১২:৩৪ পি.এম
গাজীপুরের মালেকবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
শনিবার (১৩ জুন) সকাল ১০টা ৫ মিনিটের দিকে, এই কারখানাটিতে আগুনের সূত্রপাত ঘটে। নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট কার্যরত আছে।
গাজীপুর ভোগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ভোগড়া বাইপাস ফায়ার সার্ভিস স্টেশন থেকে পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ হিরন মিয়ার নেতৃত্বে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি।
আরও পড়ুন: মানিকগঞ্জে ২২২ পূজামণ্ডপে এমপি জিন্নাহ কবিরের উপহার বিতরণ
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করেই কারখানার ষষ্ঠ তলা থেকে কালো ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। প্রথমে শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে যখন আগুনের তীব্রতা বাড়তে থাকে তখন ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ, কিংবা হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন