০৯:১৮ এম
মার্কিন পররাষ্ট্র দপ্তর ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের জন্য ২০ মিলিয়ন ডলার (২ কোটি ডলার বা ২০০ কোটি টাকা) পুরস্কারের ঘোষণা করেছে। এই পুরস্কারটি তাদের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় প্রদান করা হবে এবং তথ্যদাতাদের নিরাপদ স্থানে স্থানান্তরের প্রস্তাবও রয়েছে।
আলজাজিরা জানাচ্ছে, মূলত ইরানের পরমাণু স্থাপনা, সংশ্লিষ্ট যন্ত্রপাতি এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আমেরিকান কর্তৃপক্ষের এক বিবৃতিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) একটি প্রতিবেদনের উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান বর্তমানে ৬০ শতাংশ বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। পারমাণবিক বোমা বা অস্ত্র তৈরির জন্য ৯০ শতাংশ বিশুদ্ধতার প্রয়োজন হয়, যা থেকে ইরান প্রযুক্তিগতভাবে খুব বেশি দূরে নয়।
আরও পড়ুন: দক্ষতা উন্নয়নে তুরস্ক যাচ্ছেন ১৫ সরকারি কর্মকর্তা
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, পরমাণু অস্ত্র নেই—এমন দেশগুলোর মধ্যে একমাত্র ইরানই এত উচ্চ মাত্রায় ইউরেনিয়াম উৎপাদন করছে। বিশেষজ্ঞদের ধারণা, ইরান যদি এই ইউরেনিয়ামকে আরো সমৃদ্ধ করে, তবে তা দিয়ে একাধিক পরমাণু বোমা তৈরি করা সম্ভব।
এছাড়া, আইএইএ-এর তদারকি ও নিরাপত্তা নির্দেশিকা ইরানি শাসকগোষ্ঠী সঠিকভাবে মানছে না, যা নিয়ে আন্তর্জাতিক সংস্থাটি উদ্বিগ্ন। এর ফলে ইরানের সেন্ট্রিফিউজসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পারমাণবিক যন্ত্রাংশের উৎপাদন ও মজুদ সম্পর্কে আইএইএ তাদের নিয়মিত তথ্যের ধারাবাহিকতা বা পর্যবেক্ষণক্ষমতা হারিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন