১০:৩৯ পি.এম
পূর্বাচল আবাসিক প্রকল্পের প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেলকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। রবিবার (১ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত ৯-এর বিচারক মো. আব্দুস সালাম এই আদেশ প্রদান করেন।
আজিজ রাসেল বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি এবং আম্বার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি ওইদিন ঢাকার বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে রাসেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর খন্দকার শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাসেল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি। রবিবার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তার আইনজীবীরা মামলার রায়ের বিরুদ্ধে আপিলের শর্তে জামিনের আবেদন করেন। একইসঙ্গে কারাগারে ডিভিশন চাওয়ার আবেদনও করা হয়। তবে আদালত তার জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আরও পড়ুন: মানবাধিকার ও শান্তি বিষয়ক সংসদীয় ককাস গঠিত
এর আগে, গত ১৩ অক্টোবর একই আদালত রাসেলসহ আটজনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়ে রায় প্রদান করে। মামলার রায়ে শওকত আজিজ ও আশফাক আজিজকে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। তাদের উভয় ধারায় ৭ বছর করে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা করে ২০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন– রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী, সাবেক সদস্য এস. ডি. ফয়েজ, এ. কে. এম. ওয়াহেদুল ইসলাম, এস. এম. জাফর উল্লাহ, এইচ. এম. জহুরুল হক, মো. রেজাউল করিম তরফদার, পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের দুই ছেলে শওকত আজিজ রাসেল ও আশফাক আজিজ রুবেল। একই সঙ্গে প্রত্যেক আসামিকে জরিমানাও করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন