০৫:২৮ পি.এম
ঢাকা, ৪ নভেম্বর, ২০২৬ : দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘তথ্য মেলা’ আয়োজনের পরিকল্পনা রয়েছে, যা তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তথ্য অধিকার চর্চাকে উৎসাহিত করার উদ্দেশ্যে পরিচালিত হবে, এমনটি জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।
আজ ঢাকায় তথ্য কমিশন বাংলাদেশের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এই তথ্য প্রদান করেন।
সভায় বিশ্ববিদ্যালয়গুলোতে তথ্য মেলা আয়োজনের পরিকল্পনা, কর্মপরিধি ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় এনজিওগুলোর সম্ভাব্য সহযোগিতা, অংশগ্রহণ ও বিভিন্ন প্রস্তাব গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়, যা তথ্য অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।
আরও পড়ুন: ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ, আহত দুই শিক্ষার্থী
তথ্য মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য অধিকার বিষয়ক স্টল স্থাপন, প্রকাশনা, পোস্টার, লিফলেট ও বুকলেট প্রদর্শন এবং ভিডিও, নাটিকা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের পরিকল্পনার কথা জানান তিনি। পাশাপাশি, তথ্য চেয়ে আবেদন করার পদ্ধতি ও আবেদন ফরম পূরণে ব্যবহারিক সহায়তা প্রদানের বিষয়টিও উল্লেখ করেন। তিনি আরও জানান, আপিল ও অভিযোগ দাখিলের প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব ধারণা দেওয়ার মাধ্যমে তথ্য অধিকার চর্চাকে সহজ ও কার্যকর করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
প্রধান তথ্য কমিশনার বলেন, বিশ্ববিদ্যালয় ভিত্তিক এ তথ্য মেলার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে তথ্য অধিকার সম্পর্কে ইতিবাচক মনোভাব গড়ে উঠবে। তিনি আশা প্রকাশ করেন যে, এটি স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের সক্রিয় অংশগ্রহণ বাড়াবে। একই সঙ্গে, তথ্যভিত্তিক, সচেতন ও দায়িত্বশীল নাগরিক সমাজ গঠনে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতবিনিময় সভায় তথ্য কমিশনার এস, এ, এম মাহফুজুর রহমান, খান মোহাম্মদ আবুল হোসেন এবং কমিশনের সচিব মো. শাহ আলমও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স কলেজের অধ্যক্ষ ১৩ ঘণ্টা অবরুদ্ধের পর পুলিশের সহায়তায় উদ্ধার, শিক্ষার্থীদের বিক্ষোভ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন