০৯:০৯ পি.এম
স্পেনে আবাসন সংকটের ক্রমবর্ধমান পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারের পদক্ষেপের দাবিতে দেশটির বিভিন্ন শহরে, বিশেষ করে রাজধানী মাদ্রিদে, হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করেছেন। শনিবার, পার্লামেন্টে সরকারের প্রস্তাবিত পদক্ষেপ বিরোধীদের বাধার মুখে আটকে যাওয়ার পর তারা নতুন করে বিক্ষোভে নামেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, মাদ্রিদে বিক্ষোভকারীদের মধ্যে কেউ কেউ সাধারণ ধর্মঘটের দাবিতে পোস্টার নিয়ে উপস্থিত ছিলেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাজধানীতে ৮৭ বছর বয়সী এক বৃদ্ধাকে উচ্ছেদসহ আবাসন সংকটের কারণে জনঅসন্তোষ বৃদ্ধি পাওয়ার পর সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছিল, সেগুলো শুক্রবার পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয়।
২৬ বছর বয়সী নান্দো দে আঙ্গুলো, যিনি বিক্ষোভে অংশ নিয়েছেন, রয়টার্সকে বলেন, বিষয়টি ‘লজ্জাজনক’। তার মতে, এটি প্রমাণ করে যে জনগণকেই রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে, অথচ রাজনীতিকদের জনগণের চাহিদার সঙ্গে মানিয়ে নেওয়া উচিত।
আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা
এদিকে, শুক্রবার দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের প্রস্তাবিত আইন পার্লামেন্টে পাস না হওয়ায় তিনি নভেম্বরে আগাম নির্বাচন ডাকতে পারেন। শনিবারের বিক্ষোভে জনসমাগমের মাত্রাও তিনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিবেচনা করবেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে সানচেজের কার্যালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ভ্যালেন্সিয়ায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। প্রায় ৩০ জন বিক্ষোভকারী শহরের বিখ্যাত ‘সিটি অব আর্টস অ্যান্ড সায়েন্সেস’ ভবনে প্রবেশ করলেও পুলিশ পরে তাদের বের করে দেয়। তবে স্পেনের আরও প্রায় ৫০টি শহরে বিক্ষোভ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
মাদ্রিদে ভাড়াটিয়া ইউনিয়নের মুখপাত্র ভ্যালেরিয়া রাকু সাংবাদিকদের জানান, শ্রমিক ইউনিয়নগুলোর সঙ্গে আলোচনা শেষে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হবে।
স্পেন সরকারের হিসাব অনুযায়ী, শনিবার মাদ্রিদের বিক্ষোভে প্রায় ৭০ হাজার মানুষ অংশগ্রহণ করেন। অন্যদিকে, ভারি বৃষ্টির কারণে বার্সেলোনা ও পাশের শহর হসপিতালেত দে লোব্রেগাতের নির্ধারিত বিক্ষোভ বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: ক্ষমতা হারালেই কি গ্রেফতার হবেন নেতানিয়াহু?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন