০৫:০৯ পি.এম
বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র। নতুন নিয়ম অনুযায়ী, শিক্ষার্থীরা সর্বোচ্চ চার বছর সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন। আর তারা পড়াশোনা শেষ করার পর মাত্র ৩০ দিন সময় পাবেন দেশ ছাড়তে।
বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য ভিসা নীতিতে এই বড় পরিবর্তনের চূড়ান্ত ঘোষণা ডনাল্ড ট্রাম্প প্রশাসন দিয়েছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ নতুন নিয়ম অনুযায়ী জানিয়েছে, বিদেশি শিক্ষার্থীরা তাদের একাডেমিক কোর্স শেষ হওয়া পর্যন্ত সর্বোচ্চ চার বছর যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন। এছাড়া আগামী সেপ্টেম্বর মাস থেকেই এই নিয়ম কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
এখন পর্যন্ত এফ-১ শিক্ষার্থী ভিসা ও জে-১ এক্সচেঞ্জ ভিসাধারীরা নির্দিষ্ট সময়সীমা ছাড়া পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পেতেন। তবে নতুন নিয়মে এই ব্যবস্থা বাতিল করা হচ্ছে। এতে শুধু তা নয়, এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয় স্থানান্তর, কোর্স পরিবর্তন কিংবা ভিসার মেয়াদ বৃদ্ধি করতে হলে আগের তুলনায় কঠোর শর্ত মানতে হবে।
আরও পড়ুন: ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট, ম্যাক্রোঁর কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি
নতুন নীতির মধ্যে বলা হয়েছে, বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনা শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে অথবা অন্য ধরনের ভিসায় পরিবর্তন করতে তাদের মাত্র ৩০ দিন সময় দেয়া হবে। পূর্বে এই সময়সীমা ছিল ৬০ দিন। অন্যদিকে বিদেশি সাংবাদিকদের জন্য ভিসার মেয়াদ রাখা হয়েছে ২৪০ দিন বা প্রায় আট মাস, পরে একই মেয়াদের জন্য নবায়নের আবেদন করা যাবে। তবে চীনা সাংবাদিকদের জন্য একবারে ৯০ দিনের বেশি থাকার অনুমতি দেয়া হবে না। প্রয়োজনে আরো ৯০ দিনের জন্য মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে।
ট্রাম্প প্রশাসনের দাবি, অনেক বিদেশি শিক্ষার্থী একের পর এক নতুন কোর্সে ভর্তি হয়ে বছরের পর বছর যুক্তরাষ্ট্রে থেকে যাচ্ছিলেন। এতে ভিসা ব্যবস্থার অপব্যবহার হচ্ছিল এবং সরকারের জন্য ভিসাধারীদের কার্যকরভাবে নজরদারি করা কঠিন হয়ে পড়ছিল। তাই জাতীয় নিরাপত্তা জোরদার ও অভিবাসন ব্যবস্থায় আরও নিয়ন্ত্রণ আনতেই এই পরিবর্তন করা হয়েছে।
তবে আন্তর্জাতিক শিক্ষা ও সংবাদমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন নতুন নিয়মের সমালোচনা করেছে। তাদের মতে, এই পরিবর্তনের ফলে যুক্তরাষ্ট্রে মেধাবী বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ কমে যাবে। বিশেষ করে পিএইচডি ও গবেষণাধর্মী কোর্স শেষ করতে অনেক সময় চার বছরের বেশি লাগে। একই সঙ্গে বিদেশি সাংবাদিকদের স্বল্পমেয়াদি ভিসা আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর যুক্তরাষ্ট্রে দীর্ঘমেয়াদি কার্যক্রম পরিচালনাও কঠিন করে তুলবে।
আরও পড়ুন: নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের দীর্ঘ অপেক্ষা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন