য সংগ্রহ, ঝুঁকিভিত্তিক নজরদারি এবং যাত্রী ও কার্গো/পার্সেল পর্যায়ে সিআইআইডির অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন