ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ছয় মাসে সমুদ্রপথে ইতালি পৌঁছেছেন ৪ হাজারের বেশি বাংলাদেশি


ছয় মাসে সমুদ্রপথে ইতালি পৌঁছেছেন ৪ হাজারের বেশি বাংলাদেশি

এই বছর সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীর সংখ্যা গত দুই বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তবে এর মধ্যে বাংলাদেশের অভিবাসীদের সংখ্যা শীর্ষে রয়েছে।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে জানানো হয়েছে যে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উপকূলে মোট ১৪ হাজার ৬২৩ জন অভিবাসী পৌঁছেছেন।

দেশভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৬ সালের শুরু থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত ৪ হাজার ৩১৪ জন বাংলাদেশি ইতালিতে পৌঁছেছেন, যা মোট আগত অভিবাসীদের প্রায় এক-তৃতীয়াংশ। বাংলাদেশ ছাড়াও সোমালিয়া (১,৭০২ জন) দ্বিতীয় অবস্থানে রয়েছে।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

এরপরের অবস্থানে রয়েছে সুদান (১,৩৭১), পাকিস্তান (১,১৮৫), আলজেরিয়া (১,১০৬), মিশর (৯৩৬), ইরিত্রিয়া (৬৬২), টিউনিশিয়া (৬২৬), মালির সংখ্যা ৩১০, নাইজেরিয়া ২৯১, আইভরি কোস্ট ২১৬, ইথিওপিয়া ১৯৯, ইরান ১৮৩, দক্ষিণ সুদান ১৮০ এবং গিনি ১৭৯ জন।

এছাড়া বিভিন্ন দেশের আরও ১ হাজার ১৬৩ জন অভিবাসীও আছেন, যাদের মধ্যে পরিচয় শনাক্তকরণের প্রক্রিয়ায় থাকা ব্যক্তিরাও অন্তর্ভুক্ত।

এই বছরের একই সময়ে পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ইতালিতে অভিবাসীদের আগমন গত দুই বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে নিম্নগামী হয়েছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত ইতালিতে ৩১ হাজার ৪৩০ জন অভিবাসী পৌঁছেছিলেন।

এর আগে ২০২৪ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ২৬ হাজার ৬৬৪ জন। চলতি বছরের একই সময়ে ১৪ হাজার ৬২৩ জন পৌঁছেছেন, যা ২০২৫ সালের তুলনায় প্রায় ৫৩ শতাংশ এবং ২০২৪ সালের তুলনায় প্রায় ৪৫ শতাংশ কম।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রতি মাসেই মোট অভিবাসীদের সংখ্যা আগের দুই বছরের তুলনায় কম ছিল। জানুয়ারিতে ১ হাজার ৪৫৭, ফেব্রুয়ারিতে ২ হাজার ৫১০, মার্চে ২ হাজার ১৫০, এপ্রিলে ২ হাজার ৪৫৯, মে মাসে ৩ হাজার ৫৪ এবং জুনে ২ হাজার ৭৫৮ জন সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে যে, এই তথ্য ৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত নথিভুক্ত সমুদ্রপথে আগমনের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে এবং পরবর্তী পর্যালোচনায় পরিসংখ্যানে সামান্য পরিবর্তন হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষক-গবেষকদের সমন্বয় বৃদ্ধি অপরিহার্য : বাকৃবি ভিসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১১:১৮ পি.এম


খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষক-গবেষকদের সমন্বয় বৃদ্ধি অপরিহার্য : বাকৃবি ভিসি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সম্প্রসারণ প্রকল্পের শুরুর ইতিহাস তুলে ধরে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. একে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, টেকসই কৃষি উন্নয়ন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে মাঠ পর্যায়ের কৃষক ও গবেষকদের মধ্যকার সমন্বয় অধিকতর বৃদ্ধির করতে হবে। এজন্য বার্ষিক কর্মশালার গুরুত্ব অপরিসীম।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্রের (বাউএক) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের চাষি মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মশালায় চব্বিশের ঐতিহাসিক ছাত্র- জনতার গণঅভ্যুত্থানকে স্মরণ করে সেই উত্তাল সময়ের প্রেক্ষাপট বর্ণনায় স্মৃতিকাতর হয়ে পড়েন প্রফেসর ড. একে ফজলুল হক ভূঁইয়া।

এ সময় তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে বিরোধী অবস্থান নিয়ে যেরকম একটি সংগঠন আপামর বাঙালির নিকট ঘৃণিত হয়েছিল, তেমনি ২০২৪ সনে গণতন্ত্রকামী ছাত্রজনতার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল তাদেরও এদেশের মুক্তিকামী মানুষের হৃদয়ে ঘৃণিত হওয়া অবশ্যম্ভাবী।

কর্মশালায় বাউএক-এর পরিচালক প্রফেসর ড. ইফফাত আরা মাহজাবীনের সভাপতিত্বে এবং ইসমত আরা রুমির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাউএক এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আফরোজা বেগম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক, বাউরেসের পরিচালন প্রফেসর ড. মো. হাম্মাদুর রহমান।

এছাড়াও কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন আইকিউএসি-র পরিচালক প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার।

কর্মশালায় সভাপতি প্রফেসর ড. ইফফাত আরা মাহিজাবীন অংশগ্রহণকারী কৃষকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে বাউএক-এর পক্ষ থেকে এ ধরণের আরও কৃষকবান্ধব ও আধুনিক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

জানা যায়, আধুনিক কৃষি প্রযুক্তির বিস্তার এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষে আয়োজিত এই বিশেষ কর্মশালায় অত্র অঞ্চলের ৭৮ জন নির্বাচিত কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।

দিনব্যাপী চলমান এই কর্মশালায় অংশগ্রহণকারী কৃষক ও কৃষাণীকে আধুনিক চাষাবাদ পদ্ধতি, ফসলের রোগবালাই ব্যবস্থাপনা এবং উন্নত কৃষি প্রযুক্তির প্রায়োগিক দিক সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে শুভেচ্ছা স্মারক ও উপকরণ বিতরণ করা হয়।

এতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ, ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউটের বিজ্ঞানীবৃন্দ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের বিজ্ঞানীসহ আমন্ত্রিত অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ফিফা বিশ্বকাপ ২০২৬

কোয়ার্টার ফাইনাল অনিশ্চিত বেলজিয়ান মিডফিল্ডারের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১১:২০ পি.এম


কোয়ার্টার ফাইনাল অনিশ্চিত বেলজিয়ান মিডফিল্ডারের

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে বেলজিয়াম। তবে দাপুটে এই জয় সত্ত্বেও একটি বড় সমস্যার সম্মুখীন হয়েছে এবং তা হলো মিডফিল্ডার আমাদু ওনানার চোট।

ম্যাচের ১৯তম মিনিটে যুক্তরাষ্ট্রের অধিনায়ক ক্রিস্টিয়ান পুলিসিককে ট্যাকল করার সময় ওনানা তার ডান হাঁটুতে আঘাত পান। ব্যথায় কাতর হয়ে মাঠে পড়ে যান তিনি। যদিও কিছুক্ষণ খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে শেষ পর্যন্ত ২১তম মিনিটে তাকে মাঠ ছাড়তে হয়।

ওনানার পরিবর্তে মাঠে প্রবেশ করেন হান্স ভানাকেন। বদলি হিসেবে খেলতে নেমে তিনি দলের তৃতীয় গোলটি করে বেলজিয়ামের জয়কে আরো গুরুত্বপূর্ণ করে তোলেন।

ম্যাচ শেষে বেলজিয়াম কোচ হুডি গাহসিয়া মন্তব্য করেন, ওনানার চোট গুরুতর হতে পারে। তিনি বলেন, 'ব্যক্তিগতভাবে তার জন্য এবং দল হিসেবে আমাদের জন্যও এটি ভালো খবর নয়। আমার মনে হচ্ছে, সে পরের ম্যাচগুলোতে খেলতে পারবে না।'

সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে বেলজিয়ামের শক্তিশালী পারফরম্যান্সে ওনানার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যুক্তরাষ্ট্রের আক্রমণ ভাঙা থেকে শুরু করে দলের হাই-প্রেসিং কৌশল বাস্তবায়নে তিনি ছিলেন অন্যতম ভরসা।

ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে আনন্দ উদযাপনের সময় ওনানাকে ক্রাচে ভর দিয়ে হাঁটতে দেখা যায়। তাঁর ডান হাঁটুতে বাঁধা ব্যান্ডেজ চোটের গুরুতর হওয়ার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।

কোয়ার্টার ফাইনালের আগে দলের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডারকে হারানোর শঙ্কা বেলজিয়ামের জন্য একটি বড় ধাক্কা হয়ে দেখা দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ রাঙিয়ে ফের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে মুনি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১১:২৬ পি.এম


বিশ্বকাপ রাঙিয়ে ফের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে মুনি

সেমিফাইনালে ঝড়ো ইনিংস এবং ফাইনালে ম্যাচজয়ী ব্যাটিং। এই ফাইনালের সেরা খেলোয়াড় এবং পুরো আসরের সেরা খেলোয়াড়—দুই পুরস্কারই তিনি নিজের ঘরে নিয়ে এসেছেন।

উইমেনস টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতার কারণে তার জন্য সপ্তাহটি হয়ে উঠেছে আরও স্মরণীয়। এই অসাধারণ নৈপুণ্যের পুরস্কার হিসেবে আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে তিনি আবারও শীর্ষস্থান অধিকার করেছেন, অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ ওপেনার।

এবার তিনি পঞ্চমবারের মতো ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে এক নম্বর হলেন মুনি। তার চেয়ে বেশি সময় শীর্ষে ছিলেন কেবল একজন—তিনি তার দেশের কিংবদন্তি কারেন রোল্টন, যিনি সবার ওপরে চার বছরেরও বেশি সময় ছিলেন।

সদ্য সমাপ্ত বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৬ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন মুনি। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করেন ৪৯ বলে ৬৪। অস্ট্রেলিয়ার রেকর্ড সপ্তম শিরোপা জয়ের পথে তিনি ৪৭.৬০ গড় এবং ১৪২.৫১ স্ট্রাইক রেটে করে ২৩৮ রান। এই পারফরম্যান্সেই শীর্ষস্থান ফিরে পেয়েছেন ৩২ বছর বয়সী এই ব্যাটার। তার উদ্বোধনী জুটির সঙ্গী জর্জিয়া ভল নেমে গেছেন দুইয়ে।

দক্ষিণ আফ্রিকার লরা ভুলভার্ট দুই থেকে তিনে নেমেছেন। শীর্ষ দশে আর কোনো পরিবর্তন হয়নি। তিন ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠেছেন ভুলভার্টের স্বদেশী ট্যাজমিন ব্রিটস।

বাংলাদেশের সেরা নিগার সুলতানা এক ধাপ নেমে এখন আছেন বিশে। বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের শ্রী চারানি। তিন থেকেই দুইয়ে উঠেছেন আরেক বাঁহাতি স্পিনার ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। দুই থেকে তিনে নেমেছেন তার সতীর্থ চার্লি ডিন।

দক্ষিণ আফ্রিকার মারিজান ক্যাপ চার ধাপ এগিয়ে উঠেছেন দশে। বাংলাদেশের সেরা রাবেয়া খান আগের মতোই আছেন ১৭ নম্বরে। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন নেই। যথারীতি এক নম্বরে আছেন অ্যামেলিয়া কার এবং দুইয়ে চামারি আতাপাত্তু। এখানে বাংলাদেশের সেরা রাবেয়া আছেন ৩০তম স্থানে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবারের আপত্তিতে কবর থেকে তোলা গেল না জুলাই শহীদের মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১১:২৮ পি.এম


পরিবারের আপত্তিতে কবর থেকে তোলা গেল না জুলাই শহীদের মরদেহ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কিশোরীনগর কবরস্থানে কবির হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য উত্তোলন করার উদ্যোগ নেওয়া হয়েছিল। এই উদ্যোগটি আদালতের নির্দেশে করা হলেও, পরিবার ও স্থানীয়দের বাধার মুখে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ঢাকা মহানগর পুলিশের উত্তরা পশ্চিম থানার একটি দল মঙ্গলবার দুপুরে এই নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে কবরস্থানে পৌঁছায়। এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা ও গোপনীয় শাখার সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিউল আলম উপস্থিত ছিলেন। দৌলতপুর থানা পুলিশ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এমদাদুল হক টোটনও উপস্থিত ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, ৫ আগস্ট ঢাকার উত্তরা এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন কবির হোসেন, যিনি দৌলতপুর উপজেলার কিশোরীনগর গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী। পরিবারের দাবি, কবির হোসেন বাংলাদেশ সরকারের গেজেটভুক্ত জুলাই শহীদ। আদালতের নির্দেশনা অনুযায়ী মরদেহ উত্তোলনের জন্য প্রশাসনের কর্মকর্তারা কবরস্থানে পৌঁছালে নিহতের স্ত্রী সালমা খাতুন এবং পরিবারের সদস্যরা মরদেহ উত্তোলনে আপত্তি জানান। তারা জেলা প্রশাসকের কাছে মরদেহ উত্তোলন স্থগিতের আবেদনও করেন। এর ফলে প্রশাসন মরদেহ উত্তোলনের কার্যক্রম স্থগিত রেখে ঘটনাস্থল ত্যাগ করে। এ বিষয়ে নিহতের স্ত্রী সালমা খাতুন বলেন, "আমার স্বামী তো মরেই গেছে। এতোদিন পর তার মরদেহ কবর থেকে তুলে কী হবে? আমরা ময়নাতদন্ত চাচ্ছি না।" তিনি জানান, এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, কবির হোসেন ঢাকার উত্তরা এলাকায় ৫ আগস্ট নিহত হন। ময়নাতদন্ত ছাড়া দাফন হওয়ায় আদালতের নির্দেশে মরদেহ উত্তোলনের উদ্যোগ নেয়া হয়েছিল। তবে পরিবারের আপত্তির কারণে এটি সম্ভব হয়নি। জাকিউল আলম বলেন, "আদালতের নির্দেশ বাস্তবায়নের জন্য আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম, কিন্তু পরিবারের আপত্তির কারণে মরদেহ উত্তোলন করা সম্ভব হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট আদালতকে জানানো হবে এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।" জানা যায়, এ ঘটনায় ২০২৫ সালের ১৪ নভেম্বর ঢাকার উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্তের স্বার্থে আদালত মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। কবির হোসেন মৃত মোজাহার আলীর ছেলে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%