০৮:৩৯ এম
গত বছরে প্রেক্ষাগৃহে নতুন কোনো চলচ্চিত্র মুক্তি না পাওয়ার পরও, ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রেটি ব্র্যান্ড হিসেবে নিজের শীর্ষস্থান বজায় রেখেছেন বলিউড বাদশা শাহরুখ খান। বৈশ্বিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান ‘ক্রোল’-এর ২০২৫ সালের সেলিব্রেটি ব্রান্ড ভ্যালুয়েশন প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ খান ১৭৭.৯ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১,৬৯৪ কোটি রুপি) ব্র্যান্ড মূল্য নিয়ে তালিকায় সবার উপরে রয়েছেন। তার পরবর্তী অবস্থানে রয়েছেন রণবীর সিং, যার ব্র্যান্ড মূল্য হয়েছে ১৬২.৯ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১,৫৫০ কোটি রুপি। অন্যদিকে, নারী অভিনয়শিল্পীদের মধ্যে শীর্ষস্থান দখল করেছেন আলিয়া ভাট।
প্রতিবেদন অনুযায়ী, শীর্ষ ২৫ জন ভারতীয় তারকার সমন্বিত ব্র্যান্ড মূল্য দাঁড়িয়েছে রেকর্ড ২ বিলিয়ন মার্কিন ডলারে। ডিজিটাল মিডিয়ার বিপ্লব এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রভাবের কারণে বলিউডের তারকাদের এই ব্রান্ড ভ্যালু জ্যামিতিক হারে বাড়ছে। ক্রোল-এর আনুষ্ঠানিক তথ্যমতে, আগে যেখানে ডিজিটাল এনডোর্সমেন্ট বা অনলাইন বিজ্ঞাপনের অবদান সেলিব্রেটিদের পোর্টফোলিওতে ৪০ থেকে ৬০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ ছিল, ২০২৫ সালে তা উল্লেখযোগ্যভাবে বেড়ে বহু শীর্ষ তারকার ক্ষেত্রে মোট ব্র্যান্ড যুক্ততার প্রায় ৬০ থেকে ৭৫ শতাংশে পৌঁছেছে। মূলত ডিজিটাল মাধ্যমে শক্তিশালী উপস্থিতি এবং বিশ্বজুড়ে বিভিন্ন এফএমসিজি ব্র্যান্ডের বিজ্ঞাপনে নিরবচ্ছিন্ন অংশগ্রহণের কারণেই শাহরুখ খান নিজের শীর্ষস্থান অবিচল রাখতে পেরেছেন। তার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স এবং প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যবসায়িক সাফল্যও তার এই আর্থিক প্রভাব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা রণবীর সিংয়ের ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তার বহুল আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’-এর ঐতিহাসিক বক্স অফিস সাফল্য। ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটি বিশ্বব্যাপী ১,৩৫০ কোটি রুপি ব্যবসা করেছে, যার মধ্যে কেবল ভারতেই আয় হয়েছে ৮৯০ কোটি রুপি। উল্টোদিকে, তারকা ক্রিকেটারদের মধ্যে রাজত্বও নজর কাঁধছে। তালিকার ৩, ৪ ও ৫ নম্বর স্থানগুলো দখল করে রেখেছেন যথাক্রমে বিরাট কোহলি (১৫৮.৪ মিলিয়ন ডলার), শচীন টেন্ডুলকার (১২৫.৯ মিলিয়ন ডলার) এবং মহেন্দ্র সিং ধোনি (১১৫.৩ মিলিয়ন ডলার)।
আরও পড়ুন: সাংবাদিক সহিদুলকে প্রাণনাশের হুমকি, আদালতে মামলা
বলিউডের নারী তারকাদের মধ্যে আলিয়া ভাট ৬ নম্বর স্থানে রয়েছেন, ২০২৫ সালে কোনো সিনেমা মুক্তি না পাওয়া সত্ত্বেও ৮৯.৪ মিলিয়ন ডলার (প্রায় ৮৯৪ কোটি রুপি) ব্র্যান্ড মূল্য নিয়ে। তাকে খুব কাছ থেকে অনুসরণ করছেন দীপিকা পাডুকোন। দীপিকার ব্র্যান্ড মূল্য ৮৯.২ মিলিয়ন ডলার (প্রায় ৮৪৭.৬০ কোটি রুপি), যদিও তারও কোনো নতুন চলচ্চিত্র মুক্তি না হয়েছে, কিন্তু বিজ্ঞাপনী চুক্তি এবং ব্যক্তিগত ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে তিনি সহজেই ৭ম স্থানে আছেন।
বিগ বাজেট স্পাই থ্রিলার ‘ওয়ার ২’ বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে ব্যর্থ হলেও হৃতিক রোশনের ৮৮.৯০ মিলিয়ন ডলারের (৮৪৫.৮৩ কোটি রুপি) সাম্রাজ্যে তা বড় কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি। ফলে তিনি রয়েছেন ৮ম স্থানে। অন্যদিকে, ৮৩ বছর বয়সে অমিতাভ বচ্চন এখনও তালিকার সবচেয়ে প্রবীণ সেলিব্রেটি হিসেবে ৯ম স্থানে আছেন। ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৭তম আসরের পরিচালনা ও নিয়মিত ব্র্যান্ড এনডোর্সমেন্টের কারণে তার মূল্য ৮০.৮০ মিলিয়ন ডলার (৭৬৮.২১ কোটি রুপি)। যৌথভাবে ১০ম স্থানে অবস্থান করছেন অক্ষয় কুমার ও রণবীর কাপুর, যাদের ব্র্যান্ড মূল্য ৮০ মিলিয়ন ডলার (৭৬০.৬২ কোটি রুপি)। অক্ষয় গত বছর ‘স্কাই ফোর্স’, ‘কেসরি চ্যাপ্টার ২’, ‘হাউসফুল ৫’ এবং ‘জলি এলএলবি ৩’-এর মতো বেশ কিছু সফল চলচ্চিত্র দিয়ে এই তালিকায় নিজের অবস্থান পোক্ত করেছেন।
দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা সাফল্যের মধ্য দিয়ে ১২ নম্বর স্থানে উঠে এসেছেন। গত বছরে তিনি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় ‘ছাভা’, ‘সিকান্দার’, ‘কুবেড়া’, ‘থাম্মা’ এবং ‘দ্য গার্লফ্রেন্ড’-এর মতো পাঁচটি ভিন্ন স্বাদের চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং ৭৫.২ মিলিয়ন ডলারের (৭১৪.৮৮ কোটি রুপি) ব্র্যান্ড মূল্য অর্জন করেন। তাকে অনুসরণ করছেন ১৩তম স্থানে সালমান খান (৭৩.৬ মিলিয়ন ডলার বা ৭০০.৯৩ কোটি রুপি), যিনি ‘বিগ বস ১৮’ সঞ্চালনা এবং ‘বিয়িং হিউমান’-এর সামাজিক কার্যক্রমের মাধ্যমে নিজের অবস্থান বজায় রেখেছেন। ভারতীয় ক্রিকেট অধিনায়ক রোহিত শর্মা ১৪তম অবস্থান দখল করার পর ১৫তম স্থানে আছেন কারিনা কাপুর খান (৬১.৮০ মিলিয়ন ডলার বা ৫৮৭.৭২ কোটি রুপি)।
তালিকার পরবর্তী স্থানগুলোতে তরুণ ও অভিজ্ঞ তারকাদের মধ্যে লড়াই বাড়ছে। বক্স অফিসে শেষ মুহূর্তের ধাক্কা সত্ত্বেও ৫৯.৮০ মিলিয়ন ডলার (৫৭৮.৭৫ কোটি রুপি) ব্র্যান্ড মূল্য নিয়ে ১৬তম স্থানে রয়েছেন কার্তিক আরিয়ান। ১৭তম স্থানে আছেন কিয়ারা আদভানি, যিনি ৫১.৯০ মিলিয়ন ডলার (৪৯৪.১৩ কোটি রুপি) ব্র্যান্ড মূল্য নিয়ে রয়েছেন। ‘তেরে ইশক মে’ চলচ্চিত্রের সাফল্যের ওপর ভর করে ৫০.২ মিলিয়ন ডলার (৪৭৯.৪৫ কোটি রুপি) মূল্যমান নিয়ে ১৮তম স্থানে রয়েছেন কৃতি শ্যানন। অন্যদিকে, মিশ্র বাণিজ্যিক ফলাফলের মধ্য দিয়ে ৪৮.৫০ মিলিয়ন ডলার (৪৬১.১৩ কোটি রুপি) অর্জন করে ১৯তম স্থানে রয়েছেন অনন্যা পাণ্ডে। তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ ২০ নম্বরে অবস্থান করছেন।
আরও পড়ুন: আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত, নতুন ভবন ৩১ একরে নির্মিত হবে
অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়ে নিজ প্রযোজনা সংস্থা ‘ত্রালালা মুভিং পিকচার্স’ ও অন্যান্য ব্যবসায় মন দেওয়া সামান্থা রুথ প্রভু ৪৩.১০ মিলিয়ন ডলারের (৪১৫.৪৯ কোটি রুপি) ব্র্যান্ড মূল্য নিয়ে ২১তম স্থানে রয়েছেন। এরপর ২২তম স্থানে রয়েছেন তামান্না ভাটিয়া (৩৬.৫০ মিলিয়ন ডলার বা ৩৪৭.০৩ কোটি রুপি)। অস্কারের দৌড়ে থাকা সিনেমা ‘হোমবাউন্ড’-এ প্রশংসিত অভিনয় করার কারণে ৩৪.২০ মিলিয়ন ডলার (৩২৫.৪৫ কোটি রুপি) নিয়ে ২৩তম স্থান লাভ করেছেন জাহ্নবী কাপুর। কোনো চলচ্চিত্র মুক্তি না পেয়ে ৩১ মিলিয়ন ডলার (২৯৪.৯২ কোটি রুপি) মূল্যমান বজায় রেখে তিনি ২৪তম স্থানে আছেন শ্রদ্ধা কাপুর। আর ২০০ কোটি ডলারের বিশাল সামর্থ্যসূচক তালিকার ২৫তম স্থানটি দখল করেছেন আনুশকা শর্মা, যার ব্র্যান্ড মূল্য ২৯.৯০ মিলিয়ন ডলারে (২৮৪.২৯ কোটি রুপি)।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন