০৫:৩৮ পি.এম
আন্তর্জাতিক ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার ময়েজেস হেনরিকস। ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটার জন্মভূমি পর্তুগালের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আগামী আগস্টে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপিয়ান বাছাইপর্বে পর্তুগালের জার্সিতে মাঠে নামবেন।
পর্তুগালে জন্ম নেওয়া হেনরিকস শৈশবে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। সেখানেই তার ক্রিকেট ক্যারিয়ার গড়ে ওঠে। তিনি পরে অস্ট্রেলিয়ার হয়ে তিন সংস্করণ মিলিয়ে ৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তবে, ২০২১ সালের পর আর জাতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ হয়নি।
অস্ট্রেলিয়ায় ফেরার সম্ভাবনা ক্ষীণ হওয়ায় এবার নতুন চ্যালেঞ্জ হিসেবে পর্তুগালের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন হেনরিকস। তার ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন ফিনল্যান্ডে অনুষ্ঠিতব্য ইউরোপিয়ান সাব-রিজিওনাল বাছাইপর্ব দিয়ে শুরু হবে এবং সেখানেই তার অভিষেক হতে পারে।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী, কোনো পূর্ণ সদস্য দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর সহযোগী সদস্য দেশের প্রতিনিধিত্ব করতে হলে অন্তত তিন বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরত থাকতে হয়। হেনরিকস ইতোমধ্যেই সেই শর্ত পূরণ করেছেন। ফলে, পর্তুগালের হয়ে খেলতে তার আর কোনো বাধা নেই।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাশা অনুযায়ী নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারলেও, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তিনি অত্যন্ত সফল ছিলেন। বিগ ব্যাশ লিগ (বিবিএল), ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিসহ বিভিন্ন প্রতিযোগিতায় খেলেছেন। ক্যারিয়ারে তিনি ১১টি বড় শিরোপা জিতেছেন।
বিগ ব্যাশে দীর্ঘ সময় সিডনি সিক্সার্সের হয়ে খেলেছেন হেনরিকস। ২০১১-১২ মৌসুমে দলটির প্রথম শিরোপা জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরে অধিনায়ক হিসেবে ২০১৯-২০ এবং ২০২০-২১ মৌসুমে টানা দুইবার সিডনি সিক্সার্সকে চ্যাম্পিয়ন করেন। এছাড়া ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদে তিনি আইপিএল শিরোপা জিতেছিলেন।
আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে গুটিয়ে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন