জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি
১২:৪৭ পি.এম
রাজবাড়ীর বালিয়াকান্দি সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) এবং বালিয়াকান্দি বাজারের পরিচিত ওয়ার্কশপ ব্যবসায়ী আলতাফ হোসেন (বাবলু মেম্বার) এখন আর নেই। তিনি অনেক দিন ধরে যাদব অসুস্থ ছিলেন, তবে গতকাল রাতে ১১টা ৪০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর পাশে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী ছিলেন। শালমারা নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা আলতাফ হোসেন (বাবলু) মেম্বার দীর্ঘ সময় ধরে স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি বালিয়াকান্দি বাজারে ব্যবসার কাজে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন তাঁর মৃত্যুতে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরহুমের সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন। (আমিন)
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী একটি বৃষ্টিবলয়। এটি আগামী ১৮ জুন থেকে অন্তত ১২ দিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে। বলয়ের প্রভাবে দেশের চার বিভাগের অধিকাংশ জেলায় ভারি বৃষ্টি হতে পারে বলে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে।
শনিবার (১৩ জুন) বিডব্লিউওটির ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, বছরের প্রথম বর্ষাকালীন বৃষ্টিবলয় দেশে সক্রিয় হতে পারে ১৮ থেকে ১৯ জুন। এই বৃষ্টিবলয় ২৯ থেকে ৩০ জুনের মধ্যে পর্যায়ক্রমে আরও সক্রিয় হতে পারে।
এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায় ভারি বৃষ্টি হতে পারে।
এতে আরও বলা হয়েছে, বর্ষাকালীন বৃষ্টিবলয় হওয়ার কারণে এর প্রভাবে ঝড় ও বজ্রপাত অনেক কম থাকতে পারে। তবে স্বাভাবিক দমকা হাওয়া ও বাতাসের এলোমেলো প্যাটার্নের কারণে কিছু কিছু স্থানে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। মৌসুমীবায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় আছেন এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
এসব কারণে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৩ জুন, ২০২৬ : হিজবুল্লাহ শুক্রবার দাবি করেছে যে, দক্ষিণ লেবাননের একটি শহরের দিকে সামরিক অগ্রযাত্রা চালানো ইসরাইলি সেনাদের সঙ্গে তাদের যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ সংঘটিত হয়েছে। খবর অনুযায়ী, ইসরাইল এখনও লেবাননে হামলা পরিচালনা করে চলেছে।
হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরাইলি বাহিনী যখন মাজদাল জৌন এলাকার দিকে অগ্রসর হচ্ছিল, তখন তাদের যোদ্ধারা সেখানে রকেট হামলা চালিয়েছে। উল্লেখ্য, এই এলাকা ইসরাইল-লেবানন সীমান্তের পশ্চিম দিকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত। হিজবুল্লাহ দাবি করে, হামলার ফলশ্রুতিতে ইসরাইলি সেনাদের পিছু হটতে বাধ্য হতে হয়েছে।
পরে শুক্রবার ওই এলাকায় আবারও সংঘর্ষের ঘটনা সংঘটিত হয়েছে বলে ওই সংগঠন জানায়। এ সংঘর্ষে হালকা ও ভারী অস্ত্র এবং রকেটের ব্যবহার করা হয়েছে বলেও দাবি করা হয়। দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাদের ওপর আরও হামলার পরিকল্পনার কথাও জানিয়েছেন হিজবুল্লাহ।
এই বিষয়ে, ইসরাইলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের তিনটি গ্রামের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার জন্য সতর্কতা জারি করেছে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণাঞ্চলে একাধিক বিমান হামলা হয়েছে, যার মধ্যে ইসরাইলের নজরদারির আওতার বাইরে থাকা এলাকারও অন্তর্ভুক্ত রয়েছে।
সংস্থাটি আরও জানায় যে, নাবাতিয়েহ শহরের দক্ষিণে আলি তাহের পাহাড়ের আশপাশে ব্যাপক বিস্ফোরণ এবং গোলাবর্ষণের শব্দ শোনা গেছে।
লেবাননে নিযুক্ত ভ্যাটিকানের বিশেষ প্রতিনিধির উদ্যোগে একটি ত্রাণবাহী যানবাহন দক্ষিণাঞ্চলের খ্রিস্টান গ্রামগুলোর দিকে যাওয়ার চেষ্টা করছিল। এই এলাকা বর্তমানে সংঘাতের মাঝেও অবস্থান করছে। কিন্তু ইসরাইলি সেনাবাহিনী সেই ত্রাণবাহী যানবাহনকে থামিয়ে দিয়ে গতিপথ পরিবর্তন করতে বাধ্য করে। শুক্রবার এএফপিকে ত্রাণবহরের এক সদস্য এ বিষয়টি জানিয়েছেন।
গত ২ মার্চ ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যার প্রতিশোধ নিতে গিয়ে হিজবুল্লাহ ইসরাইলের দিকে রকেট নিক্ষেপ করার পর লেবানন মধ্যপ্রাচ্যের এক বৃহৎ যুদ্ধে জড়িয়ে পড়ে।
এরপরে ইসরাইল ব্যাপক বিমান হামলা এবং স্থল অভিযান শুরু করে। ইসরাইলি হামলার কারণে লেবাননে ৩ হাজার ৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং দেশটির দক্ষিণাঞ্চলের একটি বড় অংশ দখলে নিয়েছে ইসরাইল।
এপ্রিল মাসের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর নতুন আলোচনা হলেও সহিংসতা থামার লক্ষণ নেই। গত সপ্তাহে ওয়াশিংটনে লেবানন-ইসরাইলের মধ্যে আলোচনা শেষে একটি শর্তযুক্ত যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হলেও, তা পুরোপুরি কার্যকর হয়নি।
হিজবুল্লাহ ওই শর্তযুক্ত চুক্তি প্রত্যাখ্যান করেছে। তাদের মতে, এতে পরিষ্কারভাবে ইসরাইলি হামলা বন্ধ করা বা সেনা প্রত্যাহারের বিষয়টি উল্লেখ করা হয়নি।
অন্যদিকে, ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, মধ্যপ্রাচ্যের সংঘাতের সমাধানের জন্য যেকোনো সমঝোতা চুক্তিতে লেবাননকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে মারধর ও হেনস্তার অভিযোগে ক্রীড়াঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ঘটনাটির পর সামাজিক যোগাযোগমাধ্যমে একে একে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার।
অভিযোগ অনুযায়ী, গত ১২ জুন রাতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে চট্টগ্রামে ফেরার পথে লালখান বাজার এলাকায় তাকে থামানো হয়। শুরু থেকেই তার সঙ্গে বৈরী আচরণ করা হয়। কথা বলার চেষ্টা করলে গলা চেপে ধরা হয় এবং পরে পাইপ দিয়ে মারধর করা হয়। এরপর খুলশী থানায় নেওয়ার পরও তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়।
ঘটনার প্রতিবাদ জানিয়ে মেহেদী হাসান মিরাজ বলেন, এটি অত্যন্ত নিন্দনীয়, দুঃখজনক এবং উদ্বেগজনক। একজন জাতীয় খেলোয়াড়ের সঙ্গে এমন আচরণ দেশের ক্রীড়াঙ্গনের মর্যাদার ওপর আঘাত। তিনি সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
লিটন দাস তার প্রতিক্রিয়ায় বলেন, নাঈমের সঙ্গে যা ঘটেছে তা গভীরভাবে উদ্বেগজনক এবং অগ্রহণযোগ্য। একজন সতীর্থ হিসেবে তিনি মর্মাহত এবং দ্রুত ন্যায়বিচারের আশা প্রকাশ করেন।
পারভেজ হোসেন ইমন বলেন, একজন জাতীয় দলের খেলোয়াড় দেশের গৌরব ও সম্পদ। তার সঙ্গে এমন আচরণ শুধু ব্যক্তিগত নয়, বরং দেশের ক্রীড়াঙ্গনের মর্যাদার ওপর আঘাত। দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
মোসাদ্দেক হোসেন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের দাবি করেন। মুশফিকুর রহিম বলেন, ঘটনাটি তাকে ব্যথিত ও লজ্জিত করেছে এবং তিনি সুষ্ঠু বিচার চান।
নাসুম আহমেদ বলেন, একজন ক্রিকেটার পরিচয় দেওয়ার পরও এমন আচরণের শিকার হওয়া উদ্বেগজনক। তিনি আশা প্রকাশ করেন, ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সবশেষে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াব এক বিবৃতিতে জানায়, নাঈম হাসানের ওপর শারীরিক নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সংগঠনের সভাপতি মোহাম্মদ মিঠুন নাঈমের সঙ্গে কথা বলে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানে নিজেদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রক্ষা করতে ইরান ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বলে মার্কিন গোয়েন্দা সূত্র দাবী করেছে। দেশটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ ধসিয়ে দিয়েছে এবং প্রবেশপথে বিস্ফোরক মাইন বসিয়ে দিয়েছে। একাধিক সূত্র যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের বরাতে এই তথ্য জানিয়েছে।
তারা জানিয়েছে, গত কয়েক সপ্তাহের মধ্যে ইরান তার প্রায় বোমা তৈরির উপযোগী মাত্রার কাছাকাছি থাকা ইউরেনিয়াম মজুতকে আরও সুরক্ষিত করতে এই পদক্ষেপ গ্রহণ করেছে। সূত্রগুলোর দাবী অনুসারে, প্রায় আধা টন উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম বর্তমানে আগের তুলনায় অনেক বেশি কঠিন, ঝুঁকিপূর্ণ এবং সময়সাপেক্ষ উপায়ে উদ্ধারযোগ্য হয়ে উঠেছে। মাত্র এক মাস আগেও পরিস্থিতি এতটা জটিল ছিল না, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইঙ্গিত দিয়েছিলেন যে, যুক্তরাষ্ট্র প্রয়োজনে সামরিক অভিযান চালিয়ে ওই উপাদান নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে।
এদিকে, ইরানের নতুন নিরাপত্তা ব্যবস্থা ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্ভাব্য চুক্তির ক্ষেত্রেও নতুন জটিলতা তৈরি করেছে। কারণ আলোচনায় থাকা অন্যতম প্রধান বিষয় হলো ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ ও ধ্বংস করা। এ অবস্থায় নতুন প্রশ্ন উঠেছে- এত ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান কে পরিচালনা করবে এবং কীভাবে তা সম্পন্ন হবে? এ বিষয়ে ইরানের জাতিসংঘ মিশনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনা শেষে ট্রাম্প প্রশাসন বারবার বলছে, দেশটির উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদে সরিয়ে নেওয়া তাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ এবং চলমান সংঘাত বন্ধের লক্ষ্যে সম্ভাব্য সমঝোতার আলোচনাতে ইউরেনিয়াম অপসারণ একটি উল্লেখযোগ্য শর্ত হিসেবে আছে।
মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা শুক্রবার সাংবাদিকদের জানান, দুই পক্ষ একটি সম্ভাব্য চুক্তির কাছাকাছি পৌঁছেছে। যদি চুক্তিটি বাস্তবায়িত হয়, তাহলে ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে এবং তা ঘটনাস্থলেই ধ্বংস করা হবে, পরবর্তীতে দেশের বাইরে সরিয়ে নেওয়া হবে।
তবে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা সম্ভাব্য চুক্তির শর্ত নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছেন। এর ফলে প্রকৃত সমঝোতার বিস্তারিত এখনও স্পষ্ট নয়। বিশেষজ্ঞদের মতে, ইরানের নতুন নিরাপত্তা ব্যবস্থার কারণে ইউরেনিয়াম উদ্ধার করা বর্তমানে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের সাবেক কর্মকর্তা স্কট রোকার বলেন, যদি সত্যিই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়ে থাকে, তাহলে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করা আরও জটিল হয়ে যাবে। তিনি মনে করেন, ভূগর্ভস্থ ধসে পড়া সুড়ঙ্গ থেকে এই উপাদান বের করার জন্য ভারী খনন যন্ত্র, বিস্ফোরক অপসারণ এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন হবে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ইরান ভবিষ্যতে দাবি করতে পারে যে ইউরেনিয়ামের কিছু অংশ উদ্ধারযোগ্য নয়। এতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিশ্চিত হওয়া কঠিন হয়ে যেতে পারে যে দেশটি পুরো মজুত হস্তান্তর করেছে কি না। আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারণা, ইরানের অধিকাংশ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মধ্য ইরানের ইসফাহান পারমাণবিক স্থাপনার ভূগর্ভস্থ ধসে পড়া সুড়ঙ্গে রয়েছে, কিছু আরেকটি স্থানে সংরক্ষিত থাকতে পারে।
এদিকে, মে মাসের মাঝামাঝি সময়ে মার্কিন সামরিক বাহিনী ওই পারমাণবিক উপাদান দখলে নেওয়ার সম্ভাব্য অভিযান নিয়ে প্রস্তুতি নিয়েছিল, তবে পরে সেটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিবেচনা করে বাতিল করা হয়। এর পর থেকে ইরান ওই স্থাপনাগুলোর নিরাপত্তা আরও জোরদার করেছে বলে গোয়েন্দা সূত্রগুলো দাবি করছে। ট্রাম্প এর আগে স্বীকার করেছেন যে সামরিক শক্তি ব্যবহার করে ইউরেনিয়াম উদ্ধার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র জানে কোথায় ওই উপাদান রয়েছে এবং ইরানের পক্ষে মার্কিন গোয়েন্দা নজরদারি এড়িয়ে তা উদ্ধার করা কঠিন। তিনি বলেছিলেন, “আমরা ঠিক জানি সেখানে কী ঘটছে। কেউ এর কাছাকাছিও যেতে পারেনি।”
তবে দুই গোয়েন্দা সূত্রের মতে, প্রেসিডেন্টের প্রকাশ্য বক্তব্য ইরানকে তাদের পারমাণবিক স্থাপনাগুলো আরও সুরক্ষিত করার সুযোগ করে দিতে পারে। যদি আগামী দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা হয়, তবুও পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আরও দীর্ঘ প্রযুক্তিগত আলোচনা প্রয়োজন হবে। ইউরেনিয়াম দেশের বাইরে সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রের ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরির অধীনে পরিচালিত বিশেষায়িত মোবাইল ইউরেনিয়াম ব্যবস্থাপনা ইউনিট মোতায়েনের প্রয়োজন হতে পারে।
এর আগে জানা গেছে, ট্রাম্প প্রশাসনের শীর্ষ আলোচক জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ ওই গবেষণাগার পরিদর্শন করেছিলেন। তবে বিশ্বের সবচেয়ে দক্ষ পারমাণবিক উপাদান অপসারণ বিশেষজ্ঞদেরও এই কাজ শেষ করতে যথেষ্ট সময় লাগবে। ট্রাম্প নিজেই এর আগে সাংবাদিকদের বলেছিলেন, পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে অন্তত দুই সপ্তাহ সময় লাগতে পারে। বিশ্লেষকদের মতে, ইরানের ইউরেনিয়াম মজুত অপসারণের বিষয়টি এখন যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সবচেয়ে কঠিন ও ঝুঁকিপূর্ণ অধ্যায়গুলোর একটিতে পরিণত হয়েছে। সূত্র: সিএনএন
তালাশ বিডি/মিডিয়া লিঃ