ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের পথে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক: মহাপরিচালক


আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের পথে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক: মহাপরিচালক

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৬ : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কাঙ্ক্ষিত সংস্কার ও আধুনিকায়নের লক্ষ্যে প্রায় দুই বছর আগে সার্বিক সংস্কার কার্যক্রম শুরু করা হয়। সেসময় ব্যাংকটি ৪০ কোটি টাকা লোকসানসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে পরিচালিত হলেও ধারাবাহিক সংস্কার কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে একটি আধুনিক, দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব আর্থিক প্রতিষ্ঠানে রূপান্তরের কাজ এগিয়ে চলছে।

তিনি আরো বলেন, ব্যাংকের ডিজিটালাইজেশন, দক্ষ মানবসম্পদ নিয়োগ, কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং আধুনিক ব্যবস্থাপনা পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে ব্যাংকটিকে দেশের ব্যাংকিং খাতে একটি কার্যকর ও নেতৃস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

আজ সাভারে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোলা শাখারও উদ্বোধন করা হয়।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় নারকেল পাড়াকে কেন্দ্র করে কিশোরকে কুপিয়ে হত্যা

উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সরাসরি সম্পৃক্ত প্রায় ৬০ লাখ সদস্যের আর্থসামাজিক উন্নয়ন ও কল্যাণে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে দেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে ভবিষ্যতে ব্যাংকটির আরো কার্যকর অবদানের ওপর গুরুত্বারোপ করেন।

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বাহিনীর সদস্যদের বৈদেশিক কর্মসংস্থান, নবায়নযোগ্য জ্বালানি— বিশেষ করে সোলার সিস্টেম স্থাপন এবং সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে বাস্তবভিত্তিক উদ্যোগ হিসেবে ‘সঞ্জীবনী’ প্রকল্পের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এ প্রকল্পে আর্থিক অংশীদার হিসেবে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করবে।

তিনি উল্লেখ করেন, সরকারের উন্নয়ন ভাবনা, বাহিনীর সদস্যদের দক্ষতা ও উদ্যোগ এবং ব্যাংকের আর্থিক সহায়তাকে সমন্বয় করে এ কার্যক্রম একটি ত্রয়ী মডেল হিসেবে বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে সদস্যদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আয় বৃদ্ধি এবং অর্থনৈতিক সক্ষমতা অর্জনে সহায়তা করা সম্ভব হবে।

ব্যাংকের সংস্কার ও সুশাসন প্রসঙ্গে মহাপরিচালক বলেন, ব্যাংকের সেবা গ্রহণের ক্ষেত্রে কারা নীতিমালার আওতাভুক্ত, তা বর্তমানে সুস্পষ্টভাবে নির্ধারিত ও স্বীকৃত। নীতিমালায় নির্ধারিত যোগ্যতার বাইরে কোনো ব্যক্তি যাতে অবৈধ বা অননুমোদিত উপায়ে ব্যাংকের সুবিধা গ্রহণ করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ফলে, ব্যাংকের সেবা প্রদানে স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে এবং অনিয়মের সুযোগ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

আরও পড়ুন: রাজধানীর ৩০০ ফিটে প্রাইভেট কারের ধাক্কায় একজন নিহত, একজন আহত

তিনি ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতাকে কাজে লাগিয়ে ব্যাংকের নির্ধারিত লক্ষ্য অর্জনে আরো কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে সুশাসন, প্রযুক্তিনির্ভর সেবা, দক্ষ মানবসম্পদ ব্যবস্থাপনা, ঋণের সফল ব্যবহার এবং শক্তিশালী আর্থিক ব্যবস্থাপনার সমন্বয়ের মাধ্যমে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে বাহিনীর সদস্যদের কল্যাণ ও দেশের অর্থনৈতিক উন্নয়নের একটি শক্তিশালী অংশীদার হিসেবে প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে ব্যাংকের ভূমিকার বাস্তব উদাহরণ হিসেবে তিনজন অঙ্গীভূত আনসার সদস্যের প্রত্যেককে ২ লাখ টাকা করে ঋণের চেক হস্তান্তর করা হয়।

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জর্ডানে গির্জায় এলোপাতাড়ি গুলিতে নিহত ৭

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুরে নামা নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


তিন শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুরে নামা নিষিদ্ধ

চট্টগ্রাম, ১৩ আগস্ট, ২০২৬ : মাত্র পনের দিনের ব্যবধানে পুকুরে ডুবে পরপর তিনজন শিক্ষার্থীর মৃত্যুর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সকল পুকুরে নামা নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ক্যাম্পাসের সকল পুকুরকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসের কোনো পুকুরে নামা, সাঁতার কাটা বা পানিতে প্রবেশ করা যাবে না। নির্দেশনা অমান্য করে কেউ পুকুরে প্রবেশ বা নামলে তা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাপরিপন্থী আচরণ হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল বুধবার দুপুরে চুয়েটের কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যান কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের ছাত্র অর্ণব চন্দ এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ছাত্র শান্ত দেব। এর আগে গত ২৮ জুলাই একই পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যান যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী অর্ণব সাহা।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসের সকল পুকুরকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব পুকুরে নামা, সাঁতার কাটা কিংবা পানিতে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশি যাত্রীদের জন্য ৯৬ ঘণ্টার দুবাই ভিসা দিচ্ছে এমিরেটস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


বাংলাদেশি যাত্রীদের জন্য ৯৬ ঘণ্টার দুবাই ভিসা দিচ্ছে এমিরেটস

আন্তর্জাতিক গন্তব্যে যাতায়াতকারী বাংলাদেশি যাত্রীরা ‘এমিরেটস হলিডেজ’-এর নির্দিষ্ট প্যাকেজের আওতায় ৯৬ ঘণ্টার দুবাই ট্রানজিট ভিসা পেতে পারবেন। এই সুবিধার মাধ্যমেই তারা সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সর্বোচ্চ চার দিন পর্যন্ত অবস্থান করার সুযোগ পাবেন।

‘এমিরেটস হলিডেজ’-এর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ থেকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ, মরিশাস, জর্ডান, মিসর ও তুরস্কসহ বিভিন্ন গন্তব্যের যাত্রী এবং ওমরাহ পালনে যাওয়ার জন্য এ সুবিধাটি বিশেষভাবে উপযোগী।

নতুন এই ব্যবস্থার আওতায়, যোগ্য বাংলাদেশি যাত্রীরা দুবাইয়ে চার দিন থাকার সুবিধাসহ এমিরেটস হলিডেজের নির্ধারিত প্যাকেজ কিনে এই ৯৬ ঘণ্টার ট্রানজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন।

এই সুবিধার ফলে বাংলাদেশি যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের মধ্যে দুবাইয়ে একটি সংক্ষিপ্ত যাত্রাবিরতির সুযোগ পাবেন। এতে মূল যাত্রার পাশাপাশি বিশ্বের অন্যতম প্রধান বিমান চলাচল ও পর্যটন কেন্দ্র হিসেবে স্বল্পসময়ের বিনোদনমূলক ভ্রমণের সুযোগ তৈরি হবে।

এছাড়া, দূরপাল্লার ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের জন্য সংযোগ স্থল হিসেবে দুবাই ব্যবহারের মাধ্যমে এই ট্রানজিট ভিসা যাতায়াতকে আরো সুবিধাজনক ও সহজ করে তুলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বানারীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট বিলের ১০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

হুমায়ুন কবির, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


বানারীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট বিলের ১০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালের বানারীপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট বিলের বরাদ্দ থেকে ১০ লক্ষাধিক টাকার আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ করা হয়েছে যে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অধিদপ্তরের ‘ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি)’ প্রকল্পের আওতায় বিদ্যালয়গুলোতে ইন্টারনেট সেবা দেওয়ার নামে ভুয়া বা অতিরিক্ত সময়ের বিল-ভাউচার প্রস্তুত করে এ অর্থ উত্তোলন করা হয়েছে।

স্থানীয় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের ঠিকাদার নুর আলম সিদ্দিকসহ সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর দিকে অভিযোগের তীর রয়েছে। তবে ঠিকাদার নুর আলম সিদ্দিক অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা ও আইসিটি কর্মকর্তারাও।

তথ্য অনুযায়ী, ইডিসি প্রকল্পের আওতায় বানারীপাড়া উপজেলার প্রায় শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী, বিদ্যালয়গুলোতে ইন্টারনেট সংযোগ দেওয়ার পাশাপাশি প্রতি মাসে ১ হাজার টাকা করে ইন্টারনেট বিল রিচার্জ করার কথা ছিল।

ভুক্তভোগী শিক্ষকদের দাবি, যদিও উপজেলার অনেক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে, তবে তা দীর্ঘদিন চালু থাকেনি। কোথাও সংযোগ দেওয়া হয়নি, আবার কোথাও কয়েক মাস সেবা দেওয়ার পর রিচার্জ না করায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে বিদ্যালয় কর্তৃপক্ষকে নিজেদের অর্থে ইন্টারনেট বিল পরিশোধ করতে হয়েছে।

এ ব্যাপারে উপজেলা সমন্বয় সভায় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা মৌখিকভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খগোপতি রায়কে অবহিত করলেও কার্যকর কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ করেছে শিক্ষকদের।

অভিযোগ রয়েছে যে, যেসব বিদ্যালয় নিজেদের অর্থে কয়েক মাসের ইন্টারনেট বিল পরিশোধ করেছে, তারা ওই সময়ের বিলের ভাউচার প্রস্তুত করতে চাইলে সংশ্লিষ্ট ঠিকাদারের পক্ষ থেকে উপজেলা আইসিটি অফিসের অফিস সহায়ক মো. সবুজ ও ইডিসি প্রকল্পের ফিল্ড আইটি টেকনিশিয়ান আব্দুর রহমান রাজুর মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকদের কাছ থেকে ৩-৪ মাসের পরিবর্তে ১১ মাসের বিল-ভাউচার ও প্রত্যয়নপত্রে স্বাক্ষর নেওয়া হয়।

শিক্ষকদের অভিযোগ, তাদের অভিযোগ করা হয়েছিল যে অল্প সময়ের মধ্যেই বিদ্যালয়গুলো এসব বিলের টাকা পাবে। পরবর্তীতে ওই ভাউচারের ভিত্তিতে চূড়ান্ত বিল প্রস্তুত করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর নেওয়া হয়েছে এবং চেকের মাধ্যমে বিদ্যালয়গুলোর জন্য বরাদ্দকৃত অর্থ উত্তোলন করা হয়েছে।

অভিযোগকারীদের দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠান অর্থ উত্তোলন করলেও সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোকে ইন্টারনেট সেবা বাবদ বকেয়া বিলের টাকা কিংবা অর্থ প্রাপ্তির কোনো স্বীকৃতিপত্র দেওয়া হয়নি।

এ ঘটনায় উপজেলা আইসিটি অফিসের দুই কর্মচারী সবুজ ও আব্দুর রহমান রাজুর বিরুদ্ধে ঠিকাদারকে সহযোগিতা করার অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা জানিয়েছেন, তারা দায়িত্বে অবহেলা করে বিদ্যালয়গুলো থেকে বিল-ভাউচার সংগ্রহে সহযোগিতা করেছেন।

উপজেলা আইসিটি কর্মকর্তা হাফিজ আল আসাদ বলেন, তিনি এ ধরনের কোনো অনিয়মের বিষয়ে জানেন না।

বানারীপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম মিঠু অভিযোগ করে বলেন, যখন তিনি উপজেলা আইসিটি কর্মকর্তা হাফিজ আল আসাদের কাছে যান, তখন তিনি ঠিকাদার নুর আলমের সঙ্গে আলোচনা করেন। পরে তাঁর অফিসে বসে বিষয়টি ‘সমাধান’ করার জন্য এক লাখ টাকা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে দাবি করেন মনিরুল। তবে তিনি ওই প্রস্তাবে রাজি হননি বলে জানান।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খগোপতি রায় বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনা না করে চূড়ান্ত বিল-ভাউচার স্বাক্ষর দিয়ে বিল পাশ করার বিষয়ে জানতে চাইলে বলেন, বিল-ভাউচার পাওয়ার পর তা পাশ করে দেওয়া তাঁর দায়িত্বের অংশ। তিনি এ বিষয়েও কিছু জানেন না।

ঠিকাদার নুর আলম সিদ্দিক অর্থ আত্মসাৎ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এবং বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর করা বিল-ভাউচারের ভিত্তিতেই তিনি তাঁর পাওনা টাকা উত্তোলন করেছেন। তিনি জানিয়েছেন, কোনো অর্থ আত্মসাতের সঙ্গে তিনি জড়িত নন।

অভিযোগের ঘটনায় সরকারি অর্থের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষক ও স্থানীয় সচেতন মহল। এদের দাবি, সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রকৃত ইন্টারনেট সংযোগ, সেবার মেয়াদ, রিচার্জের তথ্য, বিল-ভাউচার, প্রত্যয়নপত্র ও চেকের মাধ্যমে উত্তোলন করা অর্থের হিসাব যাচাই করা প্রয়োজন।

অভিযোগের সত্যতা তদন্তে প্রমাণিত হলে ঠিকাদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন যে, শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ বাড়াতে সরকারের কোটি কোটি টাকার প্রকল্প যদি অনিয়ম ও দুর্নীতির কারণে বাধাগ্রস্ত হয়, তবে এর সুফল থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বঞ্চিত হবে। তাই দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


রাজবাড়ীতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

রাজবাড়ীতে এক ঘটনার মধ্যে বাস এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু ঘটেছে। তার নাম পলাশ প্রামানিক, বয়স ২৫ বছর। তিনি রাজবাড়ী সদর উপজেলার বাগমারা গ্রামের আরজু প্রামানিকের ছেলে।

বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৩টার সময় রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া ব্রীজের কাছে এই দুঘর্টনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার মাটিপাড়া ব্রীজে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী পলাশ প্রামানিকের মৃত্যু হয়। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক বাসটি পালিয়ে যায়।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ এ বিষয়ে জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। তিনি এছাড়া জানায়, ঘাতক বাসটি আটক করতে চেষ্টা চলছে এবং পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%