০৩:৫৪ পি.এম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট ইউনিট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিটে দীর্ঘ দিন ধরে আটকে থাকা বিভিন্ন ধরনের পণ্য নিয়ে ই-নিলামের একটি উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা কাস্টম হাউস। এই উদ্যোগের উদ্দেশ্য হলো কর্ম উপযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি, নিরাপত্তা ঝুঁকি কমানো এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ করা।
বৃহস্পতিবার (১৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য জানিয়েছে।
এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, কাস্টমস হাউস, ঢাকার অধিক্ষেত্রাধীন এয়ারফ্রেইট ইউনিট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিটে সংরক্ষিত বিভিন্ন ধরনের মালামাল ‘যেখানে যে অবস্থায় আছে’ ভিত্তিতে ই-নিলামের মাধ্যমে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লক্ষ্যে আগ্রহী ক্রেতাদের কাছ থেকে অনলাইনে দরপত্র আহ্বান করা হয়েছে।
আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান
বিশেষ আদেশ অনুযায়ী, কোনও লটের জন্য প্রথম নিলামে সংরক্ষিত মূল্য পূরণ না হলে প্রাপ্ত দরগুলোর মধ্যে সর্বোচ্চ দরদাতার কাছে সংশ্লিষ্ট লট বিক্রি হবে।
নিলামে অংশগ্রহণে আগ্রহী ব্যক্তিরা আগামী ১৯ জুন সকাল ৯টা থেকে ২ জুলাই দুপুর ১টা পর্যন্ত কাস্টমস ও এনবিআরের নির্ধারিত ই-অকশন ওয়েবসাইটে নিবন্ধন বা লগইন করে দরপত্র জমা দিতে পারবেন।
নিলাম কার্যক্রম পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে বলে জানানো হয়েছে এনবিআরের পক্ষ থেকে। এছাড়া স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিডারদের জন্য সরেজমিনে পণ্য পরিদর্শনের সুযোগ রাখা হয়েছে। পরিদর্শন শেষে তারা অনলাইনে দরপত্র দাখিল করতে পারেন। তবে, অনলাইনে বিড করার পাশাপাশি জামানতের পে-অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত দরপত্র বাক্সে জমা দিতে হবে।
সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশের প্রযোজ্য শর্ত মেনে পণ্য খালাস নিতে হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন: স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী
এদিকে ই-অকশন সফটওয়্যারের মাধ্যমে অংশগ্রহণকারী বিডারদের তথ্য আগামী ২ জুলাই দুপুর ৩টায় ঢাকা কাস্টমস হাউসের সম্মেলন কক্ষে প্রকাশ করা হবে।
এনবিআর জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম আরও গতিশীল ও দক্ষ করতে ভবিষ্যতেও এ ধরনের নিলাম কার্যক্রম অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন