মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:১৯ পি.এম
গাইবান্ধা সদর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে চোরাই অটোরিকশাসহ আন্তঃজেলা চোর চক্রের ৬জন সক্রিয় সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. দুপুরে সদর থানার ভবানীপুর এলাকার পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেপ্তার ও অটোরিকশাটি উদ্ধার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল ২৮ সেপ্টেম্বর বিকেলে তুলসীঘাট বাজারের একটি কনফেকশনারি দোকানের সামনে থেকে এক চালকের উপার্জনের একমাত্র মাধ্যম অটোরিকশাটি চুরি হয়ে যায়। অভিযোগ পাওয়ার পরপরই গাইবান্ধা সদর থানা পুলিশ অভিযানে নামে।
আজ দুপুর ২টার দিকে ভবানীপুর সংলগ্ন পাকা রাস্তার ওপর চোরাই অটোরিকশাটি সহ মূল অভিযুক্ত মো: রাকিব হাসান (৩০) এবং তার পেছনে বসা সহযোগী আরও ৪ আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। দুপুর ২:২০ মিনিটে চুরির গাড়িটি জব্দ করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা চোর চক্রের সক্রিয় সদস্য এবং চুরির ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯ ধারায় চুরির মামলা রুজু করা হয়েছে এবং আজই তাদের বিজ্ঞ আমলী আদালতে (সদর) সোপর্দ করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জেলহাজতে রাখার আবেদন জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নওগাঁ জেলার পোরশায় শারদীয় দূর্গাপুজা উদযাপনের প্রস্তুতি হিসেবে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভাটি সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। সভায় প্রধান অতিথি সনাতন ধর্মালম্বীদের এই ধর্মীয় উৎসব দূর্গাপুজা যথাযথভাবে উদযাপন করার জন্য এবং যে কোন বিশৃংখলা এড়াতে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এসময় থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান এবং বিভিন্ন পূজামন্ডব পরিচালনা কমিটির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এবারে উপজেলায় ১৯টি মন্ডপে শারদীয় দূর্গোৎসব উদযাপন করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দুর্যোগপ্রবণ উপজেলা খুলনায় দীর্ঘদিন ধরে সুপেয় পানির সংকট বিদ্যমান। বিশেষত, কয়রার উপকূলীয় এলাকার মানুষের জন্য নিরাপদ ও সুপেয় পানি সংগ্রহ করা এখনো একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। এই সংকটের টেকসই সমাধান এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে কয়রায় একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা বিআরডিবি হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা কোয়িকার অর্থায়নে এবং জেজেএসের ইআরসিসি-২ প্রকল্পের বাস্তবায়নে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় নিরাপদ পানির সংকটের কারণ, সংকট মোকাবিলায় করণীয় এবং স্থানীয় পর্যায়ে সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
একই সঙ্গে, পানি সংকট সমাধানে সরকারি-বেসরকারি সংস্থা, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া, রেইন ওয়াটার হার্ভেস্টিং নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। সভাটি পরিচালনা করেন জেজেএস ইআরসিসি-২ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নাসির উদ্দীন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, বিআরডিবি অফিসের মোঃ আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা শান্তনু অধীকারী, ইউপি সদস্য শেখ সেরাজুল ইসলাম ও বিভূতি বিশ্বাস, মিতা মন্ডল, মৎস্য অফিসের সাদ্দাম হোসেন, ফিল্ড ফ্যাসিলিটেটর শরিফুর রহমান এবং মোছা. নুসরাত জাহান। প্রকল্পের উপকারভোগী নাছিমা খাতুন ও সালমা আক্তারও সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় কয়রায় লবণাক্ততা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে নিরাপদ পানির সংকট সৃষ্টি হচ্ছে। এই সংকট মোকাবিলায় স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে। পাশাপাশি, নিরাপদ পানি সংরক্ষণ ও ব্যবহারে স্থানীয় জনগণকে আরও সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাটমোহর ক্রড়িা পরিষদ কর্তৃক আয়োজিত আন্তঃইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে নিমাইচড়া ও হান্ডিয়াল ইউনিয়ন দল স্থান পেয়েছে।
গত রবিবার (২৭ সেপ্টেম্বর) সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট হাইস্কুল মাঠ বালুচরে অনুষ্ঠিত ১ম সেমিফাইনালে নিমাইচড়া ইউনিয়ন গুনাইগাছা ইউনিয়নকে পরাজিত করে ফাইনালে প্রবেশ করে।
এছাড়া, সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ২য় সেমিফাইনালে হান্ডিয়াল চাটমোহর পৌরসভাকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে। টুর্ণামেন্টে মোট ১১টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা দল অংশগ্রহণ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর একটি কর্মী সন্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় গাজীরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর স্থানীয় কার্যালয়ে এই কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান।
গাজীরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম মোল্লার সভাপতিত্বে এবং সেক্রেটারি শেখ শামীম হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এই কর্মী সন্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর সদর থানা আমীর মাওলানা হাফিজুর রহমান, গাজীরহাট ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের, এবং বারাকপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি আ স মনির মিন্টু।
প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন, "বাংলাদেশে ইসলামী আন্দোলনের কর্মীদের চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামের নির্দেশিত আদর্শ অনুসরণ করে নিজেদেরকে মানুষের পাশে দাঁড় করতে হবে।" তিনি আরও বলেন, সমাজে বর্তমানে নৈতিকতার অভাবের কারণে অন্যায় অপরাধ, জুলুম, চাঁদাবাজী, ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই এবং মানুষ হত্যার মতো ঘটনা ঘটছে। তাই সমাজের প্রতিটি সেক্টরে ইসলামের আদর্শিক মানুষ গঠনের ভূমিকা গ্রহণ করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ