ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কুড়িগ্রামে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার, নগদ টাকা ও সরঞ্জাম জব্দ


কুড়িগ্রামে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার, নগদ টাকা ও সরঞ্জাম জব্দ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়ার অর্থ লেনদেন ও রিচার্জের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. আলাল হোসেন (পিতা: জহুর উদ্দিন) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, তিলাই ইউনিয়নের বাসিন্দা আলাল হোসেন ধলডাঙ্গা বাজারে একটি মোবাইল ব্যাংকিং দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি ভূরুঙ্গামারী উপজেলা ছাড়াও সীমান্তবর্তী ভারতের কোচবিহার এলাকার বিভিন্ন ব্যক্তির অনলাইন জুয়ার ওয়েবসাইটে অর্থ রিচার্জের ব্যবস্থা করে দিতেন।

আরও পড়ুন: কেরানীগঞ্জে প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা অভিযান

গোপন সংবাদের ভিত্তিতে নজরদারির পর ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিনের উপস্থিতিতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

অভিযানে তার কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ৪টি স্মার্টফোন, বেশ কয়েকটি মোবাইল সিম এবং অনলাইন জুয়ার লেনদেনে ব্যবহৃত নগদ ১ লাখ ৪০ হাজার টাকা জব্দ করা হয়। এ ছাড়া তার ব্যবহৃত মোবাইল ফোন ও কম্পিউটার থেকে অনলাইন জুয়া ও ক্যাসিনো-সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়ার বিষয়টি জানিয়েছে পুলিশ।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন বলেন, "জুয়া ও মাদককারবারিদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।"

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, "১৬৬ বছর পর ব্রিটিশ আমলের জুয়া আইন সংস্কার করে নতুন জুয়া আইন-২০২৬ কার্যকর হয়েছে। এই আইনের মাধ্যমে বাংলাদেশ সরকার অনলাইন জুয়া ও ক্যাসিনোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। আমরা ভূরুঙ্গামারী উপজেলাকে মাদক, চোরাচালান ও জুয়ামুক্ত রাখতে বদ্ধপরিকর। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।"

আরও পড়ুন: কাউখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড়ে নানা আয়োজনে জুলাই শহীদ দিবস পালন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


পঞ্চগড়ে নানা আয়োজনে জুলাই শহীদ দিবস পালন

পঞ্চগড়ে জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে শহরের শের-ই-বাংলা পার্কের জুলাই স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসন সহ সরকারি এবং বেসকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান এই সময় পুস্পস্তবক অর্পণ করেন। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে আলোচনায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোসা: শুকরিয়া পারভিন। অতিরিক্ত জেলা প্রশাসক ইমাম রাজী টুলুর সঞ্চালনায় এই সময় জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধাসহ বক্তব্য রাখেন পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রীনা পারভীন, জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই আন্দোলন নতুন বাংলাদেশ গড়ে তোলার এক দৃঢ় প্রত্যয়। তারা জুলাই আন্দোলনে স্মৃতিচারণ করে বলেন, জুলাইকে শুধুই চেতনা হিসেবে দেখা ঠিক নয়। জুলাই চেতনার মাধ্যমে দেশের এগিয়ে নিতে হবে। এরপর জুলাই শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে সরকারি ত্রাণ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

১০:১১ পি.এম


জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে সরকারি ত্রাণ বিতরণ

নওগাঁর মান্দা উপজেলায় টানা অতিবর্ষণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতার ফলে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে সরকারি ত্রাণ সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনব্যাপী মান্ডা উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনার আয়োজনে মৈনম ও পরানপুর ইউনিয়নের পৃথক দুটি স্থানে এ ত্রাণ বিতরণ কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়।

জানা গেছে, দুপুরের দিকে উপজেলার মৈনম ইউনিয়নের বর্দ্দপুর আশ্রয়ণ পল্লী ও আদর্শ গ্রামে প্রথম দফায় ২০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, বিএনপি নেতা ফরহাদ হোসেন চকদার এবং প্রধান শিক্ষক আনিছুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন মৈনম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান, মৈনম ইউনিয়ন বিএনপির সভাপতি সাহারুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হক সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা।

পরে একই দিন বিকেলে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু উপজেলার পরানপুর ইউনিয়নের হাটোইর গ্রামে গিয়ে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত আরও ২০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।

ত্রাণ বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের এই দুর্যোগকালীন সহায়তা অব্যাহত থাকবে। এলাকায় একটি মানুষও যেন খাদ্যসংকটে না পড়ে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত জুলাই শহীদ দিবস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

১০:১১ পি.এম


চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত জুলাই শহীদ দিবস

চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার, নগরীর নিউমার্কেট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সহ শহীদ ওয়াসিমের শহীদ হওয়ার স্থান ষোলশহর রেলস্টেশনসংলগ্ন এলাকায় তাঁর নামে স্মৃতিফলকের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার ফয়সল আহমেদ, পুলিশ সুপার মো. মাসুদ আলম, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, শহীদ পরিবারের সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।

বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, "দেশের ইতিহাসে এত বড় গণঅভ্যুত্থান আগে কখনো হয়নি। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশ অপশাসনের ধারা থেকে মুক্ত হয়েছে।" তিনি বলেন, "এই গণঅভ্যুত্থানের শিক্ষা ধারণ করে অন্যায় শাসন ও অন্যায় নির্দেশনার বিরুদ্ধে জনগণের পাশে থাকতে হবে।"

এদিকে নিউমার্কেট মোড়ের রেলওয়ে স্টেশন এলাকার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি বিভিন্ন ঐতিহাসিক আন্দোলনে চট্টগ্রামের ভূমিকার কথা তুলে ধরেন এবং জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের স্মরণ করেন।

পরে, চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম। তিনি বলেন, "এই আন্দোলন কোনো একক দল বা গোষ্ঠীর নয়, এটি শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষের আন্দোলন। তাই এর অর্জন রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"

এদিকে, দিবসটি উপলক্ষে পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি পিআরইউর উদ্যোগে সংবাদপত্রের হকারদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী খাঁন মোহাম্মদ আমিনুর রহমান সুমন। এছাড়া আইইবির কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

১০:১৫ পি.এম


ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আজ বলেছেন, বিএনপি সরকার একটি অসাম্প্রদায়িক সরকার। তিনি উল্লেখ করেন, "আমরা সব ধর্মকে সম্মান করি, সব ধর্মের মানুষকে ধারণ করি।" এই মন্তব্যের মাধ্যমে তিনি সরকারকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশে প্রতিষ্ঠিত স্লোগান "ধর্ম যার যার, বাংলাদেশ সবার" এর ওপর গুরুত্বারোপ করেছেন।

বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় পৌরসভার চানপাড়া মন্দিরে রথযাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, "বাংলাদেশে একজন মুসলমান মানুষ সরকারের কাছ থেকে যে সুযোগ-সুবিধা পাবেন, ঠিক তদ্রূপ সুযোগ-সুবিধা সনাতন ধর্মাবলম্বীরাও পাবেন।" তিনি বলেন, সরকার ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক ও পারিবারিক জীবনের সব সমস্যা সমাধানে চেষ্টা করে যাবে।

এ সময় পঞ্চগড় জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাইম সহ বিএনপির নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষরা উপস্থিত ছিলেন। পরে চানপাড়া মন্দির থেকে একটি রথযাত্রা বের করা হয়।

উল্লেখ্য, কথিত আছে, আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ায় বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ। মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি। সেখান থেকে সাতদিন পর তিনি আবার মন্দিরে ফিরে আসেন। এটাকেই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া মনে করা হয়। এই যাত্রা থেকে সনাতন ধর্মাবলম্বীরা রথযাত্রা পালন করে আসছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%