১১:৩০ এম
নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন। দীর্ঘদিন ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকার পর শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে ভারতের কলকাতার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে রোটনের মৃত্যুর খবর জানান আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম। একই সঙ্গে তিনি প্রয়াত এই রাজনীতিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
শোকবার্তায় আমিনুল ইসলাম ছাত্রলীগের রাজনীতিতে রোটনের সঙ্গে পরিচয় এবং একসঙ্গে আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার স্মৃতিচারণ করেন। ১৯৯৬ সালে ঢাকা শহরের বিভিন্ন আন্দোলন ও কর্মসূচিতে তাঁরা একসঙ্গে কাজ করেছেন বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি রোটনের রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরে তাঁর আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মাভাবিপ্রবি উপাচার্য
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে দুই বছরেরও বেশি সময় ধরে চিকিৎসার জন্য কলকাতায় অবস্থান করছিলেন রোটন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ৪ অক্টোবর রাতে তাঁকে কলকাতার অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই কমিটির সভাপতি ছিলেন মাহমুদ হাসান রিপন। ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে পরিচিতি অর্জনের পর তিনি আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় হন।
চট্টগ্রামের রাউজানের বাসিন্দা রোটন ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। পরে ২০২১ সালে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য হিসেবেও মনোনীত হন তিনি।
তাঁর মৃত্যুতে রাজনৈতিক সহযাত্রী ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন