ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

ঝিনাইদহ সীমান্তে বিপুল মাদকদ্রব্য উদ্ধার


ঝিনাইদহ সীমান্তে বিপুল মাদকদ্রব্য উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। এই অভিযানে উদ্ধার করা হয়েছে মোট ৬ কেজি গাঁজা ও ২৬৪ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক সিরাপ।

বিজিবি ও স্থানীয় সূত্রে বিস্তারিত জানা যায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধের জন্য নিয়মিত টহলের অংশ হিসেবে শুক্রবার (২৪ জুলাই) রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করে এবং এই মাদকদ্রব্য উদ্ধার করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের মালামাল ফেলে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে চোরাই পথে ভারত থেকে আনা ২৬৪ বোতল ফেন্সিডিল/এসকাফ জাতীয় মাদক সিরাপ এবং ৬ কেজি গাঁজা। এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

আরও পড়ুন: ময়লার ভাগাড় থেকে জ্বালানি তৈরির চেষ্টা, সুজনের উদ্যোগে নতুন সম্ভাবনা

বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র এবং যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর নজরদারি এবং নিয়মিত মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উদ্ধারকৃত মালামালের পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসেম্বরে শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে ৩১ কোটি পাঠ্যবই: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১১:৫৮ এম


ডিসেম্বরে শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে ৩১ কোটি পাঠ্যবই: শিক্ষামন্ত্রী

আসন্ন ডিসেম্বরে সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য ৩১ কোটি নতুন পাঠ্যবইয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এসব পাঠ্যবইয়ে কোনো ধরনের রাজনীতি কিংবা ইতিহাসের বিকৃতি থাকবে না। মানসম্মত এসব বইয়ের আগেভাগে বিতরণের মূল লক্ষ্য হচ্ছে, বছরের শুরুতে যেন শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে জ্ঞানার্জনে মনোনিবেশ করতে পারে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি চাঁদপুরের কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক শিক্ষক সমাবেশ ও মতবিনিময় সভায় এসব কথাগুলো বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘পাঠদানে শিশুদের মনোনিবেশ করতে হলে পাঠ্যবইয়ের সঙ্গে প্রাথমিকে খেলাধুলা এবং ষষ্ঠ শ্রেণি থেকে আনন্দময় পরিবেশে শিক্ষা কার্যক্রম শুরু করা অত্যাবশ্যক। পাশাপাশি কারিগরি শিক্ষাকে জীবনমুখী করে নতুন কিছু বই প্রণয়ন করা হচ্ছে।’

মানসম্মত শিক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘এর জন্য আগে নিজ নির্বাচনী এলাকা চাঁদপুরের কচুয়া থেকে সব স্তরের শিক্ষকদের নিয়ে মতবিনিময় শুরু করেছি। কচুয়ায় যে মডেল তৈরি হবে, তা সারাদেশে প্রসারিত করা হবে।’

আগামী দিনে কেমন শিক্ষা থাকতে হবে, কেন পরীক্ষায় ফলাফল বিপর্যয় ঘটে, শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে কেমন সম্পর্ক হওয়া উচিত এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার্থীদের কোন ধরনের শিক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবে এ বিষয়গুলো সন্ধান করার তাগিদ দেন তিনি। এ সময়ে তিনি উপস্থিত শিক্ষক এবং শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে মতামত গ্রহণ করেন। সরকার এবং তাকে নিয়ে ভুল তথ্য উপস্থাপন না করার জন্য গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন শিক্ষামন্ত্রী।

চলমান এইচএসসি পরীক্ষা চলাকালীন কিছু কেন্দ্রের সংশ্লিষ্টদের দায়িত্বহীনতার কঠোর সমালোচনা করেন আ ন ম এহছানুল হক মিলন। তিনি অভিযোগ করে বলেন, ‘মূলত সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এসব কাজ নেয়া হয়েছে। ইতোমধ্যে তাদের চিহ্নিত করার কাজ চলছে।’

প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ খোরশেদ আলম মান্নানের সভাপতিত্বে এবং শিক্ষক নেতা আব্দুল বারেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আঞ্চলিক পরিচালক প্রফেসর মো. শহীদ উল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম আকাশ, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুবাস, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম. রুহুল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোসাদ্দেক হোসেন প্রমুখ।

সমাবেশে কচুয়া উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমানের আড়াই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩ হাজার শিক্ষক অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যে হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা পাচ্ছেন তিন বস্তির মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১২:০০ পি.এম


যে হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা পাচ্ছেন তিন বস্তির মানুষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী, ঢাকা-১৭ আসনের কড়াইল, সাততলা ও ভাষানটেক বস্তির নিম্নবিত্ত ও প্রান্তিক মানুষ কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা পাচ্ছেন। এই হাসপাতাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় পরীক্ষাসহ রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হচ্ছে।

এছাড়া, হাসপাতালের আধুনিক সুযোগ-সুবিধা ও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ইউনিটের মতো উন্নত চিকিৎসাসেবা সুবিধাবঞ্চিত এসব মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে ‘স্বাস্থ্যসেবা সবার অধিকার’– এই নীতির আওতায়। হাসপাতালটিতে বস্তিবাসীদের জন্য আলাদা টিকিট কাউন্টার এবং আট তলায় দুটি পৃথক ওয়ার্ড (পুরুষ ও মহিলা) চালু করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে জানান, উদ্বোধনের পর গত আড়াই মাসে বহির্বিভাগে ৬১০ জন সেবা নিয়েছেন এবং ২৩ জন বিভিন্ন জটিল রোগ নিয়ে ভর্তি হয়েছেন। এর মধ্যে সাত জনের অপারেশন করা হয়েছে এবং আরও তিন জনকে আগামী কয়েকদিনের মধ্যেই অপারেশন করা হবে।

৫ মে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। একই দিনে তিনি আইসিইউ ইউনিটের পাশাপাশি হাসপাতালটিতে প্যাথলজি প্যাভিলিয়ন ও গ্যাস্ট্রোলিভার সেন্টারের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে ডা. জুবাইদা রহমান রাজধানীর তিন বস্তির মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার আনুষ্ঠানিক ঘোষণা দেন। এরপর থেকেই বস্তির নিম্নআয়ের মানুষ এই সুবিধা ভোগ করছেন।

এর আগে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় বস্তিবাসীদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেই প্রতিশ্রুতির আলোকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

হাসপাতালে সরেজমিনে রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রান্তিক ও বস্তির সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে দীর্ঘদিনের আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়েছেন। তারা জানিয়েছেন, এতদিন অর্থের অভাবে তারা বড় হাসপাতালে বা চিকিৎসকের কাছে যেতে পারতেন না। তবে, এখন তারা বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা, প্রয়োজনীয় ডায়াগনস্টিক পরীক্ষা এবং ওষুধ পেয়ে অত্যন্ত আনন্দিত।

কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নিতে আসা ভাসানটেক বস্তির বাসিন্দা আমেনা বেগম বাসসকে বলেন, প্রায় তিন মাস আগে ছানির সমস্যার কারণে এক চোখের অপারেশন করাতে তার ছয় হাজার টাকা খরচ হয়েছিল। বর্তমানে তিনি অপর চোখের অপারেশনের জন্য আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এবার এই চিকিৎসার জন্য তার কোনো টাকা লাগছে না।

বিনামূল্যে এমন উন্নত চিকিৎসাসেবা পেয়ে আবেগাপ্লুত আমেনা বেগম আরও বলেন, ভাগ্য ভালো বলেই আমরা এই বিনামূল্যে সেবা পাচ্ছি। সরকারের এই উদ্যোগ তাদের মতো দরিদ্র মানুষের জন্য অনেক বড় উপকার বয়ে এনেছে।

রাজধানীর কড়াইল বস্তির বাসিন্দা কামরুল ইসলাম বাসসকে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রচারের সময় বস্তিবাসীর জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার সেই প্রতিশ্রুতি অনুযায়ী এখন আমি বিনামূল্যে সকল চিকিৎসা পাচ্ছি কুর্মিটোলা হাসপাতালে।

তিনি বলেন, এই হাসপাতালে আমাদের অনেক বেশি সম্মান দেওয়া হচ্ছে। আমাদের যে খাবারটা দেওয়া হচ্ছে, তা বেশ উন্নত।

হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই তিন বস্তির মানুষ ক্যানসার ও হৃদরোগের মতো জটিল রোগের চিকিৎসাও এখানে বিনামূল্যে পাচ্ছেন। সেবা নেওয়ার জন্য তাদের কেবল ১০ টাকা মূল্যের একটি টিকিট কাটতে হয়। এরপর বাকি সব ধরনের চিকিৎসাসেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বস্তির প্রকৃত রোগীদের সহজে শনাক্ত করার জন্য বস্তিগুলোতে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। একটি সমিতির মাধ্যমে স্বেচ্ছাসেবকেরাই রোগীদের হাসপাতালে নিয়ে আসেন। এছাড়া, হাসপাতালে আসার পর তাদের জন্য আলাদা টিকিট কাউন্টারসহ তাৎক্ষণিক সব ধরনের চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, আমরা রাজধানীর কড়াইল, সাততলা ও ভাসানটেক– এই তিন বস্তির নিম্নবিত্ত ও প্রান্তিক মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে সেবা দিয়ে যাচ্ছি। এই তিন বস্তির মানুষকে হাসপাতালে এসে শুধু ১০ টাকা দিয়ে একটা টিকিট কাটতে হয়। বাকি সব দায়িত্ব আমাদের।

তিনি বলেন, হাসপাতালে ক্যানসার ও হৃদরোগের মতো জটিল রোগের চিকিৎসাও বিনামূল্যে পাচ্ছেন এসব বস্তির মানুষ। এখানে সবারই সমান এক্সেস রয়েছে। বস্তিতেই ভলেন্টিয়ার নিয়োগ করা আছে। একটি সমিতির মাধ্যমে তারা রোগীদের আমাদের কাছে নিয়ে আসেন। বস্তি থেকে আসা রোগীদের সঙ্গে নিজস্ব কোনো লোক না থাকলেও হাসপাতালের কর্মীরাই দায়িত্ব নিয়ে তাদের সম্পূর্ণ সেবা দেন।

সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশইনের চেষ্টা নস্যাৎ করল বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১২:০২ পি.এম


দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশইনের চেষ্টা নস্যাৎ করল বিজিবি

দিনাজপুরের ভাইগড় সীমান্তের মাধ্যমে ভারতীয় ৯ নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবারের (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বিরামপুর উপজেলা ভাইগড় সীমান্তে এই ঘটনা ঘটে।

ঘাসুড়িয়া বিওপির কোম্পানি কমান্ডার টি আলম গণমাধ্যমকে এই বিষয়ে নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার ভোরে ঘাসুড়িয়া সীমান্তের ওপারে ভারতীয় শ্রী রামপুর এলাকার ২৯১ পিলারের ২০-এস এলাকা দিয়ে তাদের পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময়, বিজিবি সদস্য এবং গ্রামবাসীর প্রতিহতের ফলে বিএসএফ সদস্যরা তাদের সরিয়ে নিয়ে যায়। পরে সকাল সাড়ে সাতটার দিকে বিএসএফ সদস্যরা জড়ো হতে শুরু করেন। এর ফলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। পুশইন চেষ্টা ব্যর্থ হওয়ায় তারা আবারও ভারতে ফিরে যায়।

স্থানীয় ষাটোর্ধ্ব আব্দুল আজিজ বলেন, ভোরে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের বাঁশির শব্দ শুনে ঘুম থেকে উত্তেজিত হয়ে উঠি। বাড়ি থেকে বাহিরে এসে দেখি ৯ জন মহিলা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। ওই সময় গ্রামবাসী তাদের প্রতিহত করে।

স্থানীয় কাটলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শুকুর আলী জানান, শনিবার ভোরে ভাইগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা ৯ জন নারীকে জোর করে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে। পরে গ্রামবাসী এবং বিজিবি সদস্যরা তাদের প্রতিহত করেন। সকালে ওই এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতি বাড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

এ বিষয়ে ভাইগড় বিওপির কোম্পানি কমান্ডার টি আলম জানান, ভারত থেকে অবৈধ পথে ৯ নারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছিল বিএসএফ। পরে বিজিবি সদস্যরা তাদের ভারত সীমান্তে ফেরত পাঠিয়েছে।

তিনি জানান, সীমান্ত দিয়ে কোনো ভারতীয় নারী যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে বিজিবি টহল বৃদ্ধি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফের উত্তাল হতে পারে সাগর, বঙ্গোপসাগরে লঘুচাপ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১২:০৩ পি.এম


ফের উত্তাল হতে পারে সাগর, বঙ্গোপসাগরে লঘুচাপ

বঙ্গোপসাগরে আবারো একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

শনিবার (২৫ জুলাই) সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত আবহাওয়ার সতর্কবার্তায় এসব তথ্য উঠে এসেছে। বিজ্ঞপ্তিতে সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরের মধ্যে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানতা অবলম্বন করে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%