ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ বিকেলে


ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ বিকেলে

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হতে যাচ্ছে সোমবার (৯ নভেম্বর) বিকেলে। এ অধিবেশনের কার্যক্রম শুরু হবে বিকেল সাড়ে ৩টায়, যেখানে সভাপতিত্ব করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। অধিবেশনটি চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।

সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে নতুন অধিবেশন আহ্বান করা বাধ্যতামূলক। এই সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণের জন্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ১৪ অক্টোবর এ অধিবেশন আহ্বান করেন।

সংসদ সচিবালয়ের সূত্রে জানা গেছে, এবারের অধিবেশন সংক্ষিপ্ত হবে। এতে পাঁচ থেকে ছয়টি বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে। জানুয়ারিতে পরবর্তী অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায়, এবারের অধিবেশনের মেয়াদ সীমিত রাখা হয়েছে। অধিবেশনে নিয়মিত প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ ও সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

অধিবেশনের কার্যক্রম ও সময়সূচি নির্ধারণের জন্য গত রোববার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক শুরু হবে। অধিবেশনটি আগামী ১৮ নভেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।

এদিকে, এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা পড়েছে। সব মিলিয়ে সংসদ সদস্যদের পক্ষ থেকে মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা দেওয়া হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব দেন। বৈঠকে উপস্থিত সদস্যরা তার এ প্রস্তাবে স্বতঃস্ফূর্ত সমর্থন জানান।

আরও পড়ুন: আদাবরে তিনটি ককটেল বিস্ফোরণ, স্বাভাবিক আইন শৃঙ্খলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১২ এম


আজ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ (সোমবার) হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আলে সানির সঙ্গে বৈঠক করবেন। চলমান ইরানি সংঘাতের অবসানে কূটনৈতিক প্রচেষ্টার প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। হোয়াইট হাউসের প্রকাশিত সূচিতে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকটি হবে রুদ্ধদ্বার, যেখানে সংবাদমাধ্যমের প্রবেশের অনুমতি থাকবে না। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

কাতার বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইরানের পরমাণু কর্মসূচি এবং সংঘাত বন্ধের শর্ত নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য কমানোর চেষ্টা করছে দেশটি। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের কাছে বিভিন্ন প্রস্তাব তুলে ধরছে কাতার। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনায় এখন পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। রবিবার তিনি বলেন, শিগগিরই এ সংকটের সমাধান হবে বলেও তিনি মনে করছেন না।

ফ্লোরিডা ছাড়ার আগে প্যারিসে জি-৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুবিও। তিনি বলেন, ট্রাম্প কূটনৈতিক উপায়ে সংকটের সমাধান চান। তবে ইরানের দেওয়া শর্তগুলো যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়। কিছু শর্তকে তিনি ‘আপত্তিকর, হাস্যকর ও বাস্তবতাবিবর্জিত’ বলে মন্তব্য করেন।

এদিকে রবিবার ট্রাম্প বলেন, আলোচনায় অগ্রগতি হলে এবং একটি শক্তিশালী চুক্তি হলে ইরানে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম। তবে সামরিক অভিযান আবার শুরু হলে যুক্তরাষ্ট্র আরো কিছু স্থাপনায় হামলার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে বলে সতর্ক করেন তিনি। এসব লক্ষ্যবস্তুর মধ্যে সেতুও রয়েছে বলে জানান ট্রাম্প।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অন্যায়ের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলেছে ৭ নভেম্বরের চেতনা: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১২ এম


অন্যায়ের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলেছে ৭ নভেম্বরের চেতনা: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ বাংলাদেশের জাতীয় জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এটি অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে জনগণের জেগে ওঠা এবং ঐক্যবদ্ধ প্রতিরোধের প্রতীক হিসেবে চিহ্নিত হয়।

তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পেছনে ৭ নভেম্বরের প্রেরণা ছিল।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও পরবর্তীতে যারা ক্ষমতায় এসেছিলেন, তারা দেশের স্বাধীনতাকে অন্য একটি দেশের কাছে বিক্রি করে দিয়েছিলেন। তখন যারা প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়নি বলে প্রতিবাদ করেছিলেন, তাদেরকে রক্ষীবাহিনী গঠন করে হত্যা করা হয়েছিল।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালে ক্ষমতা পাকাপোক্ত করতে সব রাজনৈতিক দল ও সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এমন পরিস্থিতিতে জনগণ ও সৈনিকরা রাস্তায় নেমে আসে। ৭ নভেম্বর ছিল সৈনিক-জনতার এক অভূতপূর্ব বিপ্লব, যা বাকশাল পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা নস্যাৎ করে দেয়।

বিএনপির এই ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের সমর্থনে নেতৃত্ব গ্রহণ করে দেশে রাজনৈতিক বহুত্ববাদ ও গণতান্ত্রিক অংশগ্রহণের পথ উন্মুক্ত করেন। তার সময়ে অসংখ্য টেলিভিশন ও সংবাদপত্র চালু হয় এবং বিভিন্ন রাজনৈতিক দল আবার রাজনীতি করার সুযোগ পায়।

তিনি বলেন, জিয়াউর রহমানের সময়ে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাল খনন কর্মসূচি এবং বিভিন্ন উদ্যোগের ফলে অর্থনীতিতে সমৃদ্ধি আসে। কলকারখানার উৎপাদন আবার সচল হয়। এ সময়ে গ্রাম পুলিশ ও মহিলা পুলিশ ব্যবস্থা চালু হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটে।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ১৯৯০ সালের গণআন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে মানুষ একইভাবে অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠেছিল। চব্বিশের গণঅভ্যুত্থানের আগে দেশে ১৭ বছর ফ্যাসিবাদী শাসন চলেছে। এ সময়ে গুম, খুন ও গুপ্তহত্যার মাধ্যমে রাষ্ট্রকে নিপীড়নের হাতিয়ারে পরিণত করা হয়েছিল।

তিনি বলেন, ২০২৪ সালে ছাত্র, শ্রমিক, রিকশাচালকসহ সাধারণ মানুষ রাজপথে নেমে নিজেদের রক্তের বিনিময়ে ৫ আগস্ট শেখ হাসিনার পতন ঘটায়।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ সব নিহতদের হত্যার বিচার নিশ্চিত করতে হবে।

রুহুল কবির রিজভী বলেন, দেশের জনগণ ও জাতীয়তাবাদী শক্তি ৭ নভেম্বরের চেতনা নিয়ে এখনও নির্ভীক ও অতন্দ্রভাবে জেগে আছে। এই দেশকে কারও সেবাদাস হতে দেওয়া যাবে না।

বিএনপির রাজনীতি প্রসঙ্গে দলের এই ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপির রাজনীতি সহজ-সরল পথের রাজনীতি, সিরাতুল মুস্তাকিমের রাজনীতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের অঙ্গীকার কখনও ভঙ্গ করেননি। প্রধানমন্ত্রী তারেক রহমানও তার প্রতিশ্রুতি থেকে সরে আসেননি। তবে কিছু রাজনৈতিক দল ইসলামের নামে রাজনীতি করলেও কথায় কথায় প্রতিশ্রুতি ভঙ্গ করে।

জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও ওলামা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় রুহুল কবির রিজভী মাদরাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহেশখালীতে হচ্ছে আরও ৩টি এলএনজি টার্মিনাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৩ এম


মহেশখালীতে হচ্ছে আরও ৩টি এলএনজি টার্মিনাল

দেশের জ্বালানি সংকট মোকাবেলার উদ্দেশ্যে কক্সবাজারের মহেশখালীতে তিনটি নতুন এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

রোববার (৮ নভেম্বর) মহেশখালীর মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দর, কয়লানির্ভর বিদ্যুৎ কেন্দ্র, ধলঘাটা ও রাজঘাট এলাকা পরিদর্শন শেষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এ তথ্য জানান।

মুখ্য সচিব উল্লেখ করেন, দেশের জ্বালানি সংকট সমাধানের জন্য মহেশখালী সমুদ্র উপকূলে একটি এবং মাতারবাড়ীতে দুটি এলএনজি টার্মিনাল স্থাপন করা হবে। আগামী দুই বছরের মধ্যে এলএনজি টার্মিনালের কার্যক্রম দৃশ্যমান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, মাতারবাড়ীতে বিভিন্ন প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। সেইসাথে তাদের মধ্যে উপযুক্তদের চাকরি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

এ বি এম আব্দুস সাত্তার বলেন, বর্তমান সরকারের সময়ে মাতারবাড়ীতে আরো উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হবে এবং গভীর সমুদ্র বন্দরের কাজ সম্পন্ন হলে দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে আমূল পরিবর্তন আসবে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মন্তব্য করেন, পূর্ববর্তী সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে এই প্রকল্পগুলো কার্যকর হয়নি। তবে বর্তমান সরকার দ্রুততার সাথে প্রকল্পের কাজ শেষ করার জন্য কাজ করছে।

এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদসহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেনেভায় বাংলাদেশ মিশনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৩ এম


জেনেভায় বাংলাদেশ মিশনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপন

জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) মিশনের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন।

এই উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভার শুরুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করা হয়, যা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে কেন্দ্র করে ছিল। পরে দিবসটি উপলক্ষে নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা পর্বে প্রবাসী বাংলাদেশিরা দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।

এ সময় রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি দিবসটিকে অর্থবহ করে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%