প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এই বছর সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীর সংখ্যা গত দুই বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তবে এর মধ্যে বাংলাদেশের অভিবাসীদের সংখ্যা শীর্ষে রয়েছে।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে জানানো হয়েছে যে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উপকূলে মোট ১৪ হাজার ৬২৩ জন অভিবাসী পৌঁছেছেন।
দেশভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৬ সালের শুরু থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত ৪ হাজার ৩১৪ জন বাংলাদেশি ইতালিতে পৌঁছেছেন, যা মোট আগত অভিবাসীদের প্রায় এক-তৃতীয়াংশ। বাংলাদেশ ছাড়াও সোমালিয়া (১,৭০২ জন) দ্বিতীয় অবস্থানে রয়েছে।
এরপরের অবস্থানে রয়েছে সুদান (১,৩৭১), পাকিস্তান (১,১৮৫), আলজেরিয়া (১,১০৬), মিশর (৯৩৬), ইরিত্রিয়া (৬৬২), টিউনিশিয়া (৬২৬), মালির সংখ্যা ৩১০, নাইজেরিয়া ২৯১, আইভরি কোস্ট ২১৬, ইথিওপিয়া ১৯৯, ইরান ১৮৩, দক্ষিণ সুদান ১৮০ এবং গিনি ১৭৯ জন।
এছাড়া বিভিন্ন দেশের আরও ১ হাজার ১৬৩ জন অভিবাসীও আছেন, যাদের মধ্যে পরিচয় শনাক্তকরণের প্রক্রিয়ায় থাকা ব্যক্তিরাও অন্তর্ভুক্ত।
এই বছরের একই সময়ে পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ইতালিতে অভিবাসীদের আগমন গত দুই বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে নিম্নগামী হয়েছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত ইতালিতে ৩১ হাজার ৪৩০ জন অভিবাসী পৌঁছেছিলেন।
এর আগে ২০২৪ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ২৬ হাজার ৬৬৪ জন। চলতি বছরের একই সময়ে ১৪ হাজার ৬২৩ জন পৌঁছেছেন, যা ২০২৫ সালের তুলনায় প্রায় ৫৩ শতাংশ এবং ২০২৪ সালের তুলনায় প্রায় ৪৫ শতাংশ কম।
মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রতি মাসেই মোট অভিবাসীদের সংখ্যা আগের দুই বছরের তুলনায় কম ছিল। জানুয়ারিতে ১ হাজার ৪৫৭, ফেব্রুয়ারিতে ২ হাজার ৫১০, মার্চে ২ হাজার ১৫০, এপ্রিলে ২ হাজার ৪৫৯, মে মাসে ৩ হাজার ৫৪ এবং জুনে ২ হাজার ৭৫৮ জন সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে যে, এই তথ্য ৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত নথিভুক্ত সমুদ্রপথে আগমনের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে এবং পরবর্তী পর্যালোচনায় পরিসংখ্যানে সামান্য পরিবর্তন হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন