ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং
আলজেরিয়ার ৬৪তম জাতীয় দিবস উদযাপন

মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগে বাংলাদেশ-আলজেরিয়ার গভীর মিল: তথ্যমন্ত্রী


মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগে বাংলাদেশ-আলজেরিয়ার গভীর মিল: তথ্যমন্ত্রী

বাংলাদেশ ও আলজেরিয়ার স্বাধীনতার ইতিহাস, আত্মত্যাগ এবং মুক্তির চেতনার মধ্যে গভীর মিল রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি মন্তব্য করেন, আলজেরিয়া মুক্তি লাভের জন্য ফরাসি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আর বাংলাদেশ পাকিস্তানি শাসনের বিরুদ্ধে লড়াই করেছে।

উভয় দেশের জন্য লাখো শহীদ দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন। তাদের এই আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। রবিবার (৫ জুলাই) ঢাকায় আলজেরিয়ার ৬৪তম স্বাধীনতা দিবস ও জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক, বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের সভাপতি মোহাম্মদ নুরুল মোস্তফাসহ ব্যবসায়ী, বিশিষ্টজন, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী: দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই মুখ্য

তথ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ও আলজেরিয়ার যুবসমাজ স্বাধীনতার জন্য অসাধারণ ত্যাগ স্বীকার করেছে। তাদের কাছ থেকে নতুন প্রজন্মের শেখার সবচেয়ে বড় বিষয় হলো দেশের জন্য আত্মনিবেদন ও দেশপ্রেম।

দুই দেশের সম্পর্ক আরো জোরদারের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিপুল সুযোগ রয়েছে। তিনি বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের কার্যক্রমের প্রশংসা করেন এবং এর সভাপতি মোহাম্মদ নুরুল মোস্তফার ভূমিকাকে সাধুবাদ জানান।

জহির উদ্দিন স্বপন বলেন, আলজেরিয়া একটি প্রাকৃতিক ও খনিজসম্পদে সমৃদ্ধ দেশ। দেশটি ইউরোপের মোট গ্যাস আমদানির প্রায় ১৪ শতাংশ সরবরাহ করে, যা এর কৌশলগত গুরুত্বকে আরও বৃদ্ধি করেছে। একই সঙ্গে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত আলজিয়ার্স বিশ্বের অন্যতম সুন্দর ও পরিচ্ছন্ন শহর।

মন্ত্রী আরো বলেন, বর্তমান বিশ্বে উন্নয়নের জন্য শক্তিশালী নেটওয়ার্ক, বাণিজিক সম্পর্ক এবং অর্থনৈতিক অংশীদারত্ব প্রয়োজন। বাংলাদেশ ও আলজেরিয়া উভয় দেশই বিশ্বাস করে শান্তিপূর্ণ সহাবস্থানের।

আরও পড়ুন: একই আঙিনায় মসজিদ-মন্দির, ১১১ বছরের সহাবস্থানে সম্প্রীতির নজির

দুই দেশের পতাকার সবুজ ও লাল রঙের মধ্যেও স্বাধীনতার চেতনার প্রতীকী মিল রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি মন্তব্য করেন, আলজেরিয়ার স্বাধীনতা কেবল একটি দেশের ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির ইতিহাস নয়; বরং এটি বিশ্বব্যাপী মানবিক মর্যাদা, ন্যায়বিচার, স্বাধীনতা এবং নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামের এক অনন্য প্রতীকেরূপে বিবেচিত। আলজেরিয়ার জনগণের আত্মত্যাগ বর্তমানে বিশ্বের মুক্তিকামী মানুষকে অনুপ্রাণিত করে।

তিনি বলেন, ১৯৬২ সালের ৫ জুলাই ১৩২ বছরের ফরাসি ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতা অর্জন করে আলজেরিয়া। একই দিনে দেশটিতে জাতীয় যুব দিবসও পালিত হয়, কারণ স্বাধীনতা সংগ্রামে তরুণদের অবদান ছিল সবচেয়ে বেশি। এবারের প্রতিপাদ্য ছিল ‘দ্য লেগ্যাসি অব জেনারেশনস’ বা ‘প্রজন্মের উত্তরাধিকার’, যা স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী পূর্বসূরিদের স্মরণ এবং নতুন প্রজন্মকে দেশ গঠনে উদ্বুদ্ধ করার বার্তা বহন করে।

রাষ্ট্রদূত আরও বলেন, আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধ ছিল উপনিবেশবিরোধী ইতিহাসের অন্যতম দীর্ঘ ও রক্তক্ষয়ী সংগ্রাম। এ যুদ্ধে যথাক্রমে ৫৬ লাখ আলজেরীয় শহীদ হন। স্বাধীনতার পর আলজেরিয়া শুধু নিজের উন্নয়নই নয়, বিশ্বের বিভিন্ন মুক্তি আন্দোলনেও গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা ও সহায়তা দিয়েছে। এ কারণে একসময় দেশটিকে ‘বিপ্লবীদের মক্কা’ বলা হতো।

আরও পড়ুন: আমিনী: আইন অনুযায়ী আমি অপরাধী, তবে অনুতপ্ত নই

তিনি বলেন, আত্মনিয়ন্ত্রণের অধিকার, জোটনিরপেক্ষতা ও উপনিবেশবিরোধী নীতিই আলজেরিয়ার পররাষ্ট্রনীতির মূল ভিত্তি। আলজেরিয়া ফিলিস্তিন ও পশ্চিম সাহারা ইস্যুসহ বিশ্বের নিপীড়িত জনগণের ন্যায্য অধিকার পক্ষে সবসময় সোচ্চার।

রাষ্ট্রদূত আরো বলেন, ভূমধ্যসাগর ও সাহেল অঞ্চলের সংযোগস্থলে অবস্থানের কারণে আলজেরিয়া আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটি ইউরোপের মোট গ্যাস আমদানির প্রায় ১৪ শতাংশ সরবরাহ করে এবং জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।66

তিনি জানান, স্বাধীনতার পর শিক্ষা, প্রযুক্তি ও অর্থনীতিতে আলজেরিয়া উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তরুণ উদ্যোক্তারা প্রযুক্তিনির্ভর স্টার্টআপ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ২০২৬-২০২৯ সালের জাতীয় যুব পরিকল্পনার মাধ্যমে এসব উদ্যোগকে আরও শক্তিশালী করা হচ্ছে।

রাষ্ট্রদূত বলেন, ২০২৬ সালে আলজেরিয়ার জিডিপি ৩১৭ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন বিনিয়োগ আইনসহ বিভিন্ন সংস্কারের ফলে, দেশটি বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। তিনি বাংলাদেশের উদ্যোক্তাদের আহ্বান জানান, ওষুধশিল্প, কৃষি, জ্বালানি ও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের জন্য। এসব খাতে শতভাগ বিদেশি মালিকানা, কর অব্যাহতি এবং বিভিন্ন বিনিয়োগ প্রণোদনার সুবিধা আছে বলে জানান তিনি।

আরও পড়ুন: ঢাকা রেসিডেনসিয়ালে ২৩ দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে সফল ডিআরএমসি বিজনেস সামিট

বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের ভূমিকা তুলে ধরেন রাষ্ট্রদূত। বলেন, ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর, নেটওয়ার্কিং এবং আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের মাধ্যমে ফোরামটি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরো জোরদার করছে।

বাংলাদেশ ও আলজেরিয়ার ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, স্বাধীনতার সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস দুই দেশের বন্ধুত্বকে আরো দৃঢ় করেছে। ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম আরব দেশ ছিল আলজেরিয়া। সেই ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতেই বর্তমানে দুই দেশ রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা আরো সম্প্রসারণে কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডাকাতি মামলার আসামির 'মামলা-বাণিজ্য'! বরিশালে মৃত ব্যক্তিসহ শয়ে শয়ে নিরীহ মানুষকে ফাঁদ পেতে অর্থ আদায়ের মহোৎসব

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৬ পি.এম


ডাকাতি মামলার আসামির

বরিশালে একের পর এক কাল্পনিক ও ভিত্তিহীন মামলা দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার 'মামলা-বাণিজ্য' ও চাঁদাবাজির অভিযোগে সাধারণ মানুষ ও প্রশাসনের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এবার জাতীয় নাগরিক পার্টির ছাত্রসংগঠন ‘ছাত্রশক্তি’র বরিশাল মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মারজুক আব্দুল্লাহর এমন অপতৎপরতায় সংক্ষুব্ধ হয়ে উঠেছে গোটা বরিশালবাসী।
গত বৃহস্পতিবার (০২ জুলাই) বরিশাল আদালতে বিএনপি-আওয়ামী লীগের নেতাকর্মী, মৃত ব্যক্তি, সাংবাদিক ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীসহ ২৪৮ জনের নাম উল্লেখ করে একটি নালিশি অভিযোগ দায়ের করেন মারজুক। অভিযোগ রয়েছে, আদালতে যাওয়ার আগেই মামলার ভয় দেখিয়ে শহরের স্বনামধন্য ব্যবসায়ী ও হাসপাতাল মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন তিনি।
মামলায় ৪ মৃত ব্যক্তি ও বিএনপির নেতাকর্মী!
অনুসন্ধানে জানা গেছে, মারজুক আব্দুল্লাহর দায়ের করা মামলায় অন্তত চারজন মৃত ব্যক্তিকে আসামি করা হয়েছে, যারা কয়েক বছর আগেই মারা গেছেন। মামলায় অভিযোগ করা হয়েছে, গত ২২ জুন সন্ধ্যায় তারা গড়িয়ারপাড় এলাকায় ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করেছেন।
মৃত আসামিদের তালিকা
মোহাম্মদ আলী হাওলাদার (আসামি নং ১৯৫) বিসিসির ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, যিনি ২০২১ সালের ২৬ জুলাই মারা যান।
আবুল ফারুক হুমায়ুন (আসামি নং ১৯৮) মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, মারা গেছেন ২০২৩ সালের ২৫ মার্চ।

খন্দকার রেজাউর রহমান রেজা (আসামি নং ২১২) ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের তৎকালীন সভাপতি, যিনি ২০২২ সালের ২৩ জানুয়ারি মারা যান।

ইঞ্জিনিয়ার এইচএম হাফিজুর রশিদ শিবলী (আসামি নং ২২৫) ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মারা গেছেন ২০২১ সালের ২০ অক্টোবর।
বিস্ময়কর বিষয় হলো, আওয়ামী লীগের পাশাপাশি এই মামলায় বিএনপি নেত্রী ও সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাশিদা পারভীন এবং মজিদা বোরহানসহ অসংখ্য নিরীহ ব্যবসায়ীকে আসামি করা হয়েছে।

পুলিশের বক্তব্য: এমন কোনো ঘটনাই ঘটেনি"
মামলার নথিতে গত ১০, ১৬ ও ২২ জুন তিন দফায় বিমানবন্দর থানাধীন কাশিপুর ও ভাঙারপোল এলাকায় সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ এবং গোপন বৈঠকের দাবি করা হলেও সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন একে সম্পূর্ণ কাল্পনিক বলছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বিমানবন্দর থানার ওসি (তদন্ত) সুমন কুমার আইচ বলেন,

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই এলাকায় কোনো ধরনের কর্মসূচি পালিত হয়নি। মামলার এজাহারের কোনো বস্তুনিষ্ঠ ভিত্তি নেই।

প্রথমেই মামলাটি নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সরাসরি এফআইআর করার নির্দেশ না দিয়ে বিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার একজন কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

যেভাবে চলতো ব্ল্যাকমেইল ও চাঁদাবাজি
বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর রাজিব হোসেন খান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন,

এটি সম্পূর্ণ বাণিজ্য করার উদ্দেশ্যে পাতা একটি ফাঁদ। মারজুক আব্দুল্লাহ মামলার কপি আদালতে জমা দেওয়ার আগেই মোবাইল ফোনে ছবি তুলে বিভিন্ন জনের কাছে পাঠিয়ে ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দাবি করছিলেন। যারা টাকা দিয়েছেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে, আর যারা দেননি তাদের আসামি করা হয়েছে।

একইভাবে শহরের বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালের মালিক ও স্বনামধন্য ব্যবসায়ীদের মামলার ভয় দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তবে মারজুক আব্দুল্লাহ এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, "সাক্ষীদের দেওয়া তথ্যের কারণে নিরীহ লোকজনের নাম এসেছে।"

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর মারজুক আব্দুল্লাহ নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে পরিচয় দিয়ে প্রভাব বিস্তার শুরু করেন। ২০২৫ সালের ১৪ মে বরিশাল আদালতে একটি মামলা দায়ের করে সাধারণ মানুষকে জিম্মি করার অভিযোগে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার যুগ্ম সদস্যসচিব পদ থেকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করা হয়।
এর কিছুদিন পরই, ২০২৫ সালের ৬ জুন পটুয়াখালীর দুমকি এলাকায় দুই সহযোগীসহ ডাকাতি করতে গিয়ে পুলিশের হাতে হাতেনাতে গ্রেপ্তার হন মারজুক। সে সময় দুমকি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূরুজ্জামান বাদী হয়ে তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা করেন এবং পুলিশ তাদের 'পেশাদার ডাকাত' হিসেবে আদালতে পাঠালে আদালত তাদের কারাগারে পাঠান। কিছুদিন জেল খেটে জামিনে বের হয়ে সিঅ্যান্ডবি রোডের সুলতান, রূপাতলীর জুয়েল এবং চাঁদমারির জহিরকে নিয়ে পুনরায় একটি 'মামলা-বাণিজ্য চক্র' গড়ে তোলেন মারজুক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর কমিটির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ বলেন,

চাঁদাবাজি ও ডাকাতির অপরাধে মারজুককে অনেক আগেই সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সে একজন পেশাদার অপরাধী। আইনশৃঙ্খলা বাহিনীর উচিত তাকে অবিলম্বে গ্রেপ্তার করা।
ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও মারজুক কীভাবে একের পর এক মিথ্যা মামলা দিয়ে শহরবাসীকে হয়রানি করছে, তা নিয়ে ক্ষুব্ধ বরিশালের আইনজীবী ও নাগরিক সমাজ। অনেকেই এই অপরাধ চক্রের সাথে বিমানবন্দর থানার সাবেক ওসি মিজানের যোগসূত্র থাকার সন্দেহ প্রকাশ করে তদন্তের দাবি জানিয়েছেন।
বরিশাল মেট্রোপলিটন আদালতের সরকারি আইন কর্মকর্তা (এপিপি) হাফিজ আহমেদ বাবলু বলেন, মামলায় মিথ্যা তথ্য দেওয়া এবং মৃত ব্যক্তিকে আসামি করা গুরুতর অপরাধ। আদালতের নির্দেশনায় পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তা বিষয়টি তদন্ত করছেন। তদন্তে বাদীর জালিয়াতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে দণ্ডবিধির ২১১ ধারায় (মিথ্যা মামলা দায়েরের অপরাধ) আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম জানান,

এই যুবকের বিতর্কিত কর্মকাণ্ডে পুলিশ বিব্রত। তার বিরুদ্ধে ডাকাতি মামলায় ওয়ারেন্ট রয়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। তবে সে বর্তমানে গ্রেপ্তার আতঙ্কে গা-ঢাকা দিয়ে রয়েছে।

সার্বিক বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. আশিক সাঈদ জানান, যেহেতু বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন, তাই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আগে এই বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমিনবাজারে ময়লার ভাগাড় অপসারণের পর হবে বৃক্ষরোপণ: ডিসি ফরিদা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১১:৪০ পি.এম


আমিনবাজারে ময়লার ভাগাড় অপসারণের পর হবে বৃক্ষরোপণ: ডিসি ফরিদা

ঢাকার সাভারের আমিনবাজারের ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে, যেখানে প্রায় দুই কিলোমিটারজুড়ে অনেক দিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা রয়েছে, সেগুলো অপসারণের জন্য ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম সংশ্লিষ্টদের ৭ দিনের একটি সময়সীমা বেঁধে দিয়েছেন।

এছাড়া ওই এলাকায় সৌন্দর্যবর্ধন এবং পরিবেশের উন্নয়নের অভিপ্রায়ে, সড়কের দুই পাশে মাটি ভরাট করে ব্যাপক বৃক্ষরোপণের পরিকল্পনা ঘোষণা করেছেন তিনি।

রোববার (৫ জুলাই) আমিনবাজারের এলাকায় সরেজমিন পরিদর্শনকালে জেলা প্রশাসক এ নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে দীর্ঘ প্রায় দুই কিলোমিটার এলাকায় বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা ফেলার কারণে পুরো এলাকায় একটি ভয়াবহ দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এই দুর্গন্ধের কারণে পরিবেশ দূষণের ফলে, স্থানীয় বাসিন্দা, পথচারী এবং যাত্রীদের জন্য চরম ভোগান্তি তৈরি হচ্ছে। অপরিচ্ছন্ন পরিবেশ জনস্বাস্থ্যের জন্যও একপ্রকার ঝুঁকি সৃষ্টি করছে।

এ সময় জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘আমিনবাজারের মতো গুরুত্বপূর্ণ প্রবেশপথে এ ধরনের পরিবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত সময়ের মধ্যে এখানকার সব ময়লা-আবর্জনা অপসারণ করা হবে। ভবিষ্যতে যাতে এখানেই আর ময়লা ফেলা না হয়, সে কারণে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও জানান, বর্তমান স্থানের পরিবর্তে, দূরবর্তী অঞ্চলে উপযুক্ত খাস জমি চিহ্নিত করে সেখানে একটি নির্ধারিত ডাম্পিং স্টেশন তৈরি করা হবে। ফলে আবাসিক এবং গুরুত্বপূর্ণ সড়কের পাশে আর বর্জ্য ফেলার প্রয়োজন পড়বে না।

জেলা প্রশাসক আরো বলেন, সড়কের দুই পাশে মাটি ভরাট করে আমরা একটি পরিবেশবান্ধব এবং দৃষ্টিনন্দন সবুজ বেষ্টনী তৈরি করব। প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত পাঁচ বছরের মধ্যে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সেখানে সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রকার গাছ লাগানোর প্রস্তুতি নেওয়া হবে। এর ফলে একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে রাজধানীর প্রবেশপথ আরও পরিচ্ছন্ন এবং আকর্ষণীয় হয়ে উঠবে।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য পরিচ্ছন্ন, সবুজ এবং বাসযোগ্য সাভার গড়ে তোলা। এই কাজে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা ফেলার সংস্কৃতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।’

পরিদর্শন শেষে জেলা প্রশাসক সাভার উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে আগামী সাত দিনের মধ্যে রাস্তার দুই পাশের সব ময়লা-আবর্জনা অপসারণ করার জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনার বাস্তবায়নের অগ্রগতি জেলা প্রশাসনকে জানাতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজউকে প্রেজেন্টেশন, টেকসই নগরায়ণে এসটিপি বাস্তবায়নে গুরুত্ব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১১:৪৭ পি.এম


রাজউকে প্রেজেন্টেশন, টেকসই নগরায়ণে এসটিপি বাস্তবায়নে গুরুত্ব

রবিবার রাজধানীর রাজউক ভবনের সভাকক্ষে টেকসই নগরায়ণ নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত একটি প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

নগর উন্নয়নের জন্য আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, কার্যকর পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা এবং Sewage Treatment Plant (STP) বাস্তবায়নের মাধ্যমে পরিবেশসম্মত এবং টেকসই নগরায়ণ নিশ্চিত করার উদ্দেশ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) একটি গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন আয়োজন করেছে। রবিবার (৫ জুলাই) এই অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, প্রকৌশলী, নগর পরিকল্পনাবিদ, আবাসন খাতের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি। এছাড়া ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী, রিহ্যাবের সভাপতি, গুলশান, বনানী, নিকেতন ও বারিধারা সোসাইটির প্রতিনিধিসহ রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে রাজউক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম উল্লেখ করেন, দ্রুত নগরায়ণের ফলে পরিবেশসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

এ কারণে ইমারত নির্মাণ বিধিমালা-২০২৫ অনুযায়ী ভবনে এসটিপি স্থাপন খুবই প্রয়োজনীয় এবং এর কার্যকর কোনো বিকল্প নেই। তিনি বলেন, এসটিপি বাস্তবায়ন নিয়ে সাধারণত তিনটি বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন দেখা দেয়—কতটুকু জায়গা প্রয়োজন, স্থাপনে কী পরিমাণ ব্যয় হবে এবং বিদ্যমান ভবনে এটি স্থাপন কতটা সম্ভব। এসব বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা দিতে এবং আধুনিক প্রযুক্তি তুলে ধরতেই এই প্রেজেন্টেশনের আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে এসটিপি বাস্তবায়নে রাজউক তদারকি আরও জোরদার করবে।

পাশাপাশি ভবন মালিক, নির্মাতা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, বর্তমান বিশ্বে টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি হলো ‘Reuse, Renew, Recycle’ নীতি। সেই নীতির আলোকে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং এসটিপি স্থাপন এখন সময়ের অপরিহার্য দাবি। তিনি বলেন, এটি শুধু জলাশয় ও পরিবেশ দূষণ রোধের বিষয় নয়; বরং একটি স্বাস্থ্যসম্মত, আধুনিক ও টেকসই নগর গড়ে তোলার মৌলিক শর্ত।

তিনি আরও বলেন, পরিবেশ অধিদপ্তরের নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে এসটিপি স্থাপন এবং পরিচালনা নিশ্চিত করতে হবে।

এ লক্ষ্যে সরকারি সংস্থা, নির্মাতা প্রতিষ্ঠান, প্রকৌশলী, ডেভেলপার এবং ভবন মালিক—সব পক্ষকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

প্রেজেন্টেশনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো আধুনিক পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন প্রযুক্তি, এসটিপির কার্যপদ্ধতি, স্থাপন প্রক্রিয়া, ব্যয় কাঠামো, প্রয়োজনীয় জায়গা, পরিচালনা ব্যবস্থা এবং পরিবেশ সংরক্ষণে এর কার্যকারিতা নিয়ে বিস্তারিত উপস্থাপনা দেয়। একই সঙ্গে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয় এবং বাস্তবায়ন সংক্রান্ত নানা বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে Innovations Ltd., Daiki Axis Bangladesh, Acumen Engineering Ltd., Ellipse Engineering & Construction Ltd. এবং Pivot Engineering Ltd. তাদের নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং আধুনিক এসটিপি সমাধান উপস্থাপন করে।

বক্তারা বলেন, দ্রুত নগরায়ণের সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যকর পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি। ভবনভিত্তিক এসটিপি বাস্তবায়নের মাধ্যমে নগরীর জলাশয় রক্ষা, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি সব অংশীজনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অংশগ্রহণকারীরা পরিবেশবান্ধব, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য নগর গড়ে তুলতে এসটিপি বাস্তবায়নকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএমপির এয়ারপোর্ট থানার নতুন ওসি ডিবি পরিদর্শক সাখাওয়াত হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

​স্টাফ রিপোর্টার বরিশাল

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১১:৫১ পি.এম


বিএমপির এয়ারপোর্ট থানার নতুন ওসি ডিবি পরিদর্শক সাখাওয়াত হোসেন

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অত্যন্ত গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মো. সাখাওয়াত হোসেন। তিনি এর আগে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) শাখায় পরিদর্শক (নিঃশস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশে যোগদানের পর থেকেই মো. সাখাওয়াত হোসেন সততা ও নিষ্ঠার সাথে সাধারণ মানুষকে আইনি সেবা দিয়ে আসছেন। কর্মজীবনের প্রতিটি কর্মস্থলে আইনি সেবা নিশ্চিতের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন তিনি। কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সময়ে তিনি পুরস্কৃতও হয়েছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদের নির্দেশে ডিবির এই চৌকস কর্মকর্তাকে এয়ারপোর্ট থানার গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়া হয়। মাঠপর্যায়ে কাজের স্বচ্ছতা ও দক্ষতার পুরস্কার হিসেবে তাকে এই পদায়ন করা হয়েছে বলে পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে।

এদিকে, পরিদর্শক সাখাওয়াত হোসেন এয়ারপোর্ট থানার ওসির দায়িত্ব পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বাসিন্দা জানান, একজন সৎ ও পেশাদার কর্মকর্তা দায়িত্ব পাওয়ায় থানায় এখন সঠিক আইনি সেবা মিলবে এবং কোনো ধরনের অহেতুক হয়রানির শিকার হতে হবে না বলে তারা আশা করছেন।

নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, এয়ারপোর্ট থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়াই হবে তার মূল লক্ষ্য। তিনি দায়িত্ব পালনে থানা এলাকার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%