০৬:১৬ পি.এম
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দুর্গম চর আষাড়িয়াদহ ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। রোববার সকাল থেকে শুরু হওয়া এই চিকিৎসা ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষার সুবিধা নেয় প্রায় ৭০০ জন অসুস্থ মানুষ।
রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির উদ্যোগে রোববার সকাল ৯টায় ইউনিয়নের আষাড়িয়াদহ কানাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ক্যাম্পটির আয়োজন করা হয়। দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে উপস্থিত রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। চিকিত্সা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান ও পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।
দুর্গম এই চরাঞ্চলে স্বাস্থ্যসেবা সহজে না পাওয়ার কারণে স্থানীয়েরা বিজিবির এই উদ্যোগে অত্যন্ত উচ্ছ্বসিত। চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা জানান, চরাঞ্চলে মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়া খুবই কষ্টসাধ্য। বিজিবির এই উদ্যোগে সাধারণ মানুষ উপকৃত হয়েছেন। তাঁরা জানান, মানুষের দুর্ভোগ কমাতে প্রতিমাসে অন্তত একবার এই ধরনের বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম পরিচালনার দাবি রয়েছে।
আরও পড়ুন: হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান
এই বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা মন্তব্য করেন, "চর আষাড়িয়াদহ উপজেলা ও জেলা সদর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি এলাকা। এখানে একটি স্বাস্থ্যকেন্দ্র থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট ও ওষুধের অভাবে নিয়মিত স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে সামান্য চিকিৎসার জন্য চরবাসীকে নদী পেরিয়ে দূর-দূরান্তে ছুটতে হয়।" তাঁরা স্থানীয় এলাকায় একটি আধুনিক এবং মানসম্মত চিকিৎসাকেন্দ্র স্থাপনের উপর জোর দাবি জানান।
স্থানীয় সচেতন মহল অভিমত ব্যক্ত করে, সীমান্ত এলাকার জনসাধারণের কল্যাণে বিজিবির এমন মানবিক উদ্যোগ শুধু চিকিৎসাসেবা নিশ্চিত করছে না, বরং সাধারণ মানুষের সঙ্গে সীমান্তরক্ষী বাহিনীর সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন