ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

তুলা উৎপাদন বৃদ্ধির জন্য কম ফসলি জমি ব্যবহারের আহ্বান কৃষিমন্ত্রীর


তুলা উৎপাদন বৃদ্ধির জন্য কম ফসলি জমি ব্যবহারের আহ্বান কৃষিমন্ত্রীর

ঢাকা, ৭ অক্টোবর, ২০২৬ : কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ মন্তব্য করেছেন যে, দেশের খাদ্য উৎপাদনকে ব্যাহত না করে চরাঞ্চল, লবণাক্তপ্রবণ এলাকা, খরাপ্রবণ অঞ্চল এবং অন্যান্য কম ফসলি জমিতে তুলা চাষের পরিমাণ বাড়ানোর প্রয়োজন রয়েছে।

তিনি দেশের তুলার মানের প্রশংসা করে বলেন, তুলা উৎপাদন বৃদ্ধির জন্য সুনির্দিষ্ট এলাকা চিহ্নিত করে দীর্ঘমেয়াদি এবং বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা জরুরি।

আজ বিশ্ব তুলা দিবস উপলক্ষে রাজধানীর খামারবাড়িস্থ তুলা ভবনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

মন্ত্রী আরও বলেন, দেশের সীমিত কৃষিজমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি খাদ্য উৎপাদন অব্যাহত রেখে কৃষিপণ্যের বহুমুখীকরণ এবং রপ্তানি বৃদ্ধির দিকে মনোযোগ দিতে হবে। এজন্য যেসব এলাকায় প্রচলিত খাদ্যশস্য উৎপাদন তুলনামূলক কম, সেখানে তুলাসহ বিকল্প ফসলের আবাদ বাড়ানোর সুযোগ রয়েছে।

তিনি বলেন, কৃষি গবেষণা এবং উদ্ভাবনের কোনো বিকল্প নেই। কম জমিতে বেশি উৎপাদন, উন্নতমানের পণ্য এবং উৎপাদন খরচ কমানোর মাধ্যমে কৃষিকে আরও প্রতিযোগিতামূলক করে তোলা সম্ভব। গবেষণার জন্য প্রয়োজনীয় প্রকল্প এবং বিনিয়োগে সরকার সহযোগিতা করতে প্রস্তুত। তবে প্রকল্পের উদ্দেশ্য কার্যকর এবং লাভজনক উৎপাদন নিশ্চিত করা হতে হবে।

মন্ত্রী রঙিন তুলার সম্ভাবনা তুলে ধরে বলেন, প্রাকৃতিকভাবে রঙিন তুলা উৎপাদন করা গেলে কাপড় তৈরিতে অতিরিক্ত রাসায়নিক রং ব্যবহারের প্রয়োজন কমে যাবে। পরিবেশবান্ধব এবং রাসায়নিকমুক্ত পণ্যের বিশ্ববাজারে চাহিদা রয়েছে।

তুলা উৎপাদন সম্প্রসারণের জন্য বিস্তারিত মাস্টারপ্ল্যান প্রণয়নের নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে তুলার উৎপাদন ৫ লাখ বেলে উন্নীত করার লক্ষ্যে প্রতিবছর কত জমিতে আবাদ বাড়ানো হবে, কোন কোন এলাকায় নতুন করে তুলা চাষ সম্প্রসারণ করা হবে এবং কতজন কৃষককে সম্পৃক্ত করা হবে-এসব তথ্য সুনির্দিষ্টভাবে পরিকল্পনায় উল্লেখ থাকতে হবে।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

সেমিনারে সভাপতিত্ব করেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মো. রেজাউল আমিন। বিশেষ অতিথি হিসেবে কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সলিম খান এবং সম্মানীয় অতিথি হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির মহাসচিব অধ্যাপক এএসএম গোলাম হাফিজ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদলের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদলের আলোচনা

ঢাকা, ৭ অক্টোবর, ২০২৬ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) বাংলাদেশ কার্যালয়ের প্রতিনিধিদল।

আজ সচিবালয়ে মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর অফিসকক্ষে তারা সাক্ষাৎ করেন।

এসময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ কার্যালয়ের আন্তর্জাতিক পরামর্শক ড. ফ্রান্সিসকো কাটায়ামা ও প্রফেসর ড. আবুল কালাম এবং লিয়াজোঁ ও কো-অর্ডিনেশন কর্মকর্তা মো. মোহাসিন আজাদ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা ও অগ্রাধিকার তুলে ধরেন। তিনি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রান্তিক পর্যায়ে জনগণের জন্য মানসম্মত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক ও জনবান্ধব স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের অবহিত করেন।

এসময় বাংলাদেশের স্বাস্থ্যখাতের বর্তমান চাহিদা, ভবিষ্যৎ অগ্রাধিকার এবং সরকারের পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন সহযোগিতা কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উদ্যোক্তা ইবিয়ান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস সংলগ্ন আইইএলটিএস করার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


উদ্যোক্তা ইবিয়ান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস সংলগ্ন আইইএলটিএস করার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০০৫-০৬ শিক্ষাবর্ষের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং উদ্যোক্তা অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান তার উদ্যোগে ইবি ও স্থানীয় শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস সংলগ্ন আইইএলটিএস প্ল্যাটফর্ম নিয়ে এসেছেন। ঢাকায় গিয়ে সময় ও বিপুল অর্থের অপচয় রোধ করতে, তার পরিচালিত আন্তর্জাতিক শিক্ষা ও ভিসা কনসালটেন্সি প্রতিষ্ঠান goingFly (গোয়িং ফ্লাই)-এ এখন বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখপাড়াতেই আন্তর্জাতিক মানের আইইএলটিএস (IELTS) এবং ফাউন্ডেশন ইংলিশ শেখার পূর্ণাঙ্গ সেবা চালু হতে যাচ্ছে।

আগামী ১১ অক্টোবর (রোববার) বিকাল ৪ টায় goingFly-এর শেখাপাড়া ব্রাঞ্চে এই বিশেষ আইইএলটিএস প্রিপারেশন কোর্সের উদ্বোধনী ক্লাসের ঘোষণা দিয়েছেন উদ্যোক্তা মো. মোস্তাফিজুর রহমান। এ বিষয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্যাম্পাসে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও আয়োজন করা হয়েছে।

আইনজীবী ও উদ্যোক্তা মো. মোস্তাফিজুর রহমান তার ছাত্রজীবনের অভিজ্ঞতা থেকে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখপাড়া এলাকার শিক্ষার্থীদের প্রধান সমস্যা ছিল তথ্যের ঘাটতি এবং ভালো পরামর্শের অভাব। অধিকাংশ শিক্ষার্থী অনার্স-মাস্টার্স শেষ করে আইইএলটিএস ও উচ্চশিক্ষার প্রস্তুতির জন্য ঢাকায় চলে যায়, যার ফলে তাদের এনার্জি ও বহুমূল্য সময় নষ্ট হয়। নিজ এলাকার শিক্ষার্থী ও অনুজদের প্রতি এই সামাজিক দায়বদ্ধতা এবং উদ্যোক্তা মানসিকতা থেকেই goingFly-এর মাধ্যমে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ সেবাকে সরাসরি হাতের নাগালে নিয়ে আসা হয়েছে।

ঢাকার শীর্ষস্থানীয় প্ল্যাটফর্মে দীর্ঘদিন সফলভাবে ক্লাস নেওয়া অভিজ্ঞ শিক্ষকবৃন্দ সরাসরি শেখপাড়ায় ক্লাস পরিচালনা করবেন। এর মধ্যে প্রধান মেন্টর হিসেবে থাকবেন মাহাদুর রহমান, যিনি দীর্ঘদিন ধরে ঢাকায় ক্লাস নেওয়ার অভিজ্ঞতা অর্জন করেছেন।

শেখপাড়াতে পেপার বেসড পরীক্ষা বন্ধ হয়ে অনলাইন ও কম্পিউটার ভিত্তিক পরীক্ষা চালু হওয়ায়, রূপান্তরের সাথে সামঞ্জস্য রেখে পূর্ণাঙ্গ আধুনিক কম্পিউটার সেটআপ প্রস্তুত করা হচ্ছে বলে তিনি জানান।

এই উদ্যোক্তা জানান, আইইএলটিএস কোর্স (১৫,০০০ টাকা), ফাউন্ডেশন ইংলিশ (৫,০০০ টাকা) এবং মক টেস্ট (৫,০০০ টাকা)—সব মিলিয়ে ২৫,০০০ টাকার অল-ইন-ওয়ান প্যাকেজটি উদ্বোধনী দিনসহ আগামী ৩ দিনের মধ্যে ফ্রি ভর্তি হলে পাওয়া যাবে মাত্র ১০,০০০ টাকায়। ৩ মাসের কোর্স সম্পন্ন করার পর কোনো শিক্ষার্থী যদি তার দক্ষতার কোনো উন্নতি দেখতে না পায়, তবে সম্পূর্ণ কোর্স ফি ফেরত দেওয়া হবে।

তিনি জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফি-তে বিশেষ সুবিধা এবং goingFly-এর সৌজন্যে ফ্রি প্রসেসিং ও ব্যাংক স্পন্সরশিপের দিকনির্দেশনা দেওয়া হবে। মূলত প্রতিষ্ঠান কেন্দ্রিক চিন্তাভাবনা না, এটি সম্পূর্ণ শিক্ষার্থীদের কল্যাণে এবং প্রাক্তন শিক্ষার্থী হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে এই যাত্রা শুরু। সবার সহযোগিতা কামনা করছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাড়ার অতিরিক্ত টাকা দিতে রাজি হননি শিক্ষার্থী, অতঃপর মারধরের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৮ পি.এম


ভাড়ার অতিরিক্ত টাকা দিতে রাজি হননি শিক্ষার্থী, অতঃপর মারধরের অভিযোগ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীকে মারধর ও জিআই পাইপ দিয়ে মাথায় আঘাত করার অভিযোগ উঠেছে, যা বাসা ছাড়াকে কেন্দ্র করে ভাড়া নিয়ে বিরোধের ফলস্বরূপ ঘটেছে। আহত শিক্ষার্থী জুনাইদ খান নাইব, যিনি রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ইতিমধ্যে মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে সমাধানের জন্য।

এটি সোমবার (৫ অক্টোবর) রাজশাহী নগরীর কাজলা এলাকার আলমের মোড়ে ঘটেছে বলে জানা গেছে। ভুক্তভোগীর পরিবার জানায়, জুনাইদ ওই এলাকায় একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। গত সেপ্টেম্বর মাসে বাসা ছেড়ে দেওয়ার বিষয়ে কথা বলার সময় বাড়িওয়ালার সঙ্গে ভাড়ার টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা দিতে রাজি না হওয়ায় প্রথমে তার সঙ্গে খারাপ আচরণ করা হয়।

পরে ৫ অক্টোবর বেলা ১১টার দিকে বাড়িওয়ালা জুনাইদকে আটকে রেখে বাড়তি টাকা দাবি করেন। জুনাইদ প্রতিবাদ করলে বাড়িওয়ালাসহ আরও কয়েকজন তাকে মারধর করতে শুরু করেন। একপর্যায়ে কিল-ঘুষি ও লাথি মারার পাশাপাশি জিআই পাইপ দিয়ে তার মাথায় আঘাত করা হয়, যার ফলে তার মাথা ফেটে যায়।

পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে জুনাইদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর জুনাইদের পরিবার ক্ষতির আশঙ্কায় রয়েছে এবং বাড়িওয়ালাসংশ্লিষ্ট ব্যক্তিদের দ্বারা তাকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে।

এ ঘটনায় জুনাইদের মাতা মোসা. বদরুন নেসা বাদী হয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আওতাধীন মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডিতে ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাতনামা বাড়িওয়ালাসহ অজ্ঞাতপরিচয়ের আরও ৪-৫ জন ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। জিডিতে ঘটনার সাক্ষী হিসেবে ইবরাহিম ও চঞ্চল নামের দুই ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে এবং নগরীর অনেকেই বিষয়টি জানেন বলে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। তবে ঘটনার বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। জিডিতে করা অভিযোগের ভিত্তিতে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে আইনগত তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৮ পি.এম


হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

ঢাকা, ৭ অক্টোবর, ২০২৬ : রাজধানীর মতিঝিলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ করার পাশাপাশি প্রয়োজনীয় সনদ ও প্রমাণক প্রদর্শনে ব্যর্থতার কারণে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা আরোপ করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

আজ বুধবার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এই জরিমানা কার্যকর করা হয়।

অভিযানের সময় হোটেলটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পাওয়া যায়। রান্নাঘরের মেঝে ছিল নোংরা ও স্যাঁতসেঁতে। এছাড়া, ঢাকনাবিহীন অবস্থায় ময়লাপূর্ণ পাত্রও পাওয়া যায়।

মোবাইল কোর্টের কর্মকর্তাদের মতে, হোটেলটিতে কোনো ধরনের লেবেল ছাড়া ঘি সংরক্ষণ ও ব্যবহার করা হচ্ছিল। একই সঙ্গে খাদ্যকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ ব্যবহার করতে দেখা যায়নি।

এছাড়া, হোটেল কর্তৃপক্ষ পানি পরীক্ষার সনদ ও পেস্ট কন্ট্রোলের প্রমাণক প্রদর্শনে ব্যর্থ হয়।

এসব অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী হোটেলটিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য অফিসার, ঢাকা মেট্রোপলিটন মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল অংশগ্রহণ করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%